হুমায়ূন আহমেদ ও তাঁর শিশুসাহিত্য
তবে তিনি কি শুধু বড়দের জন্যই লিখতেন? সমসাময়িক সামাজিক উপন্যাস, মধ্যবিত্তদের টানাপোড়েন, প্রেম-বিরহ, নক্ষত্রবিথীর গল্প, মিসির আলীর রহস্য সমাধান, হিমুর খামখেয়ালী, কিংবা শুভ্রর স্বচ্ছতা, এবং ইতিহাস ইত্যাদির বাইরে গিয়ে আরও একটি বিষয়ে তিনি লিখতেন—তিনি ছোটদের জন্য লিখতেন।
শিশুদের কল্পনার শক্তি যেমন অসীম ঠিক তেমনি পৃথিবীর রহস্যময়তাও অসীম। এই রহস্যময় পৃথিবীতে অনেক কিছুই হতে পারে।
—নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগ, হুমায়ূন আহমেদ
আজ ১৯ জুলাই। জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনে নিজের পরিবার, প্রিয়জন, ও হাজারো ভক্তকে কাঁদিয়ে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। হারিয়ে যান অনন্ত নক্ষত্রবিথীতে। আমাদের জন্য রেখে যান বিভিন্ন গল্প ও উপন্যাস। তাঁর বইয়ের পাতাতেই আমরা এখনো তাঁকে খুঁজে পাই। তাঁর নতুন কোনো বই আর কখনো আসবে না, তাই আমরা পুরোনো সব বই-ই বারবার পড়ি।
নিজের জীবদ্দশায় তিনি কম লেখেন নি। বিভিন্ন বিষয়ে লিখেছেন। বইয়ের পাতায়, নিজের তৈরি চরিত্রদের মাধ্যমে সমাজের অনেক চিত্র তিনি পাঠকদের সামনে তুলে ধরেছেন। তিনি হাসির গল্প লিখেছেন। কান্নার গল্প লিখেছেন। লিখেছেন বৈজ্ঞানিক কল্পকাহিনি। তিনি আমাদেরকে দিয়েছেন হিমু, মিসির আলী ও শুভ্রর মত আইকনিক তিনটি চরিত্র। 'মাতাল হাওয়া', 'মধ্যাহ্ন', 'জোছনা ও জননীর গল্প', 'অপেক্ষা', 'বহুব্রীহি', 'কে কথা কয়', 'কোথাও কেউ নেই', 'আয়নাঘর', 'এপিটাফ', 'প্রিয়তমেষু', 'আজ আমি কোথাও যাব না', 'লীলাবতী', 'নন্দিত নরকে', শঙ্খনীল কারাগার', 'আমার আছে জল', 'শ্রাবণ মেঘের দিন', 'মেঘ বলেছে যাব যাব', কৃষ্ণপক্ষ', 'রোদনভরা এ বসন্ত' প্রভৃতির মত অসাধারণ সব গ্রন্থ তিনি রচনা করেছেন।
তবে তিনি কি শুধু বড়দের জন্যই লিখতেন? সমসাময়িক সামাজিক উপন্যাস, মধ্যবিত্তদের টানাপোড়েন, প্রেম-বিরহ, নক্ষত্রবিথীর গল্প, মিসির আলীর রহস্য সমাধান, হিমুর খামখেয়ালী, কিংবা শুভ্রর স্বচ্ছতা, এবং ইতিহাস ইত্যাদির বাইরে গিয়ে আরও একটি বিষয়ে তিনি লিখতেন—তিনি ছোটদের জন্য লিখতেন। খুব ভালোবেসে তিনি ছোটদের জন্য আলাদা একটি জগৎ তৈরি করেছিলেন। চমৎকার সব শিশু-কিশোর সাহিত্য তিনি রচনা করেছেন। এবং সেসব বইয়ের ভূমিকায় তাঁর লেখা পড়ে জানা যায় যে ছোটদের জন্য লিখতে তিনি ভালোবাসতেন এবং খুব আনন্দ নিয়েই লিখতেন। এবং ছোটদের জন্য তিনি যে বইগুলো লিখেছেন সেগুলো বাংলা শিশু-কিশোর সাহিত্যে এক অসাধারণ সংযোজন।
