এম এন রায়: মেক্সিকো-প্রবাসের স্মৃতি-২
কয়েকজন ধরা পড়ে আর কার্রান্সার লোকজন তাদের মেরে গাছে মৃতদেহ ঝুলিয়ে দেয়।
ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার আরবেলিয়া গ্রামে শাক্ত ব্রাহ্মণ ভট্টাচার্য পরিবারে ১৮৮৭ সালে জন্ম নরেন্দ্রনাথের যিনি পরে এম এন রায় হিসেবে বিশ্বব্যাপী পরিচিত হয়ে ওঠেন। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, কমিউনিস্ট বিপ্লবী ও তাত্ত্বিক মানবেন্দ্রনাথ রায়ের সমধিক পরিচিতি উদার মানবতাবাদের (radical humanism) তাত্ত্বিক ও প্রবক্তা হিসেবে। বিপ্লবী জীবনে তাঁকে বহু ছদ্মনাম নিতে হয়েছিল। ১৯৫৪ সালের ২৫শে জানুয়ারি প্রয়াত হন এই মনিষী।
মেক্সিকো সফর তার জীবনে গুরুত্বপূর্ণ এক ঘটনা। এক অর্থে তার রাজনৈতিক চিন্তার ক্ষেত্রে যেমন, তেমনি এই দেশের রাজনৈতিক ইতিহাসেও মানবেন্দ্রনাথের মেক্সিকো-সফর বড় ধরনের বাঁক হিসেবে চিহ্নিত হয়ে আছে। ইংরেজিতে লিখিত তাঁর স্মৃতিকথা Memoirs ১৯৬৪ সালে দিল্লী থেকে প্রকাশিত হয়। ৬২৮ পৃষ্ঠার এই দীর্ঘ স্মৃতিকথার শতাধিক পৃষ্ঠা জুড়ে রয়েছে মেক্সিকো বাসের রোমাঞ্চকর ও ঘটনাবহুল স্মৃতি। মূল গ্রন্থের ৫ম অধ্যায় থেকে ২৯ অধ্যায় পর্যন্ত বিস্তৃত সেই স্মৃতিচারণ। স্মৃতিকথার এই নির্বাচিত অংশ কলামিস্ট অনুবাদক প্রিসিলা রাজ-এর অনুবাদে ধারাবাহিকভাবে বাংলা ভাষায় প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে। আজ থাকছে মেক্সিকো সফরের দ্বিতীয় পর্ব। এই অনুবাদে মূল বইয়ের পর্ব-বিন্যাস অনুসরণ ও উল্লেখ করা হয়েছে।
কনকিস্তাদোরেস, বিদ্রোহী, ডাকাত ও গৃহযুদ্ধ
গত শতকের দ্বিতীয় দশকে স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই মেক্সিকোর ইতিহাস আর শান্তির সময় দেখেনি। মেক্সিকো প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল স্প্যানিশ সাম্রাজ্যের ধ্বংসাবশেষের ওপর, ঔপনিবেশিক জমিদারদের দ্বারা, নিজেদের রুগ্ন শিরায় প্রবাহিত কনকিস্তাদোরেসের১ নীল রক্ত নিয়ে যাদের গর্বের অন্ত ছিল না। ইউরোপে সমস্ত ক্ষমতা ও মানসম্মান হারানো রাজতন্ত্রকে খাজনা দিতে চরম অনীহাই ছিল মাতৃদেশের বিরুদ্ধে তাদের বিদ্রোহের আসল কারণ। কিন্তু সাংস্কৃতিকভাবে তারা ইউরোপীয় ছিল। ঔপনিবেশিক শাসক হিসেবে তারা এতটাই মদগর্বিত ছিল যে, যে দেশে তারা বাস করতে এসেছে সেদেশের সাধারণ মানুষের সঙ্গে মেশার কথা তারা ভাবতে পারত না।
ক্যাথলিক সম্রাটের শাসনের পরিবর্তে খাঁটি স্পেনীয় রক্তের উত্তরাধিকারের গর্বে স্ফীত ঔপনিবেশিক অভিজাতদের শাসন কোনো অর্থেই ভূমিপুত্রদের জন্য মুক্তি বয়ে আনেনি। এর ফলে ১৮১১ সালে আবার যুদ্ধ-সংগ্রাম শুরু হলো। এই যুদ্ধে নেতৃত্ব দিলেন ইদাল্গো এবং মোরেলোস নামের দুই স্থানীয় পুরোহিত। যুদ্ধের এক পক্ষে ছিল মিশ্ররক্ত অথবা খাঁটি স্থানীয় রক্তের অধিকারী মানুষ আর অন্য পক্ষে ঔপনিবেশিক অভিজাতরা যারা কনকিস্তাদোরদের বংশধর বলে দাবি করত। প্রায় ৫০ বছর যুদ্ধের পর স্থানীয়দের জয় হয়।
