নিহনজিন-১
কাজেই আমার ও স্ত্রীর তখনকার ঝুলি ছিল বিচিত্র ও রঙিন অভিজ্ঞতায় পরিপূর্ণ।
নিহনজিন একটি জাপানি শব্দ। সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় নিহন + জিন। নিহন (অথবা নিপ্পন) অর্থ জাপান, আর জিন অর্থ নাগরিক বা অধিবাসী। চীনা ভাষায় দুইটি সাংকেতিক চিহ্ন দ্বারা নিহন শব্দটিকে প্রকাশ করা হয়। সাংকেতিক প্রথম চিহ্নটিকে জাপানি ভাষায় উচ্চারণ করা হয় নিচি – সূর্য অর্থে। আর দ্বিতীয় চিহ্নের জাপানি উচ্চারণ হচ্ছে হন (অথবা পন) – মূল বা অরিজিন অর্থে। এভাবে নিচি + হন (পন) মিলে উচ্চারিত হয় নিহন বা নিপ্পন। দুটি সংকেতের সম্মিলিত অর্থ হচ্ছে সূর্যোদয়ের দেশ। কাজেই নিহনজিন বলতে জাপানি (মানুষ) বোঝায়। মানুষ ছাড়া কোনো দেশ হয় না বিধায় আমার রচনার শিরোনাম নিহনজিন দিয়ে আমি জাপান দেশ এবং জাপানি মানুষ দুটোই বোঝাতে চেয়েছি।
পুরনো স্মৃতি রোমন্থনের উদ্দেশ্যে সম্প্রতি, মে মাসের ছয় তারিখ থেকে ষোল তারিখ পর্যন্ত, জাপানে মোট নয়দিনের এক ঝটিকা সফর শেষ করে এলাম। দীর্ঘ একত্রিশ বছর পর এটি ছিল পঞ্চমবারের মতো আমার জাপান ভ্রমণ। প্রথমবার বাংলাদেশ থেকে গিয়েছিলাম ১৯৭৮ সালের অক্টোবর মাসে, ইউনেস্কো পরিচালিত মাইক্রোবায়োলজির ওপর দশ মাসের একটি শিক্ষাকার্যক্রমে যোগ দিতে। দ্বিতীয়বার ১৯৮০ সালের জানুয়ারিতে সাড়ে তিন বছরের জন্য জাপান সরকারের মনবুশো বৃত্তি নিয়ে, উচ্চতর শিক্ষা ও গবেষণার জন্য। প্রথম যাত্রাদ্বয়ের উদ্দেশ্য শিক্ষালাভ হলেও এই দীর্ঘ প্রায় সাড়ে চার বছর হোক্কাইডো ও ওকিনাওয়া দ্বীপগুলো ছাড়া উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত জাপানের অনেক জায়গায় ঘুরে বেড়িয়েছি, জাপানিদের সাথে মেলামেশা করেছি, তাঁদের সংস্কৃতি, ভাষা, মূল্যবোধ, এবং সর্বোপরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক বোমায় বিধ্বস্তাবস্থা থেকে উঠে দাঁড়ানোর শক্তির উৎসের সন্ধান করেছি। সবকিছুর যে উত্তর পেয়েছি তা নয়, তবে তাঁদের চারিত্রিক বৈশিষ্টের কিছু দিক যে বুঝতে পেরেছি তা বোধ হয় দাবি করতে পারবো। সেখানে আমার অবস্থানকালে সারা জাপানে বাংলাদেশের (মূলতঃ) ছাত্রসংখ্যা আনুমানিক সর্বোচ্চ কুড়ির বেশি ছিল বলে মনে হয় না। এ কথা বলতে পারলাম কারণ সারা জাপানের প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ের বাঙালি ছাত্রদের সাথে মোটামুটি যোগাযোগ ছিল।
