১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সংসদীয় সীমানা: নতুন উপজেলা গঠনের পর ১১ আসনের গেজেট সংশোধন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আদালতের আদেশে কিছু আসনের সীমানা পুননির্ধারণ করা হয়।

সংসদীয় সীমানা: নতুন উপজেলা গঠনের পর ১১ আসনের গেজেট সংশোধন
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 06:59 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) নতুন উপজেলা গঠনের পর ত্রয়োদশ সংসদ নির্বাচনের ১১ সংসদীয় আসনের সীমানা সংক্রান্ত গেজেট সংশোধন করা হয়েছে।

সংসদীয় আসনগুলো হচ্ছে—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

মঙ্গলবার এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

সংশ্লিষ্ট এলাকাগুলোর প্রশাসনিক পরিচয়ে পরিবর্তন এলেও সংসদীয় আসনের সীমানায় তেমন কোনো পরিবর্তন হচ্ছে না।

ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষে গেল বছর ৪ সেপ্টেম্বর ৩০০ আসনের সীমানার গেজেট প্রকাশ করা হয়। নির্বাচনের তফসিল ঘোষণার আগে ১১ ডিসেম্বর আদালতের আদেশে কিছু আসনে সীমানা পুননির্ধারণ করা হয়।

মঙ্গলবারের  সংশোধিত গেজেটটি সবশেষ পুননির্ধারণের সীমানায় যুক্ত হবে।

বর্তমান বিএনপি সরকার ক্ষমতার আসার পর প্রথম দফায় মে মাসে বগুড়াকে নতুন সিটি করপোরেশন করার ও পাঁচটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন করে নিকার। 

নতুন পাঁচ উপজেলা হল—বগুড়ার মোকামতলা (বর্তমানে শিবগঞ্জের সঙ্গে), কক্সবাজারের মাতামুহুরী (বর্তমানে চকরিয়ার সঙ্গে), ঠাকুরগাঁওয়ে রুহিয়া ও ভুল্লী (বর্তমানে সদরের সঙ্গে) এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ (বর্তমানে সদরের সঙ্গে)। 

এরমধ্যে শিবগঞ্জ উপজেলার মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর ইউনিয়ন নিয়ে গঠন হয় মোকামতলা উপজেলা।

জুলাইয়ে নিকার সভায় চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদন পায়।

এ পরিপ্রেক্ষিতে প্রশাসনিক পুনর্বিন্যাসযুক্ত করে ১১টি সংসদীয় আসনের সীমানার গেজেট সংশোধন করা হল।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, প্রশাসনিক পুনর্বিন্যাসের ফলে নতুন উপজেলা ও ইউনিয়ন গঠিত হওয়ায় সংসদীয় আসনের সীমানা হালনাগাদ করে এ গেজেট প্রকাশ করা হয়েছে। 

এসব সংসদীয় আসন হল-

>> ঠাকুরগাঁও-১ আসনে ঠাকুরগাঁও সদর উপজেলার সঙ্গে রুহিয়া ও ভুল্লী উপজেলা (সদরের কিছু ইউপি নিয়ে দুই উপজেলা) অন্তর্ভুক্ত করা হয়েছে।

>> বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি নতুন গঠিত মোকামতলা উপজেলাকেও যুক্ত করা হয়েছে।

>> পিরোজপুর-১ আসনে পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলা (ইন্দুরকান্দী নাম পাল্টে জিয়ানগর) অন্তর্ভুক্ত রয়েছে।

>> ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা যুক্ত করা হয়েছে।

>> ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিদ্যমান সীমানার সঙ্গে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদকে যুক্ত করা হয়েছে।

>> ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বরিশল ইউনিয়ন ছাড়া আখাউড়া উপজেলার বাকি অংশ থাকছে, সঙ্গে কসবা উপজেলা।

>> কুমিল্লা-৩ আসনে মুরাদনগর উপজেলার সঙ্গে বাঙ্গরা উপজেলাকে যুক্ত করা হয়েছে।

>> চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে রয়েছে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা।

>> কক্সবাজার-১ আসনে নবগঠিত মাতারমুহুরী উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে।

>> লক্ষ্মীপুর-২ আসনে রায়পুর উপজেলা ও সদর উপজেলার আটটি ইউপি এবং চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নকে রাখা হয়েছে।

>> লক্ষ্মীপুর-৩ আসনে সদর উপজেলার চারটি ইউনিয়ন, সদর পৌরসভা ও চন্দ্রগঞ্জ উপজেলার আটটি ইউনিয়ন থাকছে। 

পুরোনো খবর:

বাগেরহাটে ৪, গাজীপুরে ৫ আসন পুনর্বহাল করে সংশোধিত গেজেট

বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাবে নিকার সায়