কনকিস্তাদোরদের বংশধরেরা পূর্বপুরুষের রক্তের অবিমিশ্র অধিকারী হলেও রক্তের সংমিশ্রণের মধ্য দিয়ে মেক্সিকোতে একটি মিশ্রজাতির উদ্ভব ঘটেছিল। মিশ্রজাতির এই মানুষগুলো তাদের স্থানীয় পূর্বপুরুষের ব্যাপারে ছিল অত্যন্ত গর্বিত এবং তীব্রভাবে দেশপ্রেমিক। একইসঙ্গে আঠারো শতকের ইউরোপীয় সংস্কৃতির চেতনা তাদের মধ্যে রাজনৈতিক স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচারের আকাঙ্ক্ষাও জাগিয়ে তুলেছিল। স্পেনীয় শাসনের অবসান ঘটানোর পর তারা ক্যাথলিক চার্চের সমর্থনপুষ্ট মেক্সিকোর ঔপনিবেশিক অভিজাতবর্গের শাসনকে চ্যালেঞ্জ জানাল। আঠারো শতকে ফ্রান্সে যা ঘটেছিল মেক্সিকোতেও অনেকটা তা-ই ঘটল। মেক্সিকো অধিকারের পর স্থানীয় গণতান্ত্রিক শক্তি ফরাসি শাসনের বিরুদ্ধে লড়াই শুরু করে। এ লড়াইয়ে তাদের নেতৃত্ব দেন মেক্সিকোর ভূমিপুত্র বীর বেনিতো হুয়ারেস ২ ।
গৃহযুদ্ধ চলাকালীন মেক্সিকো টেক্সাস সংক্রান্ত দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। ৩ গৃহযুদ্ধে ডেমোক্রেটদের জয় হয়। অন্যদিকে ১৮৬১ সালে হুয়ারেস মেক্সিকো প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন।
যুদ্ধে মেক্সিকো উত্তরের বিপুল এলাকা যুক্তরাষ্ট্রের কাছে ছেড়ে দিতে বাধ্য হয় যা যুক্তরাষ্ট্রের টেক্সাস, নিউ মেক্সিকো ও ক্যালিফোর্নিয়া প্রদেশের অন্তর্ভুক্ত করা হয়। এত বিপুল এলাকা ছেড়ে দেওয়ার পরও মেক্সিকোর ঔপনিবেশিক শক্তি ও ক্যাথলিক ক্ষমতাকাঠামোর বিরুদ্ধে লড়াইয়ে গণতন্ত্রকামী শক্তির অব্যাহত লড়াইয়ে শত্রুর শেষ হয়নি। হুয়ারেসের সরকার ক্ষমতায় আসামাত্রই ব্রিটেন, ফ্রান্স ও স্পেন গণতন্ত্রের শত্রুদের দ্বারা নিয়ন্ত্রিতপূর্ববর্তী সরকারগুলোর বাড়াবাড়ি বিলাস ও নানাবিধ কুকর্মের জন্য দায়ী করে মেক্সিকো আক্রমণ করে এবং মেক্সিকোয় হ্যাপ্সবুর্গ বংশের ৪ রাজত্ব প্রতিষ্ঠা করে। কিন্তু হুয়ারেস বছরের পর বছর বীরত্বপূর্ণ লড়াই জারি রাখেন এবং হতভাগ্য সম্রাট ম্যাক্সমিলিয়ানকে ১৮৬৭ সালে গদিচ্যুত করেন।
১৮৭২ সালে মেক্সিকোর মুক্তির দূতের মৃত্যু হওয়ার পর পর দেশে আবার অশান্তির ঘনঘটা নেমে এল। গৃহযুদ্ধ শুরু হয়ে গেল আর সেটা চলল ১৮৮০র দশক অবধি। স্পেনীয় কনকিস্তাদোরদের এক বংশধর জেনারেল পোরফিরিও ডিয়াসের ৫ নেতৃত্বে এবং উত্তরের সমর্থনপুষ্ট রিপাবলিকান একনায়কতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে গৃহযুদ্ধের অবসান হলো।
ডিয়াসের অধীনে সিকি শতাব্দীর জন্য মেক্সিকোতে আইন-শৃঙ্খলার উন্নতি হয়। বিদেশী পুঁজিরও প্রবেশ ঘটে। প্রথমে ব্রিটিশ ও ফরাসি, পরে যুক্তরাষ্ট্র থেকে পুঁজির বিনিয়োগ ঘটে। বাণিজ্যের জন্য শান্তিপূর্ণ পরিবেশ দরকার। সুতরাং বিদেশী পুঁজি বিনিয়োগকারীরা যার যার সরকারের ওপর চাপ প্রয়োগ করতে থাকে মেক্সিকোর একনায়কতন্ত্রবিরোধী আন্দোলনকারীদের বিপরীতে ডিয়াসের একনায়কতান্ত্রিক সরকারকে সমর্থন জানানোর জন্য। অন্যদিকে, ডিয়াসের শাসনাধীনে মেক্সিকোর উপনিবেশবাদী অভিজাততন্ত্র ক্রমে শক্তি ও সুযোগসুবিধা পুনঃসঞ্চয় করতে থাকে। এর ফলে বেনিতো হুয়ারেস যে বিপ্লবে নেতৃত্ব দিয়ে গিয়েছিলেন তা ক্রমশ হীনবল হয়ে পড়ে। মেক্সিকো ক্রমে লাতিন আমেরিকার ইউরোপীয় বংশোদ্ভূত অলস অভিজাতদের ক্রীড়াক্ষেত্র হয়ে উঠল। সামন্তপ্রভুদের বিস্তীর্ণ-বিস্তৃত আসিয়েন্দা অর্থাৎ কৃষি এস্টেটে ভূমিদাস ও ক্রীতদাসদের শ্রমে-ঘামে উৎপন্ন বিপুল সম্পদ মেক্সিকো সিটি ও তার আশেপাশে