০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

সারাদেশে মনোনয়নপত্র সংগ্রহ ২৭৮০টি, দাখিল ৩১

রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে কোনো মনোনয়নপত্রই দাখিল করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2025, 05:34 PM

Updated : 26 Aug 2026, 05:25 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য প্রার্থীরা সারাদেশে ২৭৮০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তবে দাখিল করেছেন মাত্র ৩১টি।

রোববার বিকাল ৪টা পর্যন্ত হালনাগাদ করা এ পরিসংখ্যান তুলে ধরেছে ইসির কেন্দ্রীয় সমন্বয় কমিটি।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাচ্ছে, যার সময় শেষ হবে সোমবার।

সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ৫০১টি মনোনয়নপত্র উত্তোলন হয়েছে ঢাকা অঞ্চল থেকে। এছাড়া রংপুর থেকে ২৮৩টি, রাজশাহী থেকে ২৬৯, খুলনা থেকে ৩০২, বরিশাল থেকে ১৬১, ফরিদপুর থেকে ১৪৫, ময়মনসিংহ থেকে ৩৩৯, সিলেট থেকে ১২৭, কুমিল্লা থেকে ৪০৫ এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ২৪০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি ৮টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে ফরিদপুরে। এছাড়া ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলে ৭টি করে, রংপুরে ৩টি, ঢাকা ও চট্টগ্রামে ২টি করে এবং খুলনা ও সিলেট অঞ্চলে ১টি করে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। আর রাজশাহী ও কুমিল্লা অঞ্চলে কোনো মনোনয়নপত্রই দাখিল করা হয়নি।

সাধারণত জমার শেষ দিনে বেশির ভাগ মনোনয়নপত্র দাখিল করা হয়ে থাকে। এবারও প্রার্থীরা শেষ দিনকেই যে বেছে নিচ্ছেন, তা সমন্বয় কমিটির চিত্রই বলছে।

মনোনয়নপত্র জমার সময় প্রার্থী বা তার প্রস্তাবক, সমর্থকসহ পাঁচ জনের বেশি উপস্থিত থাকতে মানা রয়েছে; এসময় কোনো ধরনের মিছিল, শোডউন করলে আচরণবিধি লঙ্ঘন হবে।

তফসিল অনুযায়ী, বাছাই, আপিল, নিষ্পত্তি শেষে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও পরদিন থেকে প্রচারণার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ পর্যন্ত প্রচারণা করা যাবে।

ভোট হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে টা পর্যন্ত; একইসঙ্গে গণভোটও হবে।

সংসদ নির্বাচন: প্রার্থী হবেন কীভাবে, প্রস্তাবক-সমর্থকের করণীয় কী

রিটার্নিং অফিসার-সহকারী রিটার্নিং অফিসার এবার কারা

নির্বাচনি ব্যয়: কোন আসনে কত খরচ প্রার্থীদের

তফসিল: এখন থেকেই আচরণবিধি মানতে ইসির কড়াকড়ি

তফসিল ঘোষণা: সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি