কবি মুহম্মদ নূরুল হুদার সাক্ষাৎকার : “বাঙালি মূলত ইতিবাচক এবং সংগ্রামী জাতি “
মুহম্মদ নূরুল হুদা বাঙালির জাতিসত্তার কবি হিসাবে বাংলা সাহিত্যে স্বীকৃত ও পরিচিত। তাঁর জীবন ও সৃষ্টি বৈচিত্র্যে ভরপুর। ১৯৪৯ সালে ৩০ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের কক্সবাজার জেলার পোকখালীতে জন্ম গ্রহণ করেন। শেকড়সন্ধানী এই কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এম. এ ডিগ্রি লাভ করেন। বাঙলা সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৮৮ সালে তাকে বাংলা একাডেমি পদক প্রদান করা হয়। ২০১৫ সালে তিনি পেয়েছেন রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক। তিনি বেশ-কিছু আন্তর্জাতিক সম্মানেও ভূষিত। কিছুদিন আগে কবি মুহম্মদ নূরুল হুদার এই দীর্ঘ সাক্ষাৎকারটি নিয়েছেন জব্বার আল নঈম। বি. স
জব্বার আল নাঈম : আপনি একজন শেকড়সন্ধানী কবি, বাঙালির নৃতত্ত্বকে অবলম্বন করে ইতিহাস ও পুরাণাশ্রিত দ্রাবিড় জনগোষ্ঠীর আত্মপরিচয় বাংলা সাহিত্যে তুলে ধরেছেন। এই জায়গাটি নিয়ে এর পূর্বে কেউ কাজ করেনি। প্রান্তিক পর্যায়কে তুলে ধরার পেছনে কারো উৎসাহ বা প্রেরণা বা অন্য কোনো কারণ ছিল কি?
মুহম্মদ নূরুল হুদা : অনুপ্রেরণা ছাড়া সচরাচর কেউ লেখে বলে আমার মনে হয় না। আমার ধারণা, আলোকিত বোধের প্রাণিত অভিব্যক্তিই কবিতা। এটাই হচ্ছে কবিতা সম্পর্কে আমার সর্বশেষ বিবেচনা। আলোকিত বোধের সম্প্রসারণ মূলত কবিতার দিকে যায়। আবার প্রবন্ধের দিকেও যায়। আমি এখন বার বার বলি, আলোকিত বোধটার পরিপূর্ণ সচেতন প্রকাশ হলো কবিতা। আর সচেতন প্রকাশের জন্য ছন্দ, উপমা, উৎপ্রেক্ষা বা চিত্রকল্প ইত্যাকার আলঙ্কারিক কৌশল অর্জনের স্বার্থে যথাসাধ্য অধীত জ্ঞান প্রয়োজন। অনুপ্রেরণার ভূমিকাও কম নয়। সেটা ভেতর থেকে আসুক কিংবা বাহির থেকে আসুক, অনেক বড় একটা কাজ করে। অনেকেই মনে করেন, রোমান্টিক কবিরা মনে হয় বেশি অনুপ্রাণিত। আমি এ বিষয়ে সম্পূর্ণ একমত নই। যারা সচেতন কবি তারাও কোনো-না-কোনোভাবে অনুপ্রাণিত। তাদের অনুপ্রাণিত হওয়ার অবশ্য একটা দিক আছে। তুমি যেটা বললে, এই যে বাঙালি জাতিসত্তা– অনার্য, দ্রাবিড় ইত্যাদি নিয়ে কেন লিখতে গেলাম? শোনো, আমি ষাট-এর মাঝামাঝি সময়ে লিখতে শুরু করেছি, মোটামুটি সচেতনভাবেই। আবার এর আগে যে লিখিনি, এমনটাও নয়। আমার প্রথম কবিতার বই 'শোণিতে সমুদ্রপাত'। আমার প্রথম পর্যায়ের বিস্তর খসড়া কবিতা বাদ দিয়েই বইটা প্রকাশ করেছি। অনেক খসড়ায় সচেতন অভিব্যক্তির প্রকাশ ছিল না। ওগুলো সচেতন নির্মাণও নয়। আমি যে সময় থেকে লিখছি সে সময় বাঙালি জাতীয়তাবাদ এবং বাঙালির জাতিসত্তাভিত্তিক চেতনা খুব দ্রুতগতিতে স্ফূরিত হচ্ছিল। এই বিষয়টি তখন বাঙালির মন-মানসিকতাকে সাংঘাতিকভাবে নাড়া দিচ্ছিল।
জাতি কি? সোজা কথায় সমচেতনা, সমভাষা ও সম-সংস্কৃতিসম্পন্ন একটি জনগোষ্ঠির নাম জাতি। তাতে ব্যক্তির সঙ্গে আছে সমষ্টি। সমষ্টি মানে এক ব্যক্তি নয়, অজস্র ব্যক্তি। বাঙালি তেমনি এক জাতি। সেদিন বাঙালিরা কিন্তু ব্যক্তি ও সামষ্টিক যাত্রায় সেই আরাধ্য জাতীয়তাবাদের দিকেই এগোচ্ছিল। তার পথ ধরেই এলো স্বাধীনতার স্বপ্ন, তারপর বাস্তবতা। অর্থাৎ স্বাধীনতার আগে-আগে, ১৯৬৯-এর সময়ে এসেই আমরা বুঝে গেলাম বাঙালি বিশ্বে একটা নতুন জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াচ্ছে। তখন ব্যক্তি-আমিও শিখতে শুরু করলাম জাতিসত্তার উপকরণগুলো। বাঙালির ভাষাচিন্তা, বাঙালির সংস্কৃতিচিন্তা, বাঙালির আত্মানুসন্ধান। পদ্মা, মেঘনা, যমুনা, গঙ্গা তথা অজ¯্র পলিবাহিত ধারাস্্েরাতে গড়ে উঠেছে এই বাংলাদেশ। এই বাংলাদেশে ইতিহাসের প্রথম যুগে যে মানুষগুলো ছিল তারা কেমন? পেছন ফিরে তাকালে দেখতে পাই তারা এক অনার্য জাতি। আর্যরা বাইরে থেকে এসেছে। তারা সুন্দর, তারা সুগঠিত এবং তারা শক্তিশালী জাতি। আর এখানকার মানুষগুলোকে বলা হতো অনার্য। তারা নাকি হীনমন্য, গেঁয়ো, অনাদৃত, অবহেলিত। আমি যখন জাতির কথা বলছি, তখন যারা আমার জাতির আদিপুরুষ তাদেরকে অবশ্যই সম্মানিত এবং গৌরবান্বিত করার কথা বলছি। আমি এই প্রকৃতিসুন্দর মানুষগুলোকেই ভালোবাসি। এই মানুষগুলো প্রকৃতির কোলে বেড়ে-ওঠা শ্যামল মানুষ। আরো বলতে পারি, তারা সবুজ মানুষ, তারা পলল মানুষ। তারা কালো, শাদা, বাদামি মিলিয়ে মিশ্রবর্ণের তামাটে মানুষ। তারা নানা ধর্মের মানুষ, নানা কর্মের মানুষ; তারা বিশ্বমানুষের মূলীভূত রূপ। আমাকে অনুপ্রেরণা দিয়েছে আমার এই সংগ্রামী আদিপুরুষেরাই। আমার মনে হলো, এই মুহূর্তে প্রয়োজন একএকজন সচেতন লেখক। তাঁর কাজ হলো বাঙালির ব্যক্তিসত্তা ও জাতিসত্তাকে শনাক্ত করে সমন্বিতভাবে অনুধাবন করা। বলা যেতে পারে, আমার শুরুটা মূলত এভাবেই।
জব্বার আল নাঈম : তাহলে কি বুঝবো জাতিসত্তা নিয়ে কাজ করাটা আপনার পরিকল্পনার একটা অংশ ছিল?
মুহম্মদ নূরুল হুদা : এটাকে আমি ঠিক পরিকল্পনা বলব না। আমি বলব, এটা হলো এক ধরনের আলোকিত বোধ থেকে সচেতন নির্মাণ। প্রথমে এটা আমার বোধ থেকেই এসেছে। আসার পর চলমান সমাজ, ইতিহাস ইত্যাদি পাঠ করেছি। তারপর বুঝলাম জাতিসত্তার মর্মার্থ উপলব্ধি করা দরকার। কারণ, জাতিসত্তা ছাড়া কোনো জাতির কাঠামো দাঁড়াতে পারে না। সেই জন্য ৬৯-এর আন্দোলনের পর আমি আমার দীর্ঘ কবিতা 'শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি'-তে বলেছিলাম, এই বঙ্গীয় ভূখণ্ডের মধ্যেই একটা নতুন জনপদ একটা নতুন জাতির উন্মোচন ঘটবে। ধরা যাক, বঙ্গপোসাগরে একটি নতুন দ্বীপ জন্মালো, তাতে একট আদিবাসী সমাজের বিস্তার ঘটলো। সেই আদিবাসীরা বিবর্তনের পথ ধরে ক্রমে ক্রমে আধুনিক হয়ে উঠবে। আজ আমরাও বিবর্তিত আধুনিক বাঙালি। আদি বাঙালিদের সাথে আজকের বাঙালিদের বিস্তর তফাৎ। আমরা ইতিহাসের বাঁক পেরিয়ে বিবর্তন-মিশ্রণের পথ ধরে এসেছি। আর আমিও সচেতনভাবে তা পর্যবেক্ষণ করেছি। তবে এ নিয়ে কোনো পূর্ব পরিকল্পনা করেছি বলা যাবে না।
জব্বার আল নাঈম : আপনি বলেছেন কবিতার সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই। আর, সংজ্ঞা না থাকার কারণে কিন্তু সবাই সবার ইচ্ছেমতো লিখছে। আমি জানতে চাইব, কবিতায় কেন সংজ্ঞা মানা হয় না?
মুহম্মদ নূরুল হুদা : কবিতার সুনির্দিষ্ট কোনো একক সংজ্ঞা নেই সত্য। তবে দেখবে, পৃথিবীর সব বড় কবিই আত্মরক্ষার্থে কোনো না কোনো সংজ্ঞা দাঁড় করিয়ে গেছেন। পাউন্ড এসে সংজ্ঞা দিয়েছেন। প্রাচীন ভারতীয় নন্দনতত্ত্বেও সংজ্ঞা দেয়া আছে। পূর্বে যা বলা হয়নি অথবা পূর্বে যা বলা হয়েছে তা হুবহু না বলে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন হলো কবিতার ধর্ম। কবিতা হলো মূলত উপমা ও তার সম্প্রসারণ। কবিতায় যখন কোনো উপমা দাঁড় করানো হয় তখন অনেকেই তাকে মিথ্যা বা অসত্য বলে ভাবেন। কিন্তু একজন প্রকৃত কবি সেই আপাত মিথ্যাকে এমনভাবে নির্মাণ করেন যে তাকে আর মিথ্যা মনে হয় না। তখন 'সে-ই সত্য যা রচিবে তুমি'। ধরা যাক একটি উপমা : 'পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন'। 'পাখির নীড়ের মতো চোখ' এর আগে তো কেউ বলেনি। সেই মিথ্যাকে সত্যে পরিণত করলেন জীবনানন্দ। তখন আমরাও বুঝলাম, বাংলা কবিতায় একটি নতুন কাব্যপ্রতিমা তৈরি হয়েছে। ইংরেজি সাহিত্যের প-িতদের ভাষায় বলি, কবিতা হচ্ছে 'willing suspension of disbelief : অর্থাৎ তুমি যা বিশ্বাস করতে চাও না, পড়ার পর মনে হবে তা-ই তো সত্য; আর এটাই কবিতা। কবিতার ভাষা এবং পুনঃনির্মাণের ইতিহাস এভাবেই এগিয়ে চলে। কবি আপনার অনন্য বোধ নিয়ে যে কবিতা রচনা করেন সেই বোধটাই পাঠকের বোধকে সম্প্র্রসারণের কাজ করে। কেউ কেউ বলেন, একজন কবি একটি কবিতা লেখার পর ঐ বিশেষ কবিতার ক্ষেত্রে কবির মৃত্যু ঘটে। তুমি যখন কবিতাটি পড়বে তখন আজকের পাঠক হিসেবেই পড়বে। এভাবে প্রতিটি সচেতন পাঠক একটি নতুন কবিতা পড়ে নিজের মধ্যেই আরেকটি নতুন কবিতার জন্ম দেয়।
জব্বার আল নাঈম : আপনার কিছু কাব্যগ্রন্থ আছে যেগুলোতে চোখ-কান রাখলে মাটির ঘ্রাণ খুঁজে পাওয়া যায়। যেমন, 'শোণিতে সমুদ্রপাত', 'শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি', 'আমরা তামাটে জাতি' কিংবা 'জাতিসত্তার কবিতা'। মন্তব্য করুন।
মুহম্মদ নূরুল হুদা : আমার প্রথম কাব্যগ্রন্থ 'শোণিতে সমুদ্রপাত'। এ নিয়ে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। আমাদের সমসাময়িক পঞ্চাশের দশকের উল্লেখযোগ্য কবি মোহাম্মদ মাহফুজউল্লাহ। তিনি ছিলেন আমার খুব কাছের লোক। তখন তিনি দৈনিক বাংলায় চাকরি করেন। তিনি আমার কবিতা খুব পছন্দ করতেন। এই বইয়ের কবিতা পড়ে আমাকে উচ্চ প্রশংসা করলেন। বইটি নিয়ে তিনি দীর্ঘ অলোচনাও করেছিলেন। কিন্তু, নাম নিয়ে যে তার ভেতরে একটা দ্বিমত আছে, তিনি সেটাও আমাকে বললেন। তিনি বললেন, নামটা 'সমুদ্রে শোণিতপাত' হলেই ভালো হতো। আমি তাঁকে বললাম, আমি সচেতনভাবেই 'শোণিতে সমুদ্রপাত' নামকরণ করেছি। বিশাল সমুদ্র। সেই সমুদ্রে এক ফোঁটা রক্ত বা শোণিত পড়তেই পারে। কিন্তু, আমি যদি বলি, 'শোণিতে সমুদ্রপাত', তাহলে কল্পনা করুন, রক্ত কত বিশাল হলে পুরো সমুদ্র একটি ফোঁটা হয়ে তার উপর পড়তে পারে! এটি একটি হাইপারবোলিক চিত্রকল্প। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালিজাতি আত্মবলিদানের মাধ্যমে যে সীমাহীন শোণিত-সাগরের সৃষ্টি করেছে, এটি তারই দ্যোতক।
তুমি যে বললে আমার কবিতায় আবহমান মাটির ব্যঞ্জনা আছে, তা আমি ধরে রাখার চেষ্টা করছি। বাঙালি জাতির যুদ্ধ, বিপ্লব, সংগ্রাম, রক্তের ইতিহাস অতি গৌরবের। এই যে মানবিক রক্তস্রোত এত বিশাল, পুরো সমুদ্রটাই যেন একটা ফোটা বা বিন্দু। আমি বলব এটা একটা উৎপ্রেক্ষা। এর ভেতরে আছে অতিকথনজাত সত্য। ওই যে বললাম, আগে যা বলা হয়নি অর্থাৎ মিথ্যাকে সত্যে প্রতিষ্ঠা করতে কাজ করেছি। এটা হলো একধরনের নান্দনিক নিরীক্ষা। আমি সব সময় এই রকম কাজ করার চেষ্টা করেছি। আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ 'আমার সশস্ত্র শব্দবাহিনী'–এখানে কেবল প্রথাগত যুদ্ধের কথা বলিনি। সঙ্গে সঙ্গে আমার শব্দ, আমার ভাষা, আমার অভিব্যক্তি ও শব্দসংগ্রামের কথা বলা হয়েছে। আমরা বাঙালিরা যদি আমাদের জাতিসত্তাবোধের পুনর্জাগরণ ঘটাতে না পারতাম তাহলে আমরা আমাদের দেশটাকে পেতাম না। আগেই বলেছি, 'আমরা তামাটে জাতি'। এখানেও জাতিকে কেন্দ্র করে কথা বলতে চেয়েছি। আমরা তো বলি দ্রাবিড় জাতি, কালো জাতি, সাদা জাতি ইত্যাদি। 'আমরা তামাটে জাতি' কবিতায় আমি বলতে চেয়েছি আবহমান বাংলার বিবর্তিত ও পরিশুদ্ধ গণমানুষের কথা। তবে গণমানুষ বলতে শুধু স্লোগানভিত্তিক গণমানুষ নয়। যে মানুষ মাঠে কাজ করে, ক্ষেতে-জমিতে কাজ করে, শহরে-বন্দরে কাজ করে – তারা সবাই কর্মী মানুষ।
জব্বার আল নাঈম : হুদা ভাই, 'শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি' সম্পর্কে কিছু বলুন। বিশেষত এখানে মাটি, নদী, হৃদয় ইত্যাদির ব্যবহার নিয়ে।
মুহম্মদ নূরুল হুদা : আমার 'শোভাযাত্রা দ্রাবিড়ার প্রতি' বইয়ের কোনো কোনো দীর্ঘ কবিতায় দার্শনিকতার আবহ ও মিশ্রণ আছে। 'নদী, তুমি নেবে কত দূর?'। এখানে নদী প্রবহমান জল, মাটি, প্রকৃতি, মানুষ, সময়, বিবর্তন, রূপান্তর ও নবায়নের প্রতীক। বাঙালির নদী এবং বাঙালির হৃদয় অবিচ্ছেদ্য। এ দুয়ের সম্পর্ক চিরকালীন। আমার চিন্তা¯্রােত মূলত ব্যক্তি, সমষ্টি, প্রকৃতি, ভূগোল, সময়ের খ-তা ও অখ-তা নিয়ে। এগুলো নানাভাবে আমার লেখায় যুক্ত। আমি আরো চেষ্টা করেছি বোধ আর অভিব্যক্তি দিয়ে আমার সৃষ্টিকর্মের একটি ভিন্নতা তৈরি করতে।
জব্বার আল নাঈম : আপনার প্রেম, জীবন বা রোমান্টিকতা সম্পর্কে জানতে চাইব। যে মেয়েটিকে দেখলে আপনার মন আনচান করে উঠত, তাঁর সাথে পরবর্তীকালে কোন ধরনের সম্পর্ক হয়েছিল?