১৯৮৩ সালে জাপান থেকে যুক্তরাষ্ট্রে চলে আসার পর একটি আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেবার আমন্ত্রণ পেয়ে ১৯৯০ সালে দিন দশেকের জন্য তৃতীয়বারের জন্য আমার জাপান যাওয়া হয়। এরপর আরেকটি বিজ্ঞান সম্মেলনের একটি পর্ব পরিচালনার নিমন্ত্রণ পেয়ে ১৯৯৩ সালে আবার যাই। তখন প্রায় দুই সপ্তাহে সে দেশে থাকা হয়েছিল। বলা বাহুল্য, এই দুইবারও জাপানিরাই আমার সম্পূর্ণ যাতায়ত, থাকা, খাওয়া ও সম্মানীর ব্যবস্থা করেছিল। ’৮৩ থেকে ’৯৩, এই দশ বছরে জাপানে বাংলাদেশের ছাত্র ও শ্রমিক সংখ্যা ন্যূনতম ৫০০ গুণ বৃদ্ধি পেয়েছিল, বর্তমানে তা এর চেয়েও অনেক বেশি। উইকিপেডিয়ায় প্রাপ্ত জাপান সরকারের তথ্য অনুযায়ী ২০২৩ সালের জুন মাস নাগাদ বাংলাদেশি নাগরিকের সংখ্যা ২৪,৯৪০। ফলে বাংলাদেশের প্রতি জাপানি জনগণের দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তনের চিত্রটি খুব সহজেই আমার চোখে ধরা পড়েছিল। শুধু তাই নয়, শেষবার বিমানবন্দরের কাস্টমস অফিসার দ্বারা অহেতুক অপমাণিত হয়ে ওদের জানিয়েছিলাম তোমাদের দেশে আমি আর আসছি না!
জীবনের প্রায় সাড়ে চার বছর দীর্ঘ একটি সময়। আর ২৮-৩২ বছর বয়সের বিচারেও আমি ছিলাম প্রাণশক্তিতে ভরপুর। জাপানবাসের প্রায় শেষের দিকে বাংলাদেশে গিয়ে বিয়ে করে নববধূসহ শেষ আটটি মাস অনেকটাই হানিমুনের আমেজে সেখানে কাটিয়েছি। কাজেই আমার ও স্ত্রীর তখনকার ঝুলি ছিল বিচিত্র ও রঙিন অভিজ্ঞতায় পরিপূর্ণ। ইচ্ছা ছিল সুযোগ পেলে কখনো সেসব লিখে রাখবো। অথচ সেই অভিজ্ঞতার অনুধাবন ও বিশ্লেষণ করার মতো সময়, ধীশক্তি ও প্রজ্ঞারও যথেষ্ট অভাব ছিল। ফলে অভিজ্ঞতাগুলো এতোদিন শুধু স্মৃতিতেই বাঁধা ছিল। কিন্তু আমার বয়স যে ষাট পেরিয়ে গেছে তা স্মরণ করিয়ে এক লেখক বন্ধুর উৎসাহে পেশাগত বৈজ্ঞানিক প্রবন্ধের বাইরে বাংলায় লেখালেখি শুরু করেছিলাম। গত প্রায় একযুগ ধরে বিভিন্ন লেখায় আমার জাপানবাসের অভিজ্ঞতার ছোটখাট দিক উল্লেখ করেছি। এরপর প্রায় ছয় বছর আগে থেকে শুধু জাপান অভিজ্ঞতার আলোকে মাঝে মাঝেই স্মৃতিকথার অনেকটাই লিখে রেখেছি। সময় পেলে সেটি ঘষামাজা করি। তার এক বা দুটি পর্বের কিয়দংশ নিউইয়র্কের কোনো বাংলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল প্রায় ছয় বছর পূর্বে।
