২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানি সাহিত্য ও বিড়াল

বিড়ালগুলো তাদের জীবনে মাত্র তিন দিন থাকলেও, তাদের মধ্যে কোনো না কোনো পরিবর্তন এনে দিয়ে যায়; হয় তা তাদের চিন্তাভাবনায়, নয়তো জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিতে।

নীলিমা রশীদ তৌহিদা নীলিমা রশীদ তৌহিদা

Published : 24 Jun 2025, 09:49 PM

Updated : 26 Aug 2026, 01:15 PM

All you need is a cat and a book; thus you will find love and life….

বর্তমানে জাপানি সাহিত্য, বিশেষ করে ছোটগল্প ও উপন্যাস ভীষণ জনপ্রিয়। পাঠকও খুব ভালোবাসেন এইদেশের গল্প-উপন্যাসগুলো। এসব গল্পের ধরন কিংবা বিষয়বস্তুকে এই জনপ্রিয়তার কারণ বলে ধরা যায়। জাপানি এক ধরনের গল্প-উপন্যাস আছে যেখানে বিরাট একটা অংশ থাকে—জীবনকে একটু ধীর-স্থির ভাবে দেখানো, নিজেকে খুঁজে পাওয়া, একটা কষ্ট কাটিয়ে আবার জীবনে ফেরা, বই-লাইব্রেরি, গাছ-পালা, রান্না-বান্না, এমনকি পোষ্যদের নিয়ে। এবং এ বিষয়গুলো পাঠককে টানে।

জাপানি সাহিত্যে বিড়াল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাপানি সাহিত্য ও বিড়াল—এ যেন একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত; এই দুটোকে একসাথে খুব ভালো মানায়। বিড়াল আর জাপানি বই মানেই খুব মিষ্টি, হৃদয়গ্রাহী ও মন ভালো করা কোনো গল্প হবে। অনেক বইতে বিড়ালকেই দেখানো হয় গল্পকথক হিসেবে। কিছু বই থাকে যেখানে বইয়ের মুখ্য চরিত্রদের সাথে বিড়ালের একটা যোগসূত্র আছে। বইয়ের প্রচ্ছদে থাকে সুন্দর কোনো বিড়ালের ছবি। বইয়ের ভেতরে থাকে নিজের জীবনে পোষ্যের ভূমিকার কথা। সবমিলিয়ে এ যেন খুব সুন্দর একটা বিষয়। বিশেষ করে, যাদের নিজেদের পোষ্য আছে কিংবা যারা নিজেরা পশু-পাখি প্রেমি তারা এই বইগুলো পছন্দ করেন। এছাড়া, যতই বলা হয়ে থাকুক না কেন যে, প্রচ্ছদ দেখে বইয়ের বিচার না করতে কিন্তু এ কথা স্বীকার না করে কোনো উপায় নেই যে একটা বইয়ের জন্য প্রচ্ছদ খুব শক্তিশালী একটা ভূমিকা রাখে। অনেকেই আছেন যারা সুন্দর ছিমছাম কিংবা জীবনের ছাপ আঁকা এই বইগুলো হাতে তুলে নেন শুধুমাত্র প্রচ্ছদ দেখে। আর কথা বাড়িয়ে কাজ নেই, চলুন  দেখে নেওয়া যাক জাপানি সাহিত্যের এমন কিছু বই যেখানে বিড়াল আছে।

 আই অ্যাম অ্যা ক্যাট(I am a Cat)—Natsume Soseki

‘আই অ্যাম অ্যা ক্যাট’ ১৯০৪ থেকে ১৯০৬ সালের মধ্যে রচিত নাতসুমে সোসেকির রচিত অন্যতম সেরা একটি সাহিত্যকর্ম। এটি একটি ব্যাঙ্গাত্মক উপন্যাস এবং এখানে আমরা একটি বিড়ালের চোখে মেইজি যুগের উচ্চ-মধ্যবিত্ত জাপানি সমাজের মানুষের নির্বুদ্ধিতা ও দুর্বলতাকে দেখতে পাই। এ উপন্যাসটি জাপানি সাহিত্যের একটি চিরায়ত গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। এছাড়া, নাতসুমে সোসেকিকে জাপানি সাহিত্য অঙ্গনে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখকদের একজন বলে ভাবা হয়।

