বিজয় দিবসের গল্প: এক আকাশ-নারী
বিজয়া ভয় পায়। কড়াইয়ে জাল দেওয়া গুড়, টগবগ করা ফুটকির মতো ভাসুরের রাগ, শ্বশুরের প্রতিলিপি, দাঁড়িয়ে আছে কর্দমাক্ত উঠোনে। ভেজা ও করুণ তুলসীমঞ্চ, গোয়ালে গরু শঙ্কিত, ছাগলের বাচ্চার কান্নার সঙ্গে মিশে যাচ্ছে বহুদূর থেকে আগত চিকন আজান, ভোরকীর্তন; উলুধ্বনি শঙ্খ কীর্তন কবে থেকেই বন্ধ, বন্ধও নয়, ভগবানের মতো নীরবে চুপিসারে সবকিছু হয়, যেন রাষ্ট্র ঘোষিত নিষিদ্ধ দল, দলের মানুষ তারা।
ভয়াবহ নৈঃশব্দ্যর ফিসফিসানি। দরজা ভেজানো। অন্ধকার পেরিয়ে যাওয়া ভোরের আলোর গুঁড়ো ছড়িয়ে পড়তে বদ্ধপরিকর। মানুষের শরীরগুলো নক্ষত্রবীথির নিচে এসে দাঁড়ায়, যেন ভাসমান কাগজের স্তূপ, আগুন থেকে বাঁচার মন্ত্র জপে, কেমন বিচ্ছিন্নতা, ঘটনাক্রম, টুকরো টুকরো করে ফেলা প্রতিবেশীদের আশ্বাসসমূহ মনের মধ্যে ঘাপটি মারা, কোনোদিন তা বিশ্বস্ততার জমিনে কোলাকুলি করবে এমন সম্ভাবনা কম।
উঠোনের মাঝখানে দাঁড়িয়ে বাড়ির বড় ছেলে জ্যোতিষ বিশ্বাসের শরীর থেকে বের হয় শ্রাবণীয়া মেঘের চাপা গর্জন, ‘সবকটাকে লাঠিয়ে সোজা করে দেব। সন্ধ্যায় সিদ্ধান্ত, অথচ এখনো বের হওয়া গেল না। এত সাজগোছ কিসের?’
বিজয়া ভয় পায়। কড়াইয়ে জাল দেওয়া গুড়, টগবগ করা ফুটকির মতো ভাসুরের রাগ, শ্বশুরের প্রতিলিপি, দাঁড়িয়ে আছে কর্দমাক্ত উঠোনে। ভেজা ও করুণ তুলসীমঞ্চ, গোয়ালে গরু শঙ্কিত, ছাগলের বাচ্চার কান্নার সঙ্গে মিশে যাচ্ছে বহুদূর থেকে আগত চিকন আজান, ভোরকীর্তন; উলুধ্বনি শঙ্খ কীর্তন কবে থেকেই বন্ধ, বন্ধও নয়, ভগবানের মতো নীরবে চুপিসারে সবকিছু হয়, যেন রাষ্ট্র ঘোষিত নিষিদ্ধ দল, দলের মানুষ তারা।
খিচুড়ির ডাল জলের গভীরে হাবুডুবু খায়, কচি-কঠোর হাতগুলো হাপুসহুপুস, কানখাড়া হয়—কেউ নেই তো, কিংবা কতদূর এইসব আওয়াজসমগ্র যেতে পারে—দুর্গাপুর, গোপালপুর, চুলকুনি, ঘাঘা, তালসার হয়ে কোটচাঁদপুর, এদিকে ডাকবাংলা—ভয়ার্ত নারকেল পাতার বাতাস ধানের গোলার বিচালির ছাউনি ছুঁয়ে বিশটি হিন্দু বাড়ির অন্দরে সেঁধিয়ে রঙ পাল্টে ফেলার হুশিয়ারি দিয়ে এগিয়ে যায় সাতচল্লিশের দেশভাগের আগে-ভাগে হওয়া দাঙ্গায়, নোয়াখালীর রক্তাক্ত প্রান্তরে, চুরমার বাস্তব ছিড়েখুঁড়ে খায় গুটিকতকের অ্যাবসার্ড পৌরোহিত্যে। বাঙালি মানুষ নয়, জানোয়ার নয়, দেবতা নয়, পোকামাকড় নয়, বাঙালি আদতে কিছু নয়। বিশেষ কিছু হওয়ার চেষ্টাও করে না, যারা হয় তারা ঈশ্বরের আশীর্বাদপুষ্ট।