মুহম্মদ নূরুল হুদা : নাহ্। তাঁর সাথে শুধুমাত্র আমার চোখাচোখি হতো। এর বেশি কিছু নয়। দেখা ছাড়া কোনো কিছু বলা হতো না। সেও বলেনি, আমিও বলি না। তবে বিশ্ববিদ্যালয় জীবনে এই ধরনের ঘটনা যে ঘটেনি এমন নয়। তবু বলব, যে মুখটাকে প্রথম ভালোবেসেছিলাম সেটি আদি মুখ। সেই মুখের কাছাকাছি আরো কিছু মুখ আমার সামনে এসে হাজির হয়েছে বারবার। একবার তো হুবহু তাঁর মতো নিশ্চুপ এক মুখ দেখেছি আমার য়ুনির্ভাসিটি জীবনে । প্রেম বারবার রূপ পাল্টিয়েও এক উৎসে নিহিত থাকে। নজরুল যথার্থই বলেছেন, 'প্রেম সত্য, প্রেমিকা সে বহু'।
জব্বার আল নাঈম : আপনি আপনার ভালোলাগার কথা তাঁর কাছে ব্যক্ত করেননি?
মুহম্মদ নূরুল হুদা : নাহ্। বলা হয়ে ওঠেনি। ভালো লেগেছে। তখন মনে মনে ভালোবেসেছিলাম। ঘটনা হলো, তাকে এই কথাটি বলা যেতে পারতো এমন একটা সময়, যখন এই কথা বলার আর কোনো অর্থ হয় না। আবার সেই বিরহ। তোমার আমার এই যে বিরহ, এক জনমের নহে। নজরুলের সেই গীতসত্যই যেন আসল সত্য।
জব্বার আল নাঈম : হুদা ভাই, আপনার ভালো লাগা বা ভালোবাসার মানুষদের নাম জানা যাবে?
মুহম্মদ নূরুল হুদা : ওরা মোট চারজন ছিল। মানে আমার ভালোলাগার নারী। তবে ওদের মধ্যে একটা অদ্ভুত মিল লক্ষণীয়, সেটা হলো ওদের স্বভাবগত এবং চরিত্রগত। নাম শুনে কি লাভ! আমার দেয়া নাম হলো রেণু, মৃন্ময়ী, দ্রাবিড়া ও টসি।
জব্বার আল নাঈম : আপনি বলেছেন, আপনার কবিতা মানুষ, প্রকৃতি, ভূগোল এবং সময় সম্পর্কিত। যখন একজন মুহম্মদ নূরুল হুদাকে দেখি জন্মশহর কক্সবাজার, সাগর, নদী, পাহাড় ইত্যাদির ইতিহাস টেনেছে, আমি কি বলব, এটা আঞ্চলিক টান বা নিজ শহরকে তুলে ধরার প্রয়াস? হুদা ভাই, অনেকে কিন্তু এখন আপনার 'দরিয়ানগর' শব্দটি ব্যবহার করছেন।
মুহম্মদ নূরুল হুদা : হ্যাঁ, এটা ক্রমেই সকলের কাছে গ্রণনীয় ও প্রিয় হয়ে উঠছে। 'দরিয়ানগর' নামকরণের পর ওখানে পর্যটনকেন্দ্র, এমনকি কবিতা-চত্বরও হয়ে গেছে। কবিতা বিশ্ববিদ্যালয় হবে, এই ঘোষণাও দিয়ে রেখেছি। আমি বিশ্বস করি, আমি না থাকলেও ওখানে এই অভিনব বিশ্ববিদ্যালয়টি হবে। পরবর্তীকালে কোনো কবি কিংবা নান্দনিক সমাজের অন্য কেউ হয়তো বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করবে। আমার স্বাপ্নিক উপলব্ধি আমাকে এই ঘোষণা দিতে উদ্বুদ্ধ করেছে। আমি মনে করি নানাভাবে নিজেকে নির্মাণ করতে হবে। অঞ্চল থেকেই সর্বাঞ্চল। আমি রসূল গামজাতফ-এর কথা বলতে চাই। তিনি ছোট আয়তনের মাতৃভূমি দাগস্থান-এর কথা বলেই জগৎবিখ্যাত হয়েছেন। জীবনান্দ দাশ বাংলার মুখের কথা বলেই নবখ্যাত হয়েছেন। রবীন্দ্রনাথ বিশ্বামানব হয়েছেন ভারতের কথা বলেই। ইয়েটস তাঁর জন্মভূমি আয়ারল্যান্ডের কথা বলেই আজ পৃথিবী বিখ্যাত। বাংলা ও বাঙালির কথা বলে কাজী নজরুল ইসলাম আজ সর্বমানবিক কবি। আর আমিও আমার এলাকাকে চিনি, তার মানুষ ও প্রাণ-প্রকৃতির বৈচিত্র্যকে চিনি। আমার কাজ হলো তাদেরকে তুলে ধরা।
বাংলা সাহিত্যে কক্সবাজারের উপকূলীয় জীবন নিয়ে তেমন উল্লেখযোগ্য কাজ নেই। এর কারণ হলো অভিজ্ঞতার অভাব। বেশিরভাগ সাহিত্যিকেরই এই জীবনযাত্রা নিয়ে অভিজ্ঞতা কম। আমি যেহেতু সেখানে আছি, আমার প্রথম কাজ হচ্ছে এটাকে তুলে ধরা। এই জীবন নিয়ে আমার দুটো উপন্যাস : একটা 'জন্মজাতি', আরেকটা 'মৈনপাহাড়'। কক্সবাজার এলাকাটি সমুদ্র, সমতল আর পাহাড় নিয়ে বৈচিত্র্যপূর্ণ। এখানে তৃণমূলীয় মানুষ কিভাবে জীবন যাপন করে তা পর্যবেক্ষণ করা জরুরি। তাই আমি বলি, আমার বৈশ্বিক হওয়ার চেয়ে আঞ্চলিক হওয়া বেশি গুরুত্বপূর্ণ। আঞ্চলিক হয়ে যখন আঞ্চলকে তুলে ধরবো, দেখা যাবে সেই আঞ্চলিক মানুষটিকে বৈশ্বিক মানুষের মতো দেখাবে। বিন্দু ছাড়া সিন্ধু নেই, অঞ্চল ছাড়া বিশ্ব নেই।
আন্তর্জাতিকতা আসলে এক জাতির সঙ্গে আরেক জাতির অন্তর্বয়ন। সমস্ত পৃথিবী যদি একটি জাতিই হয় তাহলে আন্তর্জাতিকতা থাকবে না, থাকবে কেবল বিশ্বজাতীয়তা। সেটা হয়তো এক পৃথিবীর এক পার্থিব জাতীয়তা। এটি একটি অবাস্তব ধারণা। আমরা বলি বাঙালির কথা, অর্থাৎ আমাদের এলাকার জাতিমানুষের কথা। এটা আমাদের জিওগ্রাফিকাল অবস্থান। আমার এলাকার মানুষ দ্রাবিড় মানুষ, অনার্য মানুষ। আমরা যদি আফ্রিকা যাই, দেখা পাই চিনুয়া আচেবে-র মতো লেখকের। যখন তিনি তাঁর বিখ্যাত উপন্যাস 'থিংস ফল অ্যাপার্ট' লেখেন, তখন নিজের 'ইগবো' আদিবাসী নিয়ে লেখেন। মার্কেজের "হানড্রেড ইয়ার্স অব সলিচিউড"-এ একটা পরিবারের কাহিনি থেকে শুরু করে একটা বিশেষ অঞ্চলের কাহিনি রয়েছে। এভাবেই তারা একইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক। আমার কথা হল, তুমি নিজেকে চেনো, নিজের পরিবেশকে চেনো, আর আত্মপরিচিতির মাধ্যমেই বহির্বিশ্বের সাথে সম্পর্ক তৈরি করো। জীবনের শুরু থেকে এটিই আমার বোধ ও বাসনা।
জব্বার আল নাঈম : জাতিকে বাদ দিয়ে কিন্তু আন্তর্জাতিক হওয়া সম্ভব নয়। সেটা মানছি। কিন্তু, আমিও তো আপনাকে আঞ্চলিকতার কথাই বলছি। আগে আঞ্চলিকতা এরপর জাতীয়তা, তারও পরে আন্তর্জাতিকতা।
মুহম্মদ নূরুল হুদা : হ্যাঁ, জাতিকে রেখেই আন্তর্জাতিক হতে হবে। সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। কেউ পারবেও না। বিশ্বমানুষকে একটা সৌহার্দ্যমূলক অবস্থানের দিকে যেতে হবে। এই যেমন প্যালেস্টাইনে মুসলমানরা ও ইহুদিরা যুদ্ধ করছে। এটা তো সহাবস্থান নয়। আবার আন্তর্জাতিকতাও নয়। তাদের সমস্যাটা হলো জাতিবিদ্বেষগত, ধর্মবিদ্বেষগত। এই বিদ্বেষ পরিহার করতে হবে।
জব্বার আল নাঈম : আমি ২০১০-এর দিকে দরিয়ানগর গিয়েছিলাম। সেখানে যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছেন, সে সম্পর্কে জানাবেন?