 দ্য ট্রাভেলিং ক্যাট ক্রনিকলস(The Travelling Cat Chronicles)—Hiro Arikawa

হিরো আরিকাওয়া রচিত ‘দ্য ট্রাভেলিং ক্যাট ক্রনিকলস’ একটি হৃদয়গ্রাহী উপন্যাস। সাতোরু নামের এক তরুণ ও নানা নামের এক বিড়ালের গল্প এটি। এই চমৎকার গল্পটি আপনার মনকে একই সাথে উৎফুল্ল ও বিষাদগ্রস্ত করবে। নানা একটি পথ বিড়াল ছিল এবং পরবর্তীকালে সে তার মানুষবন্ধু সাতোরুর সাথে তার বাড়িতেই থাকত। এভাবে বেশ কিছু বছর ভালোই কাটছিল। কিন্তু একদিন নানাকে নিয়ে একটি সফরে বের হয় সাতোরু। কিন্তু এই সফরের উদ্দেশ্য থাকে নিজের প্রিয় পোষ্যের জন্য নতুন একটি ঘর খোঁজা। কিন্তু হঠাৎ করে নানার জন্য নতুন ঘরের কেন প্রয়োজন হবে? সাতোরু তো আছেই। বইটির পাতা ওল্টাতে ওল্টাতে পাঠক জানতে পারে এর কারণ। এই সফরে সাতোরু তার কিছু পুরোনো বন্ধুদের সাথে দেখা করে, নিজের কিছু পুরোনো স্মৃতির পাতায় ঘুরে বেড়ায় এবং নানা আরও ভালোভাবে জানতে পারে সাতোরুকে। গল্পের কথক বিড়াল নিজেই। আমরা নানার চোখেই পুরো কাহিনিটা জানতে পারি। আমরা দেখি নানা ও সাতোরুর এক অপরের প্রতি ভালোবাসা, মায়া-মমতা, ও বিশ্বস্ততা। আমরা দেখি এক অসাধারণ বন্ধুত্ব। এই গল্প আমাদের মনকে যেমন আনন্দ দেয়, তেমনি আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে। সবচেয়ে কষ্ট হয় তখন, যখন নানার জন্য অন্য ঘর খোঁজার কারণ আমরা পাঠকরা ধরে ফেলি, কিন্তু নানা পারে না। বিড়ালের কথনে একটা গল্প কত অসাধারণ হয় তার আরেকটা উদাহরণ হলো ‘দ্য ট্রাভেলিং ক্যাট ক্রনিকলস’। উপন্যাসটি ২০১২ সালের ১ নভেম্বর প্রথম প্রকাশিত হয়। বিড়াল ও মানুষের বন্ধনকে কেন্দ্র করে লেখকের অন্য আরেকটি বই হচ্ছে ‘The Goodbye Cat’.

 দ্য গেস্ট ক্যাট(The Guest Cat)—Takashi Hiraide

তাকাশি হিরাইদে রচিত ‘দ্য গেস্ট ক্যাট’ একটি অসাধারণ ও আবেগঘন উপন্যাস। টোকিওর এক নিরিবিলি এলাকায় ছোট্ট একটি ভাড়া বাড়িতে বাস করেন এক স্বামী-স্ত্রী। তারা ঘরে বসেই কাজ করেন; ফ্রিল্যান্স কপি এডিটিং-এর কাজ। একে অপরের সাথে কথা বলার মত তেমন কোনো কিছু তারা আর খুঁজে পায় না। তাদের মধ্যে তৈরি হয় দূরত্ব। কিন্তু সবকিছু বদলাতে শুরু করে একদিন যখন একটি বিড়াল তাদের ছোট্ট রান্নাঘরে ঢুকে পড়ে…এরপর বিড়ালটি আসতেই থাকে। পরের দিন, তার পরের দিন…এভাবেই গল্পটি এগোয়। হুট করে এসে পড়া এই বিড়ালটি তাদের জীবনে নিয়ে আসে এক আমূল পরিবর্তন।

 ইফ ক্যাটস ডিজঅ্যাপেয়ারড ফ্রম দ্য ওয়ার্ল্ড(If cats disappeared from the world)—Genki Kawamura

যদি পৃথিবী থেকে সব বিড়াল হারিয়ে যেত তবে কী হত? এরকমটা আমরা কি কখনো ভেবেছি? 

