গেয়র্গ ট্রাকল: ঈশ্বর তাঁর শান্ত মুখ থেকে নিয়ে নিয়েছেন বিলাপ
নির্জনতা ট্রাকলের কবিতার প্রধান অনুষঙ্গ, কিন্তু কখনো কখনো ‘নিরুক্তি’ তার কবিতায় অধিকতর দৃশ্যমান হয়ে উঠে; প্রকৃতির মধ্যে মানুষ যখন মূক, কথা-ভাষাহীন, সেখানে পাখি ডেকে ওঠে; আর মানুষ যখন কথা বলে, তা হয়ে ওঠে অবরুদ্ধ বিশেষণ কিংবা সীমিত ক্রিয়াবিশেষণ।
একাকীত্বের জীবন যা দুঃখময়, যা নির্জনতায় আপাত শান্ত, কিন্তু অতলে অস্থির, তাই যেন তীব্র কবিতা হয়ে উঠেছে;
নৈঃশব্দ্যের মধ্যে প্রকাশের তীব্র উন্মোচন থাকা সত্ত্বেও এমনই এক যন্ত্রণাময় জীবন তাঁর, অবরুদ্ধ গোলক যেন, যা
কোনোভাবেই যৌক্তিক অনুভবে শব্দকে দেখতে আগ্রহী নয়।
[থমাস ম্যান]
ট্রাকলের কবিতা আমি বুঝি না, কিন্তু তাঁর কবিতার সুরধ্বনি আমাকে আনন্দ দেয়। এটি প্রকৃত প্রতিভারই সুর।
[লুদ্ভেগ ভিটগেনষ্টাইন]
ট্রাকলের কবিতা, আমার কাছে, এক অত্যাশ্চার্য উপস্থিতি… তাঁর সমগ্র কাজ, আমার কাছে, ‘লি-তাই-পে’র
কবিতার মতোই সমান্তরাল এক অনুভবে উদ্ভাসিতঃ পতনের মধ্যেই নিরন্তর উড্ডীনের আকাঙ্ক্ষায় জারিত।
সাহিত্যের ইতিহাসে ট্রাকলের কবিতা ইমেজের মুক্তির নিমিত্তে এক অসামান্য অবদান…
[রাইনার মারিয়া রিলকে]
কবি গেয়র্গ ট্রাকলের জন্ম অষ্ট্রিয়ার সলঝবার্গে, ৩রা ফেব্রুয়ারি, ১৮৮৭ সালে । পিতা, টোবিয়াস ট্রাকল এবং মাতা, মারিয়া হা্লিকের সন্তান তিনি । মারিয়া হালিক ছিলেন টোবিয়াস ট্রাকলের দ্বিতীয় স্ত্রী । গেয়র্গের মাতা এবং পিতা— দুজনেই ছিলেন স্লাভ বংশোদ্ভূত; ট্রাকল পরিবার এসেছিল হাঙ্গেরী থেকে, আর হালিক পরিবার এসেছিল বোহেমিয়া থেকে । যদিও পিতা ছিলেন প্রটেস্টান্ট, কিন্তু মাতা ধর্মীয় বিশ্বাসে ছিলেন রোমান ক্যাথলিক । গেয়র্গ ট্রাকল ক্যাথলিক আস্তিকতায় না হলেও অন্তত খ্রিষ্টিয় ভাবনায় অস্থিত্বমান হয়ে উঠেছিলেন; কিয়ের্কাগার্দের ‘একক ব্যক্তির অস্তিত্ববাদী’ দার্শনিকতায় নয়, বরং দস্তায়েভস্কির ‘পাপিষ্ঠ মানুষের আত্মার যন্ত্রণার’ খ্রিষ্টিয় অনুভবে তিনি নিজের চৈতন্যকে খুঁজে ফিরেছেন। মৃত্যুর আগে, ছোট্ট এক চিরকুটে, ট্রাকল লুদ্ভেগ ভন ফিকারের কাছে জানিয়েছেন, কবিতা মূলতঃ অসম্পূর্ণ এক প্রায়শ্চিত্ত।১ পিতার ধ্মনীতে চেক রক্ত প্রবাহিত হলেও, এবং গভর্নেস মেরীর কারণে শিশুদের মধ্যে ফরাসি ভাষার প্রচার থাকলেও, পরিবারে প্রধানত জার্মান ভাষারই চল ছিল । গেয়র্গের জন্মকালে, রোমান ক্যাথলিকদের শহর, সলঝবার্গের জনসংখ্যা ছিল প্রায় এক লাখ; কিন্তু ভিয়েনার জনসংখ্যা ছিল দশ লাখের অধিক। সলঝবার্গের প্রশস্ত বাড়ি থেকে অদূরে দৃশ্যমান ছিল প্রবহমান নদী সলঁঝাক আর শহরের প্রধান চত্বরসমূহ; আর বাড়িটি ছিল পুরাতন ফার্নিচার, মূল্যবান গ্লাস, এবং সুক্ষ পোর্সিলিনে ঠাঁসা । সলঝবার্গের আঞ্চলিকতা এবং ভিয়েনার নগরসভ্যতা— এই দুই ভূগোলের কোনো ঐশ্বর্যই ট্রা্কলকে গভীরতরভাবে বাঁধতে পারেনি।
প্রথমে, তিনি সলঝবার্গ শহরকে ভালবেসেছেন; কিন্তু পরবর্তীতে তাঁর মনে হয়েছে সলঝবার্গ শহরের মৃত্যু হয়েছে অনেক আগেই এবং সলঝবার্গ যেন এক অভিশপ্ত শহর । ইন্সব্রুকে ফেরার পথে ট্রাকল লিখছেন, ‘মৃত আত্মার মতো আমি পেরিয়ে এসেছি তার করিডোর, এই কালো এক শহর যা আমার মতো অভিশপ্তের অন্তরে ইনফার্নোর মতো পরিব্যাপ্ত ।’ ২ কিন্তু কেন তিনি সন্ন্যাস গ্রহণ করেননি, কিংবা গ্রামে বাস করছেন না, তার উত্তরে তিনি আমাদের জানিয়েছেন, ‘নরক থেকে বের হয়ে আসার কোনো অধিকার আমার নেই।’[২(২৬)] একইভাবে, ভিয়েনাকে তিনি অপরিচ্ছন্ন নগরী হিসেবে চিহ্নিত করেছেন, আর ভিয়েনাবাসীদের মনে হয়েছে বোহিমিয়ান এক সম্প্রদায়; এবং এখানের অনেককেই তিনি জেনেছেন নির্বোধ, বোকা, কুৎসিত হিসেবে, যদিও ১৯১০ সালে, বিংশ শতাব্দীর শুরুতেই, ভিয়েনা ছিল ইউরোপীয় সভ্যতার অন্যতম প্রধান পাদপীঠ, যেভাবে প্যারিস, বার্লিন, এবং লন্ডন হয়ে উঠেছিল তৎকালীন সভ্যতার প্রাণকেন্দ্র । দার্শনিক ভিটগেনষ্টাইনের জন্মস্থান এবং মনোবিজ্ঞানী ফ্রয়েড, ঔপন্যাসিক রবার্ট মুসিল এবং হারম্যান ব্রোচের সাধনার পাদপীঠ ছিল এই ভিয়েনা । প্রখ্যাত কবি এবং নাট্যকার হফম্যান্সথলের বসবাস ছিল এখানে; আর এখানে ছিলেন শিল্পী আরনল্ড শেনবার্গ, এন্তন ওয়েবার্ণ— যারা ছিলেন দ্বিতীয় ভিয়েনা স্কুলের মিউজিক কম্পোজার; আর ট্রাকলের ব্যক্তিগত পরিচয় ছিল লেখক কার্ল ক্রাউস, অভিব্যক্তিবাদী চিত্রকর অস্কার কোকোস্কা এবং স্থপতি এডলফ লুস, প্রমূখের সাথে । এই ভিয়েনাই আশ্রয় দিয়েছিল বিংশ শতাব্দীর সবচে বড় দুই বিপ্লবী, স্তালিন- এবং ট্রটস্কি-কে ১৯০৯ সালে; এই নগরীতেই বাস করে গেছেন ব্যর্থ শিল্পী এডলফ হিটলার, পরে যিনি হয়েছেন নাৎসি জার্মানির মূখপাত্র এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান স্থপতি । ভিয়েনা কিংবা সলঝবার্গ যেমন ট্রাকলকে বাঁধেনি কোনো ভৌগোলিক আত্মিকতায়, তেমনি পারিবারিক আব্হাওয়াও তাঁর স্বাচ্ছন্দ্যের কারণ হয়ে দাঁড়ায়নি, বরং হয়েছে বৈরী— নিরন্তর, জীবনভর।