বিজয়া ভাবে, শ্রেষ্ঠত্ব দাবি করা মানুষের কার্যাবলি এতটা নিকৃষ্ট হয় কীভাবে ! গৌরবর্ণের লম্বা লম্বা হৃদয়হীন নিষ্ঠুরতার শাবকছানারা, এদেশের কাউকে মুসলিম ভাবে না, মানুষ তো ভাবেই না, অথচ এক আজানে একইভাবে জায়নামাজ বিছায়, মাথা নোয়ায়, মক্কায় গিয়ে হজ করে, কবরে শোয়।
জিনিসপত্রে বোঝাই গরুর গাড়ি, গাভী-ছাগল-হাঁস-মুরগি-পোষা বিড়াল থেকে যাবে প্রতিবেশীদের জিম্মায়, আবার ফিরে আসলে যদি দেয় তো দেবে নইলে কী আর করা ! মানুষের কাছে মানুষ বড় অসহায়, এসব তারা বোঝে, না বুঝলে মানুষ তাদের দেশত্যাগে বাধ্য করবে কেন ! ঈশ্বরের পৃথিবীতে ঈশ্বর নিরুপায়, দুষ্ট ক্ষমতাধর (অ)মানুষের কাছে পরাস্ত। বিজয়ার হাঁপানি বিধ্বস্ত শ্বশুর বলতেন, ‘পৃথিবী জুয়াখেলায় মত্ত : জন্মানো, বিয়োনো, মরে যাওয়া—কিছু কীট ভোগে উন্মত্ত, উৎসবমুখর, মাস্তি ও মাস্তানিতে মজুদ করে অন্যদের আয়ু।’
দিগন্তে উন্মোচিত শান্ত শুভ্র রেখা সন্ধ্যার প্রদীপের সলতের আগুনের ন্যায় সকল ভণিতা ও তৃপ্তিকে মুছে ফেলতে উদগ্রীব, মহাশিল্পের উনুনে আত্মাক্ষরিত অশ্রুমালা, পাপের পৃষ্ঠাসংখ্যা আঙুলের কড়ে গায়েব, দেবদারুর চিরল পাতার বেহালায় ভোরের ভৈরবী নীরব কান্নায় তলিয়ে যায়, সবরকম চোখ মন পিছুটান বারবার ঘুরিয়ে দেয় বুদ্ধি। জলজ চোখগুলো সমুখের পথ ঝাপসা করে তোলে, আর কি হবে দেখা কিংবা এই বুঝি শেষ দেখা ! জ্যোতিষ বিশ্বাসের শক্ত সামর্থ্য শরীর সবার শেষে বাড়ি থেকে বের হওয়ার সময় কেমন ভাঙাচোরা দেখায়। বুড়ো রাস্তার চোয়ালের মতো ধুতি হাঁটুর ওপরে গামছায় ধরাশায়ী, কুয়াশা-মাখানো পুঁইশাক মাচা কিংবা টালির চালে পাকা চালকুমড়ার কাতর চাহনি, বড়ি হওয়ার স্বপ্নে বিভোর শীতকালীন সবজিতে টগবগিয়ে ফুটে কাঁসার থালায় ওঠার সৌভাগ্য এ জীবনের মতো শেষ।
