২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদুল আজহার কথকতা

“কিন্তু বিপুলসংখ্যক দেহাতি মানুষ প্রায় ভুখানাঙ্গা অবস্থায়ই ঈদের দিনটি অতিক্রম করেছে। জাকাতের দান-খয়রাত, মসজিদের শিরনি বা সম্পন্ন গৃহস্থবাড়ি থেকে দেওয়া কিছু ভালো খাবারই ছিল তাদের ঈদের দিনের সম্বল।”

হাসান হাফিজ হাসান হাফিজ

Published : 29 Jun 2023, 12:13 AM

Updated : 02 Jul 2023, 06:38 PM

ঈদুল আজহা হচ্ছে ত্যাগের উৎসব। যারা ইসলাম ধর্মাবলম্বী, তাদের বড় দু’টি ধর্মীয় উৎসবের দ্বিতীয় হচ্ছে এটি। কুরবানির ঈদ নামেও এই উৎসবের পরিচিতি রয়েছে। ইসলামী চান্দ্র পঞ্জিকা অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে পড়ে ঈদুল আজহা। আর্ন্তজাতিক (গ্রেগরীয়) পঞ্জিকায় এই তারিখ প্রতিবছর নির্দিষ্ট থাকে না। ঈদের তারিখ স্থানীয়ভাবে জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভরশীল। ঈদগাহে দুই রাকাত নামাজ আদায়ের পর যার যার আর্থিক সঙ্গতি অনুযায়ী আল্লাহর রাহে গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট বা দুম্বা কোরবানি করে থাকেন মুসলিমরা। ঈদুল আজহার অব্যবহিত আগে সৌদি আরবে পবিত্র হজ পালন করা হয়।

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক কবিতা, গানে ধ্বনিত, প্রতিফলিত হয়েছে ঈদুল আজহার মর্মবাণী। নজরুলের অগ্নি-বীণা কাব্যগ্রন্থের ‘ কোরবানী’ শীর্ষক কবিতার দিকে খানিক দৃকপাত করা যাক। কবি বলছেন,

ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’, শক্তির উদ্বোধন।

দুর্বল! ভীরু! চুপ রহো,ওগো খাম্খা ক্ষুব্ধ মন!

ধ্বনি ওঠে রণি ত’র বাণীর,

আজিকার এ খুন কোর্বানির!

দুম্বা-শির রুম্-বাসীর

শহীদের শির-সেরা আজি।-- রহমান কি রুদ্র নন?

বাস্! চুপ খামোশ রোদন!

আজ শোর ওঠে জোর ‘খুন দে,জান দে,শির দে বৎস’ শোন!

ওরে হত্যা নয় আজ ‘সত্যাগ্রহ’ শক্তির উদ্বোধন!

কেমন ছিল সেকালের ঈদ? কীভাবে উদযাপন করা হতো এই উৎসবটি? প্রখ্যাত লোকসাহিত্য গবেষক, প্রাবন্ধিক শামসুজ্জামান খানের একটি রচনায় তার বিবরণ আমরা পাচ্ছি। তিনি লিখেছেনঃ

“পূর্ব বাংলার বাঙালি মুসলমান ঐতিহাসিক কারণেই খুব বেশি আগে থেকে সামাজিকভাবে সংহত, সচেতন এবং শিক্ষাদীক্ষা ও অর্থবিত্তে সম্পন্ন হতে পারেনি। আর এই উপাদানগুলো ছাড়াও উপাদান হিসেবে সামাজিক-আত্মপরিচয়মুক্ত না হলে কোনো সমাজ উৎসব উদযাপনে সক্ষমতা অর্জন করে না। অন্যদিকে উৎসবটি সম্পন্ন হয় ধর্মীয়ভাবে, তাহলে সংশ্লিষ্ট সমাজের ধর্ম-সামাজিক সত্তার জাগরণীও আবশ্যক। পূর্ব বাংলা, অর্থাৎ বর্তমান বাংলাদেশে উপর্যুক্ত বিষয়গুলো ধীরে ধীরে সংগঠিত হয়েছে ১৯৩০-এর দশকের প্রজন্ম থেকে। ১৯৩৭ সালে শেরেবাংলা এ কে ফজলুল হক বাংলার প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে, বিশেষ করে শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর হাতে থাকায় এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ঔদার্যে বেঙ্গল প্যাক্ট স্বাক্ষরিত হওয়ার ফলে এই রাজনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে যে নতুন শিক্ষিত মুসলমান মধ্যবিত্ত বাঙালি সমাজের উদ্ভব ঘটে, তাদের হাতেই বাঙালি মুসলমানের ধর্ম-সামাজিক আনন্দ-উৎসব হিসেবে সাংস্কৃতিকভাবে তাৎপযপূর্ণ ঈদ উৎসবের সূচনা।