লৌহ-ইস্পাত ব্যবসায়ী পিতা, টোবিয়াস ট্রাকল পারিবারিক জীবনে ছিলেন প্রায় অদৃশ্যমান, আর মা মারিয়া ট্রাকল পরিবার থেকে অনেকটাই বিযুক্ত হয়ে ছিলেন অন্তর্গত, শীতল; নিজ কক্ষে অন্তরীণ হয়ে থাকতেন দীর্ঘদিন, নিভৃতে ব্যাপৃত থেকে ভালবাসতেন নিজস্ব সংগ্রহের দামী, কারুকর্যময়, শিল্পিত পণ্যের ভাড়ার নিয়ে । মায়ের এই অদ্ভুত আচরণ, মায়ের স্নায়ু বিপর্যয়, এবং আফিম আসক্তি—সবকিছুই গেয়র্গ ট্রাকলের গভীর মনোবেদনার কারণ হয়েছে । লুদ্ভেগ ভন ফিকারের কাছে তিনি তাঁর স্বীকারোক্তিতে জানিয়েছেন, তিনি তাঁর মা’কে নিজ হাতে খুন করতে আগ্রহী হয়েছিলেন অনেকবার। কাফকার পিতা কাফকার চৈতন্য এবং সাহিত্যকর্মে যে প্রভাব রেখেছিলেন, একইভাবে ট্রাকলের মা ট্রাকলকে প্রভাবিত করেছেন—এই সাক্ষ্য দিয়ে গেছেন অটো বেসিল—ট্রাকলের অন্যতম প্রধান জীবনীকার । ৩ দুই নারী— মা, মারিয়া ট্রাকল, যিনি দৃশ্যমান হয়েও ছিলেন প্রায় অদৃশ্যমান এবং সহোদরা, মার্গারেটা (গ্রেটা) ট্রাকল, যার জন্ম হয়েছিল ১৮৯১ সালে, যাকে গেয়র্গ জেনেছেন, ‘পৃথিবীর সবচে’ সুন্দর নারী, সবচে’ মহত্তম পিয়ানো বাদক, এবং সবচে’ অদ্ভুত সত্তা’— এবং গ্রেটা ছিল তাঁর জীবনের নিরন্তর দ্বৈরথ । কার্ল গুস্তাভ ইয়ুঙ বিশেষজ্ঞ এরিখ নয়ইম্যান মনে করেন— ‘মা এবং বোন’ এই দুই সত্তা মানববিশ্বে যে ‘গ্রেট ফেমিনিন’ আর্কিটাইপ নির্মাণ করে, তার আত্তীকরণ, এবং পরিশেষে তার উৎক্রমণের মধ্যেই নিহিত রয়েছে যে কোন সত্তার পূর্ণতর মানব হয়ে ওঠার প্রক্রিয়া; কিন্তু সৃজনশীল সত্তা ‘গ্রেট মাদার’ আর্কিটাইপ আত্তীকরণ এবং তার উৎক্রমণ করেও কখনো কখনো বয়ে নিয়ে বেড়ান ‘এনিমা’ আর্কিটাইপ যা অনেকক্ষেত্রেই হয়ে উঠতে পারে নিজের সহোদরার ছায়া— তার নিষ্পাপ, শান্ত অবয়ব । এরিখ নয়ইম্যান নির্ণয় করেছেন, ট্রাকল এবং গ্রেটার মধ্যে এক ‘সিম্বায়োটিক সখ্যতা’ গড়ে উঠেছিল, যা পরবর্তীতে রীতিবর্হিভূত (ইনসেষ্ট = অজাচার) সম্পর্কের রূপ নিয়েছিল । ঔপন্যাসিক গুস্তাভ ফ্লবেয়ারের ‘মাদাম বোভারী’ উপন্যাস, যা গ্রেটার সংগ্রহে ছিল, সেখানে ট্রাকল উৎকীর্ণ করেছেন, ‘হে আমার প্রিয় দৈত্যী, যে তুমি জেগে উঠেছ আরব্য রজনীর এক হাজার একটি মধুরতম এবং গভীরতম গল্প থেকে । সেই স্মৃতিতে ! গেয়র্গ, সলঝবার্গ, গ্রীষ্ম ১৯০৮।’ ৪ (৪৬৬)] অনুমান করা হয়ে থাকে, ট্রাকল এবং গ্রেটার মধ্যে মধ্যে চিঠির আদান-প্রদান ছিল, কিন্তু তার কোনো অস্তিত্ব নেই; হয়ত তা হারিয়ে গেছে কিংবা ইচ্ছাকৃতভাবে ধ্বংস করা হয়েছে । । ট্রাকলের পাঠক মাত্রই জানেন, গ্রেটার উপস্থিতি তাঁর সমগ্র কবিতা জুড়ে— কখনো দৃশ্যমান তিনি, আবার কখনো এক ছায়ার মতো, যা কবি বয়ে নিয়ে চলেছেন নিজেরই ভিন্নতর এক সত্তা হিসেবে । ট্রাকলের বন্ধু, এবং গ্রেটার স্বল্প সময়ের প্রেমিক—এহার্ড বুশবেক— ট্রাকল এবং গ্রেটার মধ্যে অজাচার নাকচ করে দিয়েছেন; অন্যদিকে, ট্রাকলের জীবনীকার থিয়োডর স্পেরির ৫ জানান দিচ্ছেন, গ্রেটা এবং ট্রাকলের মধ্যে ভাইবোন অতিরিক্ত সম্পর্ক ছিল, যা তৎকালীন সাহিত্যজগৎ থেকে খুব দূরবর্তী বিষয় ছিল না । রয় প্যাস্কাল ৬ জানাচ্ছেন, ‘ট্রাকলের কালে ভাইবোনের রীতিবর্হিভূত সম্পর্ক নিয়ে সাহিত্য অপ্রতুল ছিল না—যেমন, হফম্যান্সস্থালের ‘ইদিপাস এন্ড ফিংক্স’ (১৯০৫); ঔপন্যাসিক থমাস ম্যানের গল্প ‘দ্য ব্লাড অফ দ্য ওয়ালসাং’ (১৯০৫); এবং স্তানিস্ল ছিভিসাভস্কী’র উপন্যাস ‘ডে প্রফুন্ডেস’ (১৯০০); অটো রাংকের বই, ‘দ্য ইনসেষ্ট—থীম ইন লিটারেচার এন্ড লেজেণ্ড’ (১৯১২); ফ্রয়েডের ‘টোটেম এন্ড ট্যাবু’ (১৯১৩) । সঙ্গীতের জগতে জিন সিবেলিয়াসের ‘কুলেরভো’ যা গ্রীক উপাখ্যানের উপরে ভিত্তি করে রচিত, যেখানে অনেক আগে হারিয়ে যাওয়া বোনের সাথে ভাইয়ের যৌনাচারের কাহিনী আছে।’ [২(১৮)] ‘দার্শনিক নীৎশের প্রতি ট্রাকলের গভীর ভালোবাসা, মিউজিক কম্পোজার ভাগনারের প্রতি তাঁর অন্ধ অনুরাগ, এবং ভাগনারের নাটক ‘দ্য ওয়াকিয়র’এ ভাইবোনের মধ্যে রীতিবহির্ভূত সম্পর্ককে দ্ব্যর্থহীনভাবে মহিমান্বিত করার মধ্য দিয়ে ট্রাকল ধ্বংসাত্বক এবং নিয়তিতাড়িত হয়ে উঠেছেন,’ এমনই সাক্ষ্য দিয়ে গেছেন মনোবিজ্ঞানী এরিখ নয়ইম্যান । ৭ এই অজাচার, যা সত্য কিংবা কাল্পনিক যাই হোক না কেন, তা কবি ট্রাকলের কাব্যপ্রতিমার অন্যতম বাহিকাশক্তি হয়ে আছে । ‘প্যাশন’ কবিতায় ‘নীল নিষ্পাপ মানসের’ অবলুপ্তি হলো; এ যেন অনেকটাই খ্রিষ্টিয় চিন্তায় সেই আদিপাপ, কারণ ট্রাকলের কাব্যভাষায় তা ছিলো ‘উন্মাদ প্রজন্মের অন্ধ ভালোবাসা…।’
লালসা আর ঘৃণা তাঁর আত্মাকে করেছে দগ্ধ, কারণ গ্রীষ্মের উদ্বেলিত সবুজের গভীরে সে এক নির্জন শিশুকে করেছে লঙ্ঘন; দীপ্তিময় শিশুর অবয়বে উন্মাদ দেখছে তাঁর আত্মপ্রতিকৃতি, যা এখন রাতের প্রতিচ্ছবি । …ডিনারের টেবিলে মায়ের যন্ত্রণাময় হাতের নীচে শিলায় রূপান্তরিত রুটি; বিষণ্ণতায় প্রস্তরের মতো ভারী বোনের দুই চোখের উন্মদনা ভর করছে তার ভাইয়ের কপালে।
[স্বপ্ন আর উন্মত্ততা, গেয়র্গ ট্রাকল]
গেয়র্গ ট্রাকলের গদ্য কবিতা, ‘স্বপ্ন আর উন্মত্ততা’ যেন তাঁর আত্মজৈবনিক এক লেখা, যেখানে যন্ত্রণাময় এক জীবন যা কবিতা হয়ে উঠেছে। ব্যক্তির আর্কিটাইপ কীভাবে মিথিক আর্কিটাইপ হয়ে উঠে কবিতাকে সম্ভব করে তুলে, তারই নিদর্শন এই কবিতা, যা একইসাথে উদ্ভাসিত করে ট্রাকলের সৃজনীসত্তা ।
ট্রাকলের ছাত্রজীবন অনেকটাই সাদামাটা, যেখানে উল্লেখযোগ্য তেমন কোনো উচ্চারণ নেই । ১৮৯৭ সালে ট্রাকল প্রাদেশিক জিমনেশিয়ামে ভর্তি হন । ১৯০১ সালে পাশ করতে ব্যর্থ এই কবি পুনরায় চতুর্থ বছরের পরীক্ষায় বসেন । জীবনীকার থিয়ডোর স্পোরির, ৫ এবং সেইসূত্রে এরিখ নয়ইম্যানের মাধ্যমে আমরা জেনেছি, আপাত শান্ত হলেও উল্লেখযোগ্যহীন ছিল না তাঁর জীবনের প্রথম পর্ব; কৈশোরে এবং যৌবনের প্রারম্ভে, তিনি ভীত সন্ত্রস্থ হয়ে উঠতেন দ্রুত ধাবমান প্রাণি কিংবা যানবাহন দেখে । একবার তিনি ধাবমান অশ্বের দিকে নিজেকে প্রক্ষিপ্ত করেছিলেন; আরেকবার তিনি দ্রুত গতিশীল ট্রেনের দিকে ঝাঁপিয়ে পড়ে তার গতি অবরুদ্ধ করতে চেয়েছিলেন। আরও করুণ কাহিনি হলো, আট বছর বয়সে তিনি পুকুরের গভীরে হেঁটে গিয়েছিলেন, কিন্তু জলে ভাসমান মাথার হ্যাট দেখে তাঁকে উদ্ধার করা হয়েছিল । এসব নিতান্তই অন্যমনস্কতা নয় কিংবা নয় স্বপ্নের ঘোর, বরং এসবই নির্দেশ করে অনতিক্রম্য এক মানসিক বৈকল্য, যা তাঁর স্বেচ্ছামৃত্যুর আগ পর্যন্ত তাঁকে তাড়িয়ে ফিরেছে । ট্রাকল নিজের সম্পর্কে আমাদের জানিয়েছেন, ‘কুড়ি বছর অব্দি তিনি জল ছাড়া পরাপ্রকৃতির আর কিছুই দেখেননি; শেষাবধি, আমি বেঁচে আছি অর্ধজন্ম নিয়ে ।’ ২ প্রকৃতপ্রস্তাবে, ট্রাকল ফিরে যেতে চান জলের গভীরে, অবচেতনার মাতৃজরায়ুতে, যেখান হতে তিনি বেরিয়ে এসেছেন অর্ধজন্ম নিয়ে । তাঁর শেষ জীবনের কবিতায় তিনি নিষ্পাপ শিশু, কিংবা যে শিশু অনাগত তাই যেন তিনি হতে চেয়েছেন । যৌবনের শুরুতেই তিনি পোশাকপরিচ্ছদে এবং ব্যবহারে ব্যাপক পরিবর্তন নিয়ে আসেন, যেন তিনি ‘সমাজের স্রোতের বিরূদ্ধে এক কবি’— এ যেন তাঁর ক্রমবর্ধ্মান নমনীয়তা আর আত্মগত অবস্থানের বিপ্রতীপে এক রক্ষাকবচ । তাঁর লম্বা চুল, শৌখিন পোশাক, এবং প্রফুল্লময় বচন, এইসব কিছুই যেন দেখায় তাঁর বহিরাঙ্গের ক্রমিক রূপান্তর, কিন্ত মনোজগতে তিনি ভিন্ন গ্রহের বাসিন্দা । কাহিনি আছে, গ্রেটা আর তিনি একসাথে নিজেদের জীবন উপড়ে নিতে চেয়েছিলেন, কিন্তু একদিন যখন তাঁরা একসাথে হাঁটছিলেন, গেয়র্গ এই বিষয়ের অবতারনা করলে, গ্রেটা বিস্ময়ের সুরে বলেছিলেন, ‘কিন্তু আমি যখন তোমার সাথে আছি, তখন এই আত্মহনন সম্ভব নয়।’ ২ (১৮), ৩ (৫৯) ট্রাকল তাঁর অন্তর্গত বিপন্নতার আশ্রয় কবিতার বাইরেও খুঁজে ফিরেছেন ।
ট্রাকলের জুডেনগাস এবং স্টাইনগাসের যৌনপল্লীতে যাতায়ত ছিল, এবং তিনি সেখানে বয়স্ক দেহ পসারিণীদের সাথে সখ্যতা গড়ে তোলেন; সেখানেই এক পড়ন্ত যৌবনের নারীর সান্নিধ্যে তিনি ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন, এবং মদ্যপ হয়ে আত্মগত কথনে হয়ে উঠতেন বিস্তৃত; এই সখ্যতা যেন মায়ের প্রতি ট্রাকলের যে মুগ্ধতা তাকেই যেন তিনি পুনঃপুনঃ খুঁজে ফিরছেন । সময়ান্তরে বিভিন্ন নারীর সাথে সম্পর্ক হলেও, ট্রাকল সারাজীবন তাঁর সত্তার বুদ্বুদ, তাঁর সহোদরাকেই খুঁজে ফিরেছেন । যৌন আসক্তির উন্মেষের সাথে সাথে তিনি মাদকাসক্ত হয়ে উঠেন; সিগারেট দিয়ে এই যাত্রার শুরু; ক্রমান্বয়ে, সেই মাদকাসক্তি উন্নীত হয়েছে আফিমে, আরও পরে ক্লোরোফর্মে। ট্রাকলের এই মাদকাসক্তি নিতান্ত তাঁর নিজস্ব নয়, বরং পরিবারের অন্য সদস্যদের মধ্যেও লক্ষ্যনীয় । অত্যধিক কোকেন সেবনের ফলে যদিও এই কবির জীবনের পরিসমাপ্তি ঘটেছে, কিন্তু তাঁর আভাস উপুর্যপরি প্রতিবিম্বিত হয়েছে অনেক আগেই; একবার, ট্রাকলের নিস্তেজ দেহ নিজ ঘরের সোফায় পড়েছিল; অন্য এক ঘটনায়, ক্যাপুজিনেবার্গ শহরের বরফাচ্ছাদিত পথে মাতাল তিনি হিমশীতল হয়ে পড়েছিলেন সারারাত; এই অভিজ্ঞতা নিয়ে আছে তাঁর অসামান্য কবিতা, ‘শীতের রাত’ । স্কুলের সহপাঠী এক বন্ধু—কার্ল ভন কালমার-কে লিখেছেনঃ
খুবই খারাপভাবে আরম্ভ হয়েছে আমার ছুটির দিনগুলো । গত আটদিন যাবৎ অসুস্থ হয়ে গভীর মানসিক বিপর্যয়ের মধ্যে আছি আমি । শুরুতেই অনেক খেটেছি, ভীষণ পরিশ্রম করেছি আমি । স্নায়ু বিপর্যয় থেকে রক্ষা করার জন্য আমি আবার ক্লোরোফর্মের শরণাপন্ন হয়েছি; কিন্তু এর প্বার্শপ্রতিক্রিয়া ভয়ানক । আমি ভুগছি আটদিন ধরে; আমার স্নায়ু ছিন্নভিন্ন । কিন্তু, এই পথে সত্তাকে শান্ত করার জন্য আর প্ররোচিত করতে চাই না নিজেকে, কারণ আমার বিপর্যয় আসন্ন । [২(১৯), ৪(৪৬৯)]
ছোটবেলা থেকে মানসিক বৈকল্যে ভুগেছেন ট্রাকল; এর সাথে যুক্ত হয়েছে মায়ের নির্লিপ্ততা, আপন সহোদরার সাথে (মতান্তরে) যৌনাচার, এবং তার থেকে উদ্ভুত পাপবোধ, কিংবা ‘স্রোতের বিরুদ্ধে’ কবিদের —যেমন, শার্ল বোদলেয়র, জেহদ দ্যু নেহভালসহ রয়েছেন আরও অনেকে, যাঁদের অন্ধ অনুকরণ, ইত্যাদি তাঁকে নিয়ে গেছে এক উদ্ভ্রান্তির জগতে, জীবন এবং মৃত্যুর মাঝে যে গিরিখাত তাই যেন তিনি ক্রমাগত অতিক্রম করে চলেছেন । সাইকোট্রপিক ড্রাগ, যা তিনি মানসিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য গ্রহণ করেছেন, তাই তাঁর স্কিজোফ্রেনিক উপসর্গকে আরও উসকে দিয়েছে । মাদকাসক্তি, ছাত্রজীবনে ব্যর্থতা তাঁকে আরও অসুখী করে তোলে । নীৎশে’র, ‘টোয়াইলাইট অফ দ্য অ্যাইডলস,’ তৎকালীন জার্মান শিক্ষাব্যবস্থার প্রতি কটাক্ষ হেনেছে, তাকেই স্তেফান জোয়েইগ তাঁর, ‘দ্য ওয়ার্লড অফ ইয়েষ্টারডে’ বইটিতে ভিয়েনার জবরদস্তিমূলক শিক্ষাপদ্ধতিকে যাঁতাকল বলে আখ্যায়িত করেছেন । সপ্তম বছরের পরীক্ষায় ব্যর্থ হয়ে সেপ্টেম্বর, ১৯০৫ সালে ট্রাকল জিমনেসিয়াম স্কুল থেকে চিরতরে বিদায় নিয়ে প্রাক্টিকাল ফার্মেসীতে শিক্ষানবিশি গ্রহণ করেন, সলঝবার্গের ‘হোয়াইট এঞ্জেল’ ফার্মেসীতে।
জীবিকার তাগিদ থেকে কবিতা প্রকাশের আকাঙ্ক্ষাও জারিত হয়েছে তাঁর মধ্যে; সেইকারণে তিনি যোগ দিয়েছেন ‘এপেলো’ নামক এক সাহিত্য সংগঠনে, পরবর্তীতে তার নাম হয়েছে, ‘মিনার্ভা,’ যেখানে প্রতিমাসে সাহিত্যিকরা জড়ো হয়ে তাদের লেখা পাঠ করেন এবং সাহিত্য নিয়ে আলোচনা করেন । ১৯০৬ সালে তাঁর ছোট্ট চারটি গদ্য প্রকাশিত হয় সলঝবার্গের দুইটি দৈনিকের সাহিত্য পাতায় । ট্রাকলের লেখা দুইটি নাটক, এখন যার কোনো লিখিতরূপ নেই, মঞ্চস্থ হয়েছিল সলঝবার্গের সিটি থিয়েটারে । উনিশ শতকের ফরাসি এবং রুশ উপন্যাসের প্রতি তাঁর তুমুল আগ্রহ ছিল, এবং রুশ উপন্যাস তাঁর জন্য হয়ে উঠেছিল আধ্যাত্মিক অনুসন্ধানের উপায়; সেই কারণে, তিনি দস্তায়েভস্কির সমগ্র কিনেছেন । বোদলেয়র, ভার্লেইন, এবং র্যাবোঁর —প্রমূখ প্রতীকবাদী ফরাসী কবিদের তিনি পাঠক হয়ে উঠেছেন । তিনি ভালবেসেছেন ইবসেন এবং বিয়োর্নসনের নাটক; পড়েছেন দার্শনিক নীৎশে এবং কিয়ের্কাগার্দের দর্শনচিন্তা; কিন্তু কিয়ের্কাগার্দের