১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যৌতুকের জন্য হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাও এলাকায় ২০২১ সালে ১৮ নভেম্বর খুন হন রিয়া আক্তার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2025, 04:34 PM

Updated : 26 Aug 2026, 05:13 PM

চার বছর আগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় এক নারীকে হত্যার ঘটনায় স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।  

সোমবার এ রায় দেন ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান ।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি রাশেদুল ইসলাম  জানান, মৃত্যুদণ্ড হওয়া মো. রুবেলকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে এ টাকা ভুক্তভোগীর পরিবারকে দিতে ঢাকার জেলা প্রশাসককে আদেশ দিয়েছে আদালত। 

এদিন রায় ঘোষণার আগে রুবেলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয় তাকে।

মামলা থেকে জানা যায়, ২০১৯ সালে রুবেল ও রিয়া আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে রুবেল রিয়াকে নির্যাতন করে আসছিল। ২০২১ সালের ১৮ নভেম্বর সকাল ৯টার দিকে রুবেল স্ত্রী-সন্তানকে নিয়ে শ্বশুড়বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাও এলাকায় যান। 

মামলায় বলা হয়, সেদিন বিকাল ৪টা থেকে রাত ৯ টার মধ্যে যেকোনো সময় যৌতুকের টাকা না পেয়ে শ্বাসরোধে রিয়াকে হত্যা করে রুবেল। 

মামলায় বাদী হন রিয়ার বাবা মোতালেব। মামলার পরের দিন রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে হত্যার দায় স্বীকার করে তিনি জবানবন্দি দেন। 

মামলাটি তদন্ত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জুলফিকার আলী সরকার। ২০২২ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন তিনি। 

এ মামলায় বিচার শুরু হয় ২০২৩ সালের ২৬ জানুয়ারি। বিচারে আদালত ১২ জনের সাক্ষ্য নেয়। এরপর আসামির আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে সোমবার মৃত্যুদণ্ডের রায় আসে।