মরা নদীতে জল, পার হয় নদীর মতো মানুষ, গাড়ির পেছনে পেছনে অনির্দিষ্ট অনামা জীবনের উদ্দেশ্যে, যন্ত্রণাক্ততায়, অপার শূন্যতায়— জিনিসপত্রের ফাঁকে শিশুর মুখ, অশীতিপর বৃদ্ধার কণ্ঠা, গাড়োয়ানের তেল কুচকুচে লাঠি, চাকা ভর্তি কাদা, রাস্তা ভর্তি গাড়ির দাগ, কপালপোড়া মানুষের শরীরে-আত্মায় সেইসব দাগসমূহ চিরকালীন চিহ্ন রাখার সপক্ষে। নদী থেকে গাড়িটি আকাশমুখী, চাকায় হাত পুরুষের, জলে-কাদায়-ঘামে তৃষ্ণার্থ বুক-ঠোঁট, আগে-পিছের কেউ কেউ বোঝাসমেত হাত চালায়, গাড়ির চাকার কাতরানি ভোরের নদীমুখো পাখিদের করুণ করে, মলিন করে তোলে কাজল দিঘির বাঁশবন।
দুধের বাচ্চা নিয়ে পেছনে পড়ে নোলক, শাশুড়ির জিব কচি বেত হয়ে ওঠে, ‘গতরে জোর নেই মাগীর। খেয়ে খেয়ে বুক আর পাছা বানিয়ে এখন নড়তি পারে না।’ বাচ্চার কান্না আকাশে ওঠে, প্রথমে কথার আদর তারপরে চড়ের কাদাখোঁচা হুমড়ি খেয়ে পড়ে পিঠে, ‘মর, মরিসনে ক্যান, এখনি মর, ভাসিয়ে দিয়ে যাই নদীতে…’
নিত্যানন্দ খুড়ো ফোলা পা নিয়ে বসে পড়ে, তিন মণে তিমির নন্দীর বউ আশ্বস্ত হয়, অব্যক্তেয় কথার সাঁকো দুলে ওঠে, একে একে ছড়িয়ে পড়ে সবুজ আগাছায়, দীর্ঘ মঞ্চে যে যার মতো সংলাপ আওড়ায়, নির্দিষ্ট সংকেত নেই, শেষ করার তাড়া নেই—শ্রোতা-দর্শকের মঞ্চে হঠাৎ হাজির হয় রাত্রির বৃষ্টিস্নাত চকমকে ধবধবে সাদা সকাল। জোড়াতালির খণ্ডিত শাড়িতে আলাদা করা যায় না নারীর শরীর।
পোয়াতি বিজয়ার গাড়িতে জায়গা হয়নি—হেঁটে চলেছে দুজন, বারবার পেছনে পড়ছে দুজন, দুই ভাসুর, এক জা, পাঁচ-তিন-এক মোট নয়টা আয়ুভরা মলিন মুখ গাড়ির পেছনে উচ্ছিষ্টের মতো চলমান। খাবারের ঝুড়ি মাথায় স্বামী পরমেশ্বর গতি কমায়—গতি কমালে কষ্ট বাড়ে, পায়ের রগে চাপ পড়ে, মাথার তালুতে জ্বালা করে, বোতলভাঙা কাচের টুকরোর মতো পায়ের তলায় সুচ ফোটে—অদ্ভুত এক রিক্ততা এবং পেটে আগুন।
আইসক্রিম বিক্রেতার সাইকেলের রডে ঝোলানো বস্তার মধ্যে ভাংড়ি, লোহালক্কড়, একই মাইকে লীলাকীর্তন ও ওয়াজ, পাড়াবুঝে শব্দগুঁড়ো কচলানো—বিজয়া ভাবে, কতদিন হয় লোকটা আসে না, বেঁচে আছে তো ! মানুষ মারার এইসব দিন অনিঃশেষ। বিজয়ার শুকনো গাল চৈত্রের মাঠের মতো খটখটে, আইসক্রিম খাওয়ার সাধ জাগে, তার কেবলই মনে হচ্ছে, এই সাধ কোনোদিন পূরণ হবে না, যেমন করে আগামী পরশুর সাধ-অনুষ্ঠান গোল্লায় গেছে, তার সবকিছু এভাবেই গোল্লায় যাবে ! বিজয়ার চোখের পাপড়ি কাঁপতে থাকে, তার মেজো জায়ের পা পিছলে যায়, তাদের গাড়িটার একটা চাকা এমন গর্তে পড়ে যে গরুদুটো কুঁজো হয়ে যাচ্ছে, তবু চাকা উঠছে না।