বাগানবাড়ি এবং বিলাসবহুল চোখ ধাঁধানো অবসরযাপন কেন্দ্র গড়ে উঠতে থাকল। আরেকদিকে, ভূমির খাঁটি রক্ত বইছিল যাদের শরীরে, দেশের দুই-তৃতীয়াংশ জনসংখ্যা যারা, শুধু বেঁচে থাকার জন্য তাদের নীরবে ঘাড়ভাঙা পরিশ্রম করতে হচ্ছিল। মিশ্ররক্তের অধিকারী মধ্যবিত্ত শ্রেণীটি আবার বিপ্লবের স্মৃতিকে তাদের ঐতিহ্যের অংশ হিসেবে লালন করে যাচ্ছিল। আধুনিক শিক্ষা গ্রহণ করেছিল তারা, আধুনিক সংস্কৃতিও আত্মস্থ করেছিল এবং প্রগতিশীল সামাজিক ও রাজনৈতিক ভাবনার গভীর আবেদন ছিল তাদের কাছে। এরাই ফ্রান্সিসকো মাদেরোর নেতৃত্বে সংগঠিত হয়ে ১৯১১ সালে ডিয়াসের একনায়কতন্ত্রের উচ্ছেদ ঘটায়। গণতান্ত্রিক এই বিপ্লবের অত্যাবশ্যকীয় অংশ ছিল উদারবাদী কৃষি সংস্কার যা ছিল গ্রামীণ জনসাধারণের সমর্থনপুষ্ট।
ডিয়াসের মেক্সিকো ছিল মুষ্টিমেয় কিছু সুবিধাভোগী মানুষের বিলাসী লীলাক্ষেত্র। ফলে তাঁর ক্ষমতাচ্যুতি উপনিবেশিক আসিয়েন্দাদো বা সামন্তপ্রভুরা বিদেশী পুঁজি বিনিয়োগকারীদের সঙ্গে মিলে বিশৃঙ্খলা ও নৈরাজ্যের অজুহাতে জনৈক জেনারেল য়ুয়ের্তার নেতৃত্বে প্রতিবিপ্লব সংঘটিত করে। মার্কিন যুক্তরাষ্ট্র মাদেরোর পক্ষাবলম্বন করে সশস্ত্র হস্তক্ষেপের হুমকি দেয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এড়ানো এবং গৃহযুদ্ধ ঠেকানোর অভিপ্রায়ে মাদেরো ১৯১২ সালে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে ইস্তফা দেন। আমেরিকার সশস্ত্র হস্তক্ষেপ এড়ানো গেলেও গৃহযুদ্ধ আর এড়ানো গেল না। য়ুয়ের্তা একজন নাকউঁচু আত্মম্ভরি পুতুলমাত্র ছিলেন। তাঁর না ছিল জনসাধারণের সমর্থন, না সেনাবাহিনীর। ফলে দৃশ্যপটে ক্ষমতাকাঙ্ক্ষী অন্যান্য চরিত্রের আবির্ভাব ঘটল। অত্যুৎসাহী কিছু দল বিপ্লব সংঘটনের নামে বড় বড় ডাকাতিতে নেমে পড়ল। এদের নেতাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এমিলিয়ানো সাপাতা ও পাঞ্চো বিইয়্যা রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখছিলেন।
আমি যখন মেক্সিকোয় পৌঁছাই তখন সারা দেশে কার্যত গৃহযুদ্ধ ছড়িয়ে পড়েছে। এতে জড়িত একটা দলের নেতা জেনারেল বেনুস্তিয়ানো কার্রান্সা সবচেয়ে বেশি সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছিলেন। আমি যাওয়ার বছরখানেক আগেই তিনি রাজধানীতে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। তাঁকে সমর্থন দিচ্ছিলেন কতিপয় প্রাদেশিক গভর্নর ও সেনাপতি। বেনুস্তিয়ানো কার্রান্সা স্পেনীয় বংশোদ্ভূত সামন্তপ্রভু হলেও হুয়ারেস ও মাদেরোর সমর্থক ছিলেন। ক্ষমতা দখলের পরপর প্রথমেই যে কাজটি তিনি করলেন তা হলো, তিনি কনস্টিটুয়েন্ট এসেম্বলির সভা ডাকলেন। মেক্সিকোর সেই সময়কার যে পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে কনস্টিটুয়েন্ট এসেম্বলি পুরোপুরি গণতন্ত্রের শর্তাদি মেনে হয়ত করা সম্ভব ছিল না, কিন্তু কার্যত এটি যথেষ্ট গণতান্ত্রিক চরিত্রের বলেই প্রমাণিত হলো। সদস্যদের একটি বড় অংশ ছিল আদর্শবাদী বুদ্ধিজীবী। উচ্চমাত্রার উদারতাবাদী দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন তাঁরা। শুধু তা-ই নয়, তাঁদের মধ্যে কিছু ছিলেন ঘোষিত সমাজতন্ত্রী। কয়েকজন ছিলেন নৈরাজ্যবাদী। এই নৈরাজ্যবাদীদের একজনের হাতেই প্রজাতন্ত্রের গাঠনিক আইনকানুনগুলো রচিত হয়েছিল। স্বাপ্নিকদের হাতে ঝটিতি রচিত এই সংবিধান সঠিক অর্থে বাস্তবসম্মত ছিল না। কিন্তু এতে সামাজিক ন্যায়বিচারের নীতিকে আইনগত ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে পেরেছিল ভূমি ও ভূগর্ভস্থ সম্পদের মতো প্রকৃতির উপহারসমূহের ওপর জনগণের যৌথ মালিকানার বিষয়টি যার অন্তর্ভুক্ত।
