কবি ও সম্রাট
‘জাঁহাপনা জাঁহাপনা, ওরা জেনানা মহলে ঢুকে পড়েছে! বে-আব্রু করছে জেনানাদের!’ হৃতগৌরব মুঘল সাম্রাজ্যের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে ভগ্নদূত। অদ্ভুত এক আর্তনাদ মাথা ঠোকে সম্রাটের পদতলে- যেন কারবালার মাতম ওঠে হানাদারকবলিত সম্রাটের বিপন্ন প্রাসাদে।
‘জাঁহাপনা, ওরা প্রাসাদে ঢুকে পড়েছে। লুটপাট করছে। জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিচ্ছে সব।’ বিপন্ন দ্বাররক্ষীর কণ্ঠে প্রগাঢ় উদ্বেগ। সম্রাট নিরুত্তর। ধ্যানমগ্ন বুদ্ধের মতো নিমীলিত চোখ।
‘জাঁহাপনা, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ! ওরা শাহজাদা মীর্জা মোগলকে খুন করে ফেলেছে! মীর্জা খিজিরও শায়িত রক্তশয্যায়!’ হতবিহ্বল দ্বাররক্ষী। তার শক্তপোক্ত দেহটি দুলছে কর্তিত ঘুড়ির মতো। সম্রাট নিরুত্তর। নিথর শরীর- যেন আজব এ দুনিয়ার সাথে তাঁর ঘুচে গেছে সব লেনদেন।
‘জাঁহাপনা জাঁহাপনা, ওরা জেনানা মহলে ঢুকে পড়েছে! বে-আব্রু করছে জেনানাদের!’ হৃতগৌরব মুঘল সাম্রাজ্যের মতো হুড়মুড় করে ভেঙে পড়ে ভগ্নদূত। অদ্ভুত এক আর্তনাদ মাথা ঠোকে সম্রাটের পদতলে- যেন কারবালার মাতম ওঠে হানাদারকবলিত সম্রাটের বিপন্ন প্রাসাদে।
আরাম কেদারায় শায়িত অশীতিপর সম্রাটের ঠোঁট মৃদু নড়ে ওঠে। তিনি বিড়বিড় করেন: ‘ওয়াক্ত অ্যায়সা নেহি রহে গা!’ দিল্লি থেকে বহু দূরে নির্বাসিত সম্রাটের পরিত্যক্ত সমাধির জীর্ণ প্রাচীরে বসে শতবর্ষী এক পেঁচা আনমনে মাথা নাড়ে।
