০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ইন্টারনেট সেবা ‘বিঘ্নিত’, বিটিআরসি বলছে, কোনো নির্দেশনা নেই

বুধবার সকালেও এ পরিস্থিতিতে পড়ার কথা জানিয়েছেন অনেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2024, 05:15 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

চলমান কোটা আন্দোলনের সংঘাতের পর রাত থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে না পারার কথা জানিয়েছেন ঢাকার গ্রাহকরা। 

তবে বিষয়টি নজরে আনা হলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার একজন সদস্য বলছেন, ইন্টারনেটের গতি কমানোর কোনো নির্দেশনা দেওয়া হয়নি। 

ফার্মগেট, মুগদা, শুক্রাবাদ, শাহবাগ, প্রেসক্লাব, কারওয়ানবাজারসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে তারা মোবাইলে ফেইসবুক, মেসেঞ্জার চালাতে পারছিলেন না। 

বুধবার সকালেও এ পরিস্থিতিতে পড়ার কথা জানিয়েছেন অনেকে। 

মিরপুরের বাসিন্দা লুৎফুন্নাহার ফুরকান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে বাইরে বের হওয়ার পর মোবাইল ডেটা চালু করে তিনি ফেইসবুক-ম্যাসেঞ্জারের কোনো আপডেট পাচ্ছিলেন না। 

গ্রামীনফোনের এ গ্রাহক বলেন, “বারবার রিফ্রেশ দেওয়ার পরও ম্যাসেঞ্জারে দেখাচ্ছিল ‘ওয়েটিং ফর নেটওয়ার্ক’ বার্তা। ফেইসবুকেও কোনো নোটিফিকেশন আসছিল না, কাউকে সার্চ করা কিংবা কারো প্রোফাইল ব্রাউজ কিছুই করতে পারছি না।”

ফার্মগেটে এলাকার রবির গ্রাহক ফয়সালও একই সমস্যায় পড়ার কথা জানান। 

তিনি বলেন, মঙ্গলবার রাত থেকেই ম্যাসেঞ্জার চালু করা, ম্যাসেজ পাঠানো, ফেইসবুকে ভিডিও দেখা- এসবে অুসবিধা হচ্ছিল তার।

“মোবাইলে যে কথা বলছি সেটাও স্পষ্ট না। তবে মেইল বা ওয়েবসাইট ব্রাউজ করতে অসুবিধা হচ্ছে না।” 

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ পাল্টপাল্টি কর্মসূচি পালন করে। এদিন বিকালে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে প্রায় পাঁচ ঘণ্টা ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। 

তখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোবাইল ইন্টারনেট কাজ করছিল না বলে জানিয়েছেন অনেকেই।  

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার কমিশনার শেখ রিয়াজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এমন হওয়ার কথা না। আর এ ধরনের কোনো নির্দেশনা সরকার দেয়নি।”