কারাগারে অসুস্থ বিডিআর বিদ্রোহ মামলার আসামির ঢামেকে মৃত্যু
সোমবার ভোর ৫টার দিকে আইসিইউতে ওই ব্যক্তি মারা যান।
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ্য হয়ে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
কারাগারে বুকে ব্যাথা অনুভব করলে গত ২৭ সেপ্টেম্বর তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর থেকে তিনি হাসপাতালেই ভর্তি ছিলেন। সোমবার ভোর ৫টার দিকে আইসিইউতে তিনি মারা যান।
কারারক্ষী আমিরুল ইসলাম বলেন, ওই কয়েদীর নাম জাকারিয়া মোল্লা (৬৩)। বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দি ছিলেন তিনি। তার বাসা ঢাকার পিলখানা বিডিআর এলাকায়। বাবার নাম মৃত হারুন অর রশিদ মোল্লা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