কেরেতারো সংবিধানের ৬ ১৭ নম্বর অনুচ্ছেদ একটা পর্যায়ে মেক্সিকোর ভূস্বামী ও চার্চের চরম বিদ্বেষের কারণ হয়ে দাঁড়াল। মধ্যযুগীয় ইউরোপের সামন্ত প্রভুদের মতো এখানেও ভূস্বামী ও চার্চ বিপুল ভূমির মালিক ছিল। একইসঙ্গে পুঁজিপতিদেরও বিদ্বেষের কারণ হয়ে দাঁড়াল ১৭ নম্বর অনুচ্ছেদ। ডিয়াসের একনায়কত্বের সুবর্ণ দিনগুলিতে পুঁজিপতিরা পেট্রোলিয়াম শুধু নয়, দেশের সব খনিজ সম্পদ লুট করার দীর্ঘমেয়াদি অধিকার লাভ করেছিল, যা কার্যত ছিল লুটপাটের স্থায়ী বন্দোবস্ত। দেশীয় সামন্ত-পুরোহিততন্ত্র ও বিদেশী বেনিয়াদের গোষ্ঠীতন্ত্র বেনুস্তিয়ানো কার্রান্সা সরকারের বিরুদ্ধে পবিত্র মৈত্রীর বন্ধনে একজোট হলো।
আরেকদিকে ছিল এমিলিয়ানো সাপাতা ও পাঞ্চো বিইয়্যার নেতৃত্বাধীন গোষ্ঠীদ্বয়। এরাও বেনুস্তিয়ানো কার্রান্সার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এরা বিশেষ করে বিইয়্যার নেতৃত্বাধীন গোষ্ঠীটির গ্রামীণ জনগোষ্ঠীর কাছে কার্রান্সার স্পেনীয় সামন্ত জন্মসূত্র তুলে ধরে তাদের সমর্থন আদায়ের সুযোগ ছিল। এর ফলে কার্রান্সার সরকার দুই দিক থেকে শত্রুর আক্রমণের মুখোমুখি হলো।
এই পরিস্থিতিতে তাদের সাহায্য করার সুযোগ এল আমার সামনে। রাজনীতির বাস্তব ময়দানে অভিজ্ঞতার এটাই আমার প্রথম সুযোগ ছিল। আমার বিশ্বাস কার্রান্সা সরকারের স্থিতিশীলতা অর্জন এবং এর ফলে মেক্সিকোর গণতান্ত্রিক বিপ্লব স্থায়ী করার ক্ষেত্রে আমি যতটা না ভূমিকা রাখতে পেরেছিলাম, তার চেয়ে বেশি লাভবান হয়েছিলাম আমি নিজে।
আন্তর্জাতিক দিক থেকে দেখলে, কার্রান্সা সরকার সুবিধাজনক অবস্থানেই ছিল। কেরেতারো সংবিধানের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ব্রিটিশ পুঁজিপতিরা। কিন্তু ইউরোপের চলমান যুদ্ধে ব্যতিব্যস্ত থাকায় ব্রিটেনের পক্ষে মেক্সিকো সরকারের কাছে আপত্তি জানিয়ে কিছু কূটনৈতিক চিঠি চালাচালি ছাড়া আর কিছু করা সম্ভব হয়নি। এমনিতে নিজের মতো করে চলতে চাওয়া ঘাড়ত্যাড়া লাতিন দেশগুলোকে লাগাম পরানোর দায়িত্ব মার্কিন দেশের ওপর ছেড়ে দেওয়ার ব্যাপারে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য ছিল। মার্কিন উদারতাবাদী রাষ্ট্রপতি উইলসন ১৯১৬ সালে মেক্সিকোর ভেরাক্রুজ বন্দর জবরদখলের উদ্দেশ্যে নৌবাহিনী পাঠিয়েছিলেন। কিন্তু তার পরের বছর থেকে উত্তরের দৈত্যদের পক্ষে মেক্সিকোর অভ্যন্তরীণ বিষয়ে আর সক্রিয় হস্তক্ষেপ করা সম্ভব হয়নি কারণ ইউরোপের চলমান যুদ্ধে সকলকেই জড়িয়ে পড়তে হয়েছিল। এই ফাঁকে কার্রান্সা সরকারের একটু নিঃশ্বাস ফেলার অবসর জুটল। কিন্তু দেশের ভেতরের বিভিন্ন শক্তির সঙ্গে তাদের সম্পর্ক ছিল অত্যন্ত প্রতিকূল। সে জায়গাটিতেই কিছু ভূমিকা রাখার সুযোগ হয়েছিল আমার এবং সেই সূত্রে নিজের জীবনে বাস্তব রাজনীতির অমূল্য অভিজ্ঞতা যোগ করতে পেরেছিলাম।
