১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

নারী নির্যাতনের মামলায় পিডিবির সাবেক প্রধান প্রকৌশলীর স্ত্রী ও ছেলে কারাগারে

রমনা থানা এলাকা থেকে বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 03 Sep 2026, 11:37 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

‘যৌতুকের জন্য নির্যাতনের’ অভিযোগে পুত্রবধূর করা মামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী মো. হযরত আলীর স্ত্রী ও ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন-নাজমা সুলতানা ও মুনতাসীর মামুন।

বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এ তথ্য দিয়ে সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আশিকুর রহমান বলেন, “আসামিদের পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত আসামিদের কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন রোববার ধার্য করেছেন।”

২৭ অগাস্ট আরাফাত ইরিন ঐশী ‘যৌতুকের জন্য মারধরের অভিযোগে’ ঢাকার আদালতে চারজনকে আসামি করে মামলা করেন। 

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে নাজমা সুলতানা ও মুনতাসীর মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

হযরত আলী ও মিজানুর রহমান নামে আরেকজনের বিরুদ্ধে সমন জারি করে আগামী ৪ অক্টোবর আদালতে হাজির হতে নির্দেশ দেয় আদালত। 

বুধবার নাজমা সুলতানা ও মুনতাসীর মামুনকে রমনা থানা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, মুনতাসীর মামুন নতুন ব্যবসা শুরু করার কথা বলে শ্বশুরের কাছ থেকে ‘১ কোটি টাকা যৌতুক এনে দেওয়ার জন্য ইরিন ঐশীকে চাপ দিতে থাকেন’। 

ইরিন ঐশীর অভিযোগ, তিনি ক্যান্সারে আক্রান্ত জানার পরও আসামিরা তাকে ‘শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন’। তার জীবন ও সংসারের কথা চিন্তা করে তার বাবা আত্মীয়দের কাছ থেকে ধার করে চার কিস্তিতে সর্বশেষ ২০২৫ সালের ১৮ অক্টোবর পর্যন্ত ‘১ কোটি টাকা যৌতুক দেন’। এরপরও আসামিদের অর্থের চাহিদা কমেনি বলে অভিযোগ করেন তিনি।