একটা দেশের শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য বই অসম্ভব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। হুমায়ূন আহমেদ তাঁর অন্যান্য সব লেখার পাশাপাশি এই দিকটিকেও গুরুত্ব দিয়েছিলেন এবং সে জন্যই আজ আমাদের কাছে আছে তাঁর রচনায় ছোটদের হাতে তুলে দেওয়ার মত অসাধারণ সব সহজ, সাবলীল ও চমৎকার কিছু বই।
চলুন দেখে নেয়া যাক শিশু-কিশোরদের জন্য রচিত হুমায়ূন আহমেদের কিছু গ্রন্থ।
১। ছেলেটা: 'ছেলেটা' নামের এই গল্পের ছেলেটার নাম রনি। যার বাবা ও মা দুজনেই তার সৎ বাবা-মা। আমরা সাধারণত দেখি কারো হয়ত বাবা সৎ হয় কিংবা মা সৎ হয় কিন্তু রনির বাবা মা দুজনই সৎ বাবা মা। রনিকে ঘিরেই আবর্তিত হয় এ গল্পের কাহিনি। রনি তার সৎ বাবা-মার সাথে স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিল। মাঝেমধ্যে তাকে নিয়ে একটু কোর্ট-কাচারি হয় কারণ রনির দাদাজান রনিকে নিজের কাছে রাখতে চান। এছাড়া বাকি সব বেশ স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু হঠাৎ রনির জীবনে আসে হাব্বত আলী নামের একজন, যার সাথে রনির আসল বাবার বেশ কিছু মিল পাওয়া যায়। হাব্বত আলীও সেই ছড়া বলে যেটা রনির বাবা বলত। হাব্বত আলীরও রনির বাবার মত একটা লাল চাঁদর আছে। ওহ হ্যাঁ, এই গল্পে কিংবা বলা যায় রনির জীবনে হাব্বত আলী ছাড়াও আরেকজন আছে। নাম তার লুতপা। রনি, হাব্বত আলী, ও লুতপা—খুব সাধারণ একটা গল্প কিন্তু জানি না কেন এই সাধারণ গল্পই এক সময় খুব অসাধারণ হয়ে ওঠে। এই বই আপনাকে ছুঁয়ে যাবে। শুধু ছোটরা না, আমার মত বড়রাও এই বই পড়ে বলবেন, ‘'আহা! কি মিষ্টি একটা বই!” চোখের কোনে পানি জমবে। ছোটদেরকে মায়া কিংবা ভালোবাসা এর কোনোটাই জোর করে শেখানো যায় না। এগুলো শেখাতে হয় খুব সূক্ষ্ণভাবে। হুমায়ূন আহমেদের বইগুলোও তাই করে। পড়ার পর মনে হয় আমি বোধহয় আরেকটু বদলে গেলাম, ভালোর দিকে।
২। নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগ: এই বইটির ফ্ল্যাপে লেখা: “ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের বড় ছেলের নাম নুহাশ। সে যখন খুব ছোট তখন তাকে খুশি করার জন্যে তিনি এই লেখাটা শুরু করেন। রোজ রাতে ঘুমুতে যাবার আগে ছেলেকে কয়েকপাতা করে পড়ে শোনান। নুহাশ একই সঙ্গে আনন্দিত হয় এবং রাগ করে। তাকে নিয়ে একটা উপন্যাস লেখা হচ্ছে এই নিয়ে আনন্দ কিন্তু উপন্যাসের নুহাশ একটি মেয়ে এই কারণে রাগ। মজার ব্যাপার না?”
