সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণে ও স্মরণে
সেদিন ইংরেজি বিভাগের সেই ভদ্রলোকের সাথে আমার পরিচয় ছিল মাত্র কয়েক মিনিটের। কিন্তু স্বল্প সময়ে তিনি নিশ্চয়ই আমার মাঝে কোনো নির্ভরতার প্রমাণ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে সুখস্মৃতি হিসেবে ঘটনাটি আমি কখনও ভুলিনি, ভুলবোও না।
প্রাবন্ধিক ও কথাসাহিত্যিক সৈয়স মনজুরুল ইসলাম গেল ১০ই অক্টোবর আমাদের ছেড়ে চলে গেলেন। ১৯৫১ সালে জন্ম নেয়া তিনি ছিলেন আমারই সমবয়সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময়কার ছাত্র এবং পরবর্তীতে সেখানেই শিক্ষক হিসাবে তাঁর সহকর্মী। মৃত্যুর কয়েকদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ার সংবাদের শুরু থেকে মৃত্যুর পরে দেশের সাহিত্যামোদীরা অভূতপূর্ব শুভেচ্ছা জানিয়েছেন ও পরে শোকে মুহ্যমান হয়েছেন। সাম্প্রতিক কালে কোনো সাহিত্যিক তো নয়ই কোনো বাঙালির তিরোধানেও তেমন ভালোবাসার প্রকাশ দেখা যায়নি।
বয়স, ছাত্রত্ব এবং শিক্ষকতার এই অভিন্নতা সত্ত্বেও তাঁর সাথে আমার চাক্ষুষ দেখা হয়েছিল মাত্র দু’বার। কারণ তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের ছাত্র ও শিক্ষক, এবং তাঁর বিচরণ ছিল মূলত কলাভবনে। অন্যদিকে আমি ছিলাম প্রাণরসায়নের ছাত্র ও শিক্ষক, এবং আমার বিচরণ ছিল কার্জন হল ক্যাম্পাসে। প্রভাষক হিসাবে কর্মরত অবস্থায় প্রায় সবগুলো সন্ধ্যা আমি কলাভবনের উল্টোদিকে বিশ্ববিদ্যালয় টিচার্স ক্লাবে কাটাতাম। সেখানে কলা ও বাণিজ্য অনুষদের জুনিয়র-সিনিয়র অনেক শিক্ষকের আনাগোনা থাকলেও সৈয়দ মনজুরুল ইসলাম তাঁদের একজন ছিলেন না। কিন্তু ১৯৭৬ থেকে ৭৮ এর কোনো এক সন্ধ্যায় আমাদের চায়ের টেবিলে অপরিচিত একজন এসে বসলেন। পরিচয় হতে জানলাম তাঁর নাম সৈয়দ মনজুরুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রভাষক।
১৯৭৫ থেকে ৭৮ সাল পর্যন্ত প্রাণরসায়ন বিভাগের অনার্স ক্লাশে ভর্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপে আমাকে অনেকটা নেতৃস্থানীয় ভূমিকা পালন করতে হতো। এর অন্যতম একটি ছিল একই দিন ও সময়ে সাড়ে তিন থেকে চার হাজার পরীক্ষার্থীর সারা বিশ্ববিদ্যালয় জুড়ে পরীক্ষায় বসার ঘর এবং তাঁদের পরীক্ষা পরিচালনার জন্য প্রায় শতাধিক শিক্ষক জোগাড় করা। অত্যন্ত পরিশ্রমের এই কাজটি করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগের চেয়ারম্যান এবং অসংখ্য শিক্ষকের সান্নিধ্যে আসার সৌভাগ্য হয়েছিল। এই সময়টিতে আত্মীয় এবং পরিচিত-অপরিচিত অনেক অভিভাবক থেকে তাঁদের পুত্রকন্যার ভর্তিতে সাহায্যের আবেদন বা সুপারিশও পকেট ভর্তি থাকতো। সবাইকে গত কয়েক বছরের প্রশ্নপত্রের কপি দিয়ে বলতাম মোটামুটি এখান থেকেই প্রশ্ন বাছাই করা হবে। কিন্তু আমার প্রাণরসায়ন বিভাগে পরীক্ষার্থীর নিজের ফলাফলের বাইরে আমি বা আর কেউ কোনো সাহায্য সাহায্য করতে পারবে না। কার্যতও তাইই হতো। বছরের সেই সময়টাতে শিক্ষকদের মাঝে আলাপচারিতায় আমরা ভর্তি সংক্রান্ত অভিজ্ঞতাগুলোই সহভাগ করে নিতাম।