‘ইফ ক্যাটস ডিজঅ্যাপেয়ারড ফ্রম দ্য ওয়ার্ল্ড’ গল্পের কথক পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একাকী জীবন কাটায়। একমাত্র সঙ্গী হিসেবে থাকে তাঁর বিড়াল ‘ক্যাবেজ’। কিন্তু কথকের হাতে খুব বেশি সময় নেই। তার এক অসুস্থতা ধরা পড়ে এবং ডাক্তার জানায় তিনি খুব বেশি দিন বাঁচবেন না। সে একটা বাকেট লিস্ট করতে চায় যে মৃত্যুর আগে কী কী করবে, কিন্তু এই তালিকাটা করার আগেই অদ্ভুত এক প্রস্তাব নিয়ে তার সামনে হাজির হয় শয়তান। প্রস্তাবটি হল—পৃথিবী থেকে যদি সে একটি জিনিস একেবারে মুছে ফেলে, তবে সে আর একদিন বেশি বাঁচতে পারবে। কিন্তু আমাদের কথক পৃথিবী থেকে কোন জিনিসটি মুছে ফেলবে? সে কিভাবে বুঝবে যে কোনটি আসলেই তার প্রয়োজন এবং কোনটি প্রয়োজন নয়? কারণ আমাদের তো মনে হয়, সবকিছুই আমাদের দরকার। আবার কখনো কখনো আমরা একটা জিনিসের গুরুত্ব ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ না সেই জিনিসটি আমরা নিজেদের জীবন থেকে হারিয়ে ফেলি। শয়তানের কাছ থেকে আসা অদ্ভুত এই প্রস্তাবটা আমাদের কথক কিভাবে গ্রহণ করবেন এবং তার জীবনের বাকি দিনগুলো কিভাবে কাটবে? তাছাড়া নিজের প্রিয় বিড়াল ক্যাবেজেরও বা কী হবে? এই সবকিছু নিয়ে রচিত জেনকি কাওয়ামুরার ‘ইফ ক্যাটস ডিজঅ্যাপেয়ারড ফ্রম দ্য ওয়ার্ল্ড’ উপন্যাসে আমরা দেখতে পাই হারানোর বেদনা, পুনর্মিলনের আকাঙ্ক্ষা, এবং এই আধুনিক সময়ে একজন মানুষের বেঁচে থাকতে কী প্রয়োজন, কোন জিনিসটি গুরুত্বপূর্ণ, এবং কোনটি নয় ইত্যাদি। মোদ্দাকথা, এটি একজন মানুষের তাঁর জীবনের সত্যিকারের মানে খুঁজে পাবার গল্প।

 দ্য ব্লাঙ্কেট ক্যাটস(The Blanket Cats)—Kiyoshi Shigematsu

কিয়োশি শিগেমাতসু রচিত ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি প্রথম প্রকাশিত ‘দ্য ব্লাঙ্কেট ক্যাটস’ উপন্যাসটির কাহিনি টোকিওর একটি অদ্ভুত পোষা প্রাণীর দোকান ও সাতজন সংগ্রামী মানুষকে নিয়ে। এই পোষা প্রাণীর দোকান থেকে সবাই একটি করে বিড়াল নিতে পারবে, কিন্তু সেই বিড়াল তিনদিনের মধ্যে ফেরত দিতে হবে। বিড়ালগুলো শুধুমাত্র দোকান থেকে দেওয়া খাবারই খেতে পারবে এবং তাদের সাথে সবসময় একটি বিশেষ কম্বল রাখতে হবে। তাই তো বইয়ের নাম ‘দ্য ব্লাঙ্কেট ক্যাটস’। উপন্যাসটিতে আমরা সাতজন মানুষের দেখা পাই যাদের জীবনটা বেশ সংগ্রামমুখর, যারা জীবনের কোনো না কোনো কঠিন বাস্তবতা থেকে পালাতে চায়। খোঁজ করে একটু স্বস্তির, একটু শান্তির। এই দোকানের কল্যাণে তাদের জীবনে আসে একটি করে বিড়াল। দ্য ব্লাঙ্কেট ক্যাটস। বিড়ালগুলো তাদের জীবনে মাত্র তিন দিন থাকলেও, তাদের মধ্যে কোনো না কোনো পরিবর্তন এনে দিয়ে যায়; হয় তা তাদের চিন্তাভাবনায়, নয়তো জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিতে।