চিন্তা নয়, বরং অনুভবের পূর্ণতায় পূর্ণ দস্তয়োভস্কির খ্রিষ্টিয় অনুভব তাঁকে বেশী আচ্ছন্ন করেছিল । ট্রাকলের নিজের সংগ্রহে ছিল রিলকে, হফম্যান্সথল, ওয়াইল্ডের কবিতার বই; লেনাঊ, হোল্ডারলীন, নোভালিস—এইসব জার্মান কবিদের তিনি পড়েছেন; হুইটম্যান তাঁর চৈতন্যের প্রতিবিম্ব না হলেও, তাঁকেও তিনি পাঠ করেছেন । তিনি নিজেকে জ্বরতপ্ত রোম্যান্টিক ভেবেছেন; অনুভবে নিজেকে অন্য সকলের থেকে নিজেকে পৃথক সত্তা হিসেবে চিহ্নিত করেছেন; তিনি অভিব্যক্তিবাদী কবি হয়ে উঠেছেন । অনুক্ষণ সজ্ঞান হয়ে থাকা তাঁর কাছে অসম্ভব মনে হয়েছে, তেমনি কবিতায় ভাষার লজিককে তিনি মেনে নিতে পারেননি, এবং এই সার্বক্ষণিক সজ্ঞানতা হতে পারে অন্য প্রাণির, মানুষের নয় বলে ভেবে নিয়েছেন; এই কারণেই কবিতায় তিনি ইমেজিষ্ট হয়ে উঠেছেন এবং তিনি হারমোয়োনি ভন রেটেনবার্গকে এক চিঠিতে লিখেছেনঃ
আমি আমার মধ্যে ভয়ঙ্কর সম্ভাবনা অনুভব করেছি; তার গন্ধ এবং স্বাদ আস্বাদন করেছি, এবং আমি আমার রক্তের মধ্যে পিশাচের চিৎকার শুনেছি, এবং হাজার শয়তান তাদের বল্লম দিয়ে আমার শরীরকে ক্ষতবিক্ষত করেছে । কী ভয়ংকর এক দুঃস্বপ্ন । [চিঠি, অক্টোবর ৫, ১৯০৮]
ট্রাকলের কবিতা চিন্তার ধারাবাহিকতায় নয়, বরং আপাত অসংলগ্ন ইমেজের মধ্য দিয়ে রূপকের অন্তহীন প্রবাহে ঋদ্ধ, যা পারম্পর্যহীন স্বপ্নকেই উস্কে দেয় মাত্র ! ট্রাকল, মালার্মের মতোই, প্রচলিত ভাষার সীমাবদ্ধতাকে অনুভব করেছেন; ড্রিম-ল্যাঙ্গুয়েজ এবং স্কিজোফ্রিনিক ল্যাঙ্গুয়েজ তাঁর পরিণিত কবিতার বৈশিষ্ট্য হয়ে উঠেছে । ট্রাকলের কবিতা শুরু হয় নির্জনতার মধ্য দিয়ে ; প্রায় প্রতিটি সাহিত্য সমালোচক অবাক হয়ে দেখেছেন ট্রাকলের কবিতায় আশ্চর্যরকম নিঃশব্দতা এবং শূণ্যতা । ট্রাকলের সৃজনশীলকাল ছিল নিতান্তই ছয় বছরের, অনেকটাই কীটসের মতো সংক্ষিপ্ত । মাত্র সাতাশ বছরে মারা যাবেন এই কবি অতিরিক্ত কোকেন সেবনের ফলে, কিন্তু মৃত্যুর আগে অন্তিমপ্রায় কবিতায় তিনি যেন আত্মপ্রতিকৃতি উৎকীর্ণ করে যাবেন এই বাক্যত্রয়ে —"…দেখ, এক ভীরু নৌকা ডুবে যায়/ নক্ষত্রসমূহের নীচে/ রাতের নীরব অবয়ব ।” [বিলাপ, গেয়র্ক ট্রাকল] এই সেই কবিতা যেখানে মুখরসত্তা, যা ভাষার মধ্যে ব্যাপ্ত, অবলোকন করে চলছে তার অনুচ্চ-সত্তাকে; এ-যেন মহাবিশ্বের সেই অবস্থান, যখন রাত গভীর, যখন কিছুই প্রকাশিত নয়, যখন ভাষার মধ্যে দিয়ে আমরা মুখর হয়ে উঠতে পারিনি । নীরবতা তো মৃত্যুরই সমাঙ্গ, আর ভাষা হলো যৌনতার, মুখরতার, এবং পরিব্যাপ্তির । অন্যার্থে, ট্রাকলের কবিতা প্রচলিত লজিকের অনুবর্তী নয়, বরং ভাষার পশ্চাতে মনোজগতের যে উৎসারণ থাকে, যা শুধুমাত্র শব্দচিন্তার মধ্যেই বাহিত নয়, বরং তা তাঁর কবিতা পরিক্রমায় হয়ে উঠেছে স্বপ্ন এবং স্কিৎজোফ্রেনিয়ার এক জগৎ, যা সাধারণ বুদ্ধির অগম্য !
সাহিত্য সমালোচকরা ট্রাকলের এই সৃষ্টিশীল সময়কে চারটি স্তরে বিন্যস্ত করেছেনঃ [এক] [সোনার পানপাত্র (= আউস গল্ডেনেম কেছ) (১৯০৯)]; [দুই] [কবিতাগুচ্ছ (=জিডিষ্ঠা) ১৯১০-১৯১২]; [তিন] [স্বপ্ন গভীরে সেবাস্তিয়ান (= জিবাষ্ঠিয়ান ইম থম) ১৯১২- ফেব্রুয়ারি ১৯১৪]; [চার] [চুল্লি (= দে বাইনা) মার্চ-অক্টোবর ১৯১৪] [২(৪৫)]
প্রথম পর্বে, ট্রাকল সাইত্রিশটি কবিতা লিখেছেন, যার দুটি ব্যতীত সব কবিতাই অন্ত্যমিলে (কোয়াট্রেইন) ছন্দোবদ্ধ, যার মধ্যে ছ্য়টি সনেট, যেখানে বোদলেয়রের, ‘লে ফ্ল দ্যু ম্যাল’এর প্রভাবকে অস্বীকার করার উপায় নেই; যেমন, আমরা ট্রাকলের কবিতায় দেখছি তার অনেক নমুনাঃ ‘অসুস্থ ফুল’, ‘বিষাক্ত ফুল’, ‘প্লেগ-আক্রান্ত ফুল,’ ইত্যাদি। নীৎশীয় লিরিক্যাল ‘আমি’ ‘যে আছে চিরন্তন আসা-যাওয়ার মধ্যে’ তা যেন ট্রাকলের কবিতায় উদ্দীপ্ত হয়েছে এইভাবে, ‘আমার সত্তার অন্ধকারাচ্ছন্ন দর্পণে’; একইভাবে ক্রুশবিদ্ধ যীশুর ইমেজ ‘ক্ষত থেকে রক্ত ঝরে অবিরল’ রোমান্টিক কবির আদলে ট্রাকলকে বাঁধে। প্রথম পর্বের এই কবিতার মধ্যেই তিনি নিজেকে কবিতার মুক্তিদাতা হিসেবে খুঁজে ফিরেছেন; তাঁর ‘তিনটি স্বপ্ন’ কবিতায় ‘ভগ্ন বীণা’ নিজের সত্তারই একটি রূপ যা দিয়ে তিনি কবিতার প্রচলিত ধারাকে ভাঙতে চান; যেমন, ‘আমি দেখেছি ঈশ্বর রাতকে অতিক্রম করে চলেছেন/ সবচেয়ে পবিত্র বীণা অসহায় হয়ে ভেঙে পড়ছে।’ [২(৪৬)]
দ্বিতীয় পর্বে, যা ‘জিডিষ্ঠা’ অর্থাৎ, ‘কবিতা’ নামে সংগৃহীত হয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে উনপঞ্চাশটি কবিতা, যার মধ্যে রয়েছে পাঁচটি সনেট; সাতটি ব্যতীত অন্যসব কবিতা এখানেও অন্ত্যমিলে ছন্দোবদ্ধ । [২(৪৬)] সাহিত্য সমালোচকরা এই দুই পর্বের মধ্যে ভিন্নতা অনুসন্ধান করতে গিয়ে দেখিয়েছেন কীভাবে প্রথম পর্বে কবিতার শেষ স্তবক সংক্ষিপ্ত এবং বৃত্তাকারে আবর্তিত বয়ে চলেছে। মেরী জানুস কারিকের [৮] মতে, ‘ছন্দ এবং মিল কবিতার উপরিকাঠামো মাত্র, এবং ট্রাকলের ক্ষেত্রে এই উপরিকাঠামো হয়ে উঠেছে পলায়নের এক প্রক্রিয়া, যা তাঁর উদ্বেগকে শান্ত করে রাখে, যা অনেকটাই ড্রাগের মতো; আরও যা জরুরী হয়ে ওঠে তা হলো এটি বাস্তবের একটি দিককে শান্ত, অবদমিত করে রাখে, কিংবা সেই বাস্তবতাকে নাকচ করে দেয় ।’ ট্রাকলের কবিতায় শব্দ এবং বিষয়ের পুনরাবৃত্তি যা ফ্রয়েডের চিন্তাকে অনুসরণ করে বলা যায়, তাঁর জীবনে মায়ের অনুপস্থিতি কিংবা তাঁর নিঃস্পৃহতা, এবং সহোদরা, যিনি কিনা অধরা এক সত্তা, সেই বেদনাকে তিনি এইভাবে পুষিয়ে নিতে চেয়েছিলেন । বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা বস্তুকে পাশাপাশি জড়ো করে কবিতা নির্মাণ প্রক্রিয়া, যা একার্থে স্কিজোফ্রেনিয়া্র লক্ষণ, যা তিনি অতি অল্প বয়স থেকেই যে আক্রান্ত হয়েছিলেন তাকেই যেন তা চিহ্নিত করে ।