মুহম্মদ নূরুল হুদা : দেখ, আমার পরিকল্পনা এবং স্বপ্ন অনেক। আজ থেকে প্রায় ২৫ বছর আগে, কক্সবাজারের একটি অনিয়মিত লিটল ম্যাগ 'কক্সবাজার বিচিত্রা' আমাকে জিজ্ঞেস করেছিল, দরিয়ানগর সম্পর্কে আমার পরিকল্পনার কথা। তখন আমি এই স্বপ্নটা বুনেছিলাম। আমি বুঝে গেছি, আমার স্বপ্ন এবং পরিকল্পনা অনেক বড়, কিন্তু আমার ক্ষমতা অনেক ছোট। আমার ক্ষমতা ছোট হওয়া সত্ত্বেও, সীমিত সাধ্যে এগিয়ে চলার প্রতিজ্ঞা নিয়েই 'দরিয়ানগর' নিয়ে একটি বৃহত্তম নান্দনিক স্বপ্ন দেখছি। এটি ঔপনিবেশিক মানসিকতার-এর বিরুদ্ধে একধরনের প্রতিবাদও বটে।
আপাতত আমার কোনো ব্যক্তিগত চাওয়া নেই। আমি চেয়েছি এমন একটি সমাজ, এমন একটি এলাকা, যেখানে শান্তিপ্রিয় সৃষ্টিশীল মানুষের জন্য একটি নান্দনিক আশ্রম হবে। মানবিক শান্তি ও সৌন্দর্যের জন্য আমার এলাকায় দরিয়ানগর গুরুত্বপূর্ণ। আমি গিয়ে বলছি, এই এলাকা হবে দরিয়ানগর। লোকজন সঙ্গে সঙ্গে এটাকে দরিয়ানগর হিসেবে গ্রহণ করেছে। আর এক জায়গায় গিয়ে বলেছি এটা হবে দরিয়ানগর কবিতা-চত্বর। আমাদের এলাকার প্রায় সব কবিকে নিয়ে দরিয়ানগর গিয়ে এই কবিতা-চত্বর ঘোষণা করেছি। এমন একটি জায়গা পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এখানে আজ একটা মুক্ত কবিতা-মঞ্চ হয়ে গেছে। এই কৃতিত্ব সব দরিয়ানগরবাসীর। আমি তাদের কাছে কৃতজ্ঞ।
কথা হল, এই যে স্বপ্ন, এটি কবির স্বপ্ন, কবিতার স্বপ্ন, কবিতাময় শান্তির স্বপ্ন। সম্প্রীতির জন্য দরিয়ানগরে একটা কবিতা মঞ্চ গড়ে শান্তির বার্তা দেয়া, এটা শুধু আমার একার কাজ নয়, এটা সকল কবির কাজ । কবিতার কাজ। বাংলাদেশের গণমানুষ শান্তি চায়, নান্দনিকতা চায়, মানববৈরিতা বা জাতিবৈরিতা চায় না।
বিশ্ববিদ্যালয় মানে একটা শিক্ষানিকেতন। এই শিক্ষানিকেতন শান্তি, নান্দনিকতা ও কবিতার জন্য গড়ে উঠবে। সামষ্টিকভাবে মানুষ যদি এগিয়ে আসে অবশ্যই এখানে দরিয়ানগর কবিতা বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে। আমি যেহেতু আশাবাদীদের একজন, আমি এই আশা করতেই পারি।
জব্বার আল নাঈম : আপনি আপনার এলাকার জনগণ ও সরকারের কাছ থেকে সহযোগিতা নিয়ে আপনার স্বপ্নের বিশ্ববিদ্যালয়টি নির্মাণে এগিয়ে নিতে পারেন।
মুহম্মদ নূরুল হুদা : আমার এলাকা তথা দরিয়ানগর তথা কক্সবাজার এলাকার সম্মানিত জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, মেয়র, জেলা প্রশাসন এবং দরিয়ানগরের সর্বস্তরের জনগণ অর্থাৎ সকলেই ব্যাপারটি ইতিবাচকভাবে নিয়েছেন। যার ফলে ইতিমধ্যে সেখানে কবিতা-চত্বর এবং কবিতা-মঞ্চ হয়েছে। এক সময় গ্রিক আমলে অ্যাম্ফিথিয়েটারের কথা আমরা শুনেছি। এটি তার মতো। এখানকার জনগণ এটাকে গ্রহণ করেছে। বাঙালি মূলত ইতিবাচক এবং সংগ্রামী জাতি। কবিতার জয় আসবেই।
জব্বার আল নাঈম : আবার কবিতা প্রসঙ্গে আসি। অনেকেই বলে, কবিতা আধুনিকতাকে অতিক্রম করে উত্তরাধুনিকতায় পৌঁছে গেছে। আমরা কিভাবে আধুনিকতাকে অতিক্রম করে উত্তরাধুনিকতায় পদার্পণ করেছি?
মুহম্মদ নূরুল হুদা : প্রথম প্রশ্ন, আধুনিকতার শুরু কবে থেকে? কেননা আধুনিতা ছাড়া উত্তরাধুনিকতা নেই। সাধারণভাবে বলব ১৯২০ সাল বা তার আশপাশ থেকে। ১৯২০ থেকে ১৯৩০ সালের দিকে পাউন্ডের মাধ্যমে, এলিয়টের মাধ্যমে। তারও আগে, রোমান্টিক কিটসের প্রতীকময়তায় আধুনিক কবিতার সূচনা হয়েছিল। শেলি-বায়রনেও আবেগ আর বুদ্ধির মিশেল ছিল। পঞ্চাশের দশকে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আধুনিকতার ধারাটি পরিপূর্ণতা পায়। ষাটের দশকেই উত্তরাধুনিকতার পূর্ণ আবির্ভাব। এখন কিন্তু ষাট থেকে ২০১৪ সাল পর্যন্ত হিসাব কষলে পঞ্চাশ বছরেরও বেশি। তাহলে বলা যায়, এখন আমরা আধুনিক কিংবা উত্তরাধুনিকে নেই। আধুনিকতা সবকিছুকে বৈধতা দিয়েছে। আধুনিকতার কিছু আগে অন্তত কবিতার ক্ষেত্রে রোমান্টিকতা এসেছিলো। রোমান্টিক কবিতায় একধরনের কল্পনার উল্লাস ছিল, প্রেরণার উদ্দামতা ছিল। কিন্তু, লাগামহীনতা বলব না। তবে অপরিকল্পিত বা বল্গাহীন কল্পনা বিস্তারের ফলে কবিতা কেমন যে অগোছালো হয়ে পড়েছিলো। বিশেষত রোমাণ্টিকতার অক্ষম অনুসারীদের হাতে। কিন্তু, আধুনিক কবিরা এসে যতদূর সম্ভব কাব্যকাঠামোতে কল্পনা ও বুদ্ধির সংমিশ্রণ ঘটিয়েছেন, অসম্ভব সুন্দর চিত্রকল্প ও প্রতীক তৈরি করে দেখিয়েছেন। আগের কবিরা যা করেছেন পরবর্তী কবিরা তার সাথে যুক্ত হয়ে নতুন কিছুর অবতারণা করেছেন। আমি আমার ভাষা তৈরি করব। উত্তরাধুনিকরা এটাই করছেন। আমরা শুরু করতে পারি যেকোনো জায়গা থেকে। অর্থাৎ Open-ended টেক্সট বানাবো। বিষয়ের কেন্দ্রিকতার চেয়ে উৎকেন্দ্রিকতাই আসল আরাধ্য। প্রান্তমুক্তভাবে প্রণীত রচনাটি কোনোভাবে ভালো লাগলে, কিংবা কোনো রকম ব্যঞ্জনা দিলেই হয়ে গেল। এটাও একধরনের নিরীক্ষা। সেই নিরীক্ষা পার হয়ে এখন সারা পৃথিবীতে নতুন এক্সপেরিমেন্ট এসেছে। সেখানে ব্যক্তির বৈধতা ও অর্থগ্রাহ্য টেক্সটের প্রসঙ্গ নবায়িত হচ্ছে। সেটাকে কি বলব উত্তর-উত্তরাধুনিকতা? এই উত্তর-উত্তর আধুনিকতাবাদের শুরুটা কখন থেকে? এটাকে আমরা ইংরেজিতে বলি মেটামডার্নিজম। বাংলায় বলেছি, মৌলাধুনিকতা। অর্থাৎ আজ আমরা কেবল উত্তরাধুনিকতায় আটকে নেই। আবার এই মেটামডার্নিজমেও আছে প্রান্তিকমুক্ততা। আর আছে ন্যুনতম বৈধতা। এই টেক্সট অবৈধতাকে বাদ দিয়ে Open-ended. এখানে ইউনিটি, বিষয় এবং বাণী অনেক গুরুত্বপূর্ণ। আর ইউনিটি ছাড়া বাণী আর বিষয়ের গ্রাহ্যতা দেয়া যাবে না। আসলে আধুনিকতা এবং উত্তরাধুনিকতাকে অতিক্রম করে আমরা যেখানে পৌঁছেছি তার নাম মৌলাধুনিকতা। অর্থাৎ মৌলাধুনিকতাবাদ সমাজের নির্দিষ্ট জিনিসগুলো ধরেছে। আমরা অধুনিকতাবাদের আরেকটা নাম দিয়েছিলাম অব্যাহত আধুনিকতাবাদ। এই মুহূর্তে আমি সর্বোচ্চ আধুনিক এবং যিনি একশত বছর পরে আসবেন তিনিও ওই একই। আধুনিকতার কথা যদি বলি, তাহলে স্বীকার করতেই হবে যে গ্রিকরাও তাদের সময়ে পুরোমাত্রায় আধুনিক ছিল। বাল্মীকি আধুনিক। আবার সেই আধুনিকতা কিন্তু বারবার পালটে যায়। সারা পৃথিবীতে যুগে যুগে নতুন নতুন আন্দোলন শুরু হয়েছে। উত্তরাধুনিকতার যে নেগেটিভ দিকগুলো আছে সেগুলো বাদ দিয়ে আধুনিকতার ইতিবাচক দিকগুলো নবায়িত করাই হতে পারে আরেকটি আন্দোলন। আমরা যদি কেবল শাদামাটা শেকড় সন্ধানের কথা বলি, তবে সেটা অতীতচারিতা। একটা হলো অতীতে যা আছে তা হুবহু নির্মাণ করা। এটা কিন্তু উত্তরাধুনিকতা নয়, বরং অতীতে যা আছে সেটাকে নতুনভাবে নতুন নিরীক্ষা দিয়ে নির্মাণ করে সিগনিফিকেন্ট বা তাৎপর্যপূর্ণ করা। তাহলে উত্তর-উত্তরাধুনিকতায় বা মৌলাধুনকতায় চলে আসব আমরা। আমার মনে হয় একবিংশ শতাব্দীতে আমরা সেখানে আছি।
জব্বার আল নাঈম : আমি বলতে চাইছি কবিতার বেলায় উত্তরাধুনিকতাবাদ?
মুহম্মদ নূরুল হুদা : সাহিত্যের আগে চিত্রকলা, সঙ্গীত, চলচ্চিত্র ইত্যাদি ক্ষেত্রে পরিবর্তন শুরু হয়। তখন কবিতাতেও আটোমেটিক চেইঞ্জ শুরু হয়। সবাই তো একই সৃষ্টিপ্রক্রিয়ার অংশ। কেউ শব্দ, কেউ তুলি, কেউ সুর দিয়ে লেখে বা আঁকে, অর্থাৎ তৈরি করে। ফলে একটা বিশেষ সময়ে এটা যৌথ যাত্রার বিষয়। আমরা Postmodernism-এর ইতিহাসেও এটি দেখি। শিল্প-সাহিত্যে যখন নতুন কোনো নিরীক্ষা প্রবণতা এসেছে, তখন তা চিত্রকর ও কবিরা সমন্বিতভাবে এনেছেন। আমরা একালের বাংলাদেশও দেখি, কবিদের চিত্রকল্পনা নিয়ে চিত্রকররা এমন সব চিত্রকর্ম একেঁছেন যা স্বাধীনতার পূর্বে দেখি না। আবার চিত্রকরদের চিত্রকর্মে অদ্ভুত সব কাজ হয়েছে। ক্ষেত্রবিশেষে সেটা কবিতাকেও অতিক্রম করেছে। যেমন, হুমায়ুন কবিরের কবিতায় 'কুসুমতি ইস্পাত' শীর্ষক উৎপ্রেক্ষা দেখেছি। ইস্পাত ও কুসুমিত – এই যে বিপরীতধর্মী দুটি কথাকে একত্রিত করা একজন কবির কাজ। ইস্পাতকে ফুলের সঙ্গে অন্বিত করে একটা নতুন চিত্রকল্প তৈরি করা হয়েছে। এই বিষয়টি সব সময় কবি এবং চিত্রকরদের সমন্বয়ে হয়েছে। দুজন দুজনের কাছ থেকে গ্রহণ করেছে। তবে অধিকাংশ ক্ষেত্রে চিত্রকল্পের বিষয়টি আগে কিন্তু চিত্রকররাই তৈরি করে থাকেন।
জব্বার আল নাঈম : চিত্রকল্পের প্রসঙ্গে যেহেতু চলে আসছে। এ বিষয়ে পরে বলছি। চিত্রকল্প, সঙ্গীত আপনি বলছেন শুরু এবং ইচ্ছেমতো শেষ করা যাবে। ব্যাপারটা কেমন জানি জগাখিচুড়ি স্বভাবী হয়ে গেল না?