উদারপন্থী কেরেতারো সংবিধান জারি করার পরও কার্রান্সা সরকারকে শক্তিশালী দুই অভ্যন্তরীণ শক্তির সঙ্গে জোর লড়াইয়ে অবতীর্ণ হতে হয়েছিল। দুই বিরুদ্ধ শক্তিরই মূল আবেদন ছিল দু’টি - এক. স্থানীয় অধিবাসীদের রক্ত বইছিল তাদের ধমনীতে এবং দুই. সর্বহারা দরিদ্র মানুষের সম্পদের প্রতি স্বাভাবিক আকাঙ্ক্ষা ব্যবহার করার সুযোগ। পাঞ্চো বিইয়্যা রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের খুব কাছাকাছি এসেও হেরে যাওয়ার পর থেকে পুরোপুরি ডাকাতির পথ বেছে নেন। কিন্তু রবিন হুডের অভিনয় করে তিনি উত্তরের দুই প্রদেশকে নিজের কব্জায় রাখতে সক্ষম হন। যে দেশে সমস্ত সম্পদ মুষ্টিমেয় কিছু মানুষের হাতে পুঞ্জীভূত থাকে আর জনগণের বৃহদংশকে দারিদ্র্যের কষাঘাতে জীবন কাটাতে হয় সেদেশে রবিন হুডদের প্রবল আবেদন থাকে বৈকি। কিন্তু এক্ষেত্রে পাঞ্চো বিইয়্যার আরেকটা বিশেষ কৌশলগত সুবিধা ছিল। তাঁর বাহিনী কেন্দ্রীভূত ছিল মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী অঞ্চলে যার ফলে সীমান্তের ওপার থেকে তারা সুরক্ষা পাচ্ছিল। গেরিলাদের জন্য অস্ত্র ও গোলাবারুদের নিয়মিত স্থলসীমান্তের ওপার থেকে সরবরাহ করা হচ্ছিল। কিন্তু মেক্সিকো সরকারের বাহিনী গেরিলাদের খুব বেশি উত্তরে ঠেলে দিতে পারছিল না, কারণ যখনই তাড়া খেয়ে তারা যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ছিল তখনই মার্কিন সরকার কার্রান্সা সরকারকে অবৈধ প্রবেশের জন্য দায়ী করে হুমকি দিচ্ছিল। শেষ পর্যন্ত মার্কিন সেনাবাহিনী ডাকাত ঠেকানোর উছিলায় মেক্সিকো সীমান্তের এপারে চলে এল।
সাপাতা ছিল আরো শক্তিশালী শত্রু। সে নিছক ডাকাত ছিল না। বলা যায় তার একটা সামাজিক ভিত্তিও ছিল। জার্মানিতে কৃষকের যুদ্ধ চলার সময় অ্যানাব্যাপটিস্টদের যে ভূমিকা সাপাতার সঙ্গে তার কিছুটা তুলনা করা চলে। তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার খাঁটি ইন্ডিয়ান রক্ত (আমেরিকার আদিবাসী যাদের রেড ইন্ডিয়ান বলা হয়ে থাকে।-অনুবাদক)। যেহেতু সে স্থানীয় জনগণেরই সন্তান ছিল এবং যেহেতু নিজের এলাকা থেকে দূরে গিয়ে সরকারি দুর্নীতিবাজ ক্ষমতাকাঠামোর অংশ হয়ে ওঠার সুযোগ তার হয়নি সেহেতু মধ্যযুগীয় বীরের জ্যোতির্বলয় সবসময় সাপাতাকে ঘিরে রয়ে গিয়েছিল। সেই জ্যোতির্বলয়ের বিস্তার সীমান্তের ওপারেও পৌঁছে গিয়েছিল। সেখানেও সামন্ততন্ত্রের নিগড়ে বন্দী মেক্সিকোর সাধারণ মানুষের মুক্তির বিপ্লবী অগ্রদূত মনে করা হতো তাকে। সাপাতা তার সশস্ত্র শিষ্যদের নিয়ে যেসব এলাকা দখল করেছিল সেখানে এক ধরনের কৃষিভিত্তিক কমিউনিজম প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিল।