এতক্ষণে লুটপাট শুরু, গরু-ছাগলের দড়ি টানটান, বাড়ি পাহারারত ভয়ংকর কুকুরটি বিচালিগাদার তলায় পলায়ন। সে ভাবে, হিন্দুশূন্য করার এইসব কলাকৌশল রপ্ত করল কোথা থেকে এরা ! নিজের দিকে তাকিয়ে আপন ভাষায় বলে, মানুষের চেয়ে ছোট কিছু নহে নহে কিছু ভয়ংকর।
কে জ্বালিয়েছে আগুন? বিচালি নেওয়া কি শেষ? মাথা উঁচু করে দেখার শেষ চেষ্টা করে কুইকুই করতে করতে দৌড়ে বেরোয়, একবার ভাবে এগিয়ে গিয়ে গাড়ি ধরবে, আবার ভাবে বাড়িটি কে দেখবে, বংশপরম্পরায় এ বাড়িতে তাদের বসবাস—তার দাদু ছিলেন জ্যোতিষের নিত্যসঙ্গী, তারপর তার বাবা, আর সে থাকে বিজয়ার আশপাশে, তার স্বামীটি গোঁয়ার হলেও দরদি বেশ, বাজার থেকে বাচ্চাদের মতো তার জন্যও এটা-ওটা আনে।
ধান নেওয়া শেষ হলে একটা ধারালো, স্বচ্ছ মেরুদণ্ডওয়ালা আগুন জ্বলে ওঠে গোলাঘরে, হিংস্রতায় খুলে যাচ্ছে ধর্মীয়-সামাজিক ভণ্ডদের মুখোশ— কুকুরটি ডেকে ওঠে করুণ, সেই ডাকে বি-জ-য়া মুদ্রিত হয়, ছিন্ন-বিছিন্ন হয় শতভাগ সাবধানবাণী যা যাওয়ার সময় আদর করে বলেছিল।
বিজয়া বসে পড়ে। তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে। বিজয়ার জন্য ঘাসবৃন্দ মোলায়েম, বাতাসকুল পাতায় চঞ্চল, কোথা থেকে যেন ছুটে আসে ছায়া পড়শিরা। স্বামীমশাই মায়ের সঙ্গে পাল্লা দিয়ে কথার তীর ছুঁড়ছে অবিরত। বড়রা বারবার সতর্ক করছে, হৈ-হুল্লোড় মানা, মৃত্যু উপত্যকা হেঁটে পার হওয়া ছাড়া গত্যন্তর নেই; জীবনের সলতে জ্বালাতে কষ্টসমূহকে পাত্তা দেওয়া আপাতত মুলতবি থাকু্ক।
‘মাগো, মরে গেলাম বাবা,’ বিজয়া কঁকিয়ে ওঠে ব্যথায়, চাকার তলে নিপতিত হয় পোয়াতির করুণকাণ্ড; পুরুষের জঘন্যতম কারসাজির একটা হলো আনন্দের নামে নারীর হাতে মৃত্যু তুলে দেওয়া, ‘একটা শয়তান লোক, পাঁজি, গোঁয়ার, আর ওই মাগী... মা গো বাবা গো’...বিজয়া চোখ বন্ধ করে যন্ত্রণা সহ্য করার পথ্য খোঁজে। একটা শালিকের ডানায় সাদা পালক, রোদের কারিশমা—শ্বশুরও নানান কারিশম্যাটিক ভণিতায় তার বাবাকে রাজি করায়—অঢেল জমি, ধান-পাট-গম-সবজি, রঙিন শাড়ির বহর অথচ এখন তার মাত্র দুটি শাড়ি, তাও একখান ছেঁড়া, কিনে দিতে বললেই বলে, ‘তোমার বড়লোক বাপ-ভাই, আমাদের কেনা জিনিস তোমার কি পছন্দ হবে, তাছাড়া বললেই তো দিয়ে যায় !’
