Published : 27 Jan 2026, 09:34 PM
অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময়ে এসে অতিরিক্ত সচিব ও যুগ্মসচিব পদমর্যাদার দুই শতাধিক কর্মকর্তাকে ভোটের আগেই পদোন্নতি দেওয়ার তোড়জোড় চলছে।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পিএস এবং ডিসির দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা কর্মকর্তারা এই পদোন্নতির তালিকা থেকে বাদ পড়ছেন বলে আভাস পাওয়া গেছে কর্মকর্তাদের কথায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০২১ সালের ২৯ অক্টোবর ২০তম ব্যাচের বেশ কয়েকজন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল।
“ওই ব্যাচের প্রায় ২৫৬ জন কর্মকর্তা পদোন্নতির যোগ্য এবং লেফট আউট, ইকোনমিক ও অন্যান্য মিলে পদোন্নতির যোগ্য হয়ে আছেন প্রায় ৭০ জন। আরও আগেই তাদের পদোন্নতি হওয়ার কথা ছিল।”
এছাড়া ২৪তম ব্যাচের ৩৪৪ জন কর্মকর্তার মধ্যে ১৯৬ জনকে গত বছরের মার্চে পদোন্নতি দেওয়া হয়। সে প্রসঙ্গ ধরে ওই কর্মকর্তা বলেন, “সেখানে বাকি রয়েছেন ১৮০ জন কর্মকর্তা। তারাও পদোন্নতির অপেক্ষায়। সব মিলিয়ে দুইশর বেশি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি আছে। সরকারের নির্দেশনা এলেই তা বাস্তবায়ন হবে।”
কবে নাগাদ এই পদোন্নতির আদেশ হতে পারে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি উইংয়ের যুগ্মসচিব মিয়া মো. আশরাফ রেজা ফরিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের লেভেল থেকে একটা টাইম ফ্রেম বলা খুবই মুশকিল। এক ঘণ্টাও লাগতে পারে আবার একমাসও লাগতে পারে।”
এ বিভাগের আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কাজ তো অনেকদিন ধরেই চলছে। নির্বাচনের আগেই একটা সম্ভাবনা আছে। সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না আর কি। কোনো কিছু হতেই পারে। যে কোনো সময় জনপ্রশাসন থেকে সার সংক্ষেপ পাঠানো হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। ওখান থেকে আসামাত্র প্রজ্ঞাপন জারি হবে।”
পদোন্নতি প্রত্যাশী আরেক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা তো গতবছরের শেষ নাগাদই পদোন্নতি পাব বলে শুনেছিলাম। সকল অ্যাসেসমেন্ট করে রাখা হয়েছে। ইতোমধ্যে কয়েকবার এসএসবি বসেছে, আমাদের জানা মতে যে কোনো সময় হতে পারে।
“বিগত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীদের পিএস, ডিসিসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা অনেককেই বাদ দিয়ে তালিকা প্রায় চূড়ান্ত করা হয়েছে বলে আলোচনা শুনেছি।”