রাসবিহারী অ্যাভিনিউ
হেরোডোটাসের একটা লেখার পড়েছিলাম, পারস্যের এক সেনাপতি মিশর আক্রমন করবার আগে তাদের অত্যধিক বেড়ালপ্রীতি সম্বন্ধে হোমওয়ার্ক করেছিলেন। তাই যুদ্ধের আগে হাজার হাজার বেড়াল ছেড়ে দিয়েছিলেন।
অরুণাভের ঘরে ঢুকেই রীতিমতো অবাক হওয়ার পালা। বই-পত্র ছড়িয়ে ছিটিয়ে একাকার। পুরনো বুক শেলফে হাজার হাজার বই। একদিন কথায় কথায় বলছিল দুর্লভ এই বইগুলো সে পেয়েছে তাঁর দাদুর কাছ থেকে।
আমি ঢাকা থেকে দু'দিন আগে রওনা দিয়ে মাত্র এসে পৌঁছেছি কলকাতায়। টানা জার্নিতে কিছুটা ক্লান্ত, অবসন্ন। তবুও মনের ভেতর অদম্য কৌতুহল নিয়ে বসে আছি রাসবিহারী অ্যাভিনিউয়ের দুই-কামরার এই ছোট্ট ফ্ল্যাটে। আসলে আমার মন পড়ে আছে প্রায় একশো বছর আগে। উনিশশো উনত্রিশ সালে। যখন এই রাস্তাটি জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছিল। গোড়ার দিকে রাস্তাটির নাম ছিল মেইন সয়্যর রোড। পরে ব্যারিস্টার রাসবিহারী ঘোষের নামানুসারে রাখা হয় রাসবিহারী অ্যাভিনিউ। রাসবিহারী ঘোষ যুক্ত ছিলেন কংগ্রেসের সঙ্গে। আইনব্যবসায় প্রভূত অর্থ উপার্জন করেছিলেন একসময়। মৃত্যুর আগে রাসবিহারী ঘোষ প্রায় ষোল লক্ষ টাকার সম্পত্তি একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে দান করে যান। সেই টাকাতেই ১৯২২ সালে যাদবপুরে প্রায় তেত্রিশ একর জায়গা কিনে তৈরি করা হয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। অসংখ্যবার নামের রদবদল হলেও বর্তমানে প্রতিষ্ঠানটির নাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। অরুণাভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের সহযোগী অধ্যাপক।
পড়ার ঘরের ডিভানে হেলান দিয়ে এসব ভাবতে ভাবতে প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। জলের গ্লাস এগিয়ে দিতে দিতে অরুণাভ বলে উঠল—
“একটা ফ্লাইট ধরে এলেই পারতে। তোমার সবকিছুতে বাড়াবাড়ি। ট্রেনে চেপেই আসতে হল। ধুলো-বালি-ক্লান্তি সব মুখে লেগে আছে।”
সকালের অস্পষ্ট রোদ পর্দার আড়াল থেকে অরুণাভের মুখে এসে পড়েছে। ওকে দেখাচ্ছে ইকারুসের মতো।
আমি বললাম, “দুটো ডানা থাকলে তোমাকে ইকারুস বলে ডাকতে পারতাম।”
অরুণাভ অকপটে বলে উঠল, “নামে কি এসে যায়। চাইলে এখনো ডাকতে পারো।”
ওর হাত থেকে জলের গ্লাস নিতে নিতে দেখলাম সুন্দর ঝকঝকে আঙুল। নখগুলো ঈষৎ গোলাপি। ছেলেদের হাত এতটা সুন্দর হয় বলে জানতাম না। আমার একজন সহকর্মী প্রায়শই বলেন মানুষ দেহান্তরিত। শিল্প-সাহিত্য-দর্শন যাই করুক না কেনো ঘুরেফিরে দেহের কাছেই ফিরে আসে।
হঠাৎ দরজায় কেউ কড়া নাড়লো। অরুণাভ দরজা খুলে দিল।
মালতি হাসতে হাসতে ভেতরে এলো। খুব সুন্দর করে জিজ্ঞেস করল—
"কেমন আছো?”
অরুণাভের মুখে মালতির কথা অনেক শুনেছি। আজ মালতিকে দেখে, ওর কথা শুনে মনে হল দূরত্ব জিনিসটা শুধু মানচিত্রে থাকে, মানুষের মনে নয়।
মালতি বইগুলো গুছিয়ে গিজার ছেড়ে দিল। রান্নাঘরে গিয়ে কপট রাগ দেখিয়ে অরুণাভকে বলল—“এখনো বাজারে যাও নি? যে এসেছে তার তো দুদিন ধরে বাড়ির খাবার খাওয়া হয়নি।”
অরুণাভ নিচু স্বরে বলল—
“এক্ষুনি যাচ্ছি। কি কি আনতে হবে বলে দাও।”
অরুণাভ বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যেতেই মালতি আমাকে বলল—
“শাওয়ার নেবে তো?”