জন্মভূমির প্রতি যেমন টান, স্মৃতিময় স্থানের প্রতিও মানুষের সহজাত আকর্ষণ থাকে। সেই আকর্ষণের তাগিদে সুযোগ পেলেই বাংলাদেশে গিয়েছি অসংখ্যবার। এর মাঝে উপার্জনক্ষম কাজ থেকে অবসরে গিয়েছি। প্রায় ছয় সাত বছর থেকে জাপানে আমার স্মৃতিময় স্থানগুলোয় যাবার তাগিদ অনুভব করছিলাম বহুদিন থেকে। প্রধান দুটো কর্তব্যও তাড়া দিচ্ছিল। পিতৃসম আমার পিএইচডি সুপারভাইজার অধ্যাপক কেঞ্জি সোদা যিনি আমার মেন্টরও ছিলেন, এবং আমার জাপানি পাতানো মা মিসেস তসুজিমুরা দুজনই বৃদ্ধ হয়েছেন। তাঁদের দেখে আসাটা জরুরী হয়ে পড়েছিল। আমার স্ত্রীও চাইছিল আমাদের মধুচন্দ্রিমাসম কাটানো স্থানগুলোয় একবার প্রত্যাবর্তন করতে। ফলে গত সাত বছরে দুই তিনবার দিনক্ষণ ঠিক করেও বিভিন্ন কারণে জাপান যাওয়াটা ফলপ্রসু হয়ে ওঠে নি।
গত বছরের শেষের দিকে মনস্থ করলাম আর দেরি নয়, এবছরের মে মাসে জীবনের শেষ জাপান ভ্রমণটি সম্পন্ন করবো। কিন্তু যাত্রার প্রস্তুতি একটি বড় বাধা হয়ে দাঁড়ালো। কারণ সময় নির্বাচন ছাড়াও প্রস্তুতি বলতে আমার পাসপোর্ট-ভিসার ব্যবস্থা, বিমানের টিকেট কাটা, বিদেশে পৌঁছানোর পর থেকে শুরু করে সেদেশে থাকা, খাওয়া, তারিখ ও সময় ধরে ধরে কোথায় যেতে ও কী করতে হবে, তার সবই বিদেশের আমন্ত্রণকারী অথবা আমার পেশাগত প্রতিষ্ঠান থেকেই করা হয়েছিল। কিন্তু এবার তো আমি যাচ্ছি ব্যক্তিগত উদ্যোগে ও খরচে। কাজেই ভ্রমণ সংক্রান্ত পুরো কাজ আমাকেই করতে হবে। আমার জাপানি বন্ধু যাঁরা ছিলেন তাঁদের অধিকাংশের সাথে কয়েক দশক থেকে কোনো যোগাযোগ না থাকার ফলে তাঁদের থেকে ভ্রমণ সংক্রান্ত কোনো সাহায্য যে চাইবো, এরও কোনো উপায় ছিল না। ফলে পূর্ব অভিজ্ঞতা না থাকায় কাজগুলো সমাধা করতে প্রচণ্ড মানসিক পরিশ্রম করেও শেষ করতে পারছিলাম না। আমার এই দুরবস্থা দেখে যাত্রার এক সপ্তাহে আগে ছোটোছেলে ও বৌমা এগিয়ে এলো। তিনটি ল্যাপটপের সামনে চারজন তিন ঘণ্টাধিক কাল বসে ও গবেষণার করে ওরা আমাদের টোকিও, হাকোনে এবং কিয়োতোর হোটেল বুকিং করে দিল। বহু বছর থেকে ব্যবহার করা ক্রেডিট কার্ড থেকে পাওয়া ফ্রি-মাইল ব্যবহার করে বিনে পয়সায় বিমানে দুজনের যাতায়তের টিকেট আগেই কেনা হয়ে গিয়েছিল।
এই ব্যবস্থায় এ বছর, অর্থাৎ ২০২৪ সালের ৬ই মে আমরা টোকিওর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। টোকিওয় দুই রাত, হাকোনে-তে এক রাত, কিয়োতোয় পাঁচ রাত এবং ওসাকায় এক রাত কাটিয়েছি। শেষের ছয় দিন কিয়োতো ছাড়াও ওসাকা, হিরোশিমা এবং কোবের পূর্ব পরিচিত স্থানগুলোয় গিয়েছি। ১৬ই মে ওসাকা থেকে বিমানে যুক্তরাষ্ট্রের পথে ফিরতি উড়াল দিয়েছিলাম।
