অভ্যুত্থানে নিহত রিকশাচালকের লাশ কবর থেকে উত্তোলন
স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন করেছিলেন।
গণঅভ্যুত্থানে নিহত এক রিকশাচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।
সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক জানান, আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রোববার বাড্ডার মোল্লাহপাড়ার বরকতপুর কবরস্থান থেকে হাফিজুল সিকদার নামের ওই রিকশাচালকের মরদেহ উত্তোলন করা হয়।
সেখানে স্বজনরাও উপস্থিত ছিলেন জানিয়ে রিদুয়ানুল হক বলেন, “মরদেহটি একেবারে পচে গেছে।”
পুলিশের সুরতহাল প্রতিবেদনের বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গত ২০ জুলাই বিকালে বাড্ডার প্রগতি সরণি এলাকায় রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন ২৯ বছর বয়সী হাফিজুল। সেখানে গুলিতে তার মৃত্যু হয়। স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই তার দাফন সম্পন্ন করেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২১ অগাস্ট এ ঘটনায় বাড্ডা থানায় হত্যা মামলা হয়। সেই মামলার তদন্তে নেমে লাশ উত্তোলন করল সিআইডি।
হাফিজুল সিকদারের বাড়ি পিরোজপুরের নজিপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে। তিনি বাড্ডার রূপনগর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