এই সংবাদে আবার কিছু নৈরাজ্যবাদী বুদ্ধিজীবী আকৃষ্ট হয়ে সাপাতাকে বুদ্ধি-পরামর্শ দিতে শুরু করেন। পরবর্তীকালে তাঁদের মধ্যে কয়েকজন তার অনুসারীদের নিষ্ঠুরতায় অতিষ্ঠ হয়ে পার্বত্য সাকাতেকাস প্রদেশে সাপাতা প্রতিষ্ঠিত আর্কেডিয়া ত্যাগ করেন। ওদিকে আবার কেরেতারো সংবিধান রচয়িতা নৈরাজ্যবাদী উকিলপ্রবরের বিপ্লবী ধৈর্য্যে আর তর সইছিল না। সপক্ষ ত্যাগ করে তিনি অবশেষে সাপাতার দলে যোগ দিলেন এই আশায় যে, তার অনুসারীরা নিষ্ঠুরতায় সভ্য বনেদী সামন্ত কার্রান্সাকে নিশ্চয়ই ছাড়িয়ে যাবে। হঠকারী নৈরাজ্যবাদী বুদ্ধিজীবীটির অবশ্য বিভ্রম কাটতে বেশি দিন লাগেনি। সাপাতিস্তার কৃষি কমিউনের অধীনে থাকতে শুরু করার কিছু দিনের মধ্যেই তাঁর চক্ষু উন্মীলন হয়। স্বাধীনতার চেয়ে স্বেচ্ছাচারিতা, সামাজিক ন্যায়বিচারের চেয়ে বর্বর নিষ্ঠুরতার চর্চাই নিয়ম ছিল সেখানে। ফলে তিনি আরো একবার প্রান্ত বদল করলেন এবং আমাদের মধ্যে বন্ধুত্ব হলো। তবে অভিজ্ঞতার ঘনঘটা তাঁকে নিন্দুকে পরিণত করেছিল আর আমি তখনও বুকভরা প্রত্যাশায় টগবগ করে ফুটছি। আইনজীবী আমার আশাগুলোকে বিভ্রম হিসেবে নিয়ত ব্যঙ্গ করতেন।
পাঞ্চো বিইয়্যা উত্তরের প্রান্তবর্তী অঞ্চলে রবিন হুড সেজে অভিনয় করে চলেছে, সাপাতিস্তারা তখন মেক্সিকো সিটির অলিগলিতে মোটামুটি মুক্তভাবেই ঘোরাফেরা করে বেড়াচ্ছে। তাদের এ কাজে প্রধান সহায় ছিল শহরের দরিদ্র মানুষ। ততদিনে তারা যত না বিপদ তার চেয়ে বেশি আপদে পরিণত হয়েছে। বিভিন্ন গ্রামে লুটপাট করে বেড়াচ্ছিল তারা। আর যখন ধরা পড়ছিল তখন স্থানীয় লোকেরা সমান নিষ্ঠুরতায় তাদের দমন করছে।
মেক্সিকো শহর থেকে মাইল কুড়ি একটা উপশহরের নাম সান আনহেল। এখানে পুরানো একটা গীর্জার পাশাপাশি পাশের বনে একটা পরিত্যক্ত মঠও ছিল। সপ্তাহান্তের দিনগুলোতে আশেপাশের এলাকা থেকে বহু মানুষ গীর্জায় ভীড় জমাত। কিন্তু কয়েক মাইলের মধ্যে অবস্থিত মঠটিতে তেমন কেউ যেত না। ওটা সাপাতিস্তাদের ঘাঁটি বলে কথিত ছিল। আমি সাপাতিস্তার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলাম। কিন্তু নৈরাজ্যবাদী উকিলটির আমার অভিপ্রায়ের প্রতি সায় ছিল না। শেষ পর্যন্ত সে অবশ্য সান আনহেলের পরিত্যক্ত মঠে মেক্সিকোর অ্যানাব্যাপটিস্ট নেতাটির সঙ্গে সাক্ষাতের সময় আমাকে সঙ্গ দিতে রাজী হলো। কিন্তু সেখানে গিয়ে কোনো জ্যান্ত সাপাতিস্তা অনুসারীকে পেলাম না। যা দেখলাম তা হলো এই - মঠের কাছে রাস্তার ধারের গাছগুলোতে বেশ কয়েকটি মৃতদেহ ঝুলছে। গ্রামের লোকজন ভাবলেশহীন, ভ্রূক্ষেপহীন। জানাল কয়েকদিন আগে এলাকায় ডাকাতি করতে এসেছিল। কয়েকজন ধরা পড়ে আর কার্রান্সার লোকজন তাদের মেরে গাছে মৃতদেহ ঝুলিয়ে দেয়। অন্যদের সতর্ক করতে গাছে লাশ ঝুলিয়ে দেওয়া ওখানে নাকি সাধারণ ব্যাপার। পরবর্তীকালে নিজের অভিজ্ঞতা দিয়ে বুঝেছিলাম এই ব্যাপার শুধু সান আনহেলেই না, সর্বত্রই প্রচলিত।
পরের কথা আগে বলে ফেলছি আমি। যে আমি ওখানে গিয়ে পৌঁছালাম এবং যা হয়ে উঠলাম তার ঐতিহাসিক পটভূমিটি আঁকার চেষ্টা করেছি এখানে। এখন গল্পের সুতো ছাড়ার পালা।
১. কনকিস্তাদোরেস (পর্তুগীজ ও স্প্যানিশ conquistadores, ইংরেজি conquerors)। স্প্যানিশ ও পর্তুগীজ সাম্রাজ্যের যোদ্ধানাইট, সৈনিক ও অভিযাত্রী। পনেরো, ষোলো, সতেরো ও আঠারোশতক এই চারশ’ বছরকে ইউরোপের ইতিহাসে “আবিষ্কারের যুগ” বা “অভিযাত্রীদের যুগ” বলে অভিহিত করা হয়। এই দুই সাম্রাজ্যের যোদ্ধা, নাবিক, সৈনিক ও অভিযাত্রীরা এশিয়া, আফ্রিকা, দুই আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশে পাড়ি জমান এবং সেখানকার স্থানীয় জনগোষ্ঠীকে পদানত করে উপনিবেশ স্থাপন করেন। এভাবে এই চার মহাদেশে স্প্যানিশ ও পর্তুগীজ সাম্রাজ্যের বিস্তার ঘটে। এভাবে বিশ্বে ইউরোপীয় উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের বিস্তার ঘটেছে এই কনকিস্তাদোরদের হাত ধরে। আজকের বাজার অর্থনীতি ও বিশ্বায়নের যুগের গোড়াপত্তন সেসময়েই।