নুহাশ এবং আলাদিনের আশ্চর্য চেরাগ ভীষণ সুন্দর একটা গল্প—নুহাশ, ও তার আলাদিনের আশ্চর্য চেরাগের গল্প, নুহাশের তার বাবা ও দুজনের একসাথে থাকার গল্প, তাকে নিয়ে তার বাবার অনুস্বার কবিতা লেখার গল্প। ছোট্ট নুহাশের জীবনে একদিন হঠাৎ করেই একটা সমস্যা নেমে আসে। আলাদিনের চেরাগের দৈত্য তার সমস্যা দূর করে। তার জীবন হয় সুন্দর আর ঝলমলে। নুহাশের বাবা তাকে কবিতা শোনায়—
“নুহাশ আব্বুটিং
গোলটা চক্ষুং
হাসটুং করছিং
ফিকফিকিং
হাসটুং দেখং, আদর লাগছিং।
৩. বোতল ভূত: নাম তার হুমায়ূন। খুব দুষ্ট। পড়াশোনায়ও সে তেমন একটা ভালো না। ক্লাসে মোট ৩২ জন আর হুমায়ূনের রোলও ৩২। ওদিকে একই ক্লাসের মুনির খুব চুপচাপ এবং ভালো ছাত্র। হঠাৎ একদিন মুনির হুমায়ূনকে বলে সে ভূত পালবে কিনা? কেউ নাকি মুনিরকে একটা ভূতের বাচ্চা দেবে। সেই ভূতের বাচ্চা আর হুমায়ূন কে নিয়েই ‘'বোতল ভূত’ গল্পটি। বোতল ভূত — সবার সুখ-দুঃখের বন্ধু। কোনো সমস্যায় পড়লেই ওরা দ্বারস্থ হয় বোতল ভূতের। এই বইয়ের উৎসর্গ পত্রে হুমায়ূন আহমেদ লিখেছেন, “আমার মেজো মেয়ে শীলা প্রায়ই এক টুকরা কাগজে তার কোনো এক বান্ধবীর নাম লিখে আমাকে দিয়ে যায় এবং গম্ভীর গলায় বলে, বাবা এর জন্যে তুমি একটা বই লিখবে। এ আমার খুব বন্ধু। শীলার কোনো বন্ধুত্বই দীর্ঘস্থায়ী হয় না। সে আবার এক সময় এসে আমাকে বলে—বই লিখতে হবে না বাবা। আমাদের আড়ি হয়ে গেছে। জন্মের আড়ি। আমার এই বইটি শীলার আড়ি দেয়া এবং না দেয়া সব বান্ধবীদের জন্যে।”
৪. তোমাদের জন্য রূপকথা: হুমায়ূন আহমেদের নিজের ভাষ্যমতেই, ‘তোমাদের জন্য রূপকথা’ কোনো রুপকথার বই নয় বরং রূপকথার উপাদান নিয়ে সেই আদলেই এ কালের গল্প। ‘কানী ডাইনী’, ‘রানী কলাবতী’, ‘বোকা দৈত্য’, ‘মিতুর অসুখ’, ‘'আলাউদ্দিনের চেরাগ’, ‘'বনের রাজা’, ‘'হলুদ পরী’ শিরোনামে মোট সাতটি গল্প নিয়ে ‘'তোমাদের জন্য রূপকথা’ বইটি।
একবার হুমায়ূন আহমেদের বড় মেয়ে নোভা তার বাবাকে বলল যে সে কেন ছোটদের জন্য বই লেখে না। বাবা যদি ছোটদের জন্য বই লিখত তবে তো তাকে আর লুকিয়ে লুকিয়ে বাবার লেখা বড়দের বইগুলো পড়তে হত না। হুমায়ূন আহমেদ ঠিক করলেন তিনি বাচ্চাদের জন্য রূপকথা জাতীয় কিছু লিখবেন। কিন্তু লিখতে বসে দেখেন রূপকথার কোনো গল্পই মাথায় আসছে না। এই রূপকথার গল্প লেখালেখির সময়টাতে হুমায়ূন আহমেদের মেজ মেয়ে জ্বরে পড়লেন। মেয়ে তার বাবার কাছে গল্প শুনতে চাইল। হুমায়ূন আহমেদ গল্প বলা শুরু করলেন। গল্পের বিষয় ‘আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ’। গল্প বলার এক পর্যায়ে গিয়ে তিনি দেখলেন, তার মেয়ে দৈত্যের প্রতি সহানুভূতি প্রকাশ করছে। এবং তখনই তার মনে হল, এরকম গল্পই তিনি লিখতে চান। এবং যেই কথা সেই কাজ। তিনি ‘'আলাউদ্দিনের চেরাগ’ নামের গল্পটি লিখে ফেললেন।
আমরা দেখি যে হুমায়ূন আহমেদের গল্পগুলোতে দৈত্য, ডাইনীদেরকে আমরা ভয় পাই না। তাদের প্রতি আমাদের সহানুভূতি কাজ করে। তিনি হয়ত আমাদেরকে চিরায়ত সেই রূপকথার গল্প উপহার দিতে পারেন নি। তার দেয়া রূপকথার জগতটা একটু ভিন্ন। এমন একট জগৎ যা নিরাপদ, যে জগতে ভালোবাসা আছে, আছে মায়া। যে জগতে শিশুরা বাঁচে নিজেদের মত। তারা স্বপ্ন দেখে। তাদের কল্পনাশক্তি প্রখর। যে জগতে রহস্য আছে এবং সেই রহস্যের উত্তর না মিললেও হতাশা কাজ করে না বরং মনে হয় এমনটাই তো হওয়া উচিত; সব কিছুর উত্তর কেনোই বা থাকবে?