বিজয়া কাঁদে, কত কত দূর থেকে অশ্রুদল ছুটে আসে—তার মন চায় থাকবে না, করবে না সংসার, দাদাকে খবর দেয়, বাবা আসে, বোঝায় কিংবা নিয়ে যায়, কয়েক মাস পার হয়, তারপর আবার গোঁয়ারটা গিয়ে হাতেপায়ে ধরে নিয়ে আসে। শীত নেই, গরম নেই, বরষা নেই ভোরবেলায় ওঠো, কুয়ো থেকে সবার জন্য জল তোলো, উঠোন ঝাড়ু দাও, বাসন ধোয়, রান্নায় মেজো জাকে সাহায্য করো, খেতে ডাকো, খেতে দাও, সবার খাওয়া হলে খেতে বসো। গরুকে খেতে দেওয়া, ক্ষেতের সবজি বাজারে নেওয়ার উপযোগী করা, বড় ভাসুরের ছেলেমেয়েদের দেখভাল করা তো আছেই…। মেয়েমানুষ মানুষই না—সবচেয়ে বড় একচোখা হলো ভগবান। ‘তুমি যদি সত্যি সত্যি থাকো ভগবান, আর জন্মে মেয়ে কোরো না’---বিজয়ার নীরব কান্নার গভীর দাপটে শব্দরা প্রাণ পায় না।
নড়ে ওঠে, কে তুমি, চাটি মারে, কে তুমি...বাবার কথা মনে হয় বিজয়ার, রাগ করে বাড়িতে চলে গেলে আদর করে পাশে বসিয়ে বাবা বলত, ‘সত্যিকারের পূর্ণতা কোনো বাইরের যাত্রা নয়, কোনো অর্জন বা সাফল্যের মাপকাঠিও নয়, এটি সম্পূর্ণ ভেতরের যাত্রা। নিজেকে চিনতে পারার এবং আত্মার স্বভাবকে জীবনের প্রতিটি চিন্তা, কথা, আচরণে এবং কাজে স্থাপন করার নামই সত্যিকারের পূর্ণতা।’ বিজয়া পেটের দিকে তাকিয়ে বলে, ‘তুমি কি সেই পূর্ণতা আমার? কেন আসতে চাও এ দুঃসময়ে? তুমিও কি আমার মতো বোকা?’