মুহম্মদ নূরুল হুদা : আমরা অনুসন্ধান করতে পারি। আবারও বলি, আধুনিকতার শুরু প্রথম মহাযুদ্ধের পর। সারা পৃথিবীর বাস্তবতা পাল্টে যায়। কবি, শিল্পী, গায়ক, লেখক এমনকি দার্শনিক বা বিজ্ঞানীরাও পৃথিবী সম্পর্কে নতুন ভাবনা শুরু করেন। শিল্প বিল্পবের পর পৃথিবী যখন পাল্টে গেল, সেই পাল্টে যাওয়ার পর নতুন ভাবনা শুরু হয়। এখন সারা বিশ্বে অসংখ্য বহুতলীয় ঘরবাড়ি। আগে তো বিশ্বে বহুতলীয় ঘরবাড়ি তেমন ছিল না। বাড়ি এমনভাবে তৈরি করত যেন–চারপাশের ভূমিতে বাড়ানো যায়। জমিদার বাড়ি তৈরি হতে এক-দুশ বিঘার উপর। এখন একবিঘার উপরে তালার পর তালা উঠতে থাকে। এটা মানুষের চিন্তা, দৃষ্টিভঙ্গি ও কাম্যতার পরিবর্তন। সৃষ্টিশীলতার নানা শাখায় এর প্রভাব পড়ছে।
জব্বার আল নাঈম : উত্তরাধুনিকের যুগে যাত্রায়ও বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। মানুষ ধৈর্যহীন হয়ে যাচ্ছে।
মুহম্মদ নূরুল হুদা : হ্যাঁ, সেকালে কোথাও যাত্রা করতে গেলে দীর্ঘ দিনের পূর্বপ্রস্তুতি লাগত। এখন তা লাগে না। এখন কয়েক ঘণ্টাই যথেষ্ঠ। এ বিষয়গুলো কবির কল্পনায়, চিত্রকরের কল্পনায়, সৃজনশীল মানুষের কল্পনায় নতুন করে আসে। প্রযুক্তির সাহায্যে মানুষ খুব দ্রুত সফলতা চায়। অপেক্ষা করতে চায় না। এটা একধরনের অস্থিরতা বা ধৈর্যহীনতা। দ্রুত নতুন নতুন প্রযুক্তির প্রবেশের ফলে পরিবর্তনটা না চাইলেও হয়ে যায়। ভাষার পরিবর্তন, অর্থের পরিবর্তন, চিত্রকলায় কৌশলের বা উপকরণের পরিবর্তন ইত্যাদি। আবার শেক্সপিয়র শ্রেষ্ঠ কবিতা লিখলেও এখন কেউ হুবহু শেক্সপিয়রের মতো কবিতা লিখতে চায় না। লিখলে শেক্সপিয়রের অন্ধ অনুসারী হয়ে যেতে হয়। তাই না? তারপর আরেকটি ব্যাপার আছে। যদিও আমরা বলেছি, বাংলা কবিতায় উত্তরাধুনিক কাল শুরু হয়েছে ষাটের দশকেরও পরে, কিন্তু বাস্তবে দেখা যায়, বাংলা কবিতায় তার আগেও অসাধারণ একটা টেক্সট আছে। সারা পৃথিবীর মানুষ যখন আধুনিকবাদ করছে, সেই সময়ে, অর্থাৎ ১৯২১-২২ সালে, নজরুল তাঁর 'বিদ্রোহী' কবিতা লিখলেন। টিএস এলিয়ট লিখছেন 'দি ওয়েস্টল্যান্ড', যা আধুনিকতার অন্যতম শ্রেষ্ঠ কাব্য-নিদর্শন। অর্থাৎ ইউরোপে যখন আধুনিক কবিতার শুরু হচ্ছে, তখনি বাংলা ভাষায় উত্তরাধুনিক কবিতার এক শ্রেষ্ঠ নমুনা তৈরি হলো। কেননা কাজী নজরুলের 'বিদ্রোহী' কবিতাটি এমন নতুন একটি টেক্সট তৈরি করেছে, যা আমরা বলতে পারি প্রান্তমুক্ত(Openended)। এই কবিতার শুরু আর শেষ বদলপ্রবণ। আমি এই কবিতা বিশ্লেষণ করতে গিয়ে দেখেছি অন্তত কবিতাটি দশ-এগার জায়গায় শেষ হতে পারত। আর এগারবার শেষ হয়ে এটি এগারোটি খণ্ড কবিতার একক বুনন হলেও এই কবিতার মর্যাদা কখনো কমত না। আবার কাজী নজরুল ইসলাম এই টেক্সটে বহুস্বর যুক্ত করেছেন। এক 'আমি'কে অসংখ্য 'আমি'তে পরিণত করেছেন। উত্তরাধুনিকের আরেকটা স্বর হল হাজার বার হাজার রকমে বলা (হা.হা.হা)। এটাকে বলে পলিফোনিক ভয়েস, যা নজরুলের 'বিদ্রোহী' কবিতায় আছে।
আগে বলেছি, চিত্রকরের চিত্রকল্পে উত্তরাধুনিকতা প্রথম দেখা যায়। এখন বলব এটা একজন কবির কবিতাতেও ঘটতে পারে। পশ্চিমা সমালোচকরা নজরুলের এই কবিতাটি আগে পাঠ করেছেন কিনা সন্দেহ। পড়লে তাদের ব্যাখ্যা ভিন্ন হতে পারতো।
জব্বার আল নাঈম : ভাইয়া আপনি বলছেন, একজন চিত্রকরের কাছ থেকে একজন কবি চিত্রকল্প ধার নেন। আমি বলব চিত্রকল্প ধারণা সাম্প্রতিক কালের, সেটা উনবিংশ শতাব্দীর প্রথম দিক থেকে। তাহলে এর আগে কবি চিত্রকল্পটি কার কাছ থেকে ধার নিতেন?
মুহম্মদ নূরুল হুদা : না-না-না। একটা হলো সচেতন আন্দোলন, আরেকটা হলে প্রাকৃতিক আন্দোলন। চিত্রকল্পের শুরু সেদিন থেকে হবে কেন? চিত্রকল্পের শুরু তো অজন্তা বা তারও আগে থেকে হয়েছে। না কি? হয় নি? অজন্তার গুহাগাত্রে অঙ্কিত নারীর স্তন, শরীরের বাঁক, নিতম্বের নৃত্যভঙ্গি– এগুলোকে কি বলব? সমকালীন চিত্রকলার চেয়ে কম আধুনিক বলব? না, কখনো না। চিত্রকল্পের সূচনা সংস্কৃতির শুরু থেকে। কিন্তু এটাকে সচেতনভাবে নবায়ন করা হয়েছে আধুনিক কালে। নবায়ন-পূর্ব পর্যন্ত তার রূপ ঐতিহ্যবাহী। আগের শিল্পীরা গাছের ছবি এঁকেছেন। বর্তমান শিল্পীরা গাছ এবং মানুষকে একত্রিত করে আলাদা ব্যঞ্জনা দাঁড় করিয়েছেন। আমরা আজ নিজের মুদ্রাদোষে আলাদা হতে চাই। সেই মুদ্রাদোষই আমার সক্রিয়তার প্রকাশ ঘটায়।
ইমরুল কায়েসের কবিতায়ও অভাবনীয় ও প্রথাবিরোধী চিত্রকল্প আছে। সেখানেও শরীর আছে, নারী আছে, নারীর স্তন আছে। আমরা যে এখন প্রান্তমুক্ত কিংবা মুক্ত মানসিকতার কবিতার কথা বলছি, সেখানেও তা ছিল। মানুষের এই রীতি, বোধ বা অবজারভেশনগুলো শুরু থেকে ছিল। কিন্তু, বিশেষ সময়ে বিশেষ অবজারভেশন নিয়ে একটা নতুন আন্দোলন হয়। সেই আন্দোলনে যখন দাবিটি প্রতিষ্ঠিত হয় তখন আমরা এই সময়টিকে নির্দিষ্ট করে বলি যে, অমুক সময়ে এই আন্দোলনটি হয়েছে। এটা কৌশলগত। আর এর আনুষ্ঠানিক স্বীকৃতিটাও আসে পরে। আমরা, এখন যে ফ্যান্টাসির কথা বলি, ফ্যান্টাসি কিভাবে আগে ছিল না? রূপকথা কি ফ্যান্টাসি নয়?
আবার আসে, ম্যাজিক রিয়ালিজমের কথা। কথা হল ম্যাজিক রিয়ালিজম কি? ম্যাজিক রিয়লিজম হচ্ছে, সমাজে যে জিনিসগুলো আছে তার পাশাপাশি এমন কিছু রহস্যময নতুন প্রবণতা যুক্ত হওয়া, যাকে প্রথম দৃষ্টিতে মনে হয় অসম্ভব বা অবাস্তব। কিন্তু সমাজের নতুন প্রবণতার সঙ্গে মিলিয়ে কালক্রমে বা লেখকের বর্ণনাগুণে বিশ্বসযোগ্য বলে মনে হয়। মার্কেজ তাঁর উপন্যাসে এটা দেখিয়েছেন। একটা প্রথাগত সমাজে হঠাৎ একটা বরফ এসে পড়েছে। নায়কের মনে হল বরফ এত ঠাণ্ডা একটা জিনিস! এই জিনিসটা তো এর আগে পৃথিবীতে কোনোদিন দেখেনি। এটা তার কাছে একটা আজগুবি জিনিস। আরো মনে হলো, এটা পৃথিবীর এক শ্রেষ্ঠ আবিষ্কার। তারপর দেখলো, তার আদিপুরুষেরা যে সব কাহিনী বলছে বা ভবিষ্যদ্বাণী করেছে, তার জীবনের বিভিন্ন পর্যায়ে এসে সেসব সত্যে পরিণত হয়েছে। তার কাছে প্রথমে যেটা ম্যাজিক মনে হয়েছিলো, পরবর্তীকালে দেখা গেল সেটাই সত্য। আমাদের পূর্বপুরুষরা এমন সব ভবিষ্যৎ বাণী করে গেছেন, যেগুলোর মধ্যে অনেককিছইু পরে বাস্তব হতে দেখি। রিয়ালিটি এবং ম্যাজিক– এই দুয়ের ভিতর যে সমন্বয়– এটাই ম্যাজিক রিয়ালিজম। ম্যাজিক রিয়ালিজম আগেও ছিল। আমরা এখন আমাদের মতো করে সনাক্তকরণ করেছি মাত্র।
জব্বার আল নাঈম : হুদা ভাই, আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র। একজন কবি তো বটেই। জানতে চাইব বিশ্ব কবিতা সম্পর্কে। আমরা সবাই ইউরোপ কিংবা ল্যাটিন আমেরিকা বলতে পাগল। আফ্রিকার কবিতার কি অবশ্য জানা থাকলে জানাবেন?
মুহম্মদ নূরুল হুদা : আসল কথা পৃথিবী এখন ছোট হয়ে গেছে ইন্টারনেটের কারণে। তাই সব কিছুকে খুব কাছ থেকে দেখা যায়। এর ফলে ধন্ধও লাগে। পৃথিবীর একেক এলাকা, একেক অঞ্চলের মানুষের কবিতার মান, উচ্চারণ এবং নির্মাণ সম্পূর্ণভাবে একেক রকম। বাংলা কবিতার বৈশিষ্ট্য, রবীন্দ্রনাথের কবিতার বৈশিষ্ট্য, বৈষ্ণব বা তারও আগের কবিতার বৈশিষ্ট্য কখনই বিদেশী বা অন্যভাষার কবিতার বৈশিষ্ট্যের সাথে মিশবে না। এখন আমরা অনুবাদের মাধ্যমে ভাবের আদান প্রদান করতে পারি মাত্র। কবিতার অনুবাদ হয় না। কবিতার মেসেজটা অনুবাদ করা যায় মাত্র। মেসেজ অনুবাদের মাধ্যমে কোন এলাকার কবিতার থিম ও আঙ্গিক কেমন, তা আমরা বুঝতে পারি। এর মাধ্যমে কোথায় কোন ধরনের কবিতা লেখা হচ্ছে তা কিন্তু পাঠ হয়ে যাচ্ছে। এডগার এলেন পো নামক এক কবির কবিতা জীবনানন্দ দাশ তার সৃষ্টিশীল নির্মাণে অনৈকটাই নিজের করে লিখেছেন। যাই হোক, আমার মনে হয় বর্তমানে ইউরোপের চেয়ে ল্যাটিন আমেরিকার কবিতা কিংবা এশিয়ার কবিতায় নতুনত্ব বেশি। এর কারণও আছে। এশিয়া এবং ল্যাটিন আমেরিকায় এমন সব অতীত আছে, সৃষ্টিশীলতা আছে, যা ইউরোপের চেয়ে ভিন্নতর। অতি কর্মাশিয়ালাইজেশনের কারণে তারা সব কিছুকে পণ্যে পরিণত করতে চাচ্ছে। কবিতা কিন্তু খেলনা নয়। একটি শব্দের পর একটি শব্দ বা একটি বক্তব্যের পর আরেকটি বক্তব্য দিয়ে কবিতাকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করারও জিনিস হয়ে গেছে। মৌলিক কবিতা প্রশিক্ষণের মাধ্যমে শেখার জিনিস নয়। কবিতা স্বতঃস্ফূর্ততার ব্যাপার, তার পর সযত্নে লালনের ব্যাপার। আমরা চাইলেও গবেষণা করে কিংবা যন্ত্রের মাধ্যমে কবিতা তৈরি করতে পারি না। আমি বলব কবিতার যে রহস্যময় দিক, কবিতার যে নান্দনিক অস্পষ্টতা, তা প্রশিক্ষণ দিয়ে হয় না। আফ্রিকার কবিতায় তাদের ঐতিহ্যের পুনর্নির্মাণ আছে, সেইসঙ্গে আছে পাশ্চাত্য রীতি ও সংস্কৃতির সঙ্গে মিশেল। তেমন একটি কবিতা 'অ্যা ফার ক্রাই ফ্রম আফ্রিকা'। আফ্রিকার কবিতা শেকড়ের কথা বলে, নিজের পরিচয়কে মহিমান্বিত করে, আবার আন্তর্জাতিকতার সঙ্গে সখ্য চায়।
জব্বার আল নাঈম : আপনি একজন অনুবাদক, একজন কবি। কবিতার অঙ্গনে দীর্ঘদিন যাবৎ আপনার বসবাস। আমাদের সাহিত্য বিদেশী ভাষায় অনুবাদের প্রয়োজনীয়তা কতটুকু? এর দিকগুলো বলবেন কি?
