Published : 21 Sep 2025, 04:20 PM
এবারের দুর্গা পূজায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৮০ হাজার স্বেচ্ছাসেবক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেছেন, “নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে এবারের পূজায় ৮০ হাজার ভলেনটিয়ার থাকবে।
“পাশাপাশি র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষার সাথে জড়িত যারা আছেন, তারা মাঠে থাকবেন।”
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে তারা মাঠে থাকবেন জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এবার ভালোভাবে পূজা উদযাপিত হবে।”
পঞ্জিকা অনুযায়ী এবার মহালয়ার সপ্তম দিন আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে পাঁচদিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।
এরপর ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, অক্টোবরের ১ তারিখ নবমী এবং ২ অক্টোবর দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে।
দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “হচ্ছে না- তা বলব না; তবে আমরা সতর্ক আছি এবং ধরাও পড়ছে।”
দুর্গাপূজায় ২৯ জেলাকে ‘ঝুঁকিপ্রবণ’ হিসেবে চিহ্নিত করেছে নাগরিক সমাজকে নিয়ে নবগঠিত প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এমন কোনো তথ্য তার কাছে নেই।
“সব জেলাতে শান্তিপূর্ণ পূজা হবে।”
সাগরপথে ইউরিয়া সারসহ বিভিন্ন পণ্য বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছে। তার বদলে মাদক আসছে বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে।
বৈঠকে মাদক চোরাচালান নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের দেশে মাদক আসছে, তার পরিবর্তে চাল-সার যাচ্ছে। এটা কীভাবে রোধ করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে।
“সার-চালের ক্ষেত্রে কক্সবাজার-চট্টগ্রাম থেকে শুধু না; বরগুনা, পটুয়াখালী, ভোলা থেকে যায়। এ ব্যাপারে নৌ বাহিনী এবং কোস্ট গার্ডকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রতিরোধে।”
মাদকের উপরে আরকান আর্মি বেঁচে আছে বলেও মন্তব্য করেন তিনি।
মাদকের বাজারে মাদকের দাম বেড়ে গেছে দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একটা ভাল খবর হলো মাদক উদ্ধার এবং গ্রেপ্তারের সংখ্যা অনেক বেড়ে গেছে। মাদক ধরার কারণে দামও বেড়ে গেছে; কারণ মাদক পাওয়া যাচ্ছে কম।”
কৃষকরা এখন আলুর দাম পাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, “দাম না পেলে কৃষকরা আগামী বছর আলু চাষ করবে না।”
এ ব্যাপারে সাংবাদিকদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।
“একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটাও খুব একটা কার্যকর হচ্ছে না।”
শ্রমিকের টাকা দিতে জেলে বসেই সম্পত্তি বিক্রির অনুমতি দিয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।
নাসা গ্রুপ সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর বলেন, “নাসা গ্রুপ- আড়াইশত কোটি টাকা হলে, কয়েকটি কারখানা ক্লোজ করে দিতে পারবে বলেছে তারা। যেগুলো লাভজনক আছে, সেগুলো চালু রাখবে।
“কালকে উনি (চেয়ারম্যান) স্বাক্ষর করে গেছেন। এতদিন রাজি হয়নি বিক্রি করতে, এখন রাজি হয়েছেন। এখন সমস্যাটার সমাধান হলে শ্রমিক ভাইয়েরা টাকাটা পেয়ে যাবে, পরে তারা অন্য কারখানায় যোগ দিতে পারবে।”