২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গল্প: নাইট ট্রিপ

আর তখন মন্টু যা দেখল তাতে তার মাথাটা ভনভন করতে লাগলো, গলা শুকিয়ে এলো।

গল্প: নাইট ট্রিপ
Vally of death by Miro Gabriel

আরখান সোহেল আরখান সোহেল

Published : 17 Dec 2024, 06:17 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

এক

রাত দশটার দিকে পুরো ট্রাকটা লোড হয়ে গিয়েছে। পৌষ মাসের নতুন চালের ঘ্রাণে কেমন জানি একটা আলাদা সুবাস আছে। সেই সুবাসে মন্টুর মনটা ভরে  যায়। নতুন চালের ঘ্রাণ মন্টুর কাছে একটা স্বপ্নের মতো। আশৈশব খেয়ে না খেয়ে বড় হয়েছে। গ্রামে মানুষের ক্ষেতে খামারে কাজ করে কিংবা কখনো কখনো চেয়ে চিন্তে তার মা-বাবা মানুষের কাছ থেকে চাল ভিক্ষা করে সবার মুখে দুটা ভাত তুলে দিতো। নিজেদের কোনোদিন  ক্ষেত-খামার ছিল না। কতবার ভেবে ভেবে স্বপ্ন দেখেছে, আহা, নিজেদের যদি কিছু জমিজমা থাকতো!

মন্টু ট্রাকের নতুন হেল্পার। আজ মাস দুই হল তার বর্তমান ওস্তাদ সামসু ড্রাইভার-এর সাথে কাজ করে। ট্রাক নিয়ে এই প্রথমবার মন্টু দিনাজপুর এসেছে। সামসু ঢাকা থেকে বছরে কয়েকবার উত্তরবঙ্গে ট্রাক নিয়ে আসা যাওয়া করে। বিশেষ করে শীতের দিনে ধান চালের মৌসুমে নিয়মিতই এদিকে তার যাতায়াত। এই মুহূর্তে সামসু  ট্রাক-এ বসেই মদ গিলছে। মন্টুকে বলেছে চাল বোঝাই হয়ে গেলে তাকে যেন খবর দেয়। এরই মধ্যে রাইস মিলটির এক কর্মচারী মন্টুকে আর দেরী না করে ট্রাক ছাড়ার তাগাদা দিয়ে যায়।

মন্টু ট্রাকে গিয়ে সামসু ড্রাইভার এর পাশে বসল। বলল –ওস্তাদ, নেন স্টার্ট দেন। অরা তাড়া দিতাছে। মন্টুর তাগাদা পেয়ে সামসু গাড়ি ছাড়ার আগে মদের বোতল থেকে ঢক ঢক করে কয়েক ঢোক মদ গিলে বলল – মন্টু, তুই কয়েক ঘণ্টা ঘুমাইয়া ল। রাজশাহী আইলে আমি তরে কমুনে। তারপর তুই চালাবি সিরাজগঞ্জ তক। মন্টু বলল – ঠিক আছে ওস্তাদ। সাবধানে চালাইয়েন।

রাত সাড়ে দশটার দিকে সামসু ট্রাক স্টার্ট দেয়। সামসুর গাড়ি চালানো দেখে মন্টুর খুব একটা সুবিধা মনে হয় না। মাঝে মাঝে ট্রাকটার স্পীড উঠে যাচ্ছে আবার  মনে হয় হামাগুড়ি দিয়ে চলছে। তার ওস্তাদ মদ একটু বেশিই গেলে। একবার ভাবল সে বলবে সামসুকে বিশ্রাম নিতে আর সে চালাবে। কিন্ত কিছু বলতে মন্টুর সাহস হল না। সামসু মাথা গরম মানুষ। কখন কি বলে বা করে বসে কিছুই বলা যায় না। এই দুই মাসে কম করে হলেও বার চারেক সে সামসুর থাপ্পড় খেয়েছে।  ট্রাকের ঝাঁকুনিতে  মন্টুর ঘুম আসছে। কিন্তু এতো নিশ্চিন্তে সে ঘুমাতে পারবে বলে মনে হয় না। আবার না ঘুমিয়েও তো উপায় নেই। যাই হোক, ভালো মন্দ আল্লাহর হাতে।

কিছুটা রাস্তা চলার পর সামসু জিজ্ঞেস করল – ওই মন্টু?

-    কি ওস্তাদ?

-    ঘুমাইছস?

-    না ওস্তাদ।

-    একটা কথা মনে পরছে রে। কাউরে কইস না। ঠিক আছে?