 উই উইল প্রেস্ক্রাইব ইউ অ্যা ক্যাট (We’ll Prescribe you a cat)—Syou Ishida

যদি বলা হয় ‘A cat a day, keeps the doctor away’, তবে কেমন লাগবে শুনতে? কারণ এই কথাটি সাধারণত আমরা আপেল নিয়ে শুনে থাকি যে ‘an apple a day, keeps the doctor away’…কিন্তু অদ্ভুত শুনালেও সত্যি যে বিড়ালের এক ধরনের নিরাময়ক্ষম শক্তি আছে। এবং বিড়ালের সেই দিকটি নিয়েই প্রাণবন্ত একটি উপন্যাস হল ‘উই উইল প্রেস্ক্রাইব ইউ অ্যা ক্যাট’। কিয়োটোর এক সরু গলির শেষে একটি বেশ পুরোনো ভবনের পাঁচতলায় আছে ‘নাকাগো কোকোরো ক্লিনিক ফর দ্য সোল’। জীবনে যারা খুব কঠিন কোনো পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে তারাই এই ক্লিনিকে যায়। এখানের চিকিৎসা পদ্ধতি একটু আলাদা। ডাক্তাররা ওষুধের পরিবর্তে বিড়াল প্রেস্ক্রাইব করে থাকেন। সেসব মানুষকে একটা নির্ধারিত সময়ের জন্য বিড়ালের সঙ্গ প্রেস্ক্রাইব করা হয় এবং তারা আসলেই নিজের জীবনে পরিবর্তন দেখতে পান। এই উপন্যাসে আমরা আবারো দেখতে পাই, মানুষ ও প্রাণির মধ্যকার বন্ধন এবং সেই বন্ধনে ঠিক কতটা শক্তি থাকে, কিভাবে একটি প্রাণি আপনার জীবন বদলে দিতে পারে। বইটির দ্বিতীয় পর্বও রয়েছে। নাম—'We’ll prescribe you another cat’.

দ্য কিউরিয়াস কিটেন অ্যাট দ্য চিবিনেকো কিচেন(The curious cat at the chibineko kitchen)—Yuta Takahashi

টোকিওর বাইরে সমুদ্রের পাড়ের একটি ছোট্ট শহর। একটি রেস্তোরাঁ যেখানে মৃত প্রিয়জনদের স্মরণে প্রথাগত খাবার পরিবেশন করা হয়, যেখানে সেই প্রিয়জনদের সাথে পুনর্মিলনীর সুযোগ পাওয়া যায়। এই রেস্তোরাঁতে আছে একটি বিড়াল, নাম তার চিবি। বিড়াল, মৃত প্রিয়জনদের স্মৃতি, ও খাবার—এ যেন প্রিয়জনদের সাথে আবার সাক্ষাতের এক আবেগঘন আহবান। এই সিরিজের দ্বিতীয় বইটি হল—‘The Calico Cat at the Chibineko Kitchen’।

