১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ওটিপি সমস্যার সমাধান, স্বাভাবিক এনআইডি সেবা

“বুধবার থেকে আর কোনো সমস্যা হবে না বলে আমাদের নিশ্চিত করেছে সার্ভিস প্রতিষ্ঠান। আশা করি, আগামীতে আর দুর্ভোগ পোহাতে হবে না।”

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 08:26 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা ওয়েবসাইটে ঢোকার ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) সমস্যার সমাধান হওয়ায় চার-পাঁচ ঘণ্টার দুর্ভোগের অবসান হয়েছে। 

মঙ্গলবার বিকালের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জটিলতার সমাধান করেছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

তিনি বলেন, “এখন নির্বিঘ্নে সেবা পাচ্ছেন সবাই। বুধবার থেকে আর কোনো সমস্যা হবে না বলে আমাদের নিশ্চিত করেছে সার্ভিস প্রতিষ্ঠান। আশা করি, আগামীতে আর দুর্ভোগ পোহাতে হবে না।”

সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) প্রয়োজন হয়।

মঙ্গলবার ওয়েবসাইটে লগইন করতে গিয়ে সেবাগ্রহীতাদের পাশাপাশি ইসি কর্মকর্তারা জটিলতায় পড়েন। 

হুমায়ুন কবীর ওখন বলেছিলেন, এনআইডি সেবার ওয়েবসাইটে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওটিপি’ প্রয়োজন হয়। সেই ওটিপি না আসার কারণে ইসি কর্মকর্তারা লগইন করতে পারছিলেন না।

সন্ধ্যায় তিনি সাংবাদিকদের বলেন, “যে প্রতিষ্ঠান থেকে ওটিপি নিয়ে থাকি তারা তাদের সিস্টেমের সমস্যাটা সমাধান করেছে। সকাল থেকে যে ওটিপিগুলো আমরা পাঠিয়েছি সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে। ওগুলো ক্লিয়ার হওয়ার পরই আবার নতুনগুলো চলে আসবে এবং আগামীকাল সকাল থেকে নাগরিকরা নির্বিঘ্নে এনআইডি সেবা পাবে।”

বর্তমানে দেশে সাড়ে ১২ কোটি নাগরিকের তথ্য রয়েছে এনআইডি ডেটাবেইজে। জাতীয় পরিচয়পত্র সংশোধন, তথ্য সংশোধন, এনআইডি রিইস্যুর মতো সেবা পেতে নাগরিকদের অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। আর ইসি কর্মকর্তারা সেই সব আবেদন যাচাই-বাছাই করে অনলাইনে সেবা দিয়ে থাকেন।

ওটিপি না আসায় এসব সেবা বিঘ্নিত হলেও এনআইডির তথ্য যাচাই সেবা নেওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের কোনো অসুবিধা হয় নি বলে কর্মকর্তারা জানান।

এনআইডি: ওটিপি না আসায় সেবা বিঘ্নিত