২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুন্টার গ্রাসের সাক্ষাৎকার: দারিদ্র্যের চরম অবস্থায় ভাষা হারিয়ে যায়। ছবি সেই ভাষাকে উদ্ধার করে।

বিনয় বর্মন বিনয় বর্মন

Published : 19 Apr 2015, 09:03 PM

Updated : 23 Jun 2022, 04:05 PM

গুন্টার গ্রাসের এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় প্যারিস রিভিউতে ১৯৯১ সালের গ্রীষ্ম সংখ্যায়। সাক্ষাৎকার নিয়েছিলেন এলিজাবেথ গ্যাফনি। গুন্টার গ্রাসের প্রয়াণ উপলক্ষ্যে লেখালেখি বিষয়ে তার আলাপচারিতার অংশবিশেষ কবি ও অনুবাদক বিনয় বর্মনের অনুবাদে উপস্থাপন করা হলো। বি.স.

আপনি কিভাবে লেখক হলেন?

আমার মনে হয় এটা আমার সামাজিকভাবে বেড়ে ওঠার সঙ্গে সম্পর্কিত। আমাদের নিম্ন-মধ্যবিত্ত পরিবারটি থাকতো একটা ছোট দুই রুমের ফ্লাটে। লিভিং রুমের এক কোণে ছিল আমার বইপত্র। খুব অল্প বয়সেই আমি লিখতে, পড়তে ও আঁকতে শিখেছিলাম। বড় হয়ে আমি পড়ার জায়গা বিস্তৃত করেছি। অন্তত চারটি ভিন্ন জায়গায় আমার বইপত্র রাখা, যাতে যখন যেখানে খুশি বসে পড়তে ও লিখতে পারি। ছেলেবেলার সেই গাদাগাদি পরিবেশটি আমাকে ভীত করে তোলে।

আপনি কেন খেলাধুলা বা অন্যকিছুর বদলে পড়া ও লেখায় আগ্রহী হলেন?

শৈশবে আমি প্রচুর মিথ্যা বলতাম। চমৎকার মিথ্যা। তাতে মায়ের আশকারা পেতাম। আমি চমৎকার সব জিনিসের প্রতিশ্রুতি দিতাম। নানা জায়গায় ভ্রমণের পরিকল্পনা করতাম। মিথ্যাগুলো খাতায় লিখে রাখতাম। এখনো তো তাই করি! বারো বছর বয়সে আমি একটি উপন্যাস লেখা শুরু করি। কাশুবিয়ানদের নিয়ে। এই কাহিনী পরে আমার দ্য টিন ড্রাম উপন্যাসে উঠে আসে। জীবনের প্রথম উপন্যাসে আমি একটি ভুল করেছিলাম। তা হলো, প্রথম অধ্যায়ের শেষেই সকল চরিত্রের মৃত্যু হয়। সেজন্য সেটি আর এগোয়নি। এটাই ছিল লেখার ব্যাপারে আমার প্রথম শিক্ষা: চরিত্রদের নিয়ে সতর্ক হও!

ব্যর্থ সেই উপন্যাসের পরে কী করলেন?

আমার প্রথম বই ছিল কবিতা ও অঙ্কনের। কবিতার সঙ্গে অলঙ্করণ করেছিলাম। পঁচিশ বছর বয়সে একটি টাইপরাইটার কিনি। দ্য টিন ড্রাম-এর প্রথম ভার্শন সেটিতেই লেখা হয়। এখন তো শুনি অনেকে কম্পিউটারে লেখেন। আমি তো হাতে লেখা যুগের মানুষ। আমার অভ্যাস হলো, প্রথমে হাতে লেখা, তারপর কমপক্ষে দুইবার টাইপরাইটারে লেখা। কাজেই বই হিসেবে প্রকাশের আগে অন্তত তিন থেকে চারটি পাণ্ডুলিপি হয়।

শুরু থেকে শেষের প্রক্রিয়াটি কী?

প্রথম খসরা আমি গটাগট লিখে ফেলি। যদি কোনো ত্রুটি থাকে তো থাক। দ্বিতীয়টি হয় দীর্ঘ, বিস্তারিত ও পরিপূর্ণ। এখানে তেমন কোনো ত্রুটি থাকে না। তবে এটি অনেকটা শুষ্ক। তৃতীয় খসরায় আমি প্রথমটির স্বতঃস্ফূর্ততা এবং দ্বিতীয়টির আবশ্যকতার সমন্বয় করি। যদিও এটি করা বেশ কঠিন।

আপনার দৈনিক কর্মপ্রক্রিয়ার ধরন কী?

প্রথম খসরা তৈরির সময় আমি দৈনিক পাঁচ থেকে সাত পৃষ্ঠা লিখি। তৃতীয় খসরার সময়, গড়ে তিন পৃষ্ঠা। এটি ধীর প্রক্রিয়া।

লেখার কাজটি কখন চলে?