 দ্য ক্যাট হু সেভড বুকস(The Cat who saved books)—Sosuke Natsukawa

‘নাতসুকি বুকস’ শহরের প্রান্তের ছোট্ট একটি পুরোনো বইয়ের দোকান। বইয়ের তাকগুলো যেন একদম ছাদ ছুঁয়ে যায়, প্রতি মলাটের ভেতর আছে অসাধারণ সব গল্প। দাদার এই বইয়ের দোকানটা রিনতারো নাতসুকির বরাবরই ভীষণ পছন্দের ছিল। এই বইয়ের দোকান আর তার দাদা দুজনেই ছিল তার আপন। তার দাদা বলতেন, ‘বইয়ের অভাবনীয় শক্তি আছে’ তবে রিনতারো প্রায়ই ভাবত কী সেই শক্তি। রিনতারোর দাদা মারা গেলে নাতসুকি বুকসের দায়িত্ব এসে পড়ে রিনতারোর ওপর। কিন্তু রিনতারো বোঝে না সে কী করবে বা তার কী করা উচিত। একদম ভেঙে পড়ে সে। মনে করে দোকান বুঝি বন্ধই করে দিতে হবে আর তখনই যেন বইদের বাঁচাতে নিজ দায়িত্বে এগিয়ে আসে টাইগার নামের একটি ট্যাবি বিড়াল—এমন একটি বিড়াল যে কিনা কথা বলতে পারে। পরে যা হয় তা খুবই চমকপ্রদ—রিনতারো ও টাইগার বেরিয়ে পড়ে বই উদ্ধারের মিশনে। এই সিরিজের দ্বিতীয় বইটি হল—‘The cat who saved the library’ এবং এখানেও আমরা টাইগারের দেখা পাই এবং এবার তার লক্ষ্য হল একটি লাইব্রেরিকে বাঁচানো।

 দ্য ফুল মুন কফি শপ(The Full Moon Coffee Shop)— Mai Mochizuki

জাপানে বিড়ালকে সৌভাগ্যের প্রতীক বলা হয়। একটা প্রবাদ আছে—আপনি যদি কোনো বিড়ালের প্রতি সদয় হন, তবে সে একদিন এই ঋণ শোধ করবেই।  আর যদি সে সঠিক বিড়াল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। কিয়োটার ঝলমলে চাঁদের নিচে আছে এক রহস্যময় কফির দোকান। যে দোকানের নেই কোনো নির্ধারিত ঠিকানা, কোনো নির্দিষ্ট সময়সূচী, এবং এই দোকানটি একদিন হুট করেই হাজির হয় সেইসব তরুণ-তরুণীদের সামনে যারা জীবনের কোনো গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে এবং দিক হারিয়ে ফেলেছে। কী করবে, কী সিদ্ধান্ত নেবে—এসব নিয়ে আছে দ্বিধা-দ্বন্দ্বে। এই কফির দোকান চালায় বিড়ালরা, এমন বিড়াল যারা কথা বলতে পারে। এসব বিড়ালরা তাদেরকে উপদেশ দেয়, দিশা হারিয়ে ফেলা এই মানুষগুলোকে জীবনের পথ দেখায়। এই কফির দোকানের দেখা আপনি তখনই পাবেন যখন আপনার আসলেই এর প্রয়োজন, কারণ ঠিকানাবিহীন এই দোকান নিজ থেকে না এলে, আপনি কখনোই এর খোঁজ পাবেন না। এই সিরিজের দ্বিতীয় বইটা হচ্ছে—‘Best Wishes from the Full Moon Coffee Shop’.

যারা বই ভালোবাসেন, বইকে শুধু কিছু পাতার থেকেও বেশি কিছু মনে করেন, যাদের একটু ধীর-স্থির জীবন পছন্দ, যারা ভালোবাসেন বিড়াল, কিংবা যারা বই পড়ায় ফিরতে চান অথবা বই পড়ার অভ্যাস গড়তে চান, তাদের জন্য জাপানি এই বিড়ালবিষয়ক বইগুলো ভীষণ ফলপ্রসূ। উপরের তালিকার পাশাপাশি আরও অন্যান্য অনেক জাপানি বই আছে যেখানে বিড়ালের খুবই শক্তিশালী উপস্থিতি ও গুরুত্ব দেখা যায়। এমনকি আমাদের প্রিয় হারুকি মুরাকামির অনেক রচনায় আমরা বিড়াল দেখতে পাই। তিনি ব্যক্তিগত জীবনেও একজন বিড়ালপ্রেমী। আশা করি, উপরে উল্লেখিত বইগুলো পড়ে আপনাদের ভালো লাগবে।