তৃতীয় পর্বে, [২(৪৭)] তিনি ফ্রি ভার্সের দিকে ঝুঁকে পড়েছেন, কারণ ‘স্বপ্ন গভীরে সেবাস্তিয়ান,’এই পর্বে পঞ্চাশটি কবিতার মধ্যে শুধুমাত্র সাতটি কবিতা ব্যতীত অন্যসব কবিতা ছন্দে আবর্তিত হয়েছে । এই পর্যায়ে হোল্ডারলিনের ছায়া পড়ছে তাঁর কবিতায়; আরও সহজ কথায়, হোল্ডারলিনের কোনো কোনো বাক্য সোজা ঢুকে পরেছে তাঁর কবিতায়, যার সাক্ষ্য আছে ‘সেবাস্তিয়ান ড্রিমিং’ এবং ‘সঙ অফ দ্য ডিপার্টেড’ কবিতায় । আর যা আমরা দেখি তা হলো নির্জন প্রান্তরে কিংবা পাহাড়ি পরিবেশে যে সত্তার আবির্ভব ঘটে তা’ যেন অনেকটাই অলীক, পরিবেশের সাথে সাজুয্যহীন সত্তা, যেমন—‘হাঁটছে যে জন’, ‘তাকিয়ে আছে যে জন’, ‘যে চলে গেছে’, ‘যে জন ভ্রাম্যমাণ’ ইত্যাদি ।
চতুর্থ পর্ব, যা তাঁর চূড়ান্ত পর্ব [২(৪৭)] যেখানে কবিতা ‘চুল্লি’ নামে গ্রন্থিত হয়েছে, যেখানে চৌদ্দটি কবিতার মধ্যে মাত্র দুইটি কবিতা ছন্দোবদ্ধ । ‘দে বাইনা’ হলো লুদ্ভেগ ভন ফিকার সম্পাদিত সাহিত্য সাময়িকী, যেখানে তাঁর শেষ জীবনের সব কবিতাই স্থান পেয়েছে । এই স্তরে কবিতার গতির অভিমুখ যেন পতনেই সিদ্ধ, হোক তা মানুষের কিংবা বস্তুপুঞ্জের কিংবা এই নশ্বর জগতের; হতে পারে তার গতিমুখ লম্বিক কিংবা আনুভূমিক । ‘নুয়ে পড়েছে যে মাথা’ কিংবা ‘সন্ধ্যা’ কিংবা ‘সন্ধ্যা সমাগত’ কিংবা ‘হেমন্ত’ ইত্যাদি ট্রাকলের কবিতার এক বিশেষ তাৎপর্য নিয়ে আসে । জার্মান কবি হফম্যানস্থল, রিলকে, প্রমূখের কবিতায় হেমন্তের নশ্বরতা গভীরভাবে পরিব্যাপ্ত, যা প্রকৃতির মধ্যে দৃশ্যমান হয়ে সাংস্কৃতিক পরিমণ্ডলে ব্যাপ্ত, তাকেই যেন ট্রাকল নিজের জেনেটিক কোডের পোশাকে আবৃত করেছেন ।
কবিতা লিখতে গিয়েই ট্রাকল ভাষার অন্তর্নিহিত লজিকের সীমাবদ্ধতাকে অনুভব করেছেন, এবং প্রচলিত লজিক তাঁর অভিপ্রীত কবিতার বিরোধী বলে তাঁর কাছে প্রতীয়মান হয়েছে; এবং এই কারণেই তিনি ভাষার প্রান্তসীমাকে অতিক্রম করতে চেয়েছেন । ট্রাকলের কবিতা শুরু হয় নির্জনতার মধ্য দিয়ে ; প্রতিটি সাহিত্য সমালোচক অবাক হয়ে দেখেছেন ট্রাকলের কবিতায় আশ্চর্যরকমভাবে উপস্থিত থাকে নিঃশব্দতা এবং শূণ্যতা । রিলকে তাঁর কবিতা (হেলিয়ান) পড়তে গিয়ে অনুভব করেছেন, ‘কীভাবে তাঁর কবিতা যতিচিহ্নের উপরে ভর করে দাঁড়িয়ে আছে; কীভাবে অপ্রতুল শব্দভাণ্ডার দিয়ে নির্মিত কবিতা, শূন্যতাকে ভর করে, হয়ে ওঠে দিগন্তবিস্তারী ।’ একইভাবে, দার্শনিক ভিটগেনষ্টাইন ট্রাকলের কবিতা পড়ে সাক্ষ্য দিয়ে গেছেন, ‘আমি তাঁর কবিতা বুঝি না, তবে তাঁর কবিতার সুরধ্বনি আমাকে আনন্দ দেয়’। ‘কবি নির্জনতার সঙ্গীতকার হয়ে উঠবেন’— এই অনুভবে আস্তিক হয়ে উঠতে চেয়েছেন কবি স্তেপান মালার্মে । [৯] আধুনিক কবিতা সঙ্গীতের মতোই বিরতি, নিস্তদ্ধতা, এবং ভাষার প্রান্তসীমাকে উচ্চকিত করে, যা ট্রাকলের কবিতার মধ্যে অনিবার্য হয়ে উঠেছে ।
কবি আর্ত্যুর র্যাবোঁর কবিতায় যে নির্জনতা, তার সাথে ট্রাকলের পরিচয় হয়ে থাকলেও, ট্রাকল তাঁর কবিতায় যে অনিবার্যতায় নির্জনতাকে তুলে এনেছেন, তা একান্তই তাঁর নিজস্ব, যা তাঁর জীবন এবং মৃত্যুর সমাঙ্গ । সমালোচক জেমস লীয়ন তাঁর এক প্রবন্ধে [৯(৩৪০)] ট্রাকলের কবিতার নির্জনতাকে চারটি স্তরে বিন্যস্ত করেছেন, যার অনুরণন বিধৃত হয়ে আছে পরবর্তী কয়েক স্তবকেঃ [এক] নিষ্পাপ শৈশবের নির্জনতা; [দুই] যারা পবিত্র, অনাগত যারা, পৃথিবীতে যারা এখনো এসে পৌঁছাননি, তাঁদের মধ্যে নিহিত নীরবতা; [তিন] পাপিষ্ট, পতিত মানুষের ক্রন্দনের নির্জনতা; [চার] মৃতের আত্মায় যে নিস্তদ্ধতা ধ্বনিত হয়, সেই নির্জনতা । কবিতার সমগ্রতায় ট্রাকলের কবিতায় নিস্তদ্ধতা যেমন আভাসিত, তাই যেন আরও তীব্র হয়ে উঠেছে তাঁর অন্তিম পর্বের কবিতায় । কিছু শব্দ এবং শব্দবন্ধ তাঁর কবিতায় পৌনঃপুনিকতায় ফিরে আসে; যেমন— শান্ত, কোমল, শৈশব, অবরোধ, বিষণ্ণতা, নির্জনতা, নিঃসঙ্গতা, বাকরহিত, চুপ থাকা, শব্দহীন, নীরব হয়ে ওঠা, নিঃশ্চুপ যে জন, গ্রামের নীরবতা, নীল নির্জনতা, মৃদু নির্জনতা, তাঁর নিস্তরঙ্গ শৈশব, পুকুর অতিক্রমী সবুজ নির্জনতা, নিঃশ্চুপতায় জেগে ওঠে মোমের প্রদীপ, ইত্যাদি ।
নির্জনতা ট্রাকলের কবিতার প্রধান অনুষঙ্গ, কিন্তু কখনো কখনো ‘নিরুক্তি’ তার কবিতায় অধিকতর দৃশ্যমান হয়ে উঠে; প্রকৃতির মধ্যে মানুষ যখন মূক, কথা-ভাষাহীন, সেখানে পাখি ডেকে ওঠে; আর মানুষ যখন কথা বলে, তা হয়ে ওঠে অবরুদ্ধ বিশেষণ কিংবা সীমিত ক্রিয়াবিশেষণ। যেমন, ‘তার মুখের অন্ধ অভিযোগ,’ কিংবা ‘নিভৃতে সে বলে যায় বিস্মৃতিময় অরণ্যগাঁথা,’ ইত্যাদি । প্রতিটি মানুষ তার জীবনের বিভিন্ন পর্বে নির্জনতা, নিঃসঙ্গতা অনুভব করে যান, কিন্তু ট্রাকলের কবিতায় সেই শব্দগুচ্ছ পৌনঃপুনিকতায় উপস্থিত হয়ে কবির মনোজগতের নির্জনতাকে নির্ণয় করে, যা তাঁর অস্তিত্বের সমাঙ্গ ।