পরিচিত হওয়ার পর এক পর্যায়ে সৈয়দ মনজুরুল ইসলামকে জিজ্ঞেস করলাম, আপনাদের ইংরেজি বিভাগে ভর্তির অবস্থা কি? তিনি পাল্টা প্রশ্ন করলেন কেন, আপনার কোনো ক্যান্ডিডেট আছে নাকি? উত্তরে বললাম, এই সময়ে ক্যান্ডিডেট কার না থাকে, আমারও আছে, কিন্তু সে আপনাদের পরীক্ষায় কী করেছে তা জানা নেই। তিনি বললেন দিন, আপনার ক্যান্ডিডেটের নাম ও রোল নম্বর দিন। অনধিক তিরিশ মিনিটের সেই পরিচয়ে তাঁর সাথে আর কি নিয়ে আলাপ হয়েছিল তা মনে নেই। কিন্তু কয়েকদিন পর সেই ক্যান্ডিডেট থেকে উচ্ছ্বাসপূর্ণ কৃতজ্ঞতার বার্তা পেয়ে ইংরেজি বিভাগে ফোন করেছিলাম। অপরপ্রান্ত থেকে জানালো সৈয়দ মনজুরুল ইসলাম দুদিন আগেই কমনওয়েলথ বৃত্তি নিয়ে বিদেশে চলে গেছেন। আমি হিসাব করে দেখলাম তাঁর বিদেশ যাত্রাটি ছিল আমার সাথে ক্ষণিক পরিচয়ের মাত্র এক সপ্তাহ পরে।
সেই ভর্তির ব্যাপারটি নিয়ে আমি অনেক ভেবেছি। বিজ্ঞান অনুষদে তখন মাত্র পঁয়তাল্লিশটি আসনের জন্য প্রাণরসায়ন বিভাগে ভর্তি হওয়াটা ছিল সবচেয়ে প্রতিযোগিতামূলক। আইন, কলা ও বাণিজ্য অনুষদ মিলিয়ে অর্থনীতি বিভাগের পর সবচেয়ে প্রতিযোগিতামূলক ছিল ইংরেজি বিভাগ। প্রাণরসায়ন বিভাগের অভিজ্ঞতা অনুযায়ী ইংরেজি বিভাগে আমার মতো এক জুনিয়র প্রভাষকের মামুলি তদ্বিরের কোনো মূল্য থাকবে তা কল্পনাও করতে পারিনি। সৈয়দ মনজুরুল ইসলাম যেহেতু নিজ থেকে জিজ্ঞেস করেছিলেন, আমি একজনের কথা বলেছিলাম। আমি নিজেই প্রাণরসায়ন বিভাগে ভর্তি করানোর কয়েকটি বিভাগীয় প্রধান ও সিনিয়র প্রফেসারের আকুল তদ্বির নাকচ করে দিয়েছি! সেদিন ইংরেজি বিভাগের সেই ভদ্রলোকের সাথে আমার পরিচয় ছিল মাত্র কয়েক মিনিটের। কিন্তু স্বল্প সময়ে তিনি নিশ্চয়ই আমার মাঝে কোনো নির্ভরতার প্রমাণ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয় জীবনে সুখস্মৃতি হিসেবে ঘটনাটি আমি কখনও ভুলিনি, ভুলবোও না।
এরপর দীর্ঘ প্রায় সাড়ে চার দশক থেকে আমি প্রবাস জীবন কাটাচ্ছি। সেই কয়েক মিনিটের আলাপচারিতার পর দুজনের মাঝে আর কোনো যোগাযোগাযোগ নেই। পত্রপত্রিকায় জানতে পারি ইংরেজি বিভাগের শিক্ষক সৈয়দ মনজুরুল ইসলাম বাংলাদেশের একজন নন্দিত কথাশিল্পী এবং কলাম লেখক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন। দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকায় তাঁর প্রগতিশীল লেখাগুলো আমার দৃষ্টি এড়ায় না। এর বাইরে কোনো সাহিত্য পত্রিকা বা দৈনিক কাগজে তাঁর মাত্র একটি ছোটগল্প পড়েছিলাম। গল্পের নাম ও বিস্তারিত মনে না থাকলেও মেজাজটি ঠিকই মনে আছে।
