১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এনআইডি: ওটিপি না আসায় সেবা বিঘ্নিত

“ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান আছে,” বলেন হুমায়ুন কবীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2025, 02:00 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

জাতীয় পরিচয়পত্র সেবার ওয়েবসাইটে লগইনের জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি না আসায় বিড়ম্বনার মুখে পড়েছেন সেবাদাতা ও গ্রহীতারা।

মঙ্গলবার ওয়েবসাইটে লগইন করতে গিয়ে সেবাগ্রহীতাদের পাশাপাশি ইসি কর্মকর্তারা জটিলতায় পড়েন। ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন দুপুর ১টায় আশা প্রকাশ করেন, ‘ঘণ্টা দুয়েকের মধ্যে’ ওটিপি সমস্যার সমাধান তারা করে ফেলতে পারবেন। 

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, এনআইডি সেবার ওয়েবসাইটে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওটিপি’ প্রয়োজন হয়। সেই ওটিপি না আসার কারণে ইসি কর্মকর্তারা লগইন করতে পারছেন না। 

“তবে ছবি তোলা ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান আছে। ওটিপি সমস্যার সমাধান হলেই সব ধরনের কার্যক্রম শুরু হবে।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমাদের সার্ভার বন্ধ নয়। আমরা এনআইডি কার্যক্রম পরিচালনা করার একটি ওটিপি সার্ভিস কিনেছি, সেটি যাদের কাছে থেকে নিয়েছি- তাদের সিস্টেমে একটা সমস্যা হয়েছে; ওরা ওটা মেরামত করছে। মেরামত হয়ে গেলে চালু হয়ে যাবে।”

বর্তমানে দেশে সাড়ে ১২ কোটি নাগরিকের তথ্য রয়েছে এনআইডি ডেটাবেইজে। জাতীয় পরিচয়পত্র সংশোধন, তথ্য সংশোধন, এনআইডি রিইস্যুর মতো সেবা পেতে নাগরিকদের অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। আর ইসি কর্মকর্তারা সেই সব আবেদন যাচাই-বাছাই করে অনলাইনে সেবা দিয়ে থাকেন। 

ওটিপি না আসায় এসব সেবা বিঘ্নিত হলেও এনআইডির তথ্য যাচাই সেবা নেওয়া ১৮৬টি প্রতিষ্ঠানের কোনো অসুবিধা হচ্ছে না বলে কর্মকর্তারা জানান।