ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে মরক্কো গেলেন আইজিপি
সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশপ্রধানদের সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
ইন্টারপোলের সাধারণ অধিবেশনে যোগ দিতে মরক্কো গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
রোববার সকালে তিনি এক সপ্তাহের সফরে ঢাকা ছাড়েন বলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৬ দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনের ৯৩তম এ সম্মেলন ২৪ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশপ্রধান সম্মেলনে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের পুলিশপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই সঙ্গে ইনফরমেশন শেয়ারিং (তথ্য আদান–প্রদান), যৌথ কার্যক্রম, সক্ষমতা উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের মত বিষয়ে মতবিনিময় করবেন।
পুলিশ সদর দপ্তর বলছে, সম্মেলনে সন্ত্রাসবাদ প্রতিরোধ, সাইবার অপরাধ দমন, মানবপাচার, অর্গানাইজড ক্রাইম (সংঘবদ্ধ অপরাধ), ট্রান্সন্যাশনাল ক্রাইম (সীমান্তপারের অপরাধ), পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক সমন্বয়সহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নীতিনির্ধারণী আলোচনা অনুষ্ঠিত হয়।
ইন্টারপোলের বার্ষিক সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা একত্রিত হয়ে সংস্থাটির নীতি, কার্যপদ্ধতি, বাজেট এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন।
ইন্টারপোলের এবারের সাধারণ অধিবেশনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি, বহুপক্ষীয় সহযোগিতা এবং বৈশ্বিক অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে বলে আশা করছে পুলিশ সদর দপ্তর।
সম্মেলন শেষে আগামী ৩০ নভেম্বর দেশে ফেরার সূচি রয়েছে আইজিপির।