যতদূর মনে আছে গল্পটি ছিল বাংলাদেশে নব্য গড়ে ওঠা কর্পোরেট সংস্কৃতিকে উপজীব্য করে লেখা। জোর করে যৌবন ধরে রাখা গল্পের কেতাদুরস্ত প্রধান চরিত্রটি তাঁর সামাজিক-আর্থিক-কর্পোরেট অবস্থানকে কাজে লাগিয়ে এক সুন্দরী-বিদুষী তরুণী সাংবাদিককে খেলিয়ে খেলিয়ে কাছে টানতে চায়। গল্পের এইএখানে কিছুটা ধোঁয়াটে লাগলেও সাফল্যের প্রায় শেষ প্রান্তে এসে সে আবিষ্কার করে যে মেয়েটি বহুবছর আগে তাঁরই তালাকপ্রাপ্ত স্ত্রীর গর্ভে তাঁরই ঔরসজাত সন্তান! এতে তাঁর তাঁর তীব্র অনুশোচনা হয়। গল্পটিকে আপাতদৃষ্টিতে গ্রিক নাটকে মাতা-পুত্র ট্র্যাজেডির বিপরীতে পিতা-কন্যার ট্র্যাজেডিতে পরিণতির আগেই একটি বোধোদয়ের মাঝে শেষ হয়। সেদিক দিয়ে গল্পটিকে সমরেশ বসুর ‘প্রজাপতি’ বা ‘বোধোদয়’ উপন্যাসের সমকক্ষ।
কিন্তু যে বিষয়টি সৈয়দ মনজুরুল ইসলামএর গল্পটিকে আমার ইউনিক মনে হয়েছে তা হচ্ছে গল্পের ধোঁয়াটে অংশটি এবং বাংলাদেশের কর্পোরেট কালচারকে সাহিত্যে যথার্থভাবে ফুটিয়ে তোলা। তখন ধোঁয়াটে মনে হলেও তাতে তিনি যে সম্ভবত পরাবাস্তবতা ফুটিয়ে তুলতে চেয়েছিলেন এখন তাই মনে হয়। এর ওপর নারীর প্রতি পুরুষের আকর্ষণকে গতানুকতার বাইরে গিয়ে পাশ্চাত্যের আধুনিক কলাকৌশল অবলম্বন করা। এই দুটি বিষয়ই আমার সীমিত পাঠ বাংলাদেশের সাহিত্যে বিরল। প্রায় অর্ধশতাব্দী থেকে বাংলাদেশের জীবন, তথা অর্থনীতি মূলত গার্মেন্ট শিল্প ও বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানো বৈদেশিক মূদ্রা-নির্ভর হওয়া সত্ত্যেও এই দুই বিষয়ে বা এই দুই জীবীকার বাস্তব-জীবন নির্ভর কোনো সাহিত্য নির্মাণ হয়েছে বলে শুনিনি বা আমার দৃষ্টিতে আসেনি। এই দৈন্যতা আমরা কবে কাটিয়ে উঠতে পারবো ভাবলে কিনারা পাই না। একইভাবে গার্মেন্ট শিল্প এবং অন্যান্য বাবসা সূত্রে বাংলাদেশে যে নতুন এক কর্পোরেট কালচার গড়ে উঠেছে তারও কোনো নির্ভরযোগ্য প্রতিফলন নিয়ে গল্প-উপন্যাস চোখে পড়েনি। সেই কারণেই সৈয়দ মনজুরুল ইসলামের নাম ভুলে যাওয়া গল্পটির কথা এখনও মনে দাগ কেটে আছে।
এর মাঝে জীবনের শেষ প্রান্তে এসে আমি নিজেও বাংলায় লেখালেখিতে হাত দিয়েছি। ইচ্ছা হলো আমার কিছু লেখা সৈয়দ মনজুরুল ইসলামকে দেখাই। ২০১৭ সালের ডিসেম্বরে দেশে গেলে দুটি বই হাতে নিয়ে তাঁর সাথে দেখা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই। ইংরেজি বিভাগে তিনি তখন সম্ভবত এমেরিটাস অধ্যাপক হিসাবে নিয়োজিত ছিলেন। দুপুর পার হয়েছে। দারোয়ান জানালো তিনি এক্ষণে ঘরে