প্রথমত, ট্রাকলের কবিতায় নিষ্পাপ শৈশব আনন্দজ্ঞাপক এবং প্রশান্তির; সেখানে শৈশব অধীরতা এবং নির্জনতায় পূর্ণ, কারণ শৈশবের দিনগুলো ছিল বিস্তৃত, আর চার্চের সম্মুখে ছিল নির্জন চত্বর। দ্বিতীয়ত, অনাগত যারা, যাঁদের এখনো জন্ম হয়নি, কিন্তু ট্রাকলের কবিতায় অনেক ক্ষেত্রেই তারা কৈশোরউত্তীর্ণ, কিন্তু এখনো পাপাবিষ্ট নয় । ট্রাকল এইসব নিষ্পাপদের নাম রেখেছেন—এলিস, হেলিয়ান, ক্যাসপার হাউজা, সোনিয়া— ‘যারা অবোধ’, ‘যারা তাকিয়ে আছেন’, এইসব অভিধায় অভিষিক্ত হয়ে তারা মূলতঃ নিঃশ্চুপ । ‘এলিস’ বাস করে ‘পরিপূর্ণ নির্জনতায়,’ ‘হেলিয়ান’ কবিতার পাঠক জেনেছেন, ‘পরিব্যাপ্ত রাতের নির্জনতা’; ‘এফ্রা’ কবিতায় আমরা শুনি ‘সন্ধ্যার শীতলতা’ আর শুনি ‘বৃদ্ধের নীরবতা; এবং ‘সোনিয়ার’ জীবন এক ‘নীল নিস্তদ্ধতা’। দার্শনিক মার্টিন হাইডেগার বিশুদ্ধ, নিষ্পাপ জীবনকে স্থিত হতে দেখেছেন এক ধরনের নিঃসঙ্গতার মধ্যে, যাকে জার্মান মিষ্টিক মাইষ্টার এখহার্ট দেখেছেন অন্তরের নিভৃতি হিসেবে, যা অনেকটা ভারতীয় অধিবিধ্যায় যেন এক বৈরাগ্য, এই পার্থিব জগৎ থেকে এক ধরনের বিযুক্তি, যা সাধকের অন্তরে ঈশ্বরের অধিষ্ঠানকে সম্ভব করে তোলে । ট্রাকলের ‘মৃতের সঙ্গীত’ যার অন্তর্দর্শন এবং অনুভব বিবিধ কবিতার মধ্য দিয়ে পরিব্যাপ্ত হয়ে দেখায় এই পার্থিব জগৎ থেকে আত্মিক বিচ্যুতি যা শেষাবধি উন্নীত হয় মৃত্যুর মধ্য দিয়ে; হাইডেগার ট্রাকলের এই অবস্থানকে জেনেছেন কবির অন্তরের বৈভব বলে, যার মধ্যেই বসবাস করছে ট্রাকলের কাব্যভূবন । হাইডেগারের মতে, নির্জনতা এবং মূক (মুখরহীনতা) — এই দুই-ই নির্ণয় করছে এখহার্ট বর্ণিত ‘আত্মিক বিচ্ছেদ’কে । যাদের জন্ম হয়নি, সেইসব অনাগতদের এই নিস্তদ্ধতা এবং নির্জনতাকেই তিনি পবিত্র মনে করেছেন এবং একেই অলৌকিক বলে ভেবেছেন, এবং তাকেই তিনি ভাষা এবং সঙ্গীতের মৌলিক অবস্থান বলে মান্য করেছেন । নিঃশব্দ নির্জনতা নিতান্তই ভাষার বিপ্রতীপ নয়, বরং ভাষার নির্যাস; নিঃশব্দ নিস্তদ্ধতা প্রকৃতভাবেই নির্জনতার অনুরণন, যা একান্তই অনাগত অনুভব করে মাত্র । উদাহরণ হিসেবে বলা যায়, এলিস নিজের মধ্যেই ঘণ্টাধ্বনি শুনতে পায়; এবং আরেক অনাগত যাকে ট্রাকল ‘একাকীর হেমন্তে’-এ ‘নির্জন যে জন’ হিসেবে আখ্যায়িত করেছেন, সেখানে সেই নির্জন, সেই একাকীজন শুনতে পায় মৃদু নির্জনতা, যেখানে আঁধারে আচ্ছাদিত প্রশ্ন পূর্ণ হয়ে আছে প্রশান্তময় উত্তরে ! অনাগতের শৈশবে অন্তরের যে ঐক্য তাই অনুচ্চার্যকে উচ্চারণ করে, অদৃশ্যমানকে দৃশ্যমান করে তোলে । তারা মূক, কিন্তু নির্জনতা এখানে উচ্চতর এক যোগাযোগকে সম্ভব করে তোলে । তৃতীয়ত, জন্ম নিয়েই মানুষ তার বিকাশের এক পর্যায়ে পাপাবিষ্ঠ হয়ে ওঠে, তখন তার কিম্ভুত অস্তিত্বে ভাষাহীনতা পেয়ে বসে, তার পতিত অবস্থানে ‘কালো নির্জনতা’ ব্যাপ্ত হতে থাকে পথ ও প্রান্তরে । ট্রাকল এক চিঠিতে (১৯১৩) ল্যুদ্ভেগ ভন ফিকারকে জানাচ্ছেন, ‘এই জগৎ যখন ভেঙে পড়ে, তখন নামহীন এক দুর্দশা নেমে আসে; হায় ঈশ্বর, কী এক বিচার আমার ওপরে ধার্য হয়েছে।’ এইরূপ হয়ত মনে হতে পারে — প্রভূত সারল্য আর নিষ্পাপ অবস্থানের ভিতরেই ট্রাকলের কবিতার শুরু এবং সমাপ্তি; আর নিষ্পাপ তাঁরাই, যারা শিশু এবং যারা অনাগত, যাঁদের এখনো জন্ম হয়নি । অন্যদিকে, নিতান্ত মানবজন্ম হয়েছে বলেই মানুষ পাপী নয়; বরং শিশুতোষ সারল্য হারিয়ে যেতে থাকে সজ্ঞানতার উদ্ভবের মধ্যে—যেন সেই খ্রিষ্টিয় চৈতন্যের উন্মেষ, যেখানে এসেছে আদি মানবের স্খলন। ‘নির্জন দ্বীপান্তর,’ হলো সেই বিচ্ছেদ, সেই নির্জনতা, যা অন্যার্থে মৃত্যু । অনেকার্থে, মৃত্যু হলো পুনঃর্জন্ম, যেন নির্জন শৈশবে ফিরে আসা । চতুর্থত, ট্রাকলের কবিতায় মৃত্যুর মধ্য দিয়ে নির্জনতার সাতন্ত্র্য তার রূপক নির্মাণে । সত্তা যখন বাকরহিত, যখন সে আর মুখর নয়, ‘যখন মুখের আলো নিভে আসে,’ তখন ‘মুখের অভ্যন্তরের অন্ধকার,’ যা হয়ত ‘সোনালী সন্ধ্যার নীরবতায়’ নেমে আসে । যেমন, ‘গ্রোডেক’ কবিতায় ‘তাঁদের বিধ্বস্ত চোয়ালে আদিম বিলাপ’ যুদ্ধের প্রেক্ষাপটে, অতিপ্রাকৃতিকভাবে জীবনের নশ্বরতা এবং বাকহীনতাকে উন্মোচিত করে । ‘আদিম বিলাপ’ আদৌ কী শ্রবণে আসে? না কী মৃত্যুকেই উচ্চকিত করে? যে মুখে আলো নেই, যা মূক, কিন্তু মুখর নয়, সেখানেই ভাষার অবলুপ্তি, আর নতুন ভাষার উন্মেষ। পরিশেষে, মানুষের ধ্বংস, যা তুমুলভাবে আমরা দেখেছি ‘বিলাপ’ কবিতায়, ‘দেখ, এক ভীরু নৌকা ডুবে যায়/ নক্ষত্রসমূহের নীচে/ রাতের নীরব অবয়ব।’ এই হল সেই কবিতা যেখানে মুখরসত্তা, যা ভাষার মধ্যে ব্যাপ্ত, অবলোকন করে চলছে তাঁর অনুচ্চ-সত্তাকে; এ যেন মহাবিশ্বের সেই অবস্থান, যখন রাত গভীর, যখন কিছুই প্রকাশিত নয়, যখন ভাষার মধ্যে দিয়ে আমরা মুখর হয়ে উঠতে পারিনি, তখন নির্জনতাই শারীরিক, নির্জনতাই কবিতা; গেয়র্গ ট্রাকল হয়ত সেই অনিবার্য নির্জনতাই খুঁজে ফিরেছেন তাঁর কবিতা নির্মাণে; কিন্তু এই নির্জনতা নয় ইতিহাস-নিঃস্পৃহতা ।
যদিও হাইডেগার ট্রাকলের কবিতাকে ইতিহাসের সর্বোত্তম উপস্থাপনা মনে করেছেন, কিন্তু তিনি ট্রাকলের কবিতায় ইতিহাসের সরলরৈখিক কোনো ধারাবাহিকতা নেই বলে নির্ণয় করেছেন। রিচার্ড মিলিংটন তাঁর গবেষণাধর্মী এক প্রবন্ধে [১০] ট্রাকলকে নিয়ে হাইডেগারের চিন্তাকে প্রান্তিকতার অসম্পূর্ণতা বলে মান্য করেছেন, এবং দার্শনিক অসওয়াল্ড স্পেঙলারের শরণাপন্ন হয়েছেন, যেখানে মিলিংটন পাঠকদের জানিয়ে দিতে চান, স্পেঙলারের ‘পশ্চিমের পতন’ [১১] নামের ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ গ্রন্থে সভ্যতা এবং সংস্কৃতি সমাঙ্গ নয়, এবং প্রতিটি প্রাণের মতোই প্রতিটি সভ্যতাই উন্মেষ, প্রবৃদ্ধি, এবং পতন—এই চক্রে বাঁধা পড়ে আছে । পশ্চিমের যে সভ্যতা, যাকে স্পেঙলার ফাউষ্টিয়ান আখ্যা দিয়েছেন, তিনি তার পতন দেখতে পাচ্ছেন, যেভাবে মিশরীয়, ভারতীয়, চৈনিক সভ্যতার ধ্বংস হয়েছে, কিন্তু তার সাংস্কৃতিক প্রবাহ হয়ত রয়ে গেছে । কী এক কাকতলীয়ভাবে স্পেঙলার এবং ট্রাকল একই ভাবনায় এসে উপস্থিত হয়েছেন, যখন উভয়ই তাদের সময়কালকে ইউরোপিয় সভ্যতার পতনের উন্মেষ পর্ব বলে জেনে নিচ্ছেন, যদিও ট্রাকলের মৃত্যু হয়েছে স্পেঙলারের বইটি প্রকাশের প্রায় চার বছর আগে । প্রথম বিশ্বযুদ্ধের ঠিক আগের সময়কে স্পেঙলার শীত ঋতুর আগমনীকাল বলে ভেবে নিয়েছেন, অর্থাৎ তাঁর চিন্তায় সময় বৃত্তাকারে আবর্তিত হয়ে চলেছে । ট্রাকলের সময় যেমন দিন থেকে রাত্রিতে রূপান্তরিত হয়ে চলেছে, রূপান্তর ঘটছে প্রকৃতির মধ্যে—বসন্ত থেকে শীতের যাত্রার মধ্য দিয়ে, ফুল এবং শস্যের রঙের পরিবর্তনের মধ্য দিয়ে সময় এগিয়ে চলছে; বসন্তে সবুজের উদ্গমনের মধ্য দিয়ে প্রকৃতি অগ্রসরমান গ্রীষ্মের ফুল আর ফলের সম্ভার নিয়ে, হেমন্তে ফসল তুলে নেয়া আর পশু শিকারের আরম্ভর, শীতের আগমনীর তীব্রতা, কালো আর রৌপ্রের উদ্ভাসন । ট্রাকলের কবিতায় ঋতুর পরিক্রমা আর ইতিহাসের অভিযাত্রা একে অপরের সাথে পালা বদল করে চলছে নিতান্তই ইতিহাসকে কবিতায় সাক্ষ্য দেবার জন্য ।