আমি কখনোই রাতে লিখি না। সাধারণত সকাল নয়টা-দশটার দিকে লেখা শুরু হয়। তার আগে লম্বা সময় নিয়ে নাস্তা করি। সঙ্গে চলে পাঠ ও গান। লেখা চলে বিকাল অব্দি। তারপর কফি বিরতি। বিরতির পর আবার লেখা শুরু, যা চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। একটি বড় বই শেষ করতে পাঁচ-ছয় বছর লেগে যায়। তখন ক্লান্ত হয়ে বইয়ের ইতি টানি।

শিল্প-সাহিত্যের সঙ্গে আপনি কিভাবে রাজনৈতিক চিন্তার সমন্বয় ঘটান?

লেখকগণ কেবল তাদের অন্তর্গত বুদ্ধিবৃত্তিক জীবন নিয়েই থাকেন না, তাদের জীবনযাপনের একটি বহির্গত দিকও আছে। লেখা, আঁকা ও রাজনীতি তিনটি আলাদা কর্ম হলেও সেগুলো আমার মধ্যে একত্রে ক্রিয়া করে। আমরা রাজনৈতিক বাস্তবতাকে অস্বীকার করতে পারি না, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপ্ত হয়ে আছে।

আপনি বিভিন্ন শিল্পপ্রকরণের সমন্বয় ঘটান যেমন ইতিহাস, রন্ধনপ্রণালি, গান…

… এবং অঙ্কন, কবিতা, কথোপকথন, উদ্ধৃতি, বক্তৃতা, চিঠিপত্র! যখন কোনো মহৎ ধারণা নিয়ে কাজে লিপ্ত হই, তখন ভাষা ও যোগাযোগের সকল দিক স্পর্শ করার চেষ্টা করি। তবে জেনে রাখবেন আমার কিছু কিছু বই কিন্তু ফর্মের দিক থেকে খাঁটি, যেমন উপন্যাসিকা ক্যাট অ্যান্ড মাউস এবং দ্য মিটিং অ্যাট টেলট।

আপনার শব্দ ও ছবির মেলবন্ধন অনন্য।

আঁকা ও লেখা আমার কাজের মৌলিক জায়গা। এছাড়া সময় পেলে আমি ভাস্কর্যের কাজও করি। সাহিত্য ও শিল্পের মধ্যে একটা দেওয়া-নেওয়ার সম্পর্ক বিদ্যমান। এ সম্পর্কটি কখনো আমার মধ্যে সবল, কখনো দুর্বল হয়ে ওঠে। গত কয়েক বছর ধরে এটি সবল। এর উদাহরণ কোলকাতার অভিজ্ঞতা নিয়ে লেখা শো ইউর টাঙ। অঙ্কন ছাড়া ওই বইয়ের কোনো অস্তিত্বই থাকে না। দারিদ্র্যের চরম অবস্থায় ভাষা হারিয়ে যায়। ছবি সেই ভাষাকে উদ্ধার করে।

সেই বইতে দেখা যায়, কবিতার সঙ্গে শুধু ছবিই জুড়ে দেওয়া হয়নি, হাতের লেখাও ছবির ওপর চেপে বসেছে। শব্দ কি তাহলে চিত্রের উপাদান বা অঙ্কনের অংশ?

চিত্রগুলো কবিতার আবেদন তৈরি করেছে। কথা ও ছবি একসঙ্গে মিশে গেছে। লেখা শুরুর আগেই হয়েছে আঁকাআঁকি, খসরার মতো। কোলকাতার ওপর এমন একটি বই লেখা বেশ কঠিন ছিল। কোলকাতায় আমি দু'বার গিয়েছি। প্রথমবার শো ইউর টাঙ লেখার এগার বছর আগে। সেটি ছিল আমার প্রথম ভারত সফর। তখন কোলকাতায় মাত্র কয়েকদিন ছিলাম। আমি সেখানকার অবস্থা দেখে ব্যথিত হয়েছিলাম। পণ করেছিলাম দ্বিতীয়বার এসে আরো ভালো করে দেখবো, তারপর লিখবো। আমি অন্যত্র ভ্রমণ করতে চলে যাই। হংকং, ম্যানিলা বা জাকার্তা যেখানেই দারিদ্র্য দেখেছি, কোলকাতার কথা মনে পড়েছে। কোলকাতায় দ্বিতীয়বার এসে আমি ভাষা হারিয়ে ফেলি। একটি শব্দও লিখতে পারিনি। সে-সময় আঁকাআঁকিটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। কোলকাতার বাস্তবতা তুলে ধরার এটি অন্য প্রক্রিয়া। ছবির সহয়তায় পরে আমি গদ্য ও পদ্য লিখেছি, যার সন্ধান মিলবে যথাক্রমে বইয়ের প্রথম ও তৃতীয় অধ্যায়ে। গদ্য, পদ্য ও চিত্র তিনটিই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।

আঁকাআঁকির মধ্যে কি শরীরি, ইন্দ্রিয়জ কোনো ব্যাপার থাকে যা লেখালেখিতে নেই?