২. বেনিতো পাবলো হুয়ারেস গার্সিয়া। জন্ম ১৮০৬, মৃত্যু ১৮৭২। মেক্সিকোর আইনজীবী ও রাষ্ট্রপতি। স্থানীয় সাপোতেক জাতির মানুষ ছিলেন। দরিদ্র আদিবাসী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তীকালে উচ্চশিক্ষিত আইনজীবী ও রাজনীতিক হন। ১৮৫৮ সালে সুপ্রীম কোর্টের প্রধান হিসেবে সাংবিধানিকভাবে মেক্সিকোর রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। রাষ্ট্রপতি থাকাকালে তিনি ফরাসে আগ্রাসনের বিরুদ্ধেও নেতৃত্ব দেন। ফ্রান্স ১৮৬২ সালে মেক্সিকো আক্রমণ করে এবং রক্ষণশীলদের সমর্থনপুষ্ট হয়ে দেশটির বড় অংশ অধিকার করে। হুয়ারেস তখন ফরাসী নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলে নির্বাসিত জীবনযাপন করেন। ১৮৬৭ সালে ফরাসি সমর্থনপুষ্ট দ্বিতীয় মেক্সিকান সাম্রাজ্যের পতন ঘটলে মেক্সিকো প্রজাতন্ত্র পরিপূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং হুয়ারেস রাষ্ট্রপতি হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন। মেক্সিকোর জাতীয়তাবাদ ও বিদেশী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হুয়ারেস। তিনিই একমাত্র ব্যক্তি যাঁর জন্মদিন জাতীয় ও দেশপ্রেমের স্মারক হিসেবে দেশটিতে পালন করা হয়ে থাকে।
৩. মেক্সিকো-আমেরিকা যুদ্ধ (১৮৪৬-১৮৪৮)। মূলত টেক্সাসের সীমানা নিয়ে দুই দেশের বিরোধ থেকে এই যুদ্ধের সূত্রপাত। মেক্সিকোর দাবি ছিল টেক্সাস রাজ্যের সীমানা শেষ হয়েছে নুয়েসেস (Nueces) নদীতে। কিন্তু যুক্তরাষ্ট্র মেক্সিকোর আরো ভেতরে রিও গ্রান্ডে নদী পর্যন্ত টেক্সাসের সীমানা দাবি করে। যুদ্ধে যুক্তরাষ্ট্র বিপুলভাবে জয়লাভ করে। এর মধ্যে দিয়ে প্রায় পাঁচ লাখ বর্গমাইল এলাকা দেশটি দখল করে নেয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো, উটাহ, নেভাদা, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও পশ্চিম কলোরাডোর প্রায় পুরো এলাকা দেড় কোটি (১৫ মিলিয়ন) ডলারের বিনিময়ে ছাড়তে বাধ্য হয়।
৪. হ্যাপ্সবুর্গ (এম. এন. রায় এর বানান লিখেছেন Hapsburg। তবে উইকিতে একে Habsburg লেখা হয়েছে। ইতিহাসবিদরা হ্যাবসবুর্গ সাম্রাজ্য বলতে হ্যাবসবুর্গ রাজবংশের অধীন সব রাজ্য ও দেশকে বুঝিয়ে থাকেন। ১২৭৩ সালে জার্মানির রাজা প্রথম রুডলফ এই বংশের প্রতিষ্ঠাতা। তবে হ্যাবসবুর্গ সাম্রাজ্য কোনো নির্দিষ্ট সময়ে একই সম্রাটের অধীন ছিল না। এই বংশের বিভিন্ন রাজা সাম্রাজ্যের বিভিন্ন অংশ স্বাধীনভাবে শাসন করেছেন। ১৯১৮ সালে প্রথম মহাযুদ্ধের মধ্য দিয়ে এই বংশের রাজ্যশাসন শেষ হয়।