-    ঠিক আছে ওস্তাদ, কাউরে কমু না।

-    শোন, গত বছর একটা ঘটনা ঘটছিলো, বুঝছস?

-    কি ঘটনা ওস্তাদ?

-    এই রাস্তা ধইরাই রাইতে যাইতে আছিলাম। মোকামতলায় -

-    মোকামতলা কই ওস্তাদ?

-    বগুড়ার আগে। কারে যেন চাপা দিছিলাম। হঠাৎ গাড়ির সামনে আইসা পড়ল।

-    কে চাপা পড়ছিল ওস্তাদ?

-    আরে এতো কিছু কি খেয়াল আছে? গাড়ি টাইনা আইছি, থামাই নাই। তয় মনে হয় এক বেডি আছিল।

-    আহারে।

-    আইচ্ছা, তুই ঘুমা।

ঘটনাটা শুনে মন্টুর মন খারাপ হল। মানুষের জীবন যে কতো অনিশ্চিত আর মূল্যহীন সে রকমের একটা দার্শনিক চিন্তা গ্রাস করলো কয়েক মুহূর্তের জন্য। সামসু গাড়ি চাপা দেবার ঘটনাটা এমনভাবে বলল যেন এটা তেমন কোন খারাপ কিছু না। এটা হতেই পারে। মন্টু একবার ভাবল – আচ্ছা, যখন সে সামসুর মতো ওস্তাদ ড্রাইভার হবে, সেও কি কোন মানুষ চাপা দেবে? এসব ভাবতে একসময় মন্টুর দিনভর কাজে ক্লান্ত শরীরটা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলো।

দুই

    প্রচণ্ড এক ঝাঁকুনিতে মন্টুর ঘুম ভেঙ্গে গেলো। সেই ঝাঁকুনির চোটে তার মাথাটা প্রথমে দ্রুত সামনের দিকে ঝুঁকে পড়ে আবার পরের মুহূর্তেই সিটের পিছনের হেলানে গিয়ে বাড়ি খেলো। চোখ খুলতেই সে বুঝতে পারলো সামসু হার্ড ব্রেক করেছে। চোখ খুলে প্রথমেই সে ডানে সামসুর দিকে তাকাল। সামসু খ্যাক খ্যাক করে উঠে বলল – দ্যাখছস নি বেডির কামডা। এক্কেরে চলন্ত ট্রাকটার সামনে আইসা খাড়াইয়া পড়ছে। এই বলেই জোরে একবার হর্ন বাজাল আর সাথে সাথে হাত দিয়েও রাস্তা ছাড়ার ইঙ্গিত করলো। মন্টু সামনে তাকিয়ে দেখল একজন নারী দাঁড়িয়ে আছে ট্রাকটা থেকে হাত বিশেক সামনে। কিন্তু তাকে দেখতে কেমন জানি লাগছে। মাথাটা পুরোপুরি ঢাকা আর নোয়ানো। সে একরকমের বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। কোন আহত বা পঙ্গু লোক যেভাবে দাঁড়ায় অনেকটা সেরকমের। বারবার হর্ন বাজানোর পরেও তার রাস্তা থেকে সড়ে যাবার কোন লক্ষণ দেখা গেলো না। এবার জানালা থেকে মুখটা বাহিরের দিকে বের করে মন্টু বলল – এই যে, সড়েন। রাস্তার মধ্যে দাড়াইয়েন না। যাইতে দেন। কিন্তু সেই নারীমূর্তি যেভাবে রাস্তার উপর ছিল সেভাবেই থাকলো।

    সামসু যারপরনাই বিরক্ত হয়ে খেঁকিয়ে উঠলো – ওই মন্টু যা, মহিলারে ভাগা। কি যে আজব সব মানুষজন। ওস্তাদের আদেশ পেয়ে মন্টু ট্রাক থেকে নেমে নারীমূর্তির দিকে এগোতে লাগলো। তাকে আসতে দেখে সেই নারীর কোন ভাবান্তর লক্ষ্য করা গেলো না। কিন্তু মন্টু তার একটু কাছাকাছি আসতেই কেন যেন ঘাবড়ে গেলো। একে তো কোন স্বাভাবিক মানুষ বলে মনে হল না তার। একটা গ্রাম্য আটপৌরে শাড়ি গায়ে মহিলার। কিন্তু মাথাটা এতোটাই নোয়ানো যে মনে হচ্ছে কেউ তার গলাটা ভেঙ্গে মাথাটাকে একেবারে বুকের সাথে মিশিয়ে দিয়েছে। মন্টুর মনে হল একটা গাছের ডালকে হাতের মটকায় ভেঙ্গে ফেলেলে যেমন হয় এর অবস্থা ঠিক সেরকমের। তারপর সে পায়ের দিকে তাকাল। মনে হচ্ছে একটা পাও পুরোপুরি অকেজো। হয়তো কোনমতে একপায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে।