যদিও এবারের ভ্রমণটি ছিল ব্যক্তিগত, কিয়োতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রদের সাথে যোগাযোগ করলে তা অনেকটাই আনুষ্ঠানিকতায় গিয়ে পৌঁছায়। আনুষ্ঠানিকতার মাঝেই তাঁরা ব্যক্তিগত ও সামষ্টিকভাবে যে আন্তরিকতার সাথে আমাদের আপ্যায়ন ও যত্ন নিয়েছিলেন, তা হৃদয় ছুঁয়ে গেছে। দীর্ঘ চল্লিশ বছর পর হলেও খুব কম লোকের ক্ষেত্রেই তেমন সৌভাগ্য হয় বলে আমার ধারণা। সময় মতো সেসবের বিবরণ দেবো। এবারের ভ্রমণে জাপানিদের আচরণ ও জীবন ব্যবস্থার কয়েকটি দিকে আমূল পরিবর্তন লক্ষ করেছি। সেগুলো হচ্ছে সাপ্তাহিক কাজের দিনেও টোকিও, ওসাকা ও কিয়োতোর মতো মেগাসিটির কাজ শুরু ও শেষকালে (ইংরেজিতে যাকে রাশ আওয়ার বলা হয়) যানজটের অভাব, মাটির নিচের রেল বা সাবওয়ের বহুল প্রসার, হোটেল স্টেশন ও পাবলিক প্লেস সর্বত্রের বাথরুমে স্বাস্থ্যসম্মত সদনা-র (ইংরেজিতে যাকে বিডেট বলা হয়) ব্যবহার, যে কোনো শপিং মলে বা পর্যটক-বহুল স্থানে অন্য যে কোনো পণ্যের তুলনায় খাবারের দোকানের ধরন ও সংখ্যার আধিক্য, ট্রেন ও বাসে সবার হাতে একটি বইয়ের বদলে সেলফোন বা ট্যাবলেট, সেলফোন বা ক্যামেরায় ছবি তোলার প্রবণতার সম্পূর্ণ অভাব, পরিবেশ সচেতনতার দৃশ্যমান ও অসাধারণ অগ্রগতি, এবং হোটেলে, পথেঘাটে, ট্রেনে ও পর্যটক-বহুল স্থানে আবর্জনা বা ময়লা ফেলার বাস্কেটের অপ্রতুলতা।
কাজেই জাপান সম্পর্কে আমার যে দৃষ্টিভঙ্গি, দীর্ঘ ছেচচল্লিশ বছরের বিভিন্ন সময়ের অভিজ্ঞতাতার আলোকে তার পরিবর্তন হয়েছে। কিন্তু একটি সভ্য জাতি হিসাবে তাঁদের যে মূল্যবোধ, তা অপরিবর্তিতই রয়ে গেছে। আমার এই পর্যবেক্ষণগুলো কোনো প্রবন্ধ আকারে না লিখে বিশেষ বিশেষ ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে উপস্থাপন করার চেষ্টা করেছি। আবার তা করতে গিয়ে আমার লেখায় দীর্ঘ প্রায় পাঁচ দশকের ব্যবধানে তাঁদের সামাজিক ও চারিত্রিক বিবর্তনের পর্বটি অনুল্লেখ থাকার সম্ভাবনার কথাও ভেবেছি। এই ভাবনা থেকে পরিত্রাণ পেতে আমার শেষ ও পঞ্চম ভ্রমণের আগ পর্যন্ত লিখে রাখা অভিজ্ঞতাগুলোকে পরিবর্তন না করে প্রকাশ করার সিদ্ধান্ত আপাততঃ নিয়েছি। ফলে এই সিরিজটি আমার প্রথম জাপান ভ্রমণ দিয়েই শুরু করবো। সঠিক মনে না থাকলেও ছয় বছর পূর্বে, লেখার পরপরই প্রথম দুটি পর্বের কিছু কিছু অংশ নিউইয়র্কের একটি পত্রিকায় প্রকাশ করেছিলাম বলে মনে পড়ে। সেগুলো কিছু সম্পাদকীয় সংশোধন করে কিন্তু বিস্তৃত আকারে পরবর্তী ‘নিহনজিন ২’ পর্ব থেকে মূল ভ্রমণ কাহিনি হিসাবে বিবৃত করবো।
২৪শে জুলাই, ২০২৪
(চলবে)