৫. নীল হাতি: ছোটদের জন্য লেখা হুমায়ূন আহমেদের বইগুলোর মধ্যে অন্যতম ও সবচেয়ে বেশি পরিচিত বইটিই বোধ হয় ‘'নীল হাতী’। এবং ‘'নীল হাতী’ ই ছোটদের জন্য লেখা হুমায়ূন আহমেদের প্রথম বই। গল্পের মুখ্য চরিত্র ছোট্ট নীলু। নীলুর জীবনের মজাদার তিনটি অভিজ্ঞতা নিয়েই এই বই। এই বইয়ের আছে তিনটি গল্প। প্রথমটি হল ‘নীল হাতী’’। নীলুর একজন মামা আছে, যে নীলুর জন্মের আগেই আমেরিকাতে পাড়ি জমায়। একদিন নীলু তার মামাকে একটা চিঠি লেখে। চিঠির জবাবে মামা নীলুকে গলায় রূপোর ঘন্টা বাধা নীল রঙের একটা হাতি উপহার পাঠান। দ্বিতীয় গল্পটি হল—'একটি মামদো ভূতের গল্প’। নীলুর জন্মদিনের দিন তার মা অসুস্থ হয়ে হাসপাতালে। সারাদিন নীলুর মন খারাপ। তার এই মন খারাপ দূর করতেই তারা বাসায় অতিথি আসে আর সেই অতিথি নিয়েই তো ‘'মামদো ভূতের গল্প’। এবং এ বইয়ের তিন নম্বর গল্পটি হচ্ছে ‘'আকাশপরী’।
আজিজ চাচা নীলুকে আকাশপরীদের গল্প শোনায়। আর গল্প শুনে শুনে নীলু বিশ্বাস করে যে আকাশপরীরা সত্যিই আছে এবং একদিন তারা নীলুকে দেখা দেবেই। আকাশপরীরা কি আসে নীলুর কাছে?
“আকাশপরী আকাশপরী
কাঁদছে আমার মন
এসো তুমি আমার ঘরে
রইল নিমন্ত্রণ।”
৬. পুতুল: ‘'পুতুল’ হুমায়ূন আহমেদ রচিত অসাধারণ একটা বই। এই বইয়ে, সমবয়সী দুইটি ছেলের জীবনকে পাশাপাশি দেখানো হয়। দুজনের দুরকম জীবন। একজন হল বড়লোক পরিবারের ছেলে পুতুল। দ্বিতীয়জন হল হতদরিদ্র অন্তু। একদিন কাউকে কিছু না বলে পুতুল বাড়ি থেকে বের হয়ে যায়। একটা পার্কে তার সাথে দেখা হয় অন্তুর। এ গল্পটির মাধ্যমে তিনি সমাজের স্তর ও শ্রেণী বিন্যাসের কারণে সৃষ্টি হওয়া একই বয়সী দুটি ছেলের জীবনের মধ্যে যে ব্যবধান সেটা তুলে ধরেন। এবং বাস্তব জীবনটা যে এমনই সেটা আমরা বুঝতে পারি সহজেই। গল্পের খাতির পুতুল ও অন্তুর বন্ধুত্ব হলেও বাস্তবে এরকম কতটা হয় তা আসলে আমরা জানিনা। তানভীর মোকাম্মেলের পরিচালনায় ‘'পুতুল’’ গল্পটি নিয়ে একটি সিনেমাও হয়েছে যার নাম ‘'দূরত্ব’।
৭. একি কাণ্ড: ‘'একি কাণ্ড’ এর মুখ্য চরিত্র টুকুন। যে কিনা কাকদের সাথে কথা বলতে পারে। তবে এ কথা কিন্তু কেউ বিশ্বাস করে না, এমনকি টুকুনের বাবা মাও না। কেউ বিশ্বাস করুক বা না করুক, কাক ও টুকুনের মিতালিতে কোনো বাধা পড়ে না। টুকুনের জন্মদিনে কাক তার জন্য উপহার নিয়ে আসে একটা ঝেং এর বাচ্চা যাকে না দেখা যায় না ছোয়া যায়, শুধু অনুভব করা যায়। আর এই ঝেং এর বাচ্চা নিয়েই চলে নানারকম কাণ্ড আর সেসব কাণ্ড নিয়েই হুমায়ূন আহমেদের এই বই ‘'একি কাণ্ড’।