    মন্টু খুব সাবধানে আরেকটু এগিয়ে জিজ্ঞেস করলো – এই যে শোনেন। আপনে রাস্তা ছাড়েন। আমাগো তো ট্রাক নিয়া যাইতে হইব। এহানে খাড়াইয়া থাকলে তো চাপা পরবেন। এ কথা বলার পর মনে হল নারীর শরীরটা একটু সরব হল। মাথাটা সে একটু উঁচিয়ে এনে বলল – আবার মারবি আমারে?

আর তখন মন্টু যা দেখল তাতে তার মাথাটা ভনভন করতে লাগলো, গলা শুকিয়ে এলো। দেখল, সেই নারীর একটা থেঁতলে যাওয়া মুখ। সেই মুখ দেখে বোঝার উপায় নেই চেহারাটা একসময় কেমন ছিল। মাথাটা এমনভাবে নোয়ানো যে মনে হচ্ছে তার ঘাড়টা পুরোপুরি উধাও হয়ে গেছে অথবা মাথাটা কোনমতে গলার সাথে ঝুলে আছে। এ দেখে মন্টু আর ওখানে দাঁড়িয়ে থাকতে সাহস করলো না। এক দৌড়ে ট্রাকে উঠে এসে সামসুকে জিজ্ঞেস করলো – ওস্তাদ, এই জাগাটার নাম কি? সামসু বলল – মোকামতলা। মন্টু বলল – ওস্তাদ, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দেন। সামসু ক্ষেপে গিয়ে বলল – ওই হারামি, কি কস? ওই মহিলারে খেদাইদে পারলি না, মহিলা কি পাগল টাগল নাকি? মন্টু বলল – ওস্তাদ, এ তো কোন মানুষ না। মাথাডা পুরা ভচকাইন্না।

    ক্ষেপে গিয়ে সামসু নিজেই ট্রাক থেকে নেমে এসে সেই নারীর দিকে চলল। দেখে মনে হছে সে নিজে গিয়েই তাকে রাস্তা থেকে ছিটকে ফেলে দেবে।

এক মুহূর্ত পরেই মন্টু দেখল- সামসু ঊর্ধ্বশ্বাসে ট্রাকের দিকে ফিরে আসছে। ট্রাক স্টার্ট করাই ছিল।  তারপর এক সেকেন্ড দেরী না করে সেই নারীমূর্তিকে পাশ কাটিয়ে গাড়ির স্পীড বাড়িয়ে দিলো সে। মনে মনে বলল – বাঁচা গেছে। কিন্তু ভীতি ও আতংক এখনও তাদের মধ্যে বাসা বেঁধে আছে।

 মন্টু জিজ্জেস করলো – ওস্তাদ, কি দেখলাম এইডা, এও কি সম্ভব? সামসু বলল- জানি না। পরে চিন্তা করুমনে। মন্টু বলল – ওস্তাদ, গত বছর এক্সিডেন্ট কি এই জায়গাতেই হইছিল?

-    হ ।

-    যে চাপা পরছিল সে কি মহিলা আছিল?

-    মনে তো হয়।

-    এই মহিলাই কি সেই মহিলা?

-    ধুর কি কস? এই সমস্ত ভুত ফুত ফালতু জিনিস।

ঠিক সেই মুহূর্তে আবারও সামসুকে হার্ড ব্রেক করতে হল। সেই সাথে শুধু একটা কথাই তার মুখ থেকে বের হল- অসম্ভব।

মন্টু গাড়ির হেড লাইটের আলোয় পরিষ্কার দেখল – ট্রাক-এর সামনে, সেই নারীমূর্তি, সেই একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এবার একেবারে রাস্তার মাঝখানটায়। তাকে সাইড কাটিয়ে যাবার কোন উপায় নেই। চাপা দিয়ে যাওয়া ছাড়া তাকে পাশ কাটিয়ে যাবার কোন সুযোগ নেই।

