রক্তক্ষয়ী জুলাই বিপ্লব নিয়ে বাংলা একাডেমির তামাশা
তারা কষ্ট করে প্রতিষ্ঠিত কবিদের কাছে লেখা চাননি। কারণ তাদের দরকার ছিল অকালে একটি গর্ভস্রাব বাজারে ছাড়ার। এটাতে তারা সংস্কৃতি মন্ত্রণালয়ের সামনে নিজেদের কাজ দেখাতে পারবে।
গ্রন্থ: জুলাই গণ-অভ্যুত্থানের কবিতা
প্রধান সম্পাদক: মোহাম্মদ আজম
সম্পাদক: রওশন আরা মুক্তা, হাসান রোবায়েত
প্রকাশক: বাংলা একাডেমি
প্রকাশকাল: ২০২৫
অতীব দুঃখের সঙ্গে আমি জাতিকে জানাতে চাই আমাদের একটি বাংলা একাডেমি ছিল। কিন্তু সেটি মৃত্যুবরণ করেছে। আত্মহত্যা করেছে বা নিজেই নিজের কবর খনন করেছে সেকথাও বলতে পারি। বিগত অনেক বছর ধরেই ‘জাতির মননের প্রতীক’ নামধারী এই প্রতিষ্ঠানটি ‘জাতির দালালির প্রতীক’ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার কাজ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করেছে। বেশ কয়েক বছর ধরেই বাংলা একাডেমির মহাপরিচালক পদটি মননশীল জাতীয় দালালদের দ্বারা কলংকিত বা অলংকৃত হয়েছে। সেই সঙ্গে তার পাশে পরিচালক নামধারী কতিপয় পাতি দালাল এই সরকারী প্রতিষ্ঠানের মৃত্যুকে বেগবান করতে যথেষ্ট অবদান রেখেছেন। কয়েকজন চিহ্নিত দালাল সব সরকারের আমলেই ঘি মাখন খেয়েছেন।
গত পনের বছরে এই অথর্ব প্রতিষ্ঠানটির একমাত্র কাজ ছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের ছোট বড় সকল আমলার পদলেহন করা। সেই পদলেহনের দায়িত্ব অবশ্য তারা সকল সরকারের আমলেই নিষ্ঠার সঙ্গে পালন করেছে। এই কৃতিত্বে মুগ্ধ হয়ে তাদের প্রতি কিছু মধুর বাক্য বর্ষণ করার জন্য এই লেখার অবতারণা।
এতক্ষণ সংক্ষেপে নান্দীপাঠ করলাম। এক্ষণ মূল প্রসঙ্গে আসি। অতি সম্প্রতি বাংলা একাডেমি একটি কাব্য সংকলন প্রকাশ করেছে। ‘জুলাই গণ-অভ্যুথানের কবিতা’ শীর্ষক এই সুবিশাল মহান ব্যয়বহুল সংকলনটি প্রকৃত পক্ষে একটি অশ্বডিম্ব। এই অশ্বডিম্ব প্রসবের নামে বাংলা একাডেমি জুলাই বিপ্লব নিয়ে যে কবিতা সংকলন প্রকাশ করেছে তা প্রকৃতপক্ষে একটি তামাশা মাত্র। ছাত্র জনতার রক্তঢালা জুলাই বিপ্লবকে নিয়ে এই রসিকতা করার অধিকার তাদের কে দিয়েছে সেই প্রশ্নটি আমি করতে চাই।