৮. মজার ভূত: নীল হাতি ও তোমাদের জন্য রূপকথার মত ‘'মজার ভূত’ও বেশ কিছু গল্পের সংকলন। প্রথম গল্পটির নাম ‘'মিরখাইয়ের অটোগ্রাফ’। নীতু বানানো গল্প একেবারেই পছন্দ করে না। নীতুর বড় মামা তাই নীতু সত্যিকারের ভূতের গল্প শোনানো শুরু করে। তবে গল্পটা আসলে ভূতের না। ভূতের বাচ্চা টুতের গল্প। আবার সেই টুত নাকি পরীক্ষায় ফেল করে কান্নাও করছিল। এর পরের গল্পটি হল ‘একটি ভয়ংকর অভিযানের গল্প’ যেখানে মা মশা তার বাচ্চা মশাদের নিয়ে একটি অভিযানে বের হয়। অভিযানের লক্ষ্য হল মানুষের শরীর থেকে এক চুমুকের বেশি রক্ত খাওয়া যাবে না। কিন্তু একজন খেয়ে ফেলল অনেক রক্ত। এখন কি হবে? সর্বনাশ!
এরকম আরোও কিছু মজার মজার ভূতের গল্প নিয়েই হুমায়ূন আহমেদ লিখেছিলেন ‘'মজার ভূত’। ভূত কি শুধু ভয়ের হবে? মজার হলে দোষ কি!
হুমায়ূনের শিশুসাহিত্য অসাধারণ। তিনি শিশুদের মনোজগৎ বুঝতে চেষ্টা করেছেন। শিশু-কিশোর সাহিত্যে তার অবদান অতুলনীয়। তিনি খুব সূক্ষ্ণভাবে এইসব গল্পের মাধ্যমে মানবিকতা, সহমর্মিতা, ভালোবাসার বীজ বপন করে দেন শিশু-কিশোরদের মধ্যে। এখন এই ডিজিটাল প্রযুক্তির যুগে মানুষের মনোযোগ ধরে রাখার সময় নাকি মাত্র কয়েক সেকেন্ড। ছোট-বড় অনেকেই নাকি শুধু ড্রুমস্ক্রলিং করেই দিন কাটিয়ে দেয়। সময় চলে যায় শুধু রিলসের পরে রিলস দেখতে দেখতে। এই সময়টা খুবই সংকটাপন্ন বিশেষ করে শিশু-কিশোরদের জন্য। তাই আমাদের উচিত শিশু-কিশোরদের বইয়ের সাথে পরিচিত করানো যেখানে মনোযোগ দিতে হলে কয়েক সেকেন্ড না, বরং একটু বেশি সময়ই লাগবে। একটু ধৈর্য ধরে পড়ার অভ্যাসটা গড়ে উঠলেই ড্রুমস্ক্রলিংয়ের এই লুপ থেকে বের হওয়া যাবে। খুব চিরায়ত কথা, তবে, এখনো সত্যি যে, বইয়ের থেকে শ্রেষ্ঠ বন্ধু আর নেই, এবং বই বিনোদনের খুবই চমৎকার একটি মাধ্যম। তাই শিশু-কিশোরদের হাতে আমরা বই তুলে দেই। এবং শুরুটা করা যেতে পারে উপরে উল্লেখিত হুমায়ূন আহমেদ রচিত চমৎকার এই বইগুলো দিয়ে। সহজ, সরল এবং কাউকে বই পাঠে অভ্যস্ত করার মত আগ্রহ জাগানিয়া সব গল্প।