আবার একটা নদী, তবে ছোট, খানিক দূরে সেতু, তারও দূরে মিলিটারি ক্যাম্প, আসার সময় এক ভিখারি বলেছে এসব, তার বলা কথায় না বলা অনেককিছুই ছিল। শ্বশুরমশাই বলতেন, আত্মা মরে গেলে মানুষ ভিখারি হয়।
সুকুমার বড়াল মন্থরতা বাড়িয়ে জ্যোতিষকে ধরে, তার ঠোঁটের চেয়ে চোখ বেশি কার্যকর; তাই প্রথম গাড়ি বাঁয়ের সরু রাস্তায় নামিয়ে ফসলতোলা তেকোণা মাঠ পেরিয়ে থমকে দাঁড়ায়। কোমর সমান পানি, হালকা স্রোত, কুমিরও থাকতে পারে, এখন উপায়! শান্তিপদ বিশ্বাসের দুই পাশে দুই মেয়ে, এক কাঁধে ছেলে আরেক কাঁধে দশাসই চটের বস্তা, তার ওপরে একটা দোয়েল, বিস্ময়ে হতভম্ব—শান্তি অশান্ত হয়ে তাড়া দেয়, ‘আরে, পেছনে পড়ছিস কেন? ভোরে খাসনি? এমন করলি তো রাত হয়ে যাবে !’ মেজো জায়ের খারাপ লাগে, এ সময় লোকটা এমনভাবে কথা বলছে কেন, আবার তার ভালোও লাগে, মেয়েদের অন্ততপক্ষে আজ একটু বকা দিচ্ছে। সে পেছনে ফিরে দেখে, বিজয়া আবার পেছনে পড়েছে। পা ফুলে ঢোল, দম নিতে কষ্ট, বাচ্চাটা থাকলে হয়! আরেকটু হলে নদীতে ভেসে যেত বিজয়া। বড় মেয়ে সাবিত্রীর দিকে সে মুগ্ধতায় তাকায়। মেয়েটা কেমন যুবতী হয়ে উঠেছে। কী সুন্দর গাল, ঠোঁট, হাত, পা, বুক—এমন গড়ন কোথা থেকে পেল? শাশুড়ি… ! বসে আছে গাড়িতে, পিটপিট করে তাকাচ্ছে, এখনো চোখে ভালো দেখে, কেউ বহর থেকে সরলে, পেছনে পড়লে সুকুমার বড়াল বা জ্যোতিষকে ডেকে বলছেন।
সবুজমথিত নিস্তব্ধতায় ঘেরা জঙ্গল, অসহায় প্রাণের নিষ্প্রদীপ পদক্ষেপ, মাঝখানে গোলাকৃতি জায়গা, সামনের গাড়ি কাচুকাচু আওয়াজে থামে, থেমে যায় পুরো বহর, গরুগুলো মাথা উঁচু করে দাঁড়ায় সানন্দে, মাথা-কাঁধ-হাত থেকে ঢাই ঢাই করে পড়ে বোঝাসমূহ; অনেকের মনে হয় পাপ, বিজয়ার কিছু মনে হয় না, সে মরার মতো পড়ে থাকে অদূরে, কাতরায় আর অভিশাপ বর্ষণ করে ভাববাচ্যে।
পৃথিবীর ইতিহাস হত্যার ইতিহাস, ভোগের ইতিহাস আর কিছু আছে ত্যাগের—সেই ত্যাগের ফলশ্রুতিতেই আজকের সমাজ, সভ্যতা। কিন্তু পিতৃভূমি ছাড়তে বাধ্য হওয়া মানুষের এই ইতিহাস নির্মাণ করছে কারা? পোয়াতি নারীর দুঃসহ যন্ত্রণা, শিশুদের ক্ষুধার্ত-কান্নামাখা মাটিতে শান্তিবৃক্ষ রোপণ করতে চাওয়া বোকামি। শিরায় ধমনিতে বাহিত রক্তে মিশে আছে আবহমান বাংলা। রক্তকণিকা তো বদল, পরিবর্তন করা যায় না।