আমি বললাম—“হ্যাঁ।”
স্নানঘর দেখিয়ে দিয়ে মালতি বলল—“ফ্রেশ হয়ে নাও। অনেকটা ধকল গিয়েছে দু'দিনের জার্নিতে।”
আমি ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। পুরনো দিনের চৌকো নকশার মোজাইক করা মেঝে ভীষণ ঝকঝকে, পরিস্কার। একপাশে ফ্রেম করা আয়না। আয়নার বাঁদিকটায় ফ্রেমের প্রান্ত ঘেঁষে ম্যাজেন্টা রঙের একটা টিপ। হয়তো কেউ শাওয়ার নিতে এসে খুলে রেখেছিল। আবার পরতে ভুলে গিয়েছে। কিছুক্ষণের জন্য মনটা বিষন্ন হয়ে গেল আমার।
অরুণাভ আর মালতি কি সবাইকে এমন উষ্ণ অভ্যর্থনা জানায়? অন্যরাও কি আমার মতো এখানে এসে এমন তন্দ্রাচ্ছন্ন হয়ে বসে থাকে? রাসবিহারী অ্যাভিনিউ নিয়ে ভাবে? তারপর কপালের ম্যাজেন্টা টিপ খুলে আয়নায় লাগিয়ে রাখে?
সাতপাঁচ ভাবতে ভাবতে দেখি পেছনের টাওয়েল স্ট্যান্ডে চিকনপাড়ের একটা বালুচরি শাড়ি। পাট ভাঙা হয়নি। শাড়ির সাথে মিলিয়ে সুতির প্যাচওয়ার্ক ব্লাউজ। অরুণাভের সঙ্গে কখনো শাড়ি-ব্লাউজ নিয়ে কথা হয়েছে কিনা মনে করবার চেষ্টা করলাম। তীব্র মাথা ব্যথা সে কথা ভাববার অবকাশ দিল না। অন্যদিকে পেতলের এন্টিক নকশার একটা হোল্ডারে সুগন্ধি মোম রাখা। পাশেই লাইটার। স্বভাবসুলভ আগ্রহে মোমটি জ্বালালাম। ওয়াইল্ড লিলির ঘ্রাণ ছড়িয়ে পড়লো চারদিকে। উষ্ণ জলে শাওয়ার নিলাম। মালতিকে কিছু জিজ্ঞেস না করেই শাড়িটা পরলাম। আঁচলের কারুকাজ আমাকে মুগ্ধ করল—শ্রীকৃষ্ণ অর্জুনকে দীক্ষা দিচ্ছেন এমন একটি দৃশ্য। অবাক হয়ে লক্ষ্য করলাম আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে।
বাজার থেকে ফিরে অরুণাভ তাঁর টার্কিশ কফির কৌটোগুলো নিয়ে বসলো। একে একে সবগুলো ফ্লেভারের বর্ণনা দিল। সেইসঙ্গে শর্ত জুড়ে দিল—যতদিন কলকাতায় থাকবো, সকাল-বিকেল একেকটা ফ্লেভারের কফি চেখে দেখতে হবে। আমি রাজি হলাম।
মালতি ততক্ষণে সকালের খাবার তৈরি করে ফেলেছে। আধসিদ্ধ ডিম, ফ্রেঞ্চ টোস্ট, কাচা হলুদ, কমলা, আদা আর মধু দিয়ে অভূতপূর্ব একটা ড্রিংক।
অরুণাভ খেতে খেতেই আমার সামনে এসে দাঁড়াল। বলল—“চোখ বন্ধ কর।”
আমি বাধ্য মেয়ের মতো চোখ বন্ধ করলাম।
মধ্যমা আর অনামিকা এগিয়ে দিয়ে বলল—
“যেকোন একটা ধর।”
আমি আলতো করে মধ্যমা ধরলাম। ওর চোখ খুশিতে ঝলমল করে উঠল। মালতিকে উদ্দেশ্য করে বলল—
“আজ কফি আমি বানাব। তোমাকে বানাতে দেয়ার রিস্ক নিতে পারছি না, মালতিদি।”
আমি মৃদু হেসে বললাম—“রিস্ক নিলে রিটার্ন ভাল আসে।”
অরুণাভ বলল—“ওটা তো ব্যাংকারদের কাজ, সাহিত্যের অধ্যাপকরা ওসব মানে না।”
মালতি আমাকে দক্ষিণের ঘরটায় নিয়ে গেল। এখানেও ইতস্তত বই-পত্র ছড়ানো। শোবার ঘরের জানালা দুটি খুব সুন্দর। আমি দক্ষিণ-পূর্ব জানালার কাছে দাঁড়ালাম। আমাদের গোপালগঞ্জের বাড়িতে একসময় এমন জানালা ছিল। কারুকাজ করা চৌকাঠের ভেতরে লম্বা লম্বা গরাদ। ছোট্ট বেলায় ঘরের ভেতর থেকে সেই জানালায় উঁকি দিতে দিতে আমি বলতাম—
“নানা ভাই, আমি তোমাকে দেখি, তুমি আমাকে দ্যাখো?”