এই সংকলনের কবি তালিকার দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন যারা জুলাই বিপ্লব চলমান অবস্থায় সাহসী ভূমিকা রেখেছিলেন এবং কবিতা লিখেছিলেন তাদের অধিকাংশ কবির কবিতাই এখানে নেই। অথচ নাম দেয়া হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের কবিতা। এখানে কবি আবদুল হাই শিকদার, ড. মাহবুব হাসান, আবিদ আজম, শাকিল রিয়াজ, সাজ্জাদ বিপ্লব, শাহীন রেজা, শাহিন রিজভি, মনসুর আজিজ, আবদুল বাতেন, রাজু আলাউদ্দিন, আবু জুবায়ের ,ফাতিমা তামান্না, সৈয়দ রনো, জামিল জাহাঙ্গীর, ফরিদ ভুঁইয়া, মুহিবুর রহিমসহ অনেক প্রতিষ্ঠিত ও বিখ্যাত কবিরই নাম নেই। অথচ তারা জুলাই বিপ্লবে কবিতার মাধ্যমে এবং রাজপথেও সাহসী প্রতিবাদী ভূমিকা রেখেছিলেন। আমি পুরো তালিকাটি দেখলাম। কয়েকজন বিখ্যাত কবি (যেমন জাহাঙ্গীর ফিরোজ, জাকির আবু জাফর) ছাড়া আর কোন কবি পদবাচ্য ব্যক্তির নাম খুঁজে পাইনি। আবার এমন কোন কোন কবির নাম দেখলাম যারা জুলাই বিপ্লবের বিরোধিতা করেছিল এবং এখনও পতিত স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছে। প্রআলো গ্রুপের বেশ কয়েকজন কবির নামও আমি দেখেছি। জুলাই বিপ্লবে এবং বিগত পনের বছরে যাদের কোন রকম কোন প্রতিবাদী লেখা প্রকাশিত হয়নি। তারা একটি জাতীয় দৈনিকের বিশেষ স্নেহভাজন--এটাই কি তাদের যোগ্যতা?
প্রআলো গ্রুপ ছাড়া বাংলা একাডেমি কি আর কোন কবিকে চেনে না?
আমি প্রশ্ন করছি, কোন মানদণ্ডে, কিসের ভিত্তিতে এই সংকলনে লেখা বাছাই করা হয়েছে? আমরা যারা রাজপথে দাঁড়িয়ে জুলাই বিপ্লবে কবিতা পাঠ করেছি জীবনের ঝুঁকি নিয়ে, তাদের অধিকাংশের কবিতা এখানে নেই কেন?
বাংলা একাডেমি নাকি ফেসবুকে লেখা চেয়েছিল। এটা কি সরাকারি টেন্ডারের বিজ্ঞাপন যে আপনি ফেসবুকে লেখা আহবান করবেন আর সবাই ওখানে হুমড়ি খেয়ে লেখা জমা দেবে? সংকলক ও সম্পাদকের দায়িত্ব হচ্ছে মানসম্পন্ন লেখাটি নবীন প্রবীণের কাছ উদ্ধার ও আহরণ করা। শুধু ফেসবুকে লেখা আহবান করার এই দায়সাড়া দায়িত্ব পালন কোনভাবেই সংকলক ও সম্পাদককে মানায় না। তারা কষ্ট করে প্রতিষ্ঠিত কবিদের কাছে লেখা চাননি। কারণ তাদের দরকার ছিল অকালে একটি গর্ভস্রাব বাজারে ছাড়ার। এটাতে তারা সংস্কৃতি মন্ত্রণালয়ের সামনে নিজেদের কাজ দেখাতে পারবে। একটা কিছু করে দেখাতেই হবে সেই জন্যই কি এই প্রকাশনা? বাংলা একাডেমির টাকার জোগান দেয় দেশ। তার মানে জনগণ। জনগণের টাকা দিয়ে জনগণের সঙ্গে এই রসিকতার অর্থ কী? এই সংকলনের সম্পাদকরাই বা কারা? তারা কোন মহাকবি?