ট্রাকলের ‘পাশ্চাত্ত্য সঙ্গীত,’ কবিতাটিতে ইতিহাস প্রবহমান, যেখানে প্রথম স্তবক উসকে দেয় সেই সময় যা প্রাক ঐতিহাসিকতায় সরল, দিব্যতায় উদ্ভাসিত, এবং প্যাগান সংস্কৃতিতে উজ্জ্বল; দ্বিতীয় স্তবকে প্রধান হয়ে উঠছে ক্রুসেড, যেখানে আমরা শুনি আত্মার গনগনে কষ্ট যা ক্রিশ্চিয়ান যুগের প্রাথমিক পর্ব; তৃতীয় পর্বে ইউরোপের সেই সামন্ততান্ত্রিক কাল, আপাত শান্তিকালীন সময় হলেও ক্ষীণ হয়ে আসছিল মানুষের অন্তরে ঈশ্বরের অধিষ্ঠান, কবিতার অন্তিম পর্বে আমরা লক্ষ্য করছি পতনের তিক্তকাল, প্রস্তরীভূত হবার কাল । ট্রাকলের কবিতায় ইউরোপিয় সভ্যতায় ইতিহাসের যে সঙ্কট এবং তাঁর অন্তর্জগতে ভৌতিক সত্তার সমাপতন যে অনিবার্যতায় উঠে আসে, তা’, পশ্চিমের পতনকে উন্মোচিত করে, কিন্তু তা নিতান্তই খ্রিষ্টিয় চৈতন্যের উদ্ভাসমাত্র নয়, এবং তা’ যতটা না ভুতুড়ে, তার চেয়ে অনেক বেশি ঐতিহাসিক; সেই কারণেই, ট্রাকল তাঁর অন্তিম জীবনেরর কবিতায়, বিশেষভাবে—' পাশ্চাত্ত্য সঙ্গীত,’ ‘অমঙ্গলের রূপান্তর,’ ‘সর্ব্বপ্রাণের প্রতি,’ ‘গ্রোডেক, ‘বালক এলিসের প্রতি,’— কবিতায় ইতিহাসের সঙ্কট এবং প্রেতাত্মা সমাপতন গভীরভাবে অবলোকন করেছেন, যা ট্রাকল এবং স্পেঙলারকে একইসূত্রে বাঁধে, কিন্তু ট্রাকলের কবিতায় যে কসমোলজিকাল মাত্রা যোগ হয়েছে, তার সূত্র হয়ত বিশ্বাসের বলয়, বাইবেলের জগৎ থেকে উঠে আসে, সেখানে তিনি স্পেঙলার হতে পৃথক এবং ট্রাকলের কবিতায় কিম্ভুত, অশারীরিক, আগন্তুক, প্রেতাত্মা, কিমাকার, কিংবা কালো ছায়ার উপস্থিতি আধুনিক ইউরোপিয় সভ্যতার অধঃপতনকে চিহ্নিত করে, যা প্রাচীন একেশ্বরবাদী সাংস্কৃতিক ধারাবাহিকতার একটি প্রবাহ, যেখানে রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক প্রসঙ্গগুলো কোনোভাবেই অবান্তর নয় ! ট্রাকলের কবিতায় ভৌতিক, অশরীরি সত্তার আবির্ভাব তা হতে পারে এমনই এক শিশু যার এই পৃথিবীতে পদার্পণ হয়নি, কিংবা হতে পারে কবির অমীমাংসিত শৈশব, কিংবা তাঁর সহোদরার আবির্ভাব ! ‘অমঙ্গলের রূপান্তর’ কবিতায় কবির শৈশব ফিরে আসে, ‘গ্রোডেক’ এবং ‘বিলাপ’ কবিতায় বোন গ্রেটাকেই যেন তিনি খুঁজে ফিরছেন !
ট্রাকলের মানসিক ব্যাধি, তাঁর প্রতিভার সাথে এক হয়ে, তাঁর কবিতাকে ভিন্নতর মাত্রায় উন্নীত করেছে, এবং সেই সত্যকেই যেন মিশেল ফুঁকো আমাদের মনে করিয়ে দেন এই বলে, ‘যে কাজ শিল্প হয়ে উঠেছে, সেখানে কোনো মনোবৈকল্য নেই।’ [১১] চেতন কিংবা অবচেতন, যে স্তরেই হোক না কেন, ট্রাকল তাঁর কবিতায় বস্তুজগতের স্বাভাবিক অবস্থানের স্থানান্তর ঘটিয়েছেন, রঙের সাথে অনুভবের নিত্যতাকে মান্য করেননি, শব্দের মধ্যে নিহিত যৌথ অবচেতনার যে স্তর আছে, তিনি তার বাইরে গিয়ে অনেক শব্দকে তিনি নিজের করে নিয়েছেন, ইন্দ্রিয়ানুভূতির স্থানান্তর ঘটিয়েছেন, বিচূর্ণীত কিংবা অন্ধকারাচ্ছন্ন দর্পণে আত্নপ্রতিকৃতি দেখতে গিয়ে নিজেকে দোষী সাব্যস্ত করেছেন, কারণ নির্জন এক শিশু্র নির্জনতাকে তিনি অমান্য করেছেন; আর শ্বাশতের হীমপ্রবাহ সোনালি মানুষকে যে গিলে খাবে— কোকেনসেবী এই কবি সেই প্রত্যয়ে বিশ্বাসী হয়ে উঠেছেন প্রথম মহাযুদ্ধের কালসন্ধতিতে; ট্রাকলের সৃজনশীলতা শব্দ এবং ইমেজের পুনঃপুনঃ ব্যবহারে তাঁর কবিপ্রতিভাকে ক্ষুণ্ণ করেনা, বরং প্রাতিস্বিকতায় তাঁকে উজ্জ্বলতর করে তোলে ।
ফ্রয়েড- এবং ইয়ুং-এর চিন্তার সূত্রে ট্রাকলের কবিতার তাৎপর্যকে বুঝে নেবার জন্য অল্পবিস্তর প্রয়াস হয়েছে, কিন্তু লাকার চিন্তার সূত্রে ট্রাকলের কবিতার বিশ্লষণ হয়েছে খুব কম। ‘দর্পণ রূপ,’ লাকার চিন্তার সূত্রে, যা আমরা জন্মসূত্রেই পেয়ে যাই, যা কি না আমাদের ‘ইগো’র (=আত্মপ্রতিকৃতির) নির্মিতির এক প্রাথমিক স্তর । চূর্ণ-বিচূর্ণিত অভিজ্ঞতাকে পাড়ি দিয়ে, জন্ম নেয় দর্পণ স্তর, ভাষাজ্ঞান জন্ম নেবার ঠিক পূর্বাবস্থা, যেখানে শিশু চৈতন্যের অন্তর্গত দর্পণে অবিভাজ্য এক পৃথিবী নির্মাণ করে, যেখানে মা এবং প্রকৃতি অবিভাজ্যভাবেই দৃশ্যমান । ভাষাজ্ঞান অর্জনের মধ্য দিয়ে এই অবিভাজ্য সত্ত্বার স্খলন হয়, উন্মেষ হয় ‘আমি’ নামক সত্ত্বার এক প্রাথমিক পর্ব ! ট্রাকলের ;ক্যাসপার হাউজা’ ইডেনের উদ্যান থেকে সন্ধ্যার সন্ধিক্ষণে নগর-সভ্যতায় প্রবেশের আগেই ক্যাসপার নিজের ধ্বংস দেখে যাবে । দর্পণ রূপ, তাঁকে যদি মিথিক নির্মিতি এবং পতনের ক্যানভাস ভেবে নেই, তাহলে দেখি ট্রাকলের কবিতায় দুইটি শব্দ ‘দর্পণ’ এবং ‘ইমেজ’ এসেছে বত্রিশবার করে, যা একার্থে ট্রাকলের জন্য মাতা/পুত্রের সম্পর্কের অপূর্ণতাকেই চিত্রায়িত করে । ‘দর্পণ’ অন্যার্থে, সত্ত্বার দ্বিত্বতাকেই প্রকাশ করে ; ট্রাকল তাঁর কবিজীবনের শুরুতেই, প্রথম পর্বের কবিতা, ‘সন্ত্রাস’-এ লিখছেন, ‘দর্পণের ভ্রান্তিময় শূন্যতা থেকে জেগে ওঠে/ একটি মুখ খুব সন্তর্পণে এবং অস্বচ্ছতায়/ সন্ত্রাস এবং অন্ধকার হতে উদ্ভূতঃ কেইন !’ অন্য আরেক অর্থে, দর্পণে চিত্রিত সত্তা তাঁর সহোদরা ব্যতিরেকে অন্য কেউ নয় !
