২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ও চীনের মধ্যে ধারণার পারস্পরিক আদান-প্রদান

তিনি মৃত্যুকে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।

ইমন রায়

Published : 24 Nov 2024, 11:07 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

মূল লেখা: দেবদত্ত পট্টনায়েক

অনুবাদ: ইমন রায়

ভারত ও চীনের জাতীয়তাবাদীরা এই ধারণাটি ভালোবাসে যে তাদের সংস্কৃতি পৃথিবীকে প্রভাবিত করেছে, কিন্তু এই ধারণাটি ঘৃণা করে যে তাদের সংস্কৃতি পৃথিবীর দ্বারা প্রভাবিত হয়েছে। চীনারা যখন প্রাচীর দিয়ে নিজেদেরকে বস্তুগতভাবে বিচ্ছিন্ন করতে পছন্দ করত, ভারতীয়রা তখন বর্ণভেদ মনোভাবের মাধ্যমে মানসিকভাবে নিজেদেরকে বিচ্ছিন্ন করতে পছন্দ করত। তা সত্ত্বেও, দুটি মহান সভ্যতা একে অপরের কাছ থেকে অনেক ধারণা গ্রহণ করেছে। বৌদ্ধ ধর্ম কীভাবে ভারত থেকে চীনে ছড়িয়ে পড়েছিলো তা আমরা জানি। তবে চীনের বাষ্প ও পারদ প্রযুক্তি কীভাবে ভারতীয় রন্ধন ও ভারতীয় আলকেমিকে প্রভাবিত করে থাকতে পারে সে ব্যাপারে আমরা কদাচিৎ আলোচনা করি।

ভারত ও চীনের মধ্যে পরোক্ষ সংযোগ ৫০০০ বছরের বেশি। সেটির ইঙ্গিত পাওয়া যায় হরপ্পান শহরগুলোতে রেশমি কাপড়ের উপস্থিতি এবং চীনের ইউনান প্রদেশের মত প্রাগৈতিহাসিক কাশ্মীরে প্রাপ্ত একই ধরনের ছিদ্রযুক্ত পাথরের তৈরি ফসল কাটার অনন্য সরঞ্জাম থেকে। চীনের লিখিত ইতিহাস অনুসারে চীনা বণিকরা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের দিকে গান্ধার অঞ্চল (বর্তমান পাকিস্তানে) আবিষ্কার করেছিলো এবং তখনই ভারতের জন্য সর্বপ্রাচীন চীনা শব্দটি চীনা শব্দভাণ্ডারে স্থান করে নিয়েছিলো। শব্দটি ছিলো শিন-দু (সিন্ধুতে বসবাসকারী জনগণ কিংবা পারসীয়রা যাকে হিন্দ বলত)।

রামায়ণ ও মহাভারতের সর্বপ্রাচীন পাণ্ডুলিপি, যা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীর, সেখানে প্রথম চীনের উল্লেখ রয়েছে। সে সময় চীন প্রথম একতাবদ্ধ হয়েছিলো। তারপর হান আমলে আমরা যাকে ‘ধ্রুপদী’ চীনা সংস্কৃতি বলি সেটি প্রতিষ্ঠিত হয়েছিলো এবং বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহ শুরু হয়েছিলো। তখন বাণিজ্যের প্রসার ঘটেছিলো এবং সাংস্কৃতিক আদান-প্রদান বৃদ্ধি পেয়েছিলো। হানরা ইউয়েঝি উপজাতির গুইশাং জনগণকে পশ্চিম চীন থেকে বের করে দিয়েছিলো। এই লোকগুলো কুশান সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলো যা ১০০ খ্রিস্টাব্দের দিকে ভারতের মথুরা পর্যন্ত বিস্তার লাভ করেছিলো। কুশান রাজারা মহাযান বৌদ্ধ ধর্ম পছন্দ করতেন। তাঁদের মুদ্রাগুলোতে শিবের সর্বপ্রাচীন ছবিও দেখা যায়।

সপ্তম শতকে তাং আমলে বৌদ্ধ ধর্মের প্রতি আগ্রহ চরমে পৌঁছে। তখনই চীনা সন্ন্যাসীরা মূল বৌদ্ধ গ্রন্থসমূহের সন্ধানে ভারতে এসেছিলেন। শুয়ানজাং (হিউয়েন সাং) ছিলেন সবচেয়ে বিখ্যাত সন্ন্যাসী। তিনি সে সময়ে এসেছিলেন যখন গাঙ্গেয় সমতল হর্ষবর্ধনের নিয়ন্ত্রণে ছিলো। তিনি চীনাদের কাছে ভারতের একটি নতুন নাম উপস্থাপন করেন, ইন্দু (ইন-দু) যেটি এখনো ব্যবহৃত হয়। তাং আমলের পর চীনা বৌদ্ধ ধর্ম তুলনামূলকভাবে আরো বেশি স্বাধীন হয়। অনেক বুদ্ধ এবং অনেক বৌদ্ধ দেশ গড়ে ওঠার ধারণাটি এই ধারণাকে লঘু করে দিয়েছে যে ভারত বৌদ্ধ ধর্মের আসল জন্মস্থান।