৫. ১৮৬১ সালের শীতকালে ধারের টাকা শোধের দাবিতে ফ্রান্স, ইংল্যান্ড ও স্পেনের মিলিত বাহিনী মেক্সিকো আক্রমণ করে। ইংল্যান্ড ও স্পেনের বাহিনী মেক্সিকোর রিপাবলিকান সরকারের সঙ্গে বোঝাপড়া হওয়ার পর পরের বছর চলে গেলেও ফ্রান্স দেশটি বিজয়ের অভিসন্ধি নিয়ে অবস্থান করতে থাকে। মেক্সিকোয় ফরাসি শাসন বৈধ করার লক্ষ্যে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন অস্ট্রিয়া নৌবাহিনীর কমান্ডার ম্যাক্সমিলিয়ানকে মেক্সিকোর রাজা হিসেবে অধিষ্ঠিত হওয়ার প্রস্তাব দেন। প্রস্তাব গ্রহণ করে প্রথম ম্যাক্সমিলিয়ান হিসেবে তিনি মেক্সিকো শাসন করতে আসেন। তাঁর শাসনকে দ্বিতীয় মেক্সিকো সাম্রাজ্য হিসেবে অভিহিত করা হয় যার প্রথম ও শেষ রাজা প্রথম ম্যাক্সমিলিয়ান। তাঁর পুরো নাম ফার্নান্দো ম্যাক্সমিলিয়ানো হোসে মারিয়া ডি হ্যাবসবুর্গো-লোরেনা। অস্ট্রিয়ার সম্রাট ফ্রান্জ জোসেফের ছোট ভাই ছিলেন প্রথম ম্যাক্সমিলিয়ান। ফরাসি সেনাবাহিনী এবং মেক্সিকোর ক্ষমতাসীন উদারপন্থী সরকারের বিরোধী রক্ষণশীলদের একাংশের সমর্থন নিয়ে তিনি মেক্সিকো শাসন করতে শুরু করেন। মেক্সিকোর সম্রাট হিসেবে তাঁকে দেওয়া প্রস্তাব তিনি গ্রহণ করেন ১৮৬৪ সালে। ইউরোপের কয়েকটি দেশ তাঁর শাসনের অনুমোদন দিলেও যুক্তরাষ্ট্র অনুমোদন প্রদান থেকে বিরত থাকে। একইসঙ্গে বেনিতো হুয়ারেসের নেতৃত্বাধীন লিবারালদের সঙ্গে তাঁর বাহিনীর লড়াই চলতে থাকে। অবশেষে ১৮৬৭ সালের মে মাসে তাঁর বাহিনীর পরাজয় ঘটে। সে বছরের মে মাসে লিবারেলদের হাতে আটক হন এবং জুন মাসের ১৯ তারিখে দুই সেনাপতিসহ ফায়ারিং স্কোয়াডে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বলা হয়ে থাকে, বেনিতো হুয়ারেস ব্যক্তিগতভাবে প্রথম ম্যাক্সমিলিয়ানকে পছন্দ করলেও তাঁর বাহিনীর সঙ্গে যুদ্ধে শত শত সহযোদ্ধাকে হারানোর দায় এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে সতর্ক বার্তা পাঠানোর উদ্দেশ্য থেকে তাঁকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
৬. হোসে দে লা ক্রুস পোরফিরিও ডিয়াস মোরি। জন্ম ১৮৩০, মৃত্যু ১৯১৫। মেক্সিকোর জেনারেল ও রাষ্ট্রপতি। সাত মেয়াদে দেশটির রাষ্ট্রপতি ছিলেন। শুরুতে বেনিতো হুয়ারেসের অধীনে ফরাসি দখলদারিত্বের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনা করেন। তবে পরবর্তীকালে হুয়ারেসের বিরুদ্ধে অবস্থান নেন। ১৮৭৬ সালে তৎকালীন শাসক সেবাস্টিয়ান লের্দো দে তেহাদাকে উৎখাত করে ক্ষমতা দখল করেন। বিতর্কিত শাসক হলেও পোরফিরিওর সময় মেক্সিকোতে রাজনৈতিক ডামাডোল অনেকটাই হ্রাস পায়। বিপুল রাজনৈতিক বিরোধিতার মাঝখানে ১৯১০ সালে অষ্টমবারের মতো রাষ্ট্রপতি হওয়ার চেষ্টা করে বিরোধী প্রার্থী ফ্রান্সিসকো মাদেরোর সমর্থকবাহিনীর কাছে পরাজয় বরণ করতে বাধ্য হন। রাষ্ট্রপতি পদ ত্যাগ করতে বাধ্য হন এবং প্যারিসে নির্বাসনে যান। সেখানেই চার বছর পর মৃত্যুবরণ করেন।
৭. Querretarro Constitution। মেক্সিকোর বর্তমান সংবিধানকে লেখক এখানে ‘কেরেতারো সংবিধান’ বলেছেন কারণ, এই সংবিধানের খসড়া রচিত হয় দেশটির কেরেতারো প্রদেশের সান্তিয়াগো দে কেরেতারো এলাকায়। ১৯১৭ সালের ৫ই ফেব্রুয়ারি মেক্সিকোর কনস্টিটিউয়েন্ট কংগ্রেস কর্তৃক তা অনুমোদিত হয়। এই সংবিধানের মাধ্যমে দেশটির পূর্ববর্তী সকল সংবিধানকে বাতিল করা হয়। এর আনুষ্ঠানিক নাম: ঐক্যবদ্ধ মেক্সিকোর প্রদেশসমূহের রাজনৈতিক সংবিধান (Constitucion Politica de los Estados Unidos Mexicanos. ইংরেজিতে Political Constitution of the United Mexican States)।