হ্যাঁ। লেখালেখি একটি কষ্টকর বিমূর্ত প্রক্রিয়া। এর আনন্দ আঁকাআঁকির আনন্দের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। অঙ্কনের বেলায় আমি কাগজের ওপর কিছু তৈরি করছি সে-ব্যাপারে সচেতন থাকি। এটি ইন্দ্রিয়জ অভিজ্ঞতা, যা লিখনের বেলায় প্রযোজ্য নয়। মাঝে মাঝে আমি লেখালেখি থেকে মুক্ত হতে আঁকাআঁকির শরণাপন্ন হই।

লেখালেখি কি নিরানন্দ ও বেদনাদায়ক?

তা নয়। লেখালেখিতে আনন্দ আছে। এটি অনেকটা ভাস্কর্য গড়ার আনন্দের মতো। এখানে-সেখানে নানারকম ভাঙচুর করে একটি ভাস্কর্য তৈরি হয়। লেখালেখিতেও নানা পরিবর্তন করতে হয়। কোনো শব্দ, বাক্য বা যতিচিহ্ন। যুৎসই জিনিসটি পেলে আনন্দের সঞ্চার হয়। তারপর আবার সামনে এগিয়ে যাওয়া।

উপন্যাসের অংশ হিসেবে আপনি যে কবিতা লেখেন, তা কি স্বনির্ভর কবিতা থেকে ভিন্ন?

এক সময় কবিতার ব্যাপারে আমি প্রাচীনপন্থী ছিলাম। ভাবতাম কিছু ভালো কবিতা লিখে, সঙ্গে কিছু ছবি এঁকে প্রকাশকের কাছে ছুটতে হবে বই প্রকাশের জন্য। কবিতাপ্রেমিদের জন্য সেটা হবে চমৎকার উপহার। এরপর কবিতার ব্যাপারে আমার ধারণা বদলে যায়। আমি বিচ্ছিন্ন কবিতার ধারণা পরিহার করি। ফ্রম দ্য ডাইরি অব অ্যা স্নেইল থেকে শুরু হয় আমার গদ্যপদ্যের মিশ্রণ। এ ধরনের কবিতার আলাদা ভাব আছে। কবিতা গদ্য থেকে বিচ্ছিন্ন সেটি ভাবার কোনো কারণ নেই। জার্মানিতে তো এ দুটি প্রকরণের মিশ্রণের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। গদ্যের বইয়ের পরিচ্ছেদের মাঝখানে মাঝখানে আমি কবিতা ঢুকিয়ে দেই। এতে একদিকে যেমন গদ্যের একঘেঁয়েমি দূর হয়, অন্যদিকে পাঠকের কবিতাভীতিও কমে।

যারা আপনার বই ইংরেজিতে পড়ে, তারা পাঠক হিসেবে কতটুকু হারায়?

আমার জন্য এটা বলা খুব মুশকিল, কারণ আমি নিজে ইংরেজি পাঠক নই। কিন্তু আমি অনুবাদে সহায়তা করে থাকি। জার্মানিতে একটি বই প্রকাশিত হলে এটির অনুবাদের ব্যাপারে লেখক, প্রকাশক ও অনুবাদক মিলে মিটিং হয়। অনুবাদক আমার বইটি ভালোভাবে পড়েন এবং আমাকে নানারকম প্রশ্ন করেন। তাদের প্রশ্নগুলো বেশ মজার এবং আমার মনে হয় তারা আমার বই সম্পর্কে আমার চেয়েও ভালো জানেন। অনেক সময় তারা আমার বইয়ের ত্রুটিবিচ্যুতি ধরে ফেলেন, যা আমার জন্য বিব্রতকর ব্যাপার হয়ে দাঁড়ায়। একাধিক ভাষায় অনুবাদের ক্ষেত্রে (যেমন ফরাসি, ইতালিয়ান, স্প্যানিশ) অনুবাদকগণ নিজেদের নোটগুলো তুলনা করেন এবং পরস্পরকে সহায়তা করেন। আমি সেই অনুবাদ পছন্দ করি যা পড়ে মনে হয় না যে আমি কোনো অনুবাদ পড়ছি। জার্মান ভাষায় রুশ সাহিত্যের চমৎকার অনুবাদ আছে। তলস্তয় ও দস্তয়ভস্কির অনুবাদ একেবারে নিখুঁত, যেন জার্মান সাহিত্যের অংশ। শেক্সপীয়ার ও অন্যান্য রোমান্টিক লেখকদের অনুবাদে অনেক ত্রুটি আছে, তথাপি সেগুলোও কম সুন্দর নয়। সাহিত্যের বই, তা সে কবিতা হোক বা উপন্যাস হোক, এর অনুবাদের অন্য এমন একজন কারিগর দরকার যিনি এটিকে তার নিজের ভাষায় পুনঃসৃজন করবেন। আমি আমার অনুবাদকদের সেদিকেই উৎসাহিত করি।