চতুর্দশ শতকে চীন যখন মোঙ্গলদের কাছে পরাস্ত হয়েছিলো তখন আরো ব্যাপক বৈদেশিক মিথষ্ক্রিয়া হয়েছিলো। গোলাবারুদ, কাগজ, মুদ্রণ এবং চুম্বক কম্পাসের মত ধারণাসমূহ চীন থেকে ছড়িয়ে পড়েছিলো এবং ভারতসহ বাকি পৃথিবীতে পৌঁছে গিয়েছিলো। এটি হয়েছিলো ইসলামী বিশ্বের মাধ্যমে, যা চীনকে ইউরোপ ও ভারতের সাথে সংযুক্ত করেছিলো। বড় বড় চীনা জাহাজগুলো ভারত মহাসাগর ছাড়িয়ে আফ্রিকায় ভ্রমণ করতে শুরু করেছিলো। যা হোক, পঞ্চদশ শতকের পর এটি বন্ধ হয়ে যায় যখন চীনের সম্রাট মিথষ্ক্রিয়ার বদলে বিচ্ছিন্নতাকে বেছে নিয়েছিলেন।

চীনের পশ্চিম দিকের বিখ্যাত স্থলপথ ও পূর্ব দিকের বিখ্যাত সমুদ্রপথ ছাড়াও আমরা খুবই গুরুত্বপূর্ণ পথের কথা ভুলে যাই, যেটি দক্ষিণ চীনকে বার্মার মধ্য দিয়ে উত্তর-পূর্ব ও পূর্ব ভারতের সাথে সংযুক্ত করেছে। টাই-আহোম জনগোষ্ঠী দক্ষিণ চীনের ঘটনাবলী দ্বারা কোণঠাসা হয়ে এই পথে এসেছিলো। টাই জনগোষ্ঠী চীনের দক্ষিণাঞ্চল  থেকে বিভিন্ন দিকে চলে গিয়েছিলো। একটি দল থাইল্যান্ডের রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো। আরেকটি দল দ্বাদশ শতকে ব্রহ্মপুত্র উপত্যকায় প্রবেশ করেছিলো, প্রায় একই সময়ে যখন মুসলিম সেনাপতিরা মধ্য এশিয়া থেকে ভারতে প্রবেশ করে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করছিলো।

আহোম পুরুষরা স্থানীয় মহিলাদের বিয়ে করেছিলো, ধান চাষের নতুন প্রযুক্তি প্রবর্তন করেছিলো এবং খাদ্যশস্যের পরিবর্তে পরিষেবার (দৈনিক অবৈতনিক শ্রম) মাধ্যমে খাজনা পরিশোধের ওপর ভিত্তি করে একটি সামন্ততান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলো। এই ‘পাইক’ প্রথা সাইকিয়া, হাজারিকা ও বড়ুয়ার মত পদবী সৃষ্টি করে অহমিয়া সমাজকে রূপদান করেছে। আহোম জনগোষ্ঠী অবশেষে স্থানীয় অহমিয়া হিন্দু ধর্মের সাথে একীভূত হয়েছে। অহমিয়া হিন্দুরা কীভাবে মুঘল সেনাবাহিনীকে পরাজিত করেছিলো সেটি জাতীয়তাবাদীরা সবসময় বলে; তারা তাদের চীনা টাই শেকড়কে উল্লেখ করতে ভুলে যায়। বাষ্প ও পারদের সাথে সম্পর্কিত চীনা ধারণাসমূহ এই পথ ধরেই এসেছে যা ভারতীয় রন্ধন ও আলকেমিকে রূপদান করেছে। প্রমাণ বিক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ। আমরা জানি তিলের তেল হরপ্পান শহরগুলোতে আবিষ্কৃত হয়েছিলো এবং প্রক্রিয়াজাত করা হত এবং সেখান থেকে রপ্তানি করা হত। এটি ব্যাখ্যা করে ভারতীয় রন্ধনে ভাজা কেন অবিচ্ছেদ্য অংশ। একইভাবে, ভাপ দেওয়া চীনা রন্ধনের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিকরা নিশ্চিত হয়েছেন অনেক খাদ্য যেমন ভাপা ইডলি ও ভাপা মোদক (মিষ্টি মোমো) যথাক্রমে সমুদ্র ও স্থলপথে চীনা বাবুর্চিদের মাধ্যমে ভারতে এসেছে। কেবল দশম শতকের পর এসব খাবারের প্রথম উল্লেখ আসে। একই বাবুর্চিরা হয়ত তেলে ভাজাকে চীনে নিয়ে গিয়ে থাকবেন।

