অগ্রজের প্রস্থান: হাকিম, আই লাভ ইউ, ম্যান
শেখ আব্দুল হাকিম চলে গেলেন। গেল বছর এ সময় যখন দেখা হয়, ভাবি নাই সেটাই ২৬ বছর পর পহেলা ও আখেরি হতে যাচ্ছে। পাণ্ডুলিপির জন্য নন্দিপাড়ায় তাঁর মেয়ের বাসায় গিয়েছিলাম, যেখানে তিনি থাকতেন। আদল বজায় আছে তবে, দেখলাম, কাঠামোটা আগের চাইতে নড়বড়ে। নানান অসুখে-বিসুখে বেহাল, বললেন। তাড়া ছিল, বসি নাই বেশিক্ষণ, তবে বিলক্ষণ মালুম হয়েছিল শ্বাস যতক্ষণ আছে, মাথা আর হাতের বিশটা আঙুল আর কম্প্যুটার চলবে। জীবনের কাছে এটুকুই তাঁর আরমান।
এটাই হাকিম। অপরিণত পাপ-এর শেখ আবদুল হাকিম। যে উপন্যাস পড়ে কাজী আনোয়ার হোসেন কেঁদেছেন, একটা অপরাহ্ণ ভাতঘুম হারাম করে অস্থির পায়চারী করেছেন ঘরের ভেতর আর ভেবেছেন এমন যদি লিখতে পারতাম। কথাটা কাজীদার মুখেই শোনা। জহুরি জহর চিনেছিলেন।
একের পর এক রানা লিখেছেন– চরিত্রের স্রষ্টা কাজী আনোয়ার হোসেনের নামে। জেমস হ্যাডলি চেইসের ট্রাস্টেড লাইক আ ফক্স থেকে আবু চৌহানির পাত্তাও তাঁরই লাগানো। সেই চৌহানি যিনি একাত্তরে রেডিওতে মুক্তিবাহিনীর গুষ্টি উদ্ধার করতেন। কিংবা উইলবার স্মিথের আই অভ দ্য টাইগার থেকে রডরিক আর ল্যাম্পনিকেও।
কী হল, হাকিমের সাথে কাজীদার সম্পর্কটা শেষতক টেকে নাই। অথচ একসময় তিনি তাঁর ওপেন হার্ট
সার্জারিতে টাকা দিয়েছেন। জমি কিনে দিচ্ছেন এমন কথাও কানে এসেছিল। বোধকরি বাড়ি করার জন্য
হাওলাতও দিয়েছিলেন একবার। হাকিম তখন মিরপুরে থাকতেন। কাজীদার কাছেই শোনা। প্রথম গোলমালের সূত্রপাতও বোধহয় এর অল্পপরেই। কাজীদা অবশ্যি একজমানায় চাইতেন সেবার সব লেখকের বাড়ি হোক। বলেছিলেন আমাকে। হাকিমের সাথে প্রথম মোলাকাত গত শতকের মধ্য-আটের দশকে। নাম জানলেও, চিনপরিচয় ছিল না। রহস্য পত্রিকা ফের বের বেরোবে, কাজীদার এত্তেলায় সেবায় যেতেই দেখি নিচে অফিসঘরের ঠিক বাইরে, রাস্তার ওপর দাঁড়িয়ে বছর পঁয়ত্রিশের এক যুবক চিমনির মত ধোঁয়া উদগীরণ করছেন। দুবলা গড়ন, তোবড়ানো চোয়াল, মাথাভর্তি চুল। হাই পাওয়ার চশমার লেন্সের পেছনে ঝিলিক মারা এক জোড়া চোখ। কাজীদার সামনে নো স্মোকিং। আমিও দাঁড়িয়ে পড়লাম বুদ্ধির গোড়ায় ধোঁয়ার শাণ দিতে। আলাপ হল যুবকের সাথে। নাম, শেখ আবদুল হাকিম। অ্যাকসেন্টে বুঝলাম ঘটি। আমি নিজের পরিচয় দিলাম। বললেন, অ। বুঝলাম, সিনিয়রিটি মারাচ্ছে। জমবে না। ভুল বুঝেছিলাম। জমে গিয়েছিল। রহস্য পত্রিকায় হাকিম গল্প-উপন্যাসের পাশাপাশি রাজনৈতিক হত্যাকাণ্ড বিভাগটাও দেখতেন। লেখা নিয়ে খটাখটি লাগত। আমার প্রকাশ ভঙ্গি তিনি মানতে পারছেন না। আমিও ইট ইজ মাই ওয়ে অর দ্য হাইওয়ে। মজার ব্যাপার, তিনি এই রেগে কাঁই তো ওই পানি। আমার-টাই রইল, তবে আমিই ঠিক এটা মানলেন না। আমরা বাইরে গিয়ে ফুসফুসে কালি লাগিয়ে এলাম।
একজীবনে হাকিম কম লেখেন নাই। দুই হাতে লিখতে পারতেন। ছাব্বিশ দিনে নামিয়েছেন দুই খণ্ড অগ্নিপুরুষ, ইংরাজি ম্যান অন ফায়ার অবলম্বনে হুমায়ূন আহমেদের "প্রায় মৌলিক" উপন্যাস অমানুষ-এর পাল্টা। আমার কাছে দানবীয় ঠেকেছিল তখন। সেই দিনগুলায় হালজমানার সমবায়ী লেখার চল ছিল না। বাংলাদেশে থ্রিলার সাহিত্যকে হাতে গোনা যে দুই-তিনটা মানুষ ভিত্তি দিয়েছেন তিনি ছিলেন তাঁদের একজন। কাজী আনোয়ার হোসেনকে এক নম্বরে রেখে পরের জায়গাটা হাকিমের। অবাক কাণ্ড, শেখ আবদুল হাকিম সাহিত্যবাজারের পুরুতদের কাছে থেকে উপযুক্ত সমাদর পেলেন না। দেশের সাহিত্যপাড়ায় হাকিমের পাত পড়ে নাই কেন? এমন না যে তিনি এর কাঙাল ছিলেন। কিন্তু তাঁকে তাঁর পাওনাটা না দিয়ে তাঁর সাথে বেইনসাফি করা হয়েছে। এ দেশের সাহিত্য কারবারিদের কাছে হাকিম নিছক থ্রিলার রাইটার, তাও মৌলিক লেখেন নাই। কথা সত্যি। তবে আংশিক।
হাকিমের অপরিণত পাপ মৌলিক উপন্যাস। আর বাংলায়নও করেছেন যেগুলা, বহু "মৌলিক" লেখা সেগুলার কাছেপিঠে পৌঁছয় না। সাবলীল, স্বাদু গদ্য প্রসঙ্গ আনছি না, কেননা সেটা মহা-দরকারি শর্ত না। কখনই ছিল না। ঝামেলা অন্যখানে। থ্রিলার জনরাঁকে নেরুদা, বোর্হেস কি গার্সিয়া মার্কেজ গুরুত্ব দিলে কী হবে, ঢাকার লিখিয়েদের খাসমহলে বেইল নাই। কেন, আলেমুল গায়েব জানেন।
যাহোক, হোয়েন অল সেইড অ্যান্ড ডান, আর্থ টু আর্থ, অ্যাশেজ টু অ্যাশেজ, ডাস্ট টু ডাস্ট। হাকিম জীবনটা একরকম নিজের শর্তে পার করেছেন। কয় জনা পারে? আই লাভ ইউ, ম্যান!