ট্রাকলের কবিতা বহুমুখী, যা এখানে গভীরভাবেই অনুল্লেখিত রয়ে গেল সংক্ষিপ্ত এই ভূমিকায়; তবে রাশান ফর্মালিষ্ট তাত্ত্বিক ভিক্তর সলোভস্কিকে মান্য করে একটি কথা বলে নেয়া জরুরী, যা হলোঃ ‘অপরিচিতিকরণ’ তাঁর কবিতার একটি মৌল বৈশিষ্ট্য, অর্থাৎ, তিনি পরাপ্রকৃতিকে অদ্ভূত এক পৃথিবীতে রূপান্তরিত করেন, যার ফলে পাঠকের কাছে জগৎ নতুনভাবে উপস্থিত হয় । ‘পাশ্চাত্ত্যের রীতি’কে নিয়ে বলতে গিয়ে হ্যারল্ড ব্লুম [২ (৬৬)] ‘অপরিচিতিকরণ’কে সাহিত্যে এক জরুরী উপাদান হিসেবে মান্য করেছেন, যা ট্রাকলের কবিতায় অনিবার্যভাবে পুনঃপুনঃ উঠে এসেছে । দ্বিতীয়ত, যে কোনো মহৎ সাহিত্য ঐতিহ্যে অবগাহন করে, তাঁর পুষ্টি সঞ্চয় করে ঐতিহ্যের সেই ধারাকে সম্প্রসারিত এবং বেগবান করে; একইভাবে, ট্রাকল বোদলেয়র, জার্মান অনুবাদে র্যাবোঁ, হোল্ডারলিন, গ্যেতে, নোভালিসসহ অনেক কবিকে অনুধ্যান করে বিশ্বকবিতায় তিনি যে কবিতাপ্রবাহ রেখে গেলেন, সেই প্রবাহে ট্রাকল-সমকালীন কম্পোজার ওয়েবার্ণ, হাইন্ডারনীথ প্রথমে তাঁর দুটি কবিতায় সুরারোপ করেছেন, এবং পরবর্তীতে তাঁর পাঁচটি কবিতার সুর দিয়ে সর্পানো অর্কেষ্ট্রার এবং চেম্বার মিউজিকের জন্মদান করেছেন । উত্তরকালে, ফরাসি কবি পল সিলান এবং ববরাওস্কিকে গভীরভাবে অনুপ্রাণিত করে গেছেন ।
অভিব্যক্তিবাদি কবি গেয়র্গ ট্রাকলের কবিতা প্রকৃতির অনিঃশেষ কিন্তু আপাত অসংলগ্ন ইমেজের মধ্য দিয়ে অগ্রসরমান, ফলে তিনি হয়ে উঠেন এমনি এক আর্কিটাইপাল এবং ইমেজিষ্ট কবি যাকে অনুধাবন করতে হলে তাঁর আনুভূমিক- এবং লম্বিক-অবতলের শব্দরাজির মধ্য আমাদের অবগাহন জরুরি হয়ে পড়ে, কারণ আনুভুমিক তলে আমরা শব্দের যৌথ অবচেতনের মধ্যে দিয়ে এগিয়ে যাই, কিন্তু লম্বিক অবতলের শব্দরাজির মধ্য দিয়ে উন্মাদ কবির অন্তর্জগতে প্রবেশের চেষ্টা করি মাত্র, এবং এই লম্বিক অবতলেই ট্রাকল নিরন্তর খুঁজে ফিরেন তাঁর মধ্যে বুদ্ধিভিত্তিকভাবে জটাগ্রস্থ এবং অমীমাংসিত ‘গ্রেট ফেমিনিন আর্কিটাইপ;’ কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত এই কবি তাঁর কবিসত্তার ‘এনিমা’কে তাঁর সহোদরার মধ্যেই খুঁজে ফিরেছেন । আপাতভাবে, ট্রাকলের কবিতা অনৈতিহাসিক প্রতীয়মান হলেও, তিনি বিবিধ অর্থেই গভীরভাবেই ঐতিহাসিক—কবিতার মধ্যে ভাষার, এবং কবিতার প্রচলিত লজিকের সীমাবদ্ধতাকে অতিক্রম করার নিমিত্তে ড্রিম এবং স্কিজোফ্রেনিক ল্যাঙ্গুয়েজের শরণাপন্ন হয়েছেন, নিজের শারীরিক এবং মানসিক বিপর্যয়কে অতিক্রম করে তিনি তাঁর পার্সোনাল আর্কিটাইপকে যৌথ অবচেতনায় উন্নীত করে ক্রম রূপান্তরে—গভীর অর্থেই— হয়ে উঠেছেন সৃজনশীল, জার্মান কবিতার মহারথীদের একজন ! পশ্চিমা সভ্যতা, যাকে স্পেঙলার ফাঊষ্টিয়ান হিসেবে জেনেছেন, তাকে ট্রাকল স্পেঙলারের মতোই আসন্ন ধ্বংসকে তাঁর কবিতায় এনেছেন প্রথম বিশ্বযুদ্ধের উন্মেষ পর্বে, এবং তিনি মুখর থেকে ক্রমশঃ মূক হয়ে উঠেছেন, কারণ ঈশ্বর তাঁর শান্ত অবয়ব থেকে কেড়ে নিয়ছেন তাঁর বিলাপ !
সহায়ক তথ্য ও গ্রন্থপঞ্জী
(১) Michael Hamburger, ‘Contraries: Studies in German Literature,’ E. P. Dutton & Inc., New York, 1970, p. 300.
(২) Michael Jarvie (translated), ‘Georg Trakl: Autumn Elegies,’ 2019, p. 26
(৩) Otto Basil, Georg Trakl,’ (Hamburg: Rowohlt, 1965), p. 76
(৪) Georg Trakl: Dichtungen und Briefe in 1969, Historical-Critical Edition edited by Walter Killy and Hans Szklenar, published by the Otto Muller Verlag Salzburg in Georg Trakl: Autumnal Elegies.
(৫) Theodor Spoerri, ‘Georg Trakl,’ Strukturen in Personlichkeit und Werk,’ Berlin, 1954.
(৬) Roy Pascal, From Naturalism to Expressionism: German Literature and Society 1880-1918 (London: Methuen, 1973), pp 244-5.
(৭) Erich, Neumann, ‘Georg Trakl: The Person and the Myth’ in Creative Man: Five Essays, trans. Eugene Rolfe, (Princeton University Press, 1979), p. 178
(৮) Maire Jaanus Kurrik, ‘Georg Trakl,’ Columbia Essays on Modern Writers, Columbia University Press, 1974.
(৯) James K. Lyon, ‘Georg Trakl’s Poetry of Silence,’ Monatshfte, Wimter, 1970, v. 62(4), pp 340-345
(১০) Richard Millington, ‘Georg Trakl’s Ghosts: Haunted Poems at the End of History,’ The German Quarterly,
v. 90(3). From Modernism to Fascism (Summer 2017), pp 267-282.
(১১) Oswald Spengler, ‘The Decline of the West,’ First Published 1918.
(১২) Michel Foucault, ‘Madness and Civilization, ‘A History of Insanity in the Age of Reason,’ trans. Richard Howard (London: Tavistock Publications, 1967), p. 27