যারা দেশের প্রতিষ্ঠিত কবিদেরই চেনেন না তারা কী যোগ্যতায় এমন একটি ঐতিহাসিক প্রকাশনা সম্পাদনার দায়িত্ব পেলেন? তাদের প্রাপ্ত টাকাটা হালাল করার জন্যও তো কিছু পরিশ্রম করা দরকার ছিল যেটা তারা করেছেন বলে মনে হয় না। কারণ তারা তো অন্তত কষ্ট করে একাডেমির ফোন ব্যবহার করে লেখা চাইতে পারতেন। যে কোন সংকলন প্রকাশের আগে সম্ভাব্য লেখকদের একটি তালিকা করা হয়। প্রতিষ্ঠিত লেখকদের একটি তালিকা প্রণয়ন করে তাদের কাছ থেকে লেখা চাওয়ার পরিকল্পনা থাকে। কিন্তু এখানে তো এই সম্পাদকরা সেটুকুও করেননি বোঝা যাচ্ছে। হাতের কাছে যা পেয়েছেন( যার অধিকাংশই ভূষিমাল) তাই জাবনা বানিয়ে চাড়ির মধ্যে ঢেলে দিয়েছেন। এই ধরনের ‘গোখাদ্য’ দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়কে সন্তুষ্ট করা গেলেও সচেতন পাঠককে কি সন্তুষ্ট করা সম্ভব?
এই ধরনের রসিকতার মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজের অকর্মণ্যতাই প্রকাশ করেছে। অভিযোগ রয়েছে, জুলাই বিপ্লবের এই সংকলনে অনেক কবির কাছ থেকে লেখা চেয়ে নেয়া সত্ত্বেও তাদের লেখা প্রকাশিত হয়নি। কারণ হিসেবে বলা হয়েছে তাদের লেখায় নাকি বানান ভুল ছিল। প্রশ্ন হলো, তাহলে সম্পাদকরা আছেন কী করতে? জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ঐতিহাসিক সময়ের একটি দলিল হতে পারতো এই সংকলন। প্রয়োজনে সংকলনটি একাধিক খণ্ডে প্রকাশ করা যেত। দেশের প্রথিতযশা নবীন প্রবীণ কবিদের সমন্বয়ে একটি সম্পাদনা পরিষদ গঠন করাও অত্যাবশ্যক ছিল।
আমি বাংলা একাডেমিকে বলতে চাই, অবিলম্বে এই সংকলন বাজার থেকে তুলে নিয়ে নতুনভাবে একটি সুসম্পাদিত সংকলন প্রকাশ করুন। জুলাই বিপ্লবকে নিয়ে খবরদার তামাশা করবেন না। সেই সঙ্গে সরকারি অর্থের কেন এমন নয়ছয় করলেন সেটারও জবাব দিন।
মনে রাখবেন, এই ধরনের বিকলাঙ্গ সংকলন প্রকাশের জন্য জাতি আপনাদের কোন দিন ক্ষমা করবে না। শেষ খবর পাওয়া পর্যন্ত সম্ভবত এই সংকলনটি সরিয়ে ফেলা হয়েছে। কারণ একাডেমির বিক্রয় কেন্দ্রে সংকলনটি পাইনি। যা হোক, সেটা যদি হয় তাহলে কর্তৃপক্ষকে তাদের দেরিতে হলেও শুভবুদ্ধির উদয় ঘটায় ধন্যবাদ জানাই।
কোন কিছুই বিনা প্রশ্নে বিনা জবাবদিহিতে পার করা যায় না। বাংলাদেশের লেখক সমাজের কাছে ক্ষমা চেয়ে এই সংকলন আনুষ্ঠানিকভাবে স্থগিত করুন। নতুনভাবে সংকলন করুন। এই সংকলনের জন্য বিশিষ্ট কবিদের নিয়ে সম্পাদনা পরিষদ গঠন করুন। বিনা মূল্যে এই সুপরামর্শটি দিলাম, কারণ এই প্রতিষ্ঠানটিকে ঘিরে আমার অনেক স্মৃতি, অনেক ভালোবাসা রয়েছে। বাংলা একাডেমি হতে পারে বাংলাদেশের সংস্কৃতি, সাহিত্য ও মননশীলতার ধারক। তবে এই অবস্থানে পৌঁছুতে হলে মহাপরিচালকসহ প্রতিষ্ঠানটির কর্মীদের আন্তরিক ও যোগ্য হতে হবে।
