১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কদমতলীতে দোকানিকে গুলি

ঘটনার পরপরই এলাকাবাসী হামলাকারীকে আটক করে পুলিশের কাছে দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 12:48 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

রাজধানীর কদমতলি এলাকায় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

আসলাম খান নামে ৪০ বছর বয়সি ওই ব্যক্তির মুখের ডান পাশে ও বাম হাতে গুলি লেগেছে। তিনি স্থানীয় ক্রোকারিজের দোকানি।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে শনির আখড়া রয়েল হাসপাতালের সামনে 'লাকী রাইস ক্রোকারিজ' নামের ওই দোকানে গুলির এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় রাত ৯টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে জানান হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।

তিনি বলেন, “কদমতলী থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজে আসেন। বর্তমানে তিনি ৩০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।"

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই এলাকাবাসী হামলাকারীকে আটক করে পুলিশের কাছে দিয়েছে।

তবে কেন এ হামলা হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি কদমতলী থানা পুলিশ।

মনোয়ার বলেন, “রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত এক দুর্বৃত্ত দোকানে প্রবেশ করে আমার বন্ধুকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। এতে তার বাম হাতে ও মুখের ডান পাশে গুলি লেগে গুরুতর আহত হন।”

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়, পরে ঢাকা মেডিকেলে আনা হয়।

তার বাড়ি শরীয়তপুরের ভোদরগঞ্জ থানার শাহজাহানপুর গ্রামে। বর্তমানে তিনি কদমতলী থানার পলাশপুর শনির আখড়ায় বসবাস করেন। তিনি ক্রোকারিজের ব্যবসায়ী এবং রিয়েল এস্টেটের ব্যবসার সঙ্গেও সংশ্লিষ্ট বলে তাকে হাসপাতালে আনা ব্যক্তিদের তথ্য।