০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হালনাগাদের সাড়ে ৪৪ লাখ ভোটারের খসড়া ১০ অগাস্ট

খসড়া প্রকাশের পর দাবি-আপত্তি দেওয়া যাবে ২১ অগাস্ট মধ্যে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 04:39 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অগাস্টে হালনাগাদ ভোটার তালিকা চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

তার আগে ১০ অগাস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে। সংশোধন, দাবি-আপত্তি থাকলে তা ২১ অগাস্টের মধ্যে দেওয়া যাবে।

মঙ্গলবার হালনাগাদ ভোটার তালিকা-২০২৫ এর খসড়া প্রকাশ ও চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচি জানানো হয়েছে।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানান।

বছরের যে কোনো সময় খসড়া প্রকাশের ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়ে ভোটার তালিকা আইন সংশোধন করা হয়; এরপরই এ বছরের বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ তালিকা প্রকাশের এ সিদ্ধান্ত এল।

তার আগে জুলাই মাসে খসড়া তালিকা প্রকাশের কথা বলেছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেছিলেন, “হালনাগাদের ভুলত্রুটির কাজ ১০ জুলাইয়ের মধ্যে শেষ হয়েছে। নিবন্ধনের সময় ৮৭ শতাংশ ডেটা নির্ভুল হয়েছে, করণিক ত্রুটি ছিল ১৩ শতাংশ। সবকিছু সংশোধন করা হয়েছে।

সবশেষ এ বছরের ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪।

এর পর গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করে নির্বাচন কমিশন।

১০ অগাস্ট হালনাগাদ করা ভোটারের যে খসড়া তালিকা প্রকাশ করার কথা ইসি বলেছে, সেখানে ৪৪ লাখ ৬৬ হাজার নতুন ভোটার যুক্ত হচ্ছেন।

মৃত ভোটারদের বাদ দিয়ে ও নতুনদের যুক্ত করে এবার ৩১ অগাস্ট চূড়ান্ত তালিকায় ভোটারের সংখ্যা দাঁড়াবে পৌনে ১৩ কোটির মত; যারা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দেবেন।

নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, সব উপজেলা নির্বাচন কার্যালয়সহ স্থানীয় পর্যায়ে দেশজুড়ে এ খসড়া তালিকা উন্মুক্ত স্থানে থাকবে। সংশোধন, দাবি-আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে ৩১ আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। 

আরও পড়ুন:

দেশে এখন ভোটার ১২ কোটি ৩৭ লাখ 

হালনাগাদের সাড়ে ৪৪ লাখ ভোটারের খসড়া জুলাই মাসেই: ইসি সচিব

বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেল ইসি

নির্বাচনের সময় ভোটার কত হবে? 

তালিকা হালনাগাদ: এবারও বিশেষ হিসাব-নিকাশে তরুণ ভোটাররা