২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘রুদ্রর কবিতা বুঝতে হলে তার গণমুখী রাজনীতিকেও বুঝতে হবে’

সাখাওয়াত টিপু বলেন, “উত্তাল সময়ের সাহসের অনন্য নজির রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2024, 08:27 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কবিতা বুঝতে তার গণমুখী রাজনীতিকে বোঝার সঙ্গে আশি-নব্বই দশকের প্রতিরোধী সাংস্কৃতিক আবহের আলোকে তাকে মূল্যায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম।

বুধবার রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “বেঁচে থাকতে যেমন, অকালপ্রয়াণের পরও তেমনি রুদ্র ঢাকার সাহিত্যজগতের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিগণিত হয়েছেন।”

কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে বাংলা একাডেমি। অনুষ্ঠানে 'নতুন রাজধানীর কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন কবি সাখাওয়াত টিপু।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে ‘স্বল্পায়ুর বহুপ্রজ’ লেখক উল্লেখ করে কবি সাখাওয়াত বলেন, “রুদ্র বেঁচে ছিলেন মাত্র ৩৫ বছর। স্বল্প লেখক-জীবনে তিনি অবিরল লিখেছেন কবিতা, গান, গল্প, নাটক, চিত্রনাট্যসহ নানা ধরনের লেখা।”

কম বয়সে চলে যাওয়ায় রুদ্রর সাহিত্যের পূর্ণ বিকাশ দেখতে পাওয়া যায়নি বলে মনে করেন তিনি। 

সাখাওয়াত টিপু বলেন, “রুদ্র আমাদের কাছে তরুণই রয়ে গেছেন। তিনি আমাদের কাছে প্রৌঢ় নন, চিরতরুণ এক কবি। উত্তাল সময়ের সাহসের অনন্য নজির রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। 

“কবির কাজ মানুষের মনের কথা বলা। তিনি সাহিত্যে সেই কর্মটি করেছেন। মূলত তার ধ্বনি-আশ্রয়ী কবিতা ও গান তাকে গণমানুষের কাছাকাছি নিয়ে গেছে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির সচিব মোহাঃ নায়েব আলী। 

আলোচনায় অংশ নেন কবি মোহন রায়হান এবং রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সুমেল সারাফাত। 

সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। সঞ্চালনা করেন একাডেমির উপপরিচালক সাহেদ মন্তাজ।