দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি, কারাগারে আসামি; রিমান্ড শুনানি মঙ্গলবার
শনিবার রাতে দক্ষিণ দনিয়া-শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ী মো. আসলাম খানকে গুলি করা হয়।
রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় করা অস্ত্র আইনের মামলায় মঞ্জুরুল ইসলাম নামে এক আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন। আসামিকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদনের ওপর শুনানির জন্য তিনি মঙ্গলবার দিন ধার্য করে দিয়েছেন বলে প্রসিকিউশন বিভাগের এএসআই মো. মোয়াজ্জেম হোসেন জানান।
শনিবার রাত সোয়া ৮টার দিকে কদমতলীর দক্ষিণ দনিয়া-শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ী মো. আসলাম খানকে গুলি করা হয়।
সে সময় স্থানীয়দের সহায়তায় মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
গুলিবিদ্ধ আসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি করে।
এ ঘটনায় কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঞ্জুরুলকে আদালতে হাজির করা হয়।
তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই মিঠুন মণ্ডল। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পরে তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে মঞ্জুরুলকে পাঁচ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে মঙ্গলবার ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করে দেয়।
পুরনো খবর