মুহম্মদ নূরুল হুদা : খুব গুরুত্বপূর্ণ কথা। বাংলা একাডেমিতে আমার চাকরি হয়েছিল একজন অনুবাদক হিসাবে। পরে উপ-পরিচালক এবং পরিচালক হয়েছি। অনুবাদ হল তথ্যগুলো অন্যভাষায় রূপ দেয়া। অনুবাদ বলতে আরো বুঝি এক ভাষা থেকে আরেক ভাষায় স্থানান্তর করা। না, এটা আসলে তা নয়। অনেকে ভাবে, অনুবাদ হল জাস্ট অর্থটা দেয়া। অর্থটা দিলেই অনুবাদ হয়ে গেল! এত সহজ? অর্থটা দিতে গেলে মাথায় রাখতে হবে অনেক কিছু: শব্দসম্ভার, কনটেক্সট, রেফারেন্স, ঐতিহাসিক সূত্র, সামাজিক সত্য, সাংস্কৃতিক প্রসঙ্গ ইত্যাদি। যেমন, বাউল শব্দটিকে কিভাবে অনুবাদ করা যায়? এটাকে সহজে অনুবাদ করা যায় না। বরং তার তাৎপর্যটা বুঝিয়ে দেয়া যায়। আক্ষরিক অনুবাদ করলে, এক বাক্যের সাথে আরেক বাক্যের যে অন্তর্গত রিলেশন তা আর থাকে না। তখন কেউ ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করলে তা বঙ্গ+ইংরেজি বা বংরেজি হয়ে যায়। অনুবাদ করার জন্য শতভাগ যোগ্য অনুবাদক পাওয়াও মুশকিল।
আবার, যোগ্য অনুবাদকের কথা আলাদা। বুদ্ধদেব বসু অনুবাদের তত্ত্ব আজকের পণ্ডিতদের মতো না জেনেও যেভাবে অনুবাদ করেছেন, সেটা অত্যাশ্চর্য। একজন অনুবাদকের কাজ হচ্ছে যে টেক্সটা অনুবাদ করা হবে সেটা সম্পূর্ণ বোঝা আর যে ভাষায় তা অনুবাদ করা হবে সেটার উপরও পূর্ণ দখল রাখা। বাংলাদেশের একজন প্রখ্যাত অনুবাদক প্রফেসর কবীর চৌধুরী। তিনি অনুবাদের অনেক কাজ করেছেন। আমি সম্প্রতি লক্ষ্য করেছি, নজরুলের কবিতার ইংরেজি অনুবাদের ক্ষেত্রে তিনি প্রায় প্রতিটি কবিতার কিছু অংশ তিনি ছেড়ে দিয়েছেন। প্রফেসর সৈয়দ সাজ্জাদ হোসেনও অনুবাদ করেছিলেন কাজী নজরুলের কবিতা। তিনিও অংশ বিশেষ ছেড়ে দিয়েছেন। আবদুল হাকিমসহ অন্যরাও অনুবাদ করেছিলেন। এ-সব অনুবাদে মূল কবিতা পুরোটা প্রতিফলিত হয়নি। অনুবাদ করতে গেলে কবিতা যেমন বুঝতে হবে, তেমনিভাবে কবিতার সঙ্গীতটাও রক্ষা করতে হবে। টেক্সটের রদবদল তো করা যাবেই না।
আমার কথা হল, অন্য যে কোনো দেশের বা ভাষার কবিতার মতো বাংলাদেশের শ্রেষ্ঠ কবিতাগুলো অনুবাদ করাও সহজ নয়। এমন একজন বোদ্ধা দরকার, যিনি বাংলা এবং ইংরেজি ভালো জানেন ও বোঝেন। পাশাপাশি ভিন্ন ভাষার একজন। এই দুইজনের সম্মিলিত প্রচেষ্টায় হয়ত একটা গ্রহণযোগ্য অনুবাদ পাওয়া যেতে পারে।
এখানে আমেরিকান কবি ক্যারোলিন রাইট কবিতার অনুবাদ নিয়ে কাজ করেছেন। আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগে। তিনি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এসে মহিলা কবিদের কবিতা অনুবাদ করেছেন। তার সাথে যুক্ত হয়ে আমিও অনুবাদ করেছি। আমরা প্রাথমিক টেক্সটটা তৈরি করে দিয়েছি। ক্যারোলিন ইংরেজি ভাষার কবি। তিনি ঐ টেক্সটাকে ধরে আবার ইংরেজিতে প্রমিত অনুবাদ করেছেন। তার অনূদিত কবিতা ভালো বিক্রিও হয়েছে। ঐখানে তাসলিমা নাসরিনের কবিতাও ছিল। তখন তাসলিমাকে ঘরে-বাইরে তেমনভাবে কেউ চেনে না। আমাদের আরো অনেক কবি আছেন যাদের কবিতা বিদেশী ভাষায় ভালো অনুবাদ করা হলে বিশ্বসাহিত্য সমৃদ্ধ হবে।
আমাদের বাঙালি কবি যারা ভালো ইংরেজি জানেন, তাদের সহযোগিতা নিয়ে বিদেশি অনুবাদকের সাথে কাজ করলে ভালো অনুবাদ বেরিয়ে আসবে। আরেকটা কথা। কাজী নজরুল ইসলামের কবিতা ইউরোপ এবং আমেরিকায় বেশ সমাদৃত হচ্ছে। এর কারণ কাজীর কিছু কবিতার অনুবাদ মোটামুটি মানসম্পন্ন হয়েছে। 'বিদ্রোহী' আমেরিকা, লন্ডন, কানাডা, ফ্রান্স, জাপান, চীন ইত্যাদি দেশে ভালোভাবে পঠিত হচ্ছে। প্রফেসর ল্যাংলি কিংবা হেনরি গ্ল্যাসি বা রেচেল ম্যাকডারমটসহ অনেকেই তাঁর কবিতা নিয়ে কাজ করছেন। তাঁর কবিতাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কাব্য বলে স্বীকৃতিও দিচ্ছেন। তাহলে বুঝতে হবে, তার কবিতা মোটামুটিভাবে ভালো অনুবাদ হয়েছে। স্বীকার্য, অনুবাদে 'বিদ্রোহী'র টোটাল সৌন্দর্য রক্ষা করা যায়নি। কিন্তু চিত্রকল্পের সৌন্দর্য, বর্ণনাগত সৌন্দর্য, তার যে মেসেজ, তার যে বহুস্বরপ্রবণতা এগুলো দেখার পর তাঁরা বুঝেছেন এটি একটি শ্রেষ্ঠ কবিতা। আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি অনুবাদের জন্য যথার্থ উদ্যোগ নেয়, তাহলে সুফল আসতে পারে। এখানে প্রচুর অর্থেরও দরকার। আমার মনে হয় বাংলাদেশে অর্থের অভাব নেই।
জব্বার আল নাঈম : আপনি তো তরুণ লেখক প্রকল্পের উদ্যোক্তা ও পরিচালক ছিলেন। আপনি পরিচালক থাকা অবস্থায় এই অনুবাদ প্রজেক্টটা চালু করা যেত না?
মুহম্মদ নূরুল হুদা : হ্যাঁ, যেত। বলেছি, এই রকম একটা প্রকল্প পরিচালনার জন্য যথেষ্ট অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া এগুলো সম্ভব নয়। আবার যোগ্য লোকের দরকারও তো আছে। এখন পর্যন্ত আমাদের যোগ্য লোকের যথেষ্ট অভাব। বরং অনুবাদের প্রকল্পটি নিয়ে এখন নতুন পরিকল্পনা করা যেতে পারে। অনুবাদ প্রকল্পটি কিন্তু প্রশিক্ষণ দিয়ে তৈরি করা সম্ভব। আমাদের কবিতা একটু-আধটু অনুবাদ হচ্ছে, কিন্তু অধিকাংশই ব্যর্থ হচ্ছে। আমি বলব আমারও ব্যর্থতা আছে। বাংলা একাডেমির পরিচালক থাকা অবস্থায় আমি খুব বেশি কিছু করতে পারিনি। এখন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটও এই প্রকল্পটি চালু করতে পারে। অথবা বাংলাদেশে স্বতন্ত্রভাবে যদি অনুবাদ প্রকল্প বা অনুবাদ একাডেমি করা হয় এবং এখানে বাইরের অনুবাদক যারা বাংলা জানে তাদের আমন্ত্রণ জানানো হয় তাহলে কাজ হবে।
সম্প্রতি নজরুলের কবিতার অনুবাদের জন্যে আমেরিকার ড. রেচেল ম্যাকডারমট বাংলাদেশ এবং কলকাতা ভ্রমণ করেছেন। তিনি আমার সঙ্গেও কাজ করেছেন। নজরুলের যে কবিতা আমি আগে তেমন গুরুত্ব দিয়ে পড়িনি তিনি সেটা পড়ে বললেন, আমাকে এটা বুঝাও। দেখলাম এখানেও নজরুলের অনেক কাজ আছে যা আগে আমরা লক্ষ্য করিনি। তিনি ব্যক্তিগত উদ্যোগ এসে আমার সাথে এক মাস কাজ করেছেন। যদি পরিকল্পিতভাবে এটা গ্রহণ করা যায় তাহলে আরো ভালো। বিদেশী অনুবাদকরা যদি আমাদের দেশের অনুবাদকদের সঙ্গে মিলে এই কাজটি করেন, তাহলে বেশ ভালো হয়। যখন অনুবাদ করতে বসবে, তখন দেখবে, চেনা কবিতার অর্থও কেমন যেন স¤পূর্ণ আলাদা হয়ে যায়।
জব্বার আল নাঈম : কবিতার চিত্রকল্প। অর্থাৎ আবার বাংলা কবিতার চিত্রকল্প সম্পর্কে জানতে চাইব। আমাদের ইতিহাসকে একটা গণ্ডির মধ্যে আটকে ১৯৫২-থেকেই শুরু ধরা হয়। ৫২'র পর কিংবা ৭১'র পূর্ব সময় আবার দেখা যায় ৭১'র পর অর্থাৎ ৯০ দশক কিংবা ২০০০ সাল পর্যন্ত কবিতাকে উলট-পালট করলে দেখা যায়, এসবেরই বর্ণনা। সেখান থেকে দুই একজন ছাড়া কেউ বের হতে পারে না। এই চিত্রকল্প নিয়েও আমাদের কাজ করতে হবে। কথা হল, আপনার দৃষ্টিতে এসব থেকে সাহিত্য উত্তরণের জন্য চিত্রকল্প কেমন হওয়া উচিত বলে মনে করেন?
মুহম্মদ নূরুল হুদা : চিত্রকল্প নানারকম, যেমন সরলরৈখিক, ব্যাখ্যামূলক, বিশ্লেষণধর্মী বা বর্ণনাধর্মী হতে পারে। চিত্রকল্প বর্ণনারীতির একটি উপকরণ। এই উপকরণটি শিল্প সাহিত্যে সব সময় ছিল। এটা সম্পর্কে যখন কেউ জানত না, তখনও ছিল। এখনও আছে। কেউ তুলি দিয়ে ছবি আঁকে, আবার কেউ কথা দিয়ে ছবি আঁকে। এর মূল উপাদান উপমা। একটার সাথে আরেকটার তুলনা। তুলনা করার পর আমরা একটা চিত্র পেয়ে যাই।
একজন ব্যক্তি তার অসম্ভব কল্পনা দিয়ে সম্পূর্ণ নতুন একটি চিত্রকর্ম তৈরি করতে পারে। ভেঙে দিতে পারে পুরাতন নিয়মনীতি। দৃঢ় প্রজ্ঞা আর অমিত কল্পনাপ্রবণ মানুষ ছাড়া যা সম্ভব নয়। গণ্ডি ভেঙ্গে নতুন গণ্ডি দাঁড় করানোর সহজ কাজ নয়। আরেক ধরনের চিত্রকল্প আছে। যা দিয়ে সমাজের পরিবর্তন হয়েছে। ৫২'র ভাষা আন্দোলন হয়েছে। এই ভাষা আন্দোলন আমরা আগে দেখিনি। ঐ ভাষা আন্দোলন যখন এসেছে, তখন সেখানে সাহিত্যবোদ্ধারা 'কৃষ্ণচূড়া' জাতীয় কিছু নতুন চিত্রকল্প পেয়ে গেছেন। মুক্তিযুদ্ধে ব্যবহৃত গ্রেনেড একালের কবিতায় আরেকটি প্রধান চিত্রকল্প বা প্রতীক হিসাবে দাঁড়িয়েছে। পৃথিবীর সমাজ অগ্রগম, ব্যক্তিগত জীবনে বা অন্যান্য জীবনে যে সব উপরতলীয় ঘটনা ঘটে বা ভেতরের যে ঘটনা ঘটে, সেগুলো যদি হুবহু ব্যবহার করি তাহলে চিত্রকল্প পাল্টে যেতে বাধ্য। আরেকভাবে চিত্রকল্প দাঁড় করানো যায়, সেটা হল সচেতন সাহিত্য আন্দোলন। ধরা যাক, আমরা পাঁচজন মিলে একটা বিশেষ চিত্রকল্প নিয়ে কাজ করলাম। তখন সেটা আমাদের সকলের টাইপ চিত্রকল্প হয়ে দাঁড়াবে। আবার ব্যক্তিপ্রতিভারা আলাদাভাবে নিজের নিজের চিত্রকল্প উদ্ভাবন করেছেন। মাইকেল একধরনের চিত্রকল্প নিয়ে কাজ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর আরেকধরনের, নজরুল বা জীবনানন্দ আরেক ধরনের। ষাট, সত্তর এবং আশির দশকের কবিতা একেক ধরনের চিত্রকল্প তৈরি করেছে। তবে একেবারে নতুন বা আজগুবি চিত্রকল্প তৈরি খুব একটা হয় না। আবার, অনেকেই ইচ্ছাকৃতভাবে এটা পাল্টে দেয়ার কাজ করে থাকে। এখন আমরা এটাকে বলি পদ্ধতিগত বা কৌশলগত আন্দোলন। আমি বলব পৃথিবীতে এখন দুই ধরনের চিত্রকল্প হচ্ছে। একটা যা পরিবর্তিত হয়ে যাচ্ছে তার একেবারে হুবহু বর্ণনা। অথবা, ঘটনার অ্যাবস্ট্রাক্ট বা প্রতীকী বর্ণনা। আর যেহেতু শিল্পসাহিত্য এখন সচেতন নির্মাণ, সারা পৃথিবীজুড়ে কবি সাহিত্যিকরা বা সৃষ্টিশিল্পীরা সচেতনভাবেই তা করে যাচ্ছেন। এতে কখনো কখনো কৃত্রিমতার পরশ পাওয়া যায়।
বাংলাদেশে ষাটের দশকে লিটনম্যাগ নিয়ে আন্দোলন শরু হল। তারা কি করল? তারা লিটনম্যাগকে সমৃদ্ধ করার জন্য নিজস্ব একটা প্ল্যান বের করল। এর ফলে চিত্রকল্প বা অন্যান্য অলংকার পাল্টে যায়। এখন আমরা চিত্রকল্প থেকে উৎপ্রেক্ষাকেও বেশি গুরুত্ব দেই। সেটা হল পরোক্ষ উপমা। উপমার একটা ব্যাখ্যা দেই :My love is like a red red rose অর্থাৎ আমার প্রেম আর লাল গোলাপের মধ্যে তেমন পার্থক্য নেই। আসল কথা সচেতন আন্দোলনের ফলে চিত্রকল্প, উপমা, উৎপেক্ষা ইত্যাদিও পাল্টে যায়।
জব্বার আল নাঈম : আপনি এতক্ষণ আমাদের চিত্রকল্প, উপমা, উৎপেক্ষা নিয়ে কথা বললেন। দেখা যায়, আমাদের চিত্রকল্পের সাথে অন্য এলাকার চিত্রকল্পের সাথে মিল নেই। নেপাল, ভারত বা আরবীয় সাহিত্যের চিত্রকল্প, উপমার সাথে মিল নেই। এই যে তফাৎ লক্ষ করা যায়, এর কারণ কি ভৌগোলিক অবস্থান?