বিদ্যুচ্চমকের মতো জ্বলে ওঠে আগুন, কাঠ জড়িয়ে ধোঁয়া যায় উড়ে, সবুজ বাতাসের আঁচলে সিঁদুর লেগেছে যেন—সেইসব রাতের সঘন সময়, আট বছরে বিয়ে, শাশুড়ি বা ননদের সঙ্গে রাত কাটানো, তারপর হঠাৎ এক রাতে ঘরে জোর করে পাঠানো, ভয় ও বিস্ময় সারা শরীরে কাঁপন তোলে—বিজয়ার নিদারুণ নিরাগ্রহ তবু চোখ তুলে চায়—মেয়েদের বিরাম নেই, বিশ্রাম নেই, তাদের জীবন ধোঁয়ার মতো, ছাইয়ের মতো—জীবন্ত কিংবা নিভন্ত শ্মশান সঙ্গে সঙ্গে থাকে।
মাটির চুলায় রান্নারত মেজো জা, হামাগুড়ি দিয়ে আগুয়ান মাংসদলা, শরীর বেয়ে উঠে স্তনে মুখ গুঁজে দেয়, বড় দুটি মেয়ে আনন্দে ডগমগ ভাইয়ের দিকে তাকিয়ে হয়তো ভাবে, এমন জীবনই ভালো, কিংবা জীবন না থাকলে আরও ভালো, কিংবা হিন্দু হওয়াটা মোটেও ভালো নয়।
একটা বেঁজি উঁকি দেয়, সারা গায়ে শ্বেতি দাগ, একটা গোখরো ঝোপের ভেতর থেকে মুখ বের করে তাকায়, চোখের গহিনে বিস্ময় ও বিষাক্ততা, একটা মেটে ইঁদুর দৌড়ে ওঠে গাছে, তার লেজকাটা, টপটপ করে পড়ছে রক্ত, একটা বনবিড়াল ও শেয়ালের ছেনালিপনা—বনসদৃশ এ প্রান্তরে ছিল মানুষের আবাস, সেইসব সময়ের বাতাস ও শব্দেরা হঠাৎ মানুষের মেলায় কেমন জড়সড় ও খানিকটা কৌতূহলীও।
পেটের বাচ্চা পেটের মধ্যে লাথি মারে, বাচ্চার বাবাও এমন করে লাথি মারে, জাগরণে কিংবা সবার সামনে, বছরের পর বছর চলে যায় তবু মানুষটার লাথি মারার স্বভাব যায় না—বিজয়া কুপিত হয়, ব্যথায় বাঁশের কঞ্চির মতো বাঁকা হয়ে যায়—কেউ দিয়ে যায় খিচুড়ির দলা, কেমন বুড়ো মানুষের পায়খানার মতো, চটচটে থকথকে লকলকে, ডালের আর চালের শরীর আলাদা, প্রাণী মরে গেলে এমনতর পোকার শরীর হয়, সেই শরীরে গতিবোধ-নীতিবোধ থাকে না, কোথা থেকে প্রাণ এসে ভর করে, আবার মরেও যায়, মরে যাওয়াই যেন ভবিতব্য।
জঙ্গলের ভেতর দিয়ে সরু রাস্তা, রাস্তার ওপর দুপুরটা নলেন গুড়ের মতো গড়িয়ে পড়ার চিন্তায় বিভোর, অকাল বর্ষায় সবুজের সমারোহে সৌন্দর্যের অসহ্যে কিশোর-শিশুরা নির্বাক, কিছু পুরুষ সবকিছু সামলাতে ব্যতিব্যস্ত; বৈশ্বিক জটিলতা, মৃত্যু ও অসহায়তা পরিহার করে খুরের ওপর ভর দিয়ে সম্মুখগামী গরুরা জাবরকাটার সুখানুভূতি থেকে বঞ্চিত করা বুটগুলোকে থামিয়ে দিতে শেয়ালকাঁটা কিংবা আজন্ম রক্ত খাওয়া মাছিদের শরণাপন্ন হবে অকুণ্ঠচিত্তে।
পাট পচা আর লাশ পচা, একটা অদ্ভুত রকমের দুর্গন্ধের বিন্যাস, শুধু নাকে নয় শরীরের অন্যত্রও ধাক্কা দেয়, তবে সুবিধা করতে না পেরে হানা দেয় শুচিবায়ুগ্রস্ত মেয়েদের কাছে, অসুস্থদের কাছে, তারপর শুরু হয় হাসপাতাল।