নব্য সামাজিক-সাংস্কৃতিক চেতনায় উদ্বুদ্ধ এই মধ্যবিত্ত জনগোষ্ঠীর ঈদ উৎসবকে সর্বজনীনতা জ্ঞান করে কাজী নজরুল ইসলামের লেখা এবং আব্বাসউদ্দীনের কণ্ঠে রেকর্ড করা গান: ‘ও মন, রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ’। ১৯৪০-এর দশক থেকে শুরু হয়ে বাংলার ঈদ উৎসব ধীরে ধীরে ধর্ম-সামাজিক-সাংস্কৃতিক উৎসব হিসেবে বৃহৎ থেকে বিশাল আবর্তনে রূপান্তরিত হচ্ছে। তবে বাংলার আধুনিক ঈদ উৎসবের ‘সেকাল’ সত্তর-আশি বছরও এখন পর্যন্ত অতিক্রম করেনি।

বাঙালি মুসলমান মধ্যবিত্তের নতুন ধারার এই ঈদ উৎসবের উদাহরণ হিসেবে আমরা পুরানো ঢাকা জেলার কালীগঞ্জ থানার অধিবাসী পুলিশ কর্মকর্তা খন্দকার আবু তালেবের আত্মজীবনীমূলক রচনা থেকে একটা অংশ উদ্ধৃত করছি:

‘রমজানের ও ঈদের চাঁদ দেখার জন্য ছেলে-বুড়োদের মধ্যে তখনকার দিনে যে উৎসাহউদ্দীপনা দেখেছি, তা এখনো ভুলতে পারিনি। আমি যে সময়ের কথা বলছি সে সময়টা ছিল ব্রিটিশের [শেষ] আমল। রোজার চাঁদ ও ঈদের চাঁদের খবরাখবর তখন কলকাতা হতে প্রচার করা হতো।’ এখানে গ্রামাঞ্চলের শিক্ষিত ও সম্পন্ন মধ্যবিত্ত পরিবারের ঈদ উদযাপন এবং তার প্রস্তুতিপর্বের চিত্রও পাওয়া যায়। তৎকালীন ঢাকা জেলার পূর্বাঞ্চলের উপর্যুক্ত লেখকের বর্ণনায় আবার চোখ ফেরানো যাক। তিনি লিখেছেন:

‘রোজার পনর দিন যাওয়ার পর হতেই গৃহবধূরা নানা রকম নকশী কাঁথা তৈয়ার করতে আরম্ভ করত।...শবে কদরের রাতে মেয়েরা মেহেদী এনে তা বেটে হাতে নানা রকম চিত্র আঁকত। ফুলপিঠা তৈয়ার করার সময় বউয়েরা “প্রিয় স্বামী” আর অবিবাহিত মেয়েরা, “বিবাহ ও প্রজাপতি” এঁকে রাখত। ঈদের দিনে যুবক-যুবতী বন্ধু-বান্ধবীদের পাত্র দেখার জন্যই এ ধরনের ফুলপিঠা তৈয়ার করা হত।’