মন্টু এবার পুরোপুরি কেঁদে দিলো – ও তো ভুত ছাড়া আর কিছু না ওস্তাদ।

সামসুও এবার সম্পূর্ণ বিধ্বস্ত আর ভয়ার্ত। সে এখন বিশ্বাস করতে শুরু করেছে – গত বছর সে যাকে চাপা দিয়ে মেরেছিল এ তারই আত্মা। কিন্তু একে কিভাবে এখন এড়িয়ে যাওয়া যাবে? কয়েক মিনিট আগেই তাকে পাশ কাটিয়ে এসেছে। এতো তাড়াতাড়ি আবার কিভাবে সে এখানে এলো? এ কি হাওয়ার বেগে চলে? যেখানে ইচ্ছে সেখানেই এসে হাজির হতে পারে? এখন কি আবার তাকে চাপা দিয়ে যাবে সে? কিন্তু এ যদি সত্যই সেই নারীর আত্মা হয় তাহলে তাকে ট্রাক চাপা দিয়ে শেষ করা যাবে? ট্রাক চাপায় আত্মার আর কি হবে? নাকি সে একটু অপেক্ষা করে দেখবে কি হয় দেখার জন্য। এমনও তো হতে পারে রাতে ক্লান্তিতে আর ঘুমের ঘোরে হয়তো তারা দুঃস্বপ্ন দেখছে? কিন্তু তার আর মন্টুর দু’জনের একসাথে একই দুঃস্বপ্ন দেখা কি সম্ভব? আর এটা যদি সতিই হয়, তাহলে তাকে দ্বিতীয়বার চাপা দেবার পরিণতি কি হতে পারে সেটা সে ভাবতে লাগলো। নিশ্চয়ই সেটা ভালো কিছু হবে না। এবার সে কিছুটা অপেক্ষা করে দেখারই সিদ্ধান্ত নিলো। পাশ থেকে পানির বোতল বের করে মুখে এক ঝাঁপটা পানি ছিটিয়ে দিয়ে বোতলটা মন্টুর দিকে এগিয়ে দিলো। মুখে পানির ঝাঁপটায় দুঃস্বপ্ন বিদায় হবে এমন আশায় মন্টুও মুখে পানি ছিটিয়ে নিলো।

কিন্তু দুজনে এবার সামনে তাকিয়ে যা দেখল তাতে তাদের ভীতি আরও বেড়ে গেছে। এবার মনে হচ্ছে সেই মূর্তিটি আরও কাছাকাছি এসে গেছে। ঝুলে পড়া মাথা নিয়ে খোঁড়াতে খোঁড়াতে এখন সে ট্রাকটার দিকে এগিয়ে আসছে। আর মাত্র কয়েক হাত দূরে সে। সে কি ট্রাকটায় উঠে পড়বে? তারপর তাদের ঘাড় মটকে এখানেই তাদের ইহলীলা সাঙ্গ করবে? এটাই কি তাদের জীবনের শেষ কয়েকটা মুহূর্ত? এই কি সব কিছুর শেষ? আর কিছু ভাবার সময় নিলো না সামসু। বাঁচতেই হবে। এই প্রেতাত্মা থেকে বেঁচে ফিরতে হবে। যা হয় হবে। আর হাতে সময় নেই। সামসু, যা করার এখনই কর। এই ভেবে সামসু এক্সিলারেটর-এ সজোরে চাপ দিলো। তারপর সে সেই নারীমূর্তিকে ট্রাক-এর নিচে ফেলে ছুটে চলল ঊর্ধ্বগতিতে। এতো জোরে সে জীবনে কোন ট্রাক চালায়নি। কোনদিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে তার কিছুরই হিসাব নেই। প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই বুঝি সামনে এসে দাঁড়াবে সেই নারীমূর্তি। এই বুঝি এসে গেলো। আরও জোরে এক্সিলারেটর চাপতে লাগলো সে, আরও জোরে।

এভাবে দিগ্বিদিক ঊর্ধ্বগতিতে ছুটে চলার পর, একসময় সামসুর মনে হল ট্রাকটা আর রাস্তায় নেই। কিসের সঙ্গে যেন প্রচণ্ড এক ধাক্কায় ট্রাকটা শূন্যে উঠে গেছে। তারপর, তার আর কিছুই মনে নেই।

তিন

পরদিন, খুব ভোর বেলায়, পথচারিরা রাস্তার পাশে একটা বড় গাছের সাথে দুমড়ে-মুচড়ে যাওয়া একটা ট্রাক দেখতে পায়। ভেতর থেকে ট্রাকের ড্রাইভারের রক্তাক্ত মৃতদেহ আবিস্কার করে তারা। তার গলাটা মাথা থেকে ছিন্ন হয়ে গেছে, মুখটা এমনভাবে থ্যাঁতলানো যে চেহারা চেনার কোন উপায়ই নেই।

আর হেল্পারটা তখনও বেঁচে আছে। হয়তো তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে পারলে সে বাঁচতে পারে।