ট্রেনের টিকিট কেনায় প্রতারণা এড়াতে রেলের অ্যাপ ব্যবহারের পরামর্শ
কোনো যাত্রী ‘রেল সেবা’ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থান থেকে টিকিট কিনলে প্রতারিত হবেন, বলছে রেলওয়ে।
ঈদযাত্রায় ট্রেনে যাত্রী হয়রানি ও টিকিট সংগ্রহ সংক্রান্ত প্রতারণা এড়াতে রেলওয়ের নির্ধারিত অ্যাপ ‘রেল সেবা’ ব্যবহার করতে যাত্রীদের পরামর্শ দিয়েছে রেল কর্তৃপক্ষ।
বুধবার রেলওয়ে এ বিষয়ে সতর্ক করে দেওয়া বিজ্ঞপ্তিতে প্রতারক চক্রের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে কিংবা রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানোর পরামর্শ দিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ (জিআরপি) এর সহায়তা নেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে ডায়াল করে এ ব্যাপারে অভিযোগ জানানো যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রির বিষয়ে নিশ্চয়তা প্রদান করে থাকে। প্রকৃতপক্ষে তাদের ট্রেনের টিকিট সংগ্রহ করে দেওয়ার কোনো সামর্থ্য নেই। এরা মূলত প্রতারক। এদের ফাঁদে পা দিয়ে অনেক যাত্রী হয়রানি ও প্রতারণার শিকার হয়ে থাকেন।
“অনেক ক্ষেত্রেই তারা বিকাশ, নগদ বা মোবাইল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের নিকট থেকে টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, এমনকি পূর্বে ব্যবহৃত সিমকার্ড বন্ধ করে দেয়।”
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, রেলওয়ের রেজিস্টার্ড একটি আইডি থেকে নির্ধারিত অ্যাপের মাধ্যমে একক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকেট কেনা যায়। এ ক্ষেত্রে আইডিধারী ব্যক্তির সহযাত্রীদের নামও সিস্টেমে ইনপুট দেওয়া বাধ্যতামূলক।
“বর্তমানে ঈদযাত্রা উপলক্ষে ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। নির্ধারিত অ্যাপ ‘রেল সেবা’ ছাড়া অন্য কোথাও ট্রেনের টিকেট বিক্রি করা হচ্ছে না। কোনো যাত্রী ‘রেল সেবা’ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থান থেকে টিকিট ক্রয় করলে তিনি প্রতারিত হবেন।”