পূর্ব বাংলার কৃষিভিত্তিক গ্রামীণ সমাজে বিত্তহীনতা ও নগদ পয়সার অভাব থাকায় দরিদ্র কৃষি পরিবারে ঈদ উৎসবের কোনো ধুমধাম ছিল না। ঔপনিবেশিক ইংরেজ আমলের শেষ দিকেও গ্রামীণ মধ্যবিত্ত পরিবারের যাঁরা শহরে চাকরি করতেন বা ছোটখাটো ব্যবসা বা ওকালতি করতেন, তাঁদের বাড়িতে ঈদের দিনের খাদ্যতালিকায় পোলাও-কোরমা-জর্দার দেখা মিলত। তাঁদের সন্তানসন্ততিরাও ভালো কাপড়চোপড় পেত মা-বাবার কাছ থেকে। এসব পরিবারের বড়রাও ঈদে নতুন জামাকাপড় কিনতেন। কিন্তু বিপুলসংখ্যক দেহাতি মানুষ প্রায় ভুখানাঙ্গা অবস্থায়ই ঈদের দিনটি অতিক্রম করেছে। জাকাতের দান-খয়রাত, মসজিদের শিরনি বা সম্পন্ন গৃহস্থবাড়ি থেকে দেওয়া কিছু ভালো খাবারই ছিল তাদের ঈদের দিনের সম্বল।”

কেমন ছিল আগের দিনের হজব্রত পালনের অভিজ্ঞতা?

বাশিরুল আমিনের লেখায় পাওয়া যাচ্ছে সেই বিবরণী। তিনি লিখেছেনঃ

“বাঙালি হাজিদের মধ্যে খান বাহাদুর আহছানউল্লা হজে গিয়েছিলেন ১৯১২ সালে। হজ থেকে ফিরে নিজের অভিজ্ঞতার কথা তিনি লিখে গেছেন আমার জীবন ধারা নামক বইয়ের ‘আমার হজ’ অধ্যায়ে। এখানে পাওয়া যায় ভয়ংকর সমুদ্রযাত্রার বিবরণ, ‘আমি করাচি বন্দরে গিয়ে জাহাজে উঠি। জাহাজের প্রথম ও তৃতীয় শ্রেণি ছাড়া অন্য কোনো শ্রেণি ছিল না। প্রথম শ্রেণির টিকিটের দাম ৪৫০ টাকা। প্রথম শ্রেণির যাত্রীদের জাহাজের দোতলায় থাকার জায়গা দেওয়া হলো। আমাদের সঙ্গে প্রচুর চাল, ডাল, ঘি, চিনি ও চা ছিল। আমাকে রান্নার ভার দেওয়া হলো। আমি দুপুরে খিচুড়ি রাঁধতাম। রাতে আমার একজন সহযাত্রী ইন্সপেক্টর সাহেব রুটি তৈরি করতেন। মঞ্জিলে মঞ্জিলে কেবল জ্বালানি কাঠ ও পানি খরিদ করা হতো। পথিমধ্যে মাছ দুষ্প্রাপ্য ছিল। তবে ছাগলের মাংস পাওয়া যেত। জাহাজ সোকোট্টার (ভারত মহাসাগরে চারটি দ্বীপের একটি মালা, ইয়েমেনের অংশ) কাছে পৌঁছালে সমুদ্রে গর্জন শুরু হয়। উত্তাল তরঙ্গে জাহাজ দুলে ওঠে।

আমাদের কামরার কাচের সব বাসনপত্র ভেঙে চুরমার হয়ে যায়। অন্ধকারের ভেতর আমি হাঁটু গেড়ে জাহাজের শিকল ধরে মৃত্যুর প্রহর গুনতে থাকি। ডেকের যাত্রীরা বমি ও মলমূত্র ত্যাগ করে দেয়।’ তবে মাঝেমধ্যে আবার এই সমুদ্রযাত্রা সুখকর হয়ে উঠত আবহাওয়া অনুকূলে থাকলে। জাহাজ সাধারণত উপকূল থেকে কিছুটা দূরে দিয়ে যায়। রাতে উপকূলে অনেক বিজলি বাতি নজরে পড়লে বোঝা যেত যে কোন নগরী অতিক্রম করা হচ্ছে। বিভিন্ন শহর-নগর অতিক্রমকালে মাইকে তা জানিয়ে দেওয়া হতো। বঙ্গোপসাগরে সূর্যাস্তের সময় হাজার হাজার হাঙর দেখা যেত। বিরাট আকারের তিমি ভেসে উঠত জাহাজের কাছে এসে।”