নেই তবে কিছুক্ষণ পরে এলে তাঁর দেখা পেলেও পেতে পারি। আমি হাতের বই দুটো দারোয়ানের হাতে দিয়ে আরেকজনের খোঁজে চলে গেলাম। মিনিট বিশেক পরে ফিরে এলে দারোয়ান বললো তিনি এসেছেন, কিন্তু এখনি বাড়ি চলে যাবেন, আপনি ঘরে যান। ঘরে ঢুকতেই তাঁকে নিজ টেবিলের পাশে দাঁড়ানো অবস্থায় দেখতে পেলাম। পরিচয় দিতেই বললেন ওহ আপনিই বই দিয়ে গেছেন! আমি সেগুলোই দেখছিলাম! চার দশক আগে টিচার্স ক্লাবে আমাদের মিনিট কয়েক আলাপের কথা স্মরণ করিয়ে দিতে বললেন, হ্যাঁ আপনার কথা মনে আছে। কিন্তু ছাত্র ভর্তির কথাটি কিছুই মনে করতে পারলেন না।
বাড়ি যাওয়ার জন্য বেরোতে বেরোতে বইগুলোর জন্য ধন্যবাদ জানালে আমি সময় পেলে সেগুলো পড়তে অনুরোধ করলাম। তিনি বললেন, আমি অবশ্যই পড়বো, সত্যি বলতে কী, আমি ইতোমধ্যেই আপনার ‘অন্যচোখে বাংলাদেশ’ বইয়ের অনেকটা পড়েও ফেলেছি। ভাবছিলাম এতো অল্প সময়ে কেউ কি তা পারে? আমি সন্দেহের চোখে তাকালে বললেন, ইস্তানবুলে বসফরাস প্রণালীর পাড়ে দাঁড়িয়ে আপনি নিজ স্ত্রীর সৌন্দর্য সম্পর্কে যা লিখেছেন সেরকম কোনো লেখক সচরাচর লেখেন না। তাছাড়া বাংলাদেশের অর্থনীতির ইতিবাচক দিকগুলো আপনি যেভাবে তুলে ধরেছেন আমরা কেউ সেভাবে দেখতে পাই না বা চাই না। এই দুটি বিষয় আমার বইয়ের অনেক পৃষ্ঠা দূরে লেখা ছিল। কিন্তু সৈয়দ মনজুরুল ইসলাম সঠিকভাবে সেগুলো মূল্যায়ন করায় আমার মনে কোনোই সন্দেহ রইলো না যে তিনি আমাকে আস্বস্ত করতে গিয়ে মিথ্যা বলছেন না, তিনি পড়েই মন্তব্য করছেন! দরজার বাইরে এসে ঘরে তালা লাগিয়ে বললেন চলুন দুজনে একটা ছবি তুলে রাখি। এক ছাত্রকে ডেকে সেলফোনে ছবি তোলালেন। অনেক পরে তাঁকে খুব কাছ থেকে জানা এক সাহিত্যিক বন্ধুকে আমার এই অভিজ্ঞতাটি জানালে তিনি বলেছিলেন, সৈয়দ মঞ্জুরুল ইসলাম আসলেই খুব দ্রুত পড়তে ও হৃদয়াংগম কররতে পারতেন। সম্প্রতি আরও জানলাম বিদেশে উচ্চশিক্ষা গ্রহণকালে তিনি দ্রুতপঠনের একটি কোর্সও সম্পন্ন করেছিলেন।
চলে আসার পর ইমেইলে যোগাযোগ হয়েছে কয়েকবার। তখন লিখেছিলেন পরস্পরকে সম্বোধন করতে এবার আমরা কি প্রফেসার বা ডক্টর শব্দগুলো ছেঁটে ফেলতে পারি না? তাঁর মৃত্যুর পর অনেকের লেখা থেকে জানতে পারি মানুষকে খুব সহজে আপন করে নেয়ার ক্ষমতা তাঁর ছিল। আমি হয়তো সেই প্রমাণই পেয়েছিলাম। কথা দিয়েছিলেন ওয়াশিংটন ডিসিতে এলে আমার আতিথ্য গ্রহণ করবেন। তা আর হয়ে ওঠেনি। তবে কাকতালীয়ভাবে তাঁর হাত দিয়েই আমার নতুন প্রকাশিত একটি বই ঢাকা থেকে আমেরিকায় এসে পৌঁছেছিল, এবং তাও তিনি নিজে কিনে এনেছিলেন।
তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন রত্ন হারালো, আমি আমি হারালাম স্বল্প পরিচয়ের এক অকৃত্রিম সুহৃদ!
১২ই অক্টোবর, ২০২৫