ভারতের আলকেমীয় ঐতিহ্য (তন্ত্র, রসায়ন) আনুমানিক দশম শতকে, বিশেষত পূর্বে ও দক্ষিণে, সিদ্ধ গুরুদের মাধ্যমে বিখ্যাত হয়েছিলো। সে সময় আমরা এমন সব সাহিত্য বেশি বেশি করে খুঁজে পাই যা মানুষকে অমর করার জন্য চক্র, নাড়ি, বীর্য ধারণক্ষমতা, শ্বাস নিয়ন্ত্রণের কথা বলে। পূর্ববর্তী ভারতীয় গ্রন্থসমূহ একই চর্চার বিষয়ে কথা বলত কিন্তু সেটি শুধু আধ্যাত্মিক মুক্তির (মোক্ষ) জন্য। তবে মনে হয় তান্ত্রিক যুগে একই অনুশীলন দেহের উপকার করেছে, অসুখ সারিয়েছে এবং বয়স বৃদ্ধিকে উল্টো দিকে নিয়েছে, এই উদ্বেগ পুরনো তাওবাদী সাহিত্যে লক্ষণীয়।

সে সময় তামিল গ্রন্থসমূহে পারদ-ভিত্তিক অমৃতের আলকেমীয় ঐতিহ্য দেখা যায়। মৌলিক পারদ শিবের বীর্যের সাথে সম্পৃক্ত। ৭০০ খ্রিস্টাব্দের দিকে এটি চীন থেকে প্রধান আমদানি ছিলো। এই সময়ে পালস্‌ রিডিং (নাড়ি শাস্ত্র) আয়ুর্বেদের অংশে পরিণত হয়েছিলো। অনেক পূর্বে খ্রিস্টীয় দ্বিতীয় শতকের দিকে, ভারতীয় আয়ুর্বেদিক গ্রন্থের বহু আগে, চীনা তাওবাদী গ্রন্থে পালস রিডিং নথিভুক্ত হয়। ভারতের ছিলো নিজস্ব আলকেমীয়, অতিপ্রাকৃত ও মরমিবাদী অনুশীলন। যা হোক, দশম শতকের দিকে এই বিবর্ধন এবং আধ্যাত্মিকতার বদলে জড়ত্বের দিকে দৃষ্টিপাতকে পূর্ব ভারতের বৌদ্ধ মঠগুলোতে চীনা সন্ন্যাসীদের আগমনের পরে প্রগাঢ় সাংস্কৃতিক আদান-প্রদানের ফলাফল বলে মনে হয়। ঠিক তখনই কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতে তান্ত্রিক হিন্দু ধর্ম ও তান্ত্রিক বৌদ্ধ ধর্ম প্রথম দেখা যেতে শুরু করে।

ভারতীয়রা বোধিধর্মের কাহিনী ভালোবাসে, যে ভারতীয় সন্ন্যাসী চীনা মার্শাল আর্ট শেখানোর জন্য চীন ভ্রমণ করেছিলেন। তবে চীনা সন্ন্যাসী সিদ্ধ বোগার সম্পর্কে আমাদের জানা দরকার, যিনি পারদের জ্ঞান সাথে নিয়ে তামিল নাড়ুর পালানিতে এসেছিলেন। তিনি কৃচ্ছ্রসাধনকারী সিদ্ধদেরকে অমরত্বের গোপনীয়তা শিখিয়েছিলেন। এই গোপনীয়তা এমনকি কিংবদন্তীতুল্য ও ব্যাপক ভীতি সঞ্চারকারী প্রথম সম্রাট, যিনি চীনকে ঐক্যবদ্ধ করেছিলেন, তাঁকে কখনো জানানো হয়নি, যিনি তাঁর সমাধি পাহারা দেওয়ার জন্য বিশাল টেরাকোটা সেনাবাহিনী গড়ে তুলেছিলেন। তিনি মৃত্যুকে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।  (মূল প্রবন্ধটি ইকোনমিক টাইমসে  প্রকাশিত হয়েছিলো।)