২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

আইজিপির সাথে জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা

নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে তা বিস্তারিত জানায়নি পুলিশ সদর দপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 10:09 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

আইজিপির সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা, সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আইজিপি বাহারুল আলম এবং জাতিসংঘের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনানের মধ্যে এই বৈঠক হয় বলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে পারস্পরিক সহযোগিতা জোরদারকরণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।” 

তবে নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে তা বিস্তারিত জানায়নি পুলিশ সদর দপ্তর। 

বৈঠকে বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পেশাদারত্ব ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন ব্রেসনান।

আইজিপি আশ্বাস দিয়ে বলেন, “বাংলাদেশে কর্মরত জাতিসংঘ ও অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।”

বৈঠকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশনস) মো. রেজাউল করিমসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।