মনিজা রহমানের দুটি কবিতা
ভাবছি, এবার সত্যি সত্যি হারিয়ে যাব/ সব কষ্ট ছিঁড়ে ফেলে, সব পিছুটান পকেটে পুরে / সব দুঃখ গচ্ছিত রাখব ব্যাংকের লকারে/ তারপর, ভুলে যাব বাড়ির ঠিকানা, ডিলিট করব ফেসবুক/ ইন্সটাগ্রাম, ফোন আইডি, ইমেইল এবং গুগল একাউন্ট।
একটি হারানো বিজ্ঞপ্তির খসড়া
একটি হারানো বিজ্ঞপ্তির খসড়া আগেই তৈরি ছিল
তাতে কোনো লাভ হয়নি।
বারবার হারিয়ে গিয়েও ফিরে এসেছি নিজ ঘরে
কোনো জিপিএস ছিল না, কেউ খুঁজেও বের করেনি
কিছুতেই মনে করতে পারি না কোন পথে ফিরে এসেছি
আজ পর্যন্ত সে বিজ্ঞপ্তির খসড়া রয়ে গেছে অগোচরে।
ভাবছি, এবার সত্যি সত্যি হারিয়ে যাব
সব কষ্ট ছিঁড়ে ফেলে, সব পিছুটান পকেটে পুরে
সব দুঃখ গচ্ছিত রাখব ব্যাংকের লকারে
তারপর, ভুলে যাব বাড়ির ঠিকানা, ডিলিট করব ফেসবুক
ইন্সটাগ্রাম, ফোন আইডি, ইমেইল এবং গুগল একাউন্ট।
ফটোক্রোমিক সানগ্লাস চোখে বেরিয়ে পড়ব
ঘুরব পথে পথে হেঁটে হেঁটে, পার হব সাঁকো
হাঁটা শেষে পথগুলো গুটিয়ে নিয়ে রেখে দেব
অচেনা কোনো গন্তব্যের ওয়ালেটে।
হারানো বিজ্ঞপ্তির খসড়া খুঁজে পেয়ে
স্বজনেরা ঝুলিয়ে দেবে কার্নিশে কার্নিশে
লেপ্টে দেবে Post No Bills লেখা দেয়ালেও।
সকলের সামনে দিয়ে হেঁটে যাব নিজের খেয়ালে ।
রাস্তার চেনা কুকুর নির্ঘুম চোখে একপলক তাকাবে
বৃষ্টি ভেজা দুপুর জানতে চাইবে, কেমন আছিস রে?
উত্তর না দিয়ে নিজের ছায়া দেখব পুকুরের জলে।
টংএ চা খেতে খেতে হারানো বিজ্ঞপ্তি নিয়ে তুমুল তর্ক
একজন বলবে, দুপুরে দেখেছিলাম পুকুরের পাড়ে
“না না ও তো সে নয়, ওর মত কেউ” বলবে অন্যজন।
একটি সুহৃদ পাখি উড়ে যেতে যেতে ফেলে যাবে সোনালি পালক
ডুবে গিয়েও ভেসে উঠবে ফাতনার মত।
বসে পড়ব গোরস্থানের ঘাসে,
যুগ্ম ঘাসফড়িঙ ঘুরতে থাকবে আমার এলোমেলো চুল ছুঁয়ে
একটি মনভাঙ্গা কবিতা এসে ফিরে যাবে।
মুঠো মুঠো ঘাস ছিঁড়ে আমি উড়িয়ে দেব
বেদনার কনফেটি হয়ে ওরা নেমে আসবে--
খুব দ্রুত ভুলে যাব সব কিছু।
হারানো বিজ্ঞপ্তির খসড়া পড়ে
আমাকে কেউ খুঁজে পাবে না
কারণ, ঠিকানাহীন মানুষ কখনো হারায় না।
নিউইয়র্ক, মে ২০২৫
কবিতা, আমার বিশেষ সন্তান
কে আমাকে গুরুত্ব দিল, কে দিল না
কে আমাকে পিছন থেকে ঈর্ষার তীর ছুঁড়ল,
কে মধ্যরাতের অন্ধকারকে পাথর বানিয়ে ছুঁড়ে দিল
তাতে আমার কিসসু যায় আসে না।
আমি খুব সকালে ঘুম থেকে জেগে শিশির মাখি
ফিরে এসে খেলা করি শব্দ নিয়ে
ব্লাক কফির সাথে শব্দের বোঝা-পড়া চলে
ঘন্টার পর ঘন্টা শব্দ ভাঙি, হামান দিস্তায় গুঁড়া করি
তারপর ডো বানিয়ে কবিতার ভাস্কর্য রচনা করি।
মূলত শব্দই আমার প্রেমিক, আমার স্বপ্নসঙ্গি বাস্তব-সখা
শব্দই আমার দিন, শব্দই রাত, শব্দই পরাবাস্তব।
শব্দের সাথে মিশিয়ে নিই জীবনকে, গুলিয়ে দিই ধূলো-কাদা
শব্দকে ভাসিয়ে দিই বাতাসে, টেনে নিই নিঃশ্বাসে নিঃশব্দে
শব্দেই সব সুখ, সব আনন্দ, শব্দেই যুদ্ধহীন শান্তির সংসার।
আমার কাছে শব্দ মানেই কবিতার রক্তধারা
তাতে যদি তোমাদের ঈর্ষা হয়,
আমার কিসসু যায় আসে না।
একটি কবিতার জন্ম মানে অনেক যন্ত্রণা লাবণ্য,
সেটা কেবল আমারই – তোমরা বুঝতে পারো কি?
আমার কবিতাগুলো মানুষ হয়ে হেসে ওঠে, কেঁদে ফ্যালে
আমার কবিতাগুলো ভালোবাসে, অসূয়ার দূরত্ব রাখে
আমার কবিতাগুলো দাঁড়িয়ে যায়, হেঁটে যায়, ঈর্ষা করে না
আমার কবিতাগুলো পিছনে তাকায়, পিছনকে পিছে ফ্যালে
আমার কবিতাগুলো ধূসর পায়রা, তামাটে কৃষক
আমার কবিতা ধর্ষিতার চোখ, মুক্তিযোদ্ধার মন
আমার কবিতা রূপকথা নয়, রূপকল্প, মধুচন্দ্রিমা
আমার কবিতার জন্ম এলাচির ঘ্রাণে, এলোভেরা শাঁসে
অচেনা প্রান্তরে, অদ্বৈত জ্যোৎস্নায় --
তোমরা জানো না।
কে আমাকে গুরুত্ব দিল, কে দিল না
কে বাতাসে আতসের মত ছড়িয়ে দিল ঈর্ষা
তাতে আমার কিসসু যায় আসে না।
আমার কবিতা আমার বিশেষ সন্তান,
সোনার কাঠি, হীরার আংটি।
