Published : 14 Jan 2026, 02:16 PM
দুর্নীতির অভিযোগ থাকায় গণপূর্ত অধিদপ্তরের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদা আক্তারের রাজধানীর শেরেবাংলা নগর এলাকার একটা ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
শেরেবাংলা নগরে জাহিদার ওই ফ্ল্যাটটি গ্যারেজসহ ১৪৮৫ বর্গফুটের; এর দাম ধরা হয়েছে ৩৭ লাখ ৫১ হাজার টাকা।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক শারিকা ইসলাম গ্যারেজসহ ফ্ল্যাট জব্দ চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, “জাহিদা আক্তার বৈধ আয়ের সাথে সামঞ্জস্যহীন সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, তিনি মালয়েশিয়ায় ‘মালয়েশিয়া মাই সেকেন্ড হোম (এমএমটুএইচ) কোটায় একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।
“এছাড়া তিনি ঢাকায়ও একাধিক ফ্ল্যাট কিনেছেন যার মধ্যে এটি। ফ্ল্যাটটি তার নামে থাকার সত্যতা পাওয়া গেছে। মালয়েশিয়ার থেকে তার ব্যাংক হিসাব ও সম্পত্তি সংক্রান্ত ইনটেলিজেন্স রিপোর্ট সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। ২০২২ সালের ৮ মে সরকারি চাকরি থেকে জাহিদা আক্তার অব্যাহতির আবেদন করেন। গণপূর্ত অধিদপ্তরে তার চাকুরি থেকে অব্যাহতির আবেদন প্রক্রিয়াধীন অবস্থায়ই তিনি মালয়েশিয়ায় চলে যান। তার কন্যা কুয়ালালামপুরের একটি আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিল। পরে তিনি পিআর নিয়ে অস্ট্রেলিয়াতে চলে যান। সম্প্রতি তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। যেহেতু অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি চাকরি থেকে অব্যাহতির আবেদন করে, অব্যাহতির বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায়ই ইতোমধ্যে দীর্ঘদিন বিদেশে অবস্থান করছেন এবং তার স্বামী গণপূর্ত সার্কেল-৩ এর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রোকন উদ্দীন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিও অস্ট্রেলিয়াতে পিআর পেয়েছেন। তাই তার অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যাবার সম্ভাবনা রয়েছে।”
দুদক তদন্তে জেনেছে, জাহিদা আক্তারের ফ্ল্যাটটি তিনি বিক্রি করে দেবেন। তিনি যেন ফ্ল্যাটি হস্তান্তর, স্থানান্তর বা রূপান্তর করতে না পারেন সেজন্য এটি জব্দ করা প্রয়োজন বলে আবেদনে দুদক জানিয়েছে।