১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেঘমল্লার বসু ‘লাইফ সাপোর্টে’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট এলাকা থেকে সোমবার গভীর রাতে মেঘমল্লারকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 01:56 AM

Updated : 17 Sep 2026, 02:57 AM

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও জাতীয় পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘লাইফ সাপোর্টে’ রাখা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের পঞ্চম তলার আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না এ তথ্য দেন।  

ডা. বান্না বলেন, “মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। গতকাল থেকেই তার অবস্থার অবনতি হয়েছে। আমরা চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তেমন উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তবে এনপিএ’র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ বুধবার রাত পৌনে ১১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেঘমল্লারের লাইফ সাপোর্ট সংক্রান্ত খবরটা সঠিক নয়। ফুসফুসে সংক্রমণের কারণে গতকাল (মঙ্গলবার) জরুরি ভিত্তিতে ওকে আইসিউতে স্থানান্তর করতে হয়। আইসিইউ’র চিকিৎসক কিছুক্ষণ আগেও আমাদের ব্রিফ করেছেন। বেশির ভাগ রিপোর্ট এবং ইনডিকেশনই উন্নতির দিকে।”

মেঘমল্লারের সবশেষ পরিস্থিতি তুলে ধরতে গিয়ে এদিন মধ্যরাতে বাকী বিল্লাহ এ বিষয়ক এক পোস্টের কমেন্টে লিখেছেন, ফুসফুসে সংক্রমণের কারণে সন্ধ্যায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। সিটি স্ক্যানসহ বেশিরভাগ রিপোর্টই ভালো।

“ভেন্টিলেশনকে টেকনিকালি লাইফ সাপোর্ট বলা গেলেও আসলে লাইফ সাপোর্ট বলতে যেটা বোঝানো হয়, সেটা তা নয়। ফুসফুসে সংক্রমণের উন্নতি হচ্ছে এবং আগামীকালই (বৃহস্পতিবার) ভেন্টিলেশন খুলে নেওয়া হবে।”

গত সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট এলাকা থেকে মেঘমল্লারকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে বন্ধুরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার পাকস্থলী ‘ওয়াশ’ করেন।

তার চিকিৎসার সঙ্গে জড়িত হাসপাতালের সংশ্লিষ্টরা বলেন, বিষক্রিয়ার সমস্যার কারণে পাকস্থলী ধৌত করা হয়েছিল।

প্রথমে তাকে হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে চিকিৎসা দেওয়া হচ্ছিল। মঙ্গলবার বিকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একই ভবনের পঞ্চম তলার আইসিইউতে স্থানান্তর করা হয়।  

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, “চিকিৎসকরা মনে করেছেন তাকে আইসিইউতে নেওয়া দরকার। বিকাল থেকে তার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। এ কারণেই চিকিৎসকরা সেখানে দিয়েছেন।”