ভাসা লাশ, ভয়ার্ত লাশ, কুকুর-কাক-শকুনে আধ খাওয়া লাশ, পথের কিনারে ছিন্ন-বিছিন্ন কাঠফালি লাশ দেখে ছেলেমেয়েরা ভয় পায়, মা-দিদাকে শক্ত করে ধরে—শাঁখা সিঁদুরপরা উলঙ্গ লাশ দেখে বিজয়া মূর্ছা যায়, সাবিত্রী দৌড়ে যায় পুকুরে, সেখানে একটা হাত পাড়ের মাটি খামচে ধরা, সরে গিয়ে বদনা ভরে জল এনে কাকির মুখে দেয়; কলমিলতায় মধ্যে থেকে কপাল বেরোনো কালো চুলের মাথা, কেমন যেন চেনা নারী, সাবিত্রীর ভয়ার্ত ও শোকার্ত সময় কাকা এগিয়ে আসাতে ভরসা পায়, আরেকবার দেখতে যাওয়ার ঝুঁকি নেয়... আর এ সুযোগ হবে না, কেউ দেখবেও না, সেই হয়তো প্রথম ও শেষ… ‘কী রে, সামনে তাকা। সন্ধ্যে হয়ে গেলে পথ চলতি কষ্ট হবে।’ শান্তিপদ হাঁক পাড়ে। শেষের মানুষগুলো হকচকিয়ে ওঠে, গতি বাড়ায়, দূর থেকে একটা কান্নার চিকন সুতো বুকের পাঁজরগুলো গাঁথতে শুরু করে। চিৎকার-চেঁচামেচি দক্ষিণ বাতাসে ভর করে উড়ে আসে, ধোঁয়ার কুণ্ডলি পাক মেরে ধেয়ে যায় আকাশের মেঘ ছুঁতে, ওরা কি পশ্চিমেও যাবে ! কানে কানে ধ্বনিত হয়, পাশের হিন্দু গ্রামে পাকিস্তানি ঢুকেছে।
বিজয়ার চলৎশক্তি শেষ, বোধশক্তিহীন পা-হাত-চোখ-কান, বৌভাতের দিনেও এমনটা হয়েছিল তার—চারটা বড় বড় খাসি, জবাই করে ঝুলানো, টপটপ করে রক্ত পড়ার দৃশ্য, সামনের সব দাঁত ভাঙা, ডান কান খসেপড়া পাকা আমের মতো সিঁদুরে…। বিজয়ার মাথা ঘোরে, পেছনে তাকায় ভয়ে ভয়ে, মেজো জা ভারী বস্তার সঙ্গে বেঁকিয়ে গিয়ে বলে, ‘এই তো চলে এলাম। আরেকটু কষ্ট কর।’
বিজয়ার অসহ্য পেটেব্যথা, ঊর্ধ্বমুখী, রক্তের চিকন ধারা উরু বেয়ে মাটির দিকে ধাবমান। পেছন ফিরে তাকিয়ে দেখে মেঘমেদুর সুন্দরী বউ, হঠাৎ সে দেখতে পায় তার শরীর ঝুলে আছে অতি শিল্পিত ও বিনয়ীভাবে, প্রকৃতির সঙ্গে মিশ্রিতভাবে।
মাথার মধ্যে লাশের স্তূপ, হাড়ের মধ্যে মরা অন্ধকার, হেঁটে যাচ্ছে রক্তপায়ে ধীরে ধীরে, সাধ ভক্ষণের স্বাদ ছড়িয়ে পড়ছে আতঙ্কিত পথের দু'ধারে।
মাথাঘুরে পড়ে যায় বিজয়া।
নদীতে ভেসে যায়, একাকী নীরবে নিশ্চিন্তে—সাবিত্রী খেয়াল করে, সেই উলঙ্গ ঝুলন্ত নারীটি তাকিয়ে আছে কাকির দিকে...
গাড়ির কোঠর থেকে বুড়ি দেখতে পায়, একটা বিশাল ভয়ংকর পাখি ওপর থেকে নেমে আসছে, আর আকাশের দিকে তাকিয়ে আছে বিসর্জনের জাগ্রত দুর্গা।
