১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আইজিপি আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

বিদায়ী আইজিপি বাহারুল আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছেন আলী হোসেন ফকির।

আইজিপি আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার নতুন আইজিপি মো. আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। ছবি: পিআইডি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2026, 06:59 PM

Updated : 26 Aug 2026, 03:01 PM

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

প্রধানমন্ত্রীর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।

পঞ্চদশ বিসিএসের পুলিশ ক্যাডারে সরকারি চাকরিতে যোগ দেওয়া আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাটে। ১৯৬৮ সালের ৫ এপ্রিল তার জন্ম। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম করার পর তিনি এমবিএ ডিগ্রি নেন।

নেত্রকোণা, ফেনী ও মাগুরার পুলিশ সুপারের দায়িত্ব পালন করা আলী হোসেন ফকির ২০০৮ সালে ডিএমপির উত্তরা জোনের ডিসি ছিলেন। পরে তিনি কসোভা ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেন।

দেশে ফেরার পর খুলনা তৃতীয় এপিবিএন অধিনায়ক থাকা অবস্থায় ২০২২ সালের নভেম্বরে আলী হোসেন ফকিরকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করতেন।

২০২৪ সালের ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর পদোন্নতি দিয়ে প্রথমে তাকে উপ মহাপরিদর্শক, পরে ২০২৫ সালের অগাস্টে অতিরিক্ত মহাপরিদর্শক করা হয়। 

২০২৪ সালের অক্টোবর থেকে তিনি এপিবিএন প্রধানের দায়িত্ব পালন করছিলেন। নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পর প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় মঙ্গলবার বাহারুল আলমকে সরিয়ে আইজিপির দায়িত্ব দেওয়া হয় আলী হোসেন ফকিরকে।

পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার সকালে আলী হোসেন ফকির পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার দেয়। এরপর বিদায়ী আইজিপি বাহারুল আলমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তিনি।