২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রতিধ্বনি গল্প পুরস্কার’ পেলেন রোমেল রহমান

এ আয়োজনে গল্প জমা পড়ে ৩ শতাধিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2025, 06:11 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

সাহিত্য, শিল্প ও সংস্কৃতি বিষয়ক জার্নাল ‘প্রতিধ্বনি’ আয়োজিত প্রথম গল্প বিষয়ক পুরস্কার পেয়েছেন লেখক ও গল্পকার রোমেল রহমান।

‘নতুন গল্পের সন্ধানে’ শিরোনামে সম্প্রতি প্রথমবার এ আয়োজন করেছিল ‘প্রতিধ্বনি’।

‘কুরছিয়ানা’ গল্পের জন্য রোমেল রহমানকে পুরস্কার দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে বলা হয়, ‘আদি কথনভঙ্গিতে সামষ্টিক স্বরে লৌকিক বাংলা গদ্যে মানুষের সহজাত প্রকৃতিকে প্রতিকৃত করার নিপুণতার জন্য’ তাকে এ পুরস্কার দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ আয়োজনে গল্প জমা পড়ে ৩ শতাধিক। সংবেদনশীল ইচ্ছা, নিবিড় শৈল্পিক আকাঙ্ক্ষা ও নিরপেক্ষ পদ্ধতিতে বিচারকগণ তিনটি স্তরে নামহীনভাবে গল্পগুলো বেশ কয়েকবার পাঠ করে প্রাক-বাছাইয়ে ১০৭টি গল্প নির্বাচন করেন।

পরে প্রাথমিক বাছাইয়ে ছিল ৫০টি গল্প। সেখান থেকে প্রাক-দীর্ঘ তালিকায় ছিল ২০টি গল্প। চূড়ান্তভাবে দীর্ঘ তালিকার জন্য ১০টি গল্প বাছাই করেন বিচারক। সেই তালিকা থেকে বাছাই করা ৫টি গল্পের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয় গত ২৮ নভেম্বর।

প্রতিধ্বনির সম্পাদক কবি সাখাওয়াত টিপু বলেন, পুরস্কারটি বিশ্বব্যাপী বাংলাদেশী বংশোদ্ভূত বাংলাভাষী লেখকদের জন্য উন্মুক্ত ছিল। পুরস্কারের লক্ষ্য মৌলিক ও সৃজনশীল গল্পকে স্বীকৃতি দেওয়া এবং বাংলা সাহিত্যকে বৈশ্বিক পর্যায়ে তুলে ধরা।

পুরস্কারের চূড়ান্ত বিচারক ছিলেন দ্বিভাষিক লেখক ও সমালোচক পলাশ মাহমুদ।