১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘চাঁদাবাজি’: ইমরান হত্যা মামলার আসামিরা তিন দিনের রিমান্ডে

অটোরিকশার গ্যারেজ মালিক সাগর খান ওরফে ইমরানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি নিয়ে রিয়াজুল ইসলাম রিয়াজ ও কামরুল হাসানের বিরোধ চলছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Sep 2026, 06:44 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

‘চাঁদাবাজি’ নিয়ে বিরোধের জেরে ঢাকার যাত্রাবাড়ীর ধলপুরে এক গ্যারেজ মালিককে হত্যার ঘটনায় করা মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দেন। 

প্রসিকিউশন পুলিশের এসআই মহিন উদ্দিন রিমান্ডের তথ্য দেন

আসামিরা হলেন-রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৩১), কামরুল হাসান (২৫) ও সাইফুল হোসেন (২০)।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই খন্দকার সালেহ্ আবু নাইম আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানান এসআই মহিন উদ্দিন।

মামলার বিবরণের বলা হয়েছে, “অটোরিকশার গ্যারেজ মালিক সাগর খান ওরফে ইমরানের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি নিয়ে রিয়াজুল ইসলাম রিয়াজ ও কামরুল হাসানের বিরোধ চলছিল।

গত ৬ সেপ্টেম্বর আসামিরা ইমরানের গ্যারেজে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইমরানের মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। ওই সময় ইমরানের বন্ধু সাদ্দামকেও হামলাকারীরা মারধর করে। তিনি পালানোর চেষ্টা করলে তার পায়ে গুলি করা হয় এবং পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়।” 

পরে স্থানীয়রা ইমরান ও সাদ্দামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। সাদ্দামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ইমরানের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল এবং সাদ্দামের কাছ থেকে ৬৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায়।

এ ঘটনায় ইমরানের স্ত্রী ৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলা দায়েরর পর তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার কেরানীগঞ্জ থানার পাড় গেন্ডারিয়া খেজুরবাগ এলাকা থেকে রিয়াজুল ইসলাম রিয়াজকে, ডেমরা থানার পাড়ডগাইর এলাকা থেকে কামরুল ও সাইফুলকে গ্রেপ্তার করে পুলিশ।