মুহম্মদ নূরুল হুদা : হ্যাঁ, প্রাথমিকভাবে বলব ভৌগোলিক একটা অবস্থান বটে। এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যেমন, আমাদের এখানে ভাষা আন্দোলন, মুুক্তিযুদ্ধ, শ্রেণিসংগ্রাম, রাজনৈতিক মেরুকরণ ইত্যাদি আমাদের কবিতায় যেভাবে এসেছে সেভাবে কিন্তু পশ্চিমবঙ্গের কবিতায় আসেনি। তারাও লিটলম্যাগের আন্দোলন করেছেন। জীবনানন্দ, বিনয় এবং শক্তিরা কবিতা লিখেছেন আবহমান বাঙালির জীবন নিয়ে। একালের বাংলাদেশের সংগ্রামী বাঙালি জীবন তাদেরকে তেমন স্পর্শ করেনি। ফলে তারা যে কবিতা লিখেছেন আমরা তাদের চেয়ে আলাদা কবিতা লিখব। আলাদা করতে গিয়ে কখনো কখনো নিরীক্ষার কৃত্রিমতা তৈরি হয়েছে। ফলে, ঐ কবিতায় জীবন ঘনিষ্ঠতা যতখানি আছে তার চেয়ে অনেক বেশি আছে নিরীক্ষাধর্মী প্রবণতা। আর বাংলা কবিতায়, বাংলাদেশের কবিতায় জীবনধর্মকে কেন্দ্র করে নিরীক্ষা তৈরি হয়েছে। ফলে একজন শামসুর রাহমানের কবিতার সঙ্গে যদি শক্তির কবিতার তুলনা করি, সুস্পষ্ট ভিন্নতা দেখি। শামসুর রাহমানের কবিতায় বাণীগত যে আবেদন থাকে, তাদের কবিতায় তা অপেক্ষাকৃত কম। আমাদের এখানে শ্রেণিসংগ্রামের পাশাপাশি সচেতন জীবনসংগ্রামভিত্তিক সাহিত্য বেশি রচিত হয়েছে।
জব্বার আল নাঈম : সাহিত্যে সাম্প্রদায়িকতা কিংবা বাস্তব বৈষম্য আমাদের ভিতরে বিরাজমান। আর সাম্প্রদায়িকতা বলতে কি শুধু ধর্ম, না কি শ্রেণি কিংবা গোষ্ঠী বৈষম্যও বোঝায়?
মুহম্মদ নূরুল হুদা : নানা সম্প্রদায় আছে পৃথিবীতে জুড়ে। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। কথা হচ্ছে একটি সাম্প্রদায়িকতা, আরেকটা সম্প্রদায় সম্প্রীতি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান কিংবা অন্যান্য জাতিগোষ্ঠী – তারা স্বাভাবিক সময়ে সবাই সম্প্রীতির মধ্যই আছে। তারা কারো বাড়া ভাতে ছাই দিচ্ছে না। কারো ধর্ম পালনে বাধা দিচ্ছে না। যদি বাধা দেয়, তাহলে তারা আমাদের মতো মানুষ। অর্থাৎ সাধারণ সময়ে কোন ধর্মই অন্য ধর্ম, অন্য কর্ম কিংবা সংস্কৃতি পালনে বাঁধা দিচ্ছে না। এটা হল সম্প্রদায় সম্প্রীতি। সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়, যখন দুই সম্প্রদায়ের মধ্যে সহাবস্থান থাকে না তখন। তারা স্বার্থের কারণে পরস্পর পরস্পরকে আঘাত করে। অধিকার হরণ করে। বাংলাদেশে সাম্প্রদায়িকতা কখন আসে? যখন নির্বাচন বা ভোট কাছাকাছি চলে আসে। স্বার্থের কারণেই আমরা সাম্প্রাদায়িকতকে উস্কে দেই।
ভারতে মোদী সরকার ক্ষমতায় এসেছে। কই, সঙ্গে সঙ্গে তো দেশটা পুরো সাম্প্রদায়িক হয়ে যায়নি? হঠাৎ কোন কোন রাজনৈতিক অবস্থান কিংবা পরিবর্তিত পলিসির কারণে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দেয়। ভারতে সাম্প্রদায়িকতাকে বিষাক্ত বীজ বুনে গেছে ব্রিটিশরাজ। হিন্দু মুসলমান দুই শক্তিকে সাম্প্রদায়িক শক্তি হিসাবে তারা তৈরি করে রেখে গেছে। বিশ্বের সবচেয়ে অহিংস ধর্মের নাম বৌদ্ধধর্ম। তারা কিন্তু তাদের অবস্থান থেকে খুব একটা নড়েনি।
জব্বার আল নাঈম : বর্তমান কবিতা ছন্দবিমুখ। মুক্তছন্দের চর্চা হচ্ছে। কিন্তু সাধারণ পাঠকের কাছে ছন্দবদ্ধ কবিতা এখনো বেশি পঠিত। এ সম্পর্কে আপনি কি বলবেন?
মুহম্মদ নূরুল হুদা : কবিতা আর অ-কবিতার মূল পার্থক্য ছন্দ নয়। পদ্য এবং গদ্যের পার্থক্য ছন্দ। কোনটাকে আমি পদ্য বলব? যেটা ছন্দের অঙ্ক মেনে মিলটাকে গ্রহণ করেছে সেটাকে পদ্য বলা যেতে পারে। আমি যে কবিতাটি মনে রাখতে চাই সেটাতে ছন্দ থাকলে সহজে মনে থাকে। আর মানুষ যতদিন থাকবে ততদিন ছন্দপ্রবণতা থাকবে। আরেকটি কথা, বাংলাদেশের সব পাঠক কিন্তু প্রকৃত কবিতার একরৈখিক পাঠক নয়। তাদের অনেকেই মন দিয়ে কবিতা পাঠ করতে যতটা আগ্রহী, কান দিয়ে শুনতে তার চেয়ে কম আগ্রহী নয়। আরেকটা কথা, ছন্দমুক্তি অবশ্যই প্রয়োজন। যুগে যুগে ছন্দের পরিবর্তন হয়েছে। আমি যদি ছন্দে পরিবর্তন আনতে চাই, সেক্ষেত্রে এ যাবৎকাল বাংলা সাহিত্যে যত ছন্দ আছে সবগুলোকে জানতে হবে। অর্থাৎ না-জেনে নয়, জেনেই ছন্দকে ভাঙার সাহস দেখাতে হবে।
জব্বার আল নাঈম : কেবল চিত্রকল্প, উপমা, উৎপ্রেক্ষা দিয়ে কবিতা সাজালে কেমন হয়? একজন চিত্রকর তাঁর যে চিত্রকর্মটি উপস্থাপনা করেন সেটাও কি কবিতা?
মুহম্মদ নূরুল হুদা : হুমম। কবিতা যে শুধুমাত্র শব্দ দিয়ে লেখা হয় বা যায় এমন নয়। বর্তমানে যে নিরীক্ষা হচ্ছে, তাতে আলো দিয়েও কবিতা লেখা যায়। আলো দিয়ে যখন সৌন্দর্য বয়ন করা হয় তখন এমন এক ধরনের সৌন্দর্য প্রদর্শন করা হয়, যা তুলনারহিত। চার কিংবা পাঁচটা ছবি এক জায়গায় রেখে সেটাকে বলতে পারো চিত্র কবিতা। আরেকটা কথা, পৃথিবীর যা কিছু সুন্দর তাঁর আগাগোড়াই কবিতা বা কবিতার মতো। অর্থাৎ তুমি চিত্রকলায়, স্থাপত্যে কিংবা তোমার যে কোন নান্দনিক সৌন্দর্যে যাকে আকর্ষণীয়ভাবে সৃষ্টি করো তা-ই কবিতা। (হাসি) কবিতা যেমন রহস্যময়, তেমনি বহুঅর্থের দ্যোতক।
জব্বার আল নাঈম : বললেন, ভবিষতে কবিতার বেলায় শব্দের ব্যবহার নাও থাকতে পারে। আমি বলব মানুষের নিজ নিজ আদান-প্রদানের জন্য শব্দ সর্বশেষ আশ্রয়। তাহলে কবিতায় কি শব্দের ব্যবহার কমে যাবে বলে মনে করেন?
মুহম্মদ নূরুল হুদা : না, কমে যাবে বলে মনে হয় না। মানুষ ভাষার কাছে আশ্রয় নেয় তখন, যখন বয়ানের প্রয়োজন থাকে। আমি যদি বলি আমি যাচ্ছি গ্রামের ভিতর দিয়ে, আমার চারপাশে আম, জাম, জারুল গাছ। গাছে গাছে পাতা আছে। কোন পাতা সবুজ। কোন পাতার বর্ণ হলুদ। এভাবে আমি কিন্তু কথা বলে যাচ্ছি– আর বলার সাথে সাথে ছবিও এঁকে যাচ্ছি। আমার এই কথাগুলো একজন চিত্রশিল্পীও আঁকতে পারেন। তিনি আমার পথটা আঁকতে পারেন। আসল কথা, মানুষ সব সময় কিন্তু ছবি আঁকে, শব্দ দিয়ে আঁকে, গান দিয়ে আঁকে, আর আঁকে কল্পনায়। আবার তুলি দিয়ে রঙ দিয়েও ছবি আঁকতে পারে।
জব্বার আল নাঈম : তাহলে এখানে কি কোনো শব্দ নেই?
মুহম্মদ নূরুল হুদা : কেন শব্দ থাকবে না? নৈঃশব্দেও শব্দ আছে। হয়ত তুমি সেটা শুনতে পাচ্ছ না; তোমাকে মন দিয়ে সে সব শুনতে হবে। আর কবিতার বর্ণনার ভিতরে যে চিত্রকল্প আছে সেটা তোমাকে চোখ দিয়ে দেখতে হবে। কান দিয়ে শুনতে হবে। আবার অন্তর দিয়ে উপলব্ধি করতে হবে। রবার্ট ফ্রস্ট-এর একটি বিখ্যাত কবিতা আছে। একটি বনের ধারে একজন থামল এবং বলল এই বন আমি চিনি না। এই বনে আমি আশ্রয় নিতে পারলে ভালো হতো। কিন্তু দুচোখে ঘুম নামার আগে আমাকে অনেক দূরে যেতে হবে। তখন এই কবিতা তো একটা দারুণ চিত্র তৈরি করে। এই জন্য বলব, শব্দ এবং চিত্র দুটোই দুটোকে জড়িয়ে ধরে থাকে পরস্পরের অবলম্বন হয়ে।
জব্বার আল নাঈম : শব্দ এবং চিত্র এই দুটোর মধ্যে কোনটাকে বেশি প্রাধান্য দিবেন?
মুহম্মদ নূরুল হুদা : কোনটারই গুরুত্ব কম নয়। বরং শব্দ দিয়ে চিত্র আঁকাটাকে বলব গুরুত্বপূর্ণ। যদি কেউ শব্দ দিয়ে নতুন কোন চিত্র আঁকতে পারে তাহলে নিশ্চয় সেটা নতুন কোন তাৎপর্য নিয়ে আসবে। আমি অতি সম্প্রতি একটা কবিতার কথা বলি, কার কবিতা সেটা বলতে পারছি না। আমি দেখলাম, ওই কবি তাঁর কবিতায় ছোট মাছের ভাগা বসিয়াছে। অর্থাৎ এই ভাগা দিয়ে কবিতা লিখছে। দেখতে দেখতে তাঁর সব মাছ প্রায় বিক্রি হয়ে গেছে। অবশিষ্ট ভাগাটি যখন বিক্রি হবে তখন সূর্য ডুবে যাচ্ছে। সে বিষণ্ন, কারণ সূর্য ডুবে যাচ্ছে অথচ তাঁর মাছের ভাগা বিক্রি হচ্ছে না। আমার মনে হয়, এটি একটি নতুন কাব্যকাঠামো। নতুন বর্ণনা। নতুন শব্দ বা ভাষা বা বয়ান। অর্থাৎ আমার সর্বশেষ ভাগাটি বিক্রির অপেক্ষায়। একজন কবিও চিরকাল তাঁর শ্রেষ্ঠ কবিতাটি লেখার অপেক্ষায় থাকেন। হয়তো তা কোনদিন লেখা না-ও হতে পারে।
জব্বার আল নাঈম : ভাইয়া, অনেক বিষয় নিয়ে আলোচনা হল, এবার আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে কিছু জানতে চাইব। আপনার জন্ম এবং জীবন শুরু সেই কক্সবাজারে। সেখানেই লেখাপড়ার হাতেখড়ি। ছোট বেলায় কিভাবে আপনি সাহিত্যের দিকে ঝুঁকে গেলেন সেসব নিয়ে এক জায়গায় লিখেছেন। আপনার এক টিচারের প্রবল উৎসাহে তার কবিতার অনুকরণও করেছেন। জানতে চাইব তখন থেকেই কি মূলত আপনার শুরু? নাকি তারও আগে বা পরে? আর কার অনুপ্রেরণা ছিল বেশি?
মুহম্মদ নূরুল হুদা : অনুপ্রেরণা তো ছিলই, তা-ও নানাজনের। অনুপ্রেরণা ছাড়া কি কিছু হয়? আমি যে স্কুলে পড়তাম, তার পাশে একটা নদী ছিল, নাম ঈদগাঁও ছরা। আমি নাম রেখেছি ফুলেশ্বরী। ছোট একটা নদী। 'আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।' আমার দাদার বয়সী দাড়িওয়ালা রবীন্দ্রনাথের লেখা কবিতা। ও মা, হঠাৎ করে শুনি আমার স্কুলেও একজন কবি আছেন। তিনি আমার শিক্ষক কাশেম স্যার। তখন মনে মনে ভাবলাম, আরে এঁরা যদি কবিতা লিখতে পারেন তাহলে আমি কেন পারব না? শুরু হল আমার কাব্য সাধনা। আমি প্রথম 'মিথ্যা কথার ফল' নিয়ে পদ্য লিখলাম। বাঘ আসছে বাঘ আসছে এটা নিয়ে কবিতা। স্যার দেখে বললেন, বাহ্ তোমার তো হয়ে গেছে। তুমি তো কবি হয়ে গেছ। আমি অনুপ্রেরণা পেলাম। স্কুলে পড়তাম আমরা ৭-৮ জন ছেলেমেয়ে এক সাথে। আমাদের সাথে একজন শ্যামাঙ্গিনী ছিল। আমি তার দিকে তাকাই, সে আমার দিকে তাকায়, কেবল ভালো লাগা না লাগা কাজ করে, এটা নিয়েও একটা কিছু লিখেছিলাম। স্যার বললেন, কবিতা তো হচ্ছে হে ক্ষুদে কবি!
মাঝে মাঝে স্কুল শেষে চলে যেতাম বাইরের মাঠে। মধ্যাহ্নের সূর্য, মাঠ, তার ভিতর দিয়ে হেঁটে যাওয়া। তখন গ্রীষ্মকাল। মাঠের মাঝখানে সামান্য একটু ডোবা আছে। সেই ডোবায় কিছু জল। জল কাদায় একটা শামুক হাঁটছে। যখন শামুককে কিছু একটা দিয়ে খোঁচা দেই, শামুক থেমে যায়। এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে থাকি, সে নড়েচড়ে না। হঠাৎ মুখ থেকে বেরিয়ে আসে : 'গুটিয়ে যাও গুটিয়ে গেলেই সুখ /রোদ দুপুরে পুড়বে না আর বুক' ইত্যাদি।
তারপর বাড়ি গেলাম। বাড়িতে গিয়ে মন কেমন জানি আনচান করছে। আমি বলব এটাই কবি-কবি ভাব, এটাই কবিত্বময়তা। দুপুর বেলা পশ্চিম দিকে তাকিয়ে আছি। আমার বাড়ির ঠিক পশ্চিম দিকে মহেশখালি পাহাড়। পাহাড়ের ওপর আদিনাথের মন্দির। মন্দিরের পাশে বিশাল একটা গাছ। গাছের পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। মনে হলো, এ গাছের পাতা তো আলো দিয়ে তৈরি। আমি লিখলাম আলোকবৃক্ষ। আদিনাথ মন্দির, পাহাড়, তরঙ্গ– এগুলো সবই আমার কবিতা শেখার অনুপ্রেরণা।
এর বাইরেও আরো কিছু ব্যাপার আছে আমার কবিতা লেখার পেছনে। সে সময় আমাদের গ্রামে শীতকালে কবির লড়াই হতো। কবিয়াল রমেশ শীলের মতো বড় বড় কবিয়াল আসতেন। সাথে থাকতো তাঁদের শিষ্যসহ অনেকেই। মজার ব্যপার হলো রমেশ শীলের সাথে দাঁড়িয়ে আমিও দু-চার লাইন গেয়ে দিয়েছি। আর ভাবতাম, আরে তোমরা পারলে আমি পরবো না কেন? এটাও আমার অনুপ্রেরণা। তাঁর অর্থ এই যে, প্রচলিত লোক-সংস্কৃতি, লোককথা, পুথিপাঠ ইত্যাদিও আমাকে উৎসাহিত করেছে। আসলে সৃষ্টিশীল কল্পনা এবং বাস্তবতা যখন এক জায়গায় এসে দাঁড়ায় তখনই সাহিত্য হয়ে ওঠে চিরস্থায়ী। স্কুল জীবনে যে মেয়েটির দিকে তাকাতাম, তাকে না দেখলে মনের ভেতর আনচান আনচান করে উঠত : সেটাই কি বিরহ? না পাওয়ার বেদনা সারা জীবন কুরে কুরে খায়। আসলে অনেক ঘটনার ভেতর দিয়ে পরিশ্রুত হয়ে একজন মানুষ সাহিত্যিক হয়ে ওঠে।
জব্বার আল নাঈম : আপনার স্ত্রীর তার সাথে আপনার সম্পর্ক, মানে বিবাহ কি পারিবারিকভাবে হয়েছে?
মুহম্মদ নূরুল হুদা : আমাদের সম্পর্কটা মূলত ভালো লাগা থেকে। আমি কবিতা লিখতাম, সে কবিতা আবৃত্তি করত। মোট কথা সম্পর্কটা আগাগোড়াই কবিতাকেন্দ্রিক। কবিতাই সখ্য, কবিতাই ঐক্য, কবিতাই দাহ, কবিতাই বিবাহ– এই আর কি!
জব্বার আল নাঈম : আপনার নেক্সট জেনারেশনে কারা আছেন?
মুহম্মদ নূরুল হুদা : আমার দুই ছেলে দুই মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়েছে, সন্তানও আছে। একটা সময় সে আবৃত্তির সাথে যুক্ত ছিল। তাঁর একক আবৃত্তির অনুষ্ঠানও হয়েছিল। এখন সে সংসারী। তারপর বড় ছেলে। সে সাংবাদিকতা করে। আরেক ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে; শিল্প-সাহিত্যের সাথে যুক্ত। চলচ্চিত্রের প্রতিও উৎসাহী। সবশেষে মেয়ে; সে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করে। সাহিত্য-সংস্কৃতির সাথে জড়িত। গায়, অনুবাদ করে।
জব্বার আল নাঈম : আপনি যখন কবিতা চর্চা শুরু করেন, তখন আপনার পরিবারের বাবা-মা ছিলেন। সাধারণত আমাদের সমাজ ব্যবস্থায় বাবা-মা ছেলে-মেয়েদের নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল হবার স্বপ্ন দেখে। সে রকম কিছু কি ছিল? সে রকম কোনো স্বপ্ন?
মুহম্মদ নূরুল হুদা : আমাকে নিয়ে আমার বাবার আলাদা কোনো স্বপ্ন ছিল কিনা জানি না। আমি আমার প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে বৃত্তি পাই। আমার গ্রামে এটাই প্রথম। ফলে বিশেষ এক অর্জন। আমি কোনো গৃহশিক্ষকের কাছে পড়িনি। আমার শিক্ষা জীবনের সেই সফলতা আমার ক্ষেত্রে বেশ কাজে আসে। সেই সফলতা দেখে আমার আব্বা আমার কোনো কাজে বাঁধা দিতেন না। হাই স্কুলে এসেও আমার রেজাল্ট ভালো হতে লাগলো। অষ্টম শ্রেণির পরীক্ষায় আবার বৃত্তি লাভ করি। তারপর এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে আমি সেকেন্ড হয়েছিলাম। ফার্স্ট হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু অংকে আমার রেজাল্ট খারাপ হয়। ঐ সময় আমি প্রচুর ফুটবলও খেলতাম। আর যখন তখন কবিতা লিখতাম। আমার বাবা বলতেন সরকারি আমলা হলেই ভালো হয়। কিন্তু আমি যখন গল্প-কবিতা লিখতাম তখন বাঁধা দিতেন না। সাহিত্য প্রতিযোগিতায় বিভিন্ন সময়ে পুরস্কার পেতাম, তখন বাবা আরো উৎসাহ দিতেন।
আসল কথা মা-বাবা কেউ আমাকে হতাশ করেননি। আমার বাবা ছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী। তবে তাঁর উদ্ভাবনী শক্তি ছিল প্রচণ্ড। অনেক ধরনের উদ্ভাবনী কাজ করেছেন তিনি। সবগুলো মূলত ব্যবসা-বাণিজ্য নিয়ে। যেমন ঐ সময় আমরা প্রতি বছর মেলা ও নাটক করতাম। এগুলোতে আমার বাবা আমাকে নানাভাবে সাহায্য করতেন। একবার আমরা যাত্রার অনুষ্ঠান করলাম। সারা রাত অনুষ্ঠান হলো। সকাল বেলা অনুষ্ঠান শেষে শিল্পীদের পাওনা দিতে ব্যর্থ হই। এমন সময় পথ দিয়ে যাচ্ছিলেন বাবা । তিনি সব জেনে আমাকে বকাঝকা করলেন। তারপর শিল্পীদের পাওনা মিটিয়ে বললেন, এবার বাড়ি যাও।
জব্বার আল নাঈম : আপনাদের ভাই-বোনের সংখ্যা কতজন?
মুহম্মদ নূরুল হুদা : আমরা ভাই-বোন এখন ৪ জন।
জব্বার আল নাঈম : ভাইয়া, আপনি ষাটের অন্যতম অগ্রগণ্য একজন কবি। আপনার সূচনালগ্নে আপনার অগ্রজ বেশ কয়েকজন ছিলেন। বিদ্রোহী কাজী নজরুল, জসীম উদ্দীন, আহসান হাবীব, র্ফরুখ আহমেদ, সৈয়দ আলী আহসান প্রমুখ। এদের অনেকের সাথে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। তাদের মতো জীবন্ত কিংবদন্তীদের দেখার পর আপনার অনুভূতি কেমন ছিল?
মুহম্মদ নূরুল হুদা : কাজী নজরুল ইসলাম ১৯৭২ সালে বাংলাদেশে আসেন। তারপর আমি কাজী নজরুল ইসলামকে দেখি। তাকে দেখার জন্য ধানমণ্ডির কবিভবনে যাই। ঐ সময়ে তাকে দেখা না-দেখা সমান কথা। হিমালয়সদৃশ একজন জীবন্ত কিংবদন্তী, অথচ মুখ ফুটে কিছু বলতে পারেন না। ১৯৭৪ সালে যখন বাংলা একাডেমিতে আন্তর্জাতিক সাহিত্য উৎসব হলো, তখন কাজী নজরুল ইসলামকে সেখানে নিয়ে আসা হল প্রধান অতিথি করে। সাধারণ মানুষ তাকে আরো কাছে থেকে দেখার সুযোগ পেলো।
জসীমউদ্দীনের সাথেও দেখা হয়েছে। তার বাড়িতে কবিতার আসর জমত। সেখানে দু-একবার আমি গিয়েছি। তাকে মনে হতো অসম্ভব সহজ সরল এক মাটির মানুষ। ভালো কবিতা লিখলে উৎসাহ তো দিতেনই, আবার খারাপ কবিতা লিখলেও নিরুৎসাহিত করতেন না। এটা দেখে আমার মনে হলো, না, এতো ভালোমানুষ কবিকে দিয়ে আমার হবে না। আমি এমন কবি চাই যে কবি আমাকে নির্মম মূল্যায়ন করতে পারবে। কখনো আদর দিয়ে, কখনো আঘাত দিয়ে, আবার কখনো সমালোচনা করে। তেমন কবির নাম কবি আহসান হাবীব। সর্বপ্রথম আমি যখন তার কাছে যাই কবিতা ছাপানোর জন্য, তিনি বললেন আমি দেখব, তুমি আগামী সপ্তাহে এসো। আগামী সপ্তাহে গেলাম। তিনি বললেন, কবিতা ভালো। কিন্তু ছন্দে একটু সমস্যা আছে। আমি বললাম মিলের সঙ্গে মিল (হা হা হা) দেয়া আছে। সমস্যা কোথায়? উনি বললেন, ওটা ছন্দ নয়। আমি স্তব্ধ হয়ে গেলাম। এখনকার তরুণদের তো ছন্দে অনীহা। এই যে প্রথম আঘাত। এরপর তিনি আমাকে একটা ছন্দের বইয়ের কথা বললেন। এই মুহূর্তে বইয়ের নাম মনে নেই। ছন্দের বই পাঠ করে আমি বুঝলাম, আসলে আমি ছন্দের কিছুই জানি না। এরপর প্রায় দু'বছর আমি তার কাছে যাইনি। এই দুই বছরে আমি ছন্দ শিখতে থাকলাম। ছন্দ নিয়ে বিস্তর লেখাপড়া করলাম। এরপর ইত্তেফাকে, সংবাদে, পূর্বদেশে কবিতা ছাপিয়েছি; কিন্তু ভয়ে আহসান হাবীবের কাছে যাইনি। একদিন হঠাৎ দেখা হলে বললেন, তোমার কবিতা তো অনেক জায়গায় দেখছি। ভালো হচ্ছে। তুমি এসো। আমি বললাম, আপনার কাছে ভয়ে যাওয়া হয়নি। তার অর্থ কি? তিনি যদি আমাকে প্রথম আঘাতটা না দিতেন আমার ভেতর কখনও ঐ পরিবর্তন আসত না। এই জন্য আমার দেখা কবিদের মধ্যে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি তাঁকে। তাকে বলি আমার কবিপিতা।
এরপর যখনই কবিতা নিয়ে গেছি, কখনো ফিরিয়ে দেননি। লেখাটি হয়তো পড়ে বলতেন, ঐ জায়গাটা জানি কেমন লাগছে। ঠিক করো তো। বলতাম, আপনি করে দেন। তিনি বলতেন, না, তুমিই করো। তোমার কবিতা তুমিই করো। পারো যেহেতু, সব সময় করবা। নিজের কবিতা নিজে সম্পাদনা করা হল স্বসম্পাদনার কাজ। এই জিনিসটাও আমি তার কাছ থেকে শিখেছি। বলতেন, জীবনানন্দ পড়ো? – হ্যাঁ, পড়ি। – তুমি জান, তিনি তার কবিতা লেখার পর কয়বার কাটতেন? তিনি আমাকে প্রায়ই বলতেন তোমার কবিতার ভাষা ও ভঙ্গি অন্যদের চেয়ে আলাদা। আর আমার কবিতার ভাষা যদি আলাদা হয়ে থাকে, তা অনেকাংশে আহসান হাবীবের সচেতন মন্তব্যের ফল।
আরো বলব, সিকান্দার আবু জাফরের কথা, হাসান হাফিজুর রহমানের কথা। একসময়ে হাসানভাই সমকাল অফিসে বসতেন। তিনি আমার কবিতা 'আমরা তামাটে জাতি' পড়ার পর বলছিলেন, তুমি জান না তুমি কি লিখেছ। হাসানভাই অনেক বড় মাপের একজন কবি ও সমালোচক। আমরা তাঁকে এখনো যথাযোগ্য মূল্যায়ন করতে পারিনি।
শওকত ওসমান আমার শিক্ষক ছিলেন। 'আমরা তামাটে জাতি' পড়ে একদিন তিনি বললেন, 'হুদা, তুমি বাংলা কবিতায় এমন একটি পঙক্তি উচ্চারণ করেছো যা কখনো বিস্মৃত হবার নয়'। তাদের এই উৎসাহ আমাকে বড় হতে সাহায্য করেছে।
সৈয়দ আলী আহসানের সাথে আমার হৃদ্যতা ছিল না ততটা। কিন্তু তার নন্দনতত্ত্বের আলোচনায় আমি বিমোহিত ছিলাম। ছন্দ, শব্দ, উপমা, উৎপ্রেক্ষা বিষয়ে তার জ্ঞান ছিল অপরিসীম। র্ফরুখ আহমেদ আমাকে দারুণভাবে প্রভাবিত করেছেন তার ছন্দ সচেতনতা ও প্রতীকনির্ভরতা দিয়ে। এ-রকম শক্তিশালী কবিরা এখন কোথায়?
আবার আবুল হোসেনের কবিতায় আমি দেখেছি আলাপচারিতা। অন্যরকম এক আধুনিক কবি জসীম উদ্দীন লোককথাকে অনেক শক্তিশালী পর্যায়ে নিয়ে গেছেন। তাকে কোনোভাবেই হেলা করা যায় না। আমরা যদি আল মাহমুদের শক্তিমত্তার কথা বলি, তাহলে বলতে হয় জীবনানন্দ এবং জসীমউদ্দীনের কথা। এই দুই কবিকে আত্মস্থ করে আল মাহমুদ আজ এতো বড় হয়েছেন। এটা তাঁর শক্তিমত্তার দিক। তিনি নিঃসন্দেহে বাংলা কবিতার একজন শ্রেষ্ঠ কবি। আমি সম্প্রতি লক্ষ করছি সৈয়দ শামসুল হককে। তাঁর সাহিত্যের নিরপেক্ষ নান্দনিক সমালোচনা দরকার। তিনি ক্রমেই বিশ্বজননীন হয়ে উঠছেন।
জব্বার আল নাঈম : হুদা ভাই, বাংলা সাহিত্যে আপনার ভালো লাগা কয়েকজন কবির নাম বলবেন। যাদেরকে এক সময় বেশি পাঠ করতেন। কিংবা এখনও টানে?
মুহম্মদ নূরুল হুদা : আমাকে বেশি টানে চর্যাপদের কবিদের ভিতর ভুসুকু। আবদুল হাকিমের উচ্চারণও আমাকে টানে। 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' – এই কবিতার স্রষ্টা আমাকে টানে। চণ্ডীদাস আমাকে টানে। ঈশ্বরগুপ্তও আমার প্রিয় কবি। মাইকেল আমার আগাগোড়া প্রিয়তার তালিকায় শীর্ষস্থানীয়। রবীন্দ্রনাথ তো বটেই। আমি রবীন্দ্রনাথ সম্পর্কে বলব, তিনি এমন একজন কবি যিনি বাংলা সাহিত্যকে একাই পাঁচশত বছর এগিয়ে দিয়েছেন। কাজী নজরুল ইসলামকে কেউ কেউ আধুনিক কবি বলতে চায় না। আমি তো বলব তিনি উত্তরাধুনিক কবি। তবে মনের দিক থেকে আমাকে সর্বাধিক গ্রাস করেছেন জীবনানন্দ। এ পর্যন্ত এসে আমি থেমে যেতে পারি। এবং বলতে পারি তাঁরাই আমাকে টেনেছেন আমার শেকড় ধরে।
চল্লিশের দশকের কবিদের কথা তো বললাম। পঞ্চাশের দশকের শামসুর রাহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী প্রমুখ। এছাড়া হাসান হাফিজুর রহমান এবং আবু জাফর ওবায়দুল্লাহ। মনোলীন কাব্যভাষা নির্মাণে আবু জাফর ওবায়দুল্লাহর অবদান অনেক। আর আমার পছন্দের শাণিত এক কবির নাম আজীজুল হক।
আমি বলব, আবু হেনা মোস্তফা কামাল এবং মোহাম্মদ মনিরুজ্জামানও আলোচিত হওয়ার দাবি রাখেন। আর ষাটের দশকে আমার প্রিয় কবির নাম রফিক আজাদ ও আবদুল মান্নান সৈয়দ। আবদুল মান্নান সৈয়দ বাংলা কবিতায় নতুন স্বর সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু তিনি কতটা সফল এখনো অনির্ণীত। তাকে নিয়ে আলোচনা দরকার। তার প্রাজ্ঞতা ছিল। ছিল সমালোচক সত্তা। আর এই জন্য হয়ত কবি হিসাবে যতটা আলোচিত হওয়া উচিত ছিল ততটা হননি।
যাটের দশকে আমার প্রিয় কবিদের মধ্যে শীর্ষে আছে আবুল হাসান। সে আমার বন্ধু। এক সাথে দীর্ঘদিন থেকেছি। পালকের মতো হালকা স্বভাবের পঙ্ক্তি সাজিয়ে হাসান তার কবিতাতে বিশুদ্ধ করে তুলেছে। হাসান আমার কাছে আজো অনন্য।
জব্বার আল নাঈম : ষাটের অন্যান্য কবিদের তুলনায় এখনকার তরুণদের কাছে আবুল হাসান বেশ পঠিত।
মুহম্মদ নূরুল হুদা : আবুল হাসানের কবিতাগুলো মনোলীন কবিতা। বিশ্বের শ্রেষ্ঠ কবিতাগুলোও মনোলীন বটে। তার সঙ্গে দার্শনিকতা এবং সমাজ বাস্তবতা থাকে। একটা মেসেজ থাকে। নান্দনিক ও বাণীময় কবিতাই শ্রেষ্ঠ কবিতা। আবুল হাসানের কবিতায় ঐ জিনিসটা আছে। সাধারণ পাঠকদের জন্য, আবেগময় পাঠকদের জন্য, রোমান্টিক পাঠকদের জন্য এবং তরুণ পাঠকদের জন্য আবুল হাসানের বিকল্প কই?
জব্বার আল নাঈম : হুদা ভাই, কিছুক্ষণ আগে আপনি বলেছেন এখনকার তরুণ কবিরা ছন্দ সচেতন না। আপনি বলেছেন, আহসান হাবীব আপনাকে ছন্দ সচেতন হওয়ার তাগাদা দিয়েছেন। আপনি সাগ্রহে তা সংশোধন করেছেন। কথা হলো, এখন সে রকম সাহিত্য সম্পাদক কারা কারা আছেন? যাদের হাত ধরে তরুণরা শিখবে? অথবা এখনকার সাহিত্য সাময়িকীগুলো কতটা সাহিত্য প্রীতি দেখায়, যে নতুনরা নতুন কিছু শিখবে?
মুহম্মদ নূরুল হুদা : এখনকার বেশির ভাগ সাহিত্য সম্পাদক সাহিত্য সম্পাদনার পরিবর্তে সাহিত্য সংকলন করে থাকেন। আগে একজন হাসান হাফিজুর রহমান বা আবদুল্লাহ আবু সায়ীদ অন্তত মিনিমামটা জানতেন ও বুঝতেন। ছন্দ বুঝতেন, নান্দনিকতা বুঝতেন এবং ভালো খারাপ তফাৎ করতে পারতেন। তারা বড় কবি না ছোট কবি, আমি সে সব জানি না। তবে এটা সত্যি তাদের অনেকেই সাহিত্যের কলা-কৌশলটা ভালো জানতেন। আমাদের বর্তমান সাহিত্যগুলোর সম্পাদকদেরই অধিকাংশই তরুণ। তারাও ক্রমেই কৌশলগুলো রপ্ত করবেন বলে মনে করি। পত্রিকার কাজ হলো যোগ্য সাহিত্য সম্পাদক নিয়োগ দেয়া। আমি নিজেও একটি অনলাইনের সাহিত্য সম্পাদক। ভালো লেখা পাওয়া যেমন কঠিন, তেমনিভাবে ভালো সম্পাদকও দুর্লভ। আমি সবার উদ্দেশ্যে বলব, যেহেতু বাংলাদেশে ভালো সম্পাদকের অভাব, সেহেতু নিজেরটা নিজেকেই সম্পাদনা করতে হবে। সব ধরনের কলা-কৌশল নিজেকেই ভালো করে জানতে হবে। এর নাম স্ব-সম্পাদনা।
জব্বার আল নাঈম : সাহিত্যের মৌলিকতা বা এখনকার সাহিত্য কতটুকু মৌলিক জানাবেন?
মুহম্মদ নূরুল হুদা : প্রাচীন যুগের সাহিত্য ছাড়া আমাদের এখনকার সাহিত্য মৌলিক নয়। মৌলিক সাহিত্য এবং মৌলিক মানুষ বলতে কিছু নেই। সেই আদম থেকে শুরু করে ভালোবাসা, হিংসা এবং যাতনা সবই তো এক। শুধুমাত্র আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে। আগে মানুষ মানুষকে মারত তরবারি দিয়ে, লাঠি দিয়ে। এখন মারে গুলি দিয়ে, প্রযুক্তি দিয়ে। যেমন, বোমা বা মিসাইল দিয়ে। মানুষের বোধগুলো আগের মতো একই রয়ে গেছে। আমাদের যেটা পাল্টেছে তা হল বলার ধরন বা প্রকাশের ধরন। এখন আমরা যারা কবিতা লিখছি তারা কোনো না কোনো টেক্সট পাঠ করছি। আবার, যখন লিখছি কোনো না কোনো কিছু কিন্তু আমাদের প্রভাবিত করছে। আমি লিখতে গিয়ে আমার মতো করে লিখি আর সেটাকে মৌলিক বলি। একালে একেবারে মৌলিক কিছু নেই বলা যায়। আমরা যে মহাকাব্যের কথা বলি সে সবও কিন্তু মৌলিক নয়। প্রাথমিক মহাকাব্য হল, লোকমুখ থেকে শোনা বিভিন্ন কাহিনী একসঙ্গে লিখে দেয়া। আমি বলব, এই আধুনিক কালেও একেবারে মৌলিক কিছু লিখা সম্ভব হচ্ছে না। শুধু যে কোনো বিষয়ে আমি নিজেদের মতো করে নতুন ব্যাখ্যা দাঁড় করাতে পারি মাত্র।
জব্বার আল নাঈম : একজন কবি নতুন শব্দের স্রষ্টা। সংযোজন কিংবা বিয়োজন করে অথবা সম্পূর্ণ নতুন শব্দ এনে তাঁরা সাহিত্যকে সমৃদ্ধ করে। এক্ষেত্রে ডিকশনারি বা অভিধান হয় শব্দের আশ্রয়স্থল। জানতে চাই কবি এবং শব্দ এই দুইয়ের মধ্যে কে কার উপর বেশি নির্ভরশীল?
মুহম্মদ নূরুল হুদা : হ্যাঁ, খুব চতুর প্রশ্ন। এলিয়টের বিখ্যাত উক্তি অনুযায়ী একজন নতুন এবং শক্তিমান কবি তাঁর জাতির ভাষাকে পরিশোধন করতে সক্ষম। তোমাকে যদি ভাষা নবায়ন করতে হয় তাহলে আগের তথা পুরাতন শব্দগুলো জানতেই হবে। থাকতে হবে প্রায়র নলেজ, যেটাকে আমরা পূর্ব-জ্ঞান বলি। সেটার আশ্রয় না নিলে বা ডিকশনারির পুরাতন শব্দগুলো না জানলে নতুন শব্দ কি করে তৈরি করবো ? মানুষ যেটা করে, নিজের সমাজ বাস্তবতায় আগের শব্দগুলোর নতুন একটা ব্যাখ্যা উপস্থাপন করে মাত্র। তেমন নতুন উপস্থাপনাই একজন নতুন কবির কাজ। প্রতিটি শব্দের একাধিক ব্যবহারিক অর্থ থাকতে পারে। 'ঘর' বলতে আমরা বুঝি চার দেয়াল বিশিষ্ট স্থান। আবার ঘর অর্থ আশ্রয়, নিরাপত্তালয়। নীড় অর্থ কি শুধু পাখির বাসা? না। নীড় হলো চোখের মতো আশ্রয়। অর্থাৎ ব্যবহারের ফলে নতুন অভিধা তৈরি হয়। বাংলা একাডেমিতে যে অভিধান আছে সেখানে একটা শব্দের প্রাচীন অর্থ একরকম, মধ্যযুগে আরেক রকম। আবার, বর্তমানে আরেক অর্থ। তারপর প্রত্যেক কবির জন্য আলাদা আলাদা একটা অভিধান হতে পারে। যেমন, নজরুল অভিধান। যেখানে নজরুলের শব্দগুলো অর্থসহ থাকবে। তাই না?
জব্বার আল নাঈম : হুদা ভাই, নজরুল ইসলাম নাকি প্রায় ৩২০০ নতুন শব্দ বাংলা ভাষায় ব্যবহার করেছেন।
মুহম্মদ নূরুল হুদা : হ্যাঁ, করেছেন। তবে সঠিক সংখ্যা আমার জানা নেই। তিনি কোন কোন শব্দ নতুন দিয়েছেন, আবার কোন কোন শব্দের নতুন অর্থ দাঁড় করিয়েছেন। কবিদের কাজ পুরনো শব্দ নতুনভাবে ব্যবহার করে পুরাতনে প্রাণ দেয়া। আবার দেখা যায়, আগের শব্দগুলোকে যুক্ত করে নতুন শব্দকে আলাদা একটা অর্থ দেয়ার চেষ্টা চলে। যেমন, মানুষ একটা শব্দ। মন একটা শব্দ। আমি যদি এক সাথে বলি মনমানুষ তখন আলাদা একটা অর্থ হয়। এটি রূপকার্থ। আমরা বলি, বাংলা কবিতা। আমি সেটা করেছি কবিতাবাংলা। অর্থাৎ যে বাংলা কবিতার মতো সুন্দর তাই কবিতাবাংলা। অর্থাৎ এভাবে শব্দের ব্যতিক্রমী সম্মিলনীর ফলে আমরা নতুন শব্দ পেয়ে যাই।
জব্বার আল নাঈম : আমাদের সাহিত্য সমালোচনা কিংবা সমালোচকদের ব্যাপারে জানতে চাইব?
মুহম্মদ নূরুল হুদা : অমনোযোগী পাঠের কারণে আমরা প্রায়ই বলি, তোমার কবিতাটি দেখেছি। এটা বলি না, তোমার কবিতা পড়েছি। আবার, পড়লেও ঐরকমভাবে পড়ি না। সত্যিকারভাবে যে পাঠ বুঝায় তা নয়। পড়ে বিচার করার মতো ক্ষমতা এবং নিরপেক্ষতা থাকতে হবে প্রত্যেক পাঠকের। আমাদের এখানে নির্মোহ পাঠক এবং সমালোচকের সংখ্যা যথেষ্ট কম। যার ফলে, সত্যিকারের সাহিত্য সমালোচনা হচ্ছে না। সাহিত্যের জন্য চৌকষ সমালোচকের প্রয়োজন। যেমন ছিলেন বুদ্ধদেব বসু। এবং আমাদের সময়ে আবদুল মান্নান সৈয়দ।
জব্বার আল নাঈম : সবশেষে আমাদের সাহিত্যে বিভাজন সম্পর্কে জানতে চাই।
মুহম্মদ নূরুল হুদা : কখনো কখনো সাহিত্যে বিভাজন ভালো। যদি সেটা শৈল্পিক কারণে হয়। যদি বিভাজনের ফলে ভালো কাজ হয়। যদি সেটা প্রাতিষ্ঠানিকতার বিরুদ্ধে বিদ্রোহের কারণে হয়। যদি নতুন কাব্যাদর্শ প্রতিষ্ঠার জন্যে হয়। কিন্তু সেটা যদি হয় তথাকথিত রাজনৈতিক মেরুকরণের জন্য, গোষ্ঠিপ্রীতি বা তদ্রুপ সংকীর্ণ মতাদর্শের জন্যে হয়, তাহলে খুবই দুঃখজনক। সৃষ্টিশীলতার অব্যাহত বিকাশের জন্য সুস্থ প্রতিদ্বন্দ্বিতা চাই, ভারসাম্য চাই, নেতিবাচক বিভাজন চাই না।