তখন মনে হতো ঘরের ভেতরে থাকলে বাইরে থেকে জানালা দিয়ে বোধহয় দেখা যায় না। বোকা শৈশব!
জানালা দিয়ে দেখলাম, এরোমেটিক জুঁইয়ের গাছগুলো নিচের পুরনো দেয়ালটা ঘিরে রেখেছে। মৃদু একটা গন্ধ ভেসে আসছে সেখান থেকে। তিনতলার ওপর থেকে আরও দেখতে পেলাম সাদা ধুতি-পাঞ্জাবি পরে কেউ একজন হেঁটে যাচ্ছে। মনে হল, জীবনানন্দ হেঁটে যাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ ধরে! মিনিট দশেক বাদে কফি নিয়ে ঘরে ঢুকল অরুণাভ। আমি ততক্ষণে বিছানায় গা এলিয়ে দিয়েছি। টিপয়টা বিছানার কাছে দিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে মালতি বলল—
“এখন কফি বানালে কেন? একটু ঘুমিয়ে নিলে তারপর দিতে।”
অরুণাভ কিছু না বলে মাথা ঝাঁকাল।
বললাম—“আমি কফি খেয়েও ঘুমোতে পারি মালতিদি।”
অরুণাভ আমার পায়ের কাছে এসে বসল। কফির কাপ এগিয়ে দিয়ে বলল—
“ভলতেয়ার দিনে পঞ্চাশ কাপ কফি খেত। চিকিৎসকদের বহু বারণকে জাস্ট বুড়ো আঙুল দেখিয়ে এই অভ্যাস লালন করেছিল সারা জীবন। দিব্যি তিরাশি বছর বেঁচেছিল লোকটা!”
তারপর একটু থেমে বলল—"ভলতেয়ারকে মানুষ কেন মনে রেখেছে বলো তো?"
বললাম—"ভলতেয়ার রাষ্ট্র আর ধর্মকে আলাদাভাবে দেখতেন। বলতেন রাষ্ট্র থেকে ধর্ম বিচ্ছিন্ন হলেই প্রকৃত মুক্তি আসে।" অরুণাভ বলল—"এ তো তত্ত্ব কথা। সব দার্শনিকেরাই কিছু না কিছু বলেন। আমার মনে হয় ভলতেয়ারকে মানুষ মনে রেখেছে তাঁর লেখা চিঠির জন্য। ভাবা যায়, সমস্ত জীবনে বিশ হাজারেরও বেশি চিঠি লিখেছেন ভদ্রলোক। তোমার জীবনানন্দও অনেক চিঠি লিখেছেন। রবীন্দ্রনাথ তো লিখেছেনই। একজন মানুষকে পরিপূর্ণভাবে চিনতে হলে তাঁর লেখা চিঠিগুলো পড়তে হয়।"
অরুণাভ কথা বলছে। ওর মুখটা ক্রমশ অস্পষ্ট হয়ে উঠছে আমার কাছে। কেমন যেন ঘোর ঘোর চারপাশ। দেখলাম ফিকে নীল রূপশালী শাড়ি পরা একটা মেয়ে। কপালে ম্যাজেন্টা টিপ। অরুণাভ না ভলতেয়ার মেয়েটার দিকে তাকিয়ে আছে আমি ঠিক বুঝতে পারছি না। মেয়েটা অসংখ্য চিঠি আকাশে ছড়িয়ে দিল। নীল সমুদ্রের বুকে নির্জন শঙ্খচিলের মতো ভেসে বেড়াল চিঠিগুলো। আবার মনে হল আমি যেন অফিসে। রাসবিহারীর সবটুকু রোদ নিয়ে থমকে আছে গুলশান অ্যাভিনিউ! স্বচ্ছ কাচের দেয়ালের ওপাশে কেউ বসে আছে। শান্ত, প্রতিক্রিয়াহীন। মায়াময় সেই মুখের পাশে তিনটি ত্রিকালজ্ঞ পেঁচা। তাঁর হাতের ঘড়িটা দ্যুতি ছড়ালেও সময় যেন থমকে আছে। আমি আমার পোষা বেড়াল তিতিরের মতো অপেক্ষা করছি...কার জন্য...কিসের জন্য...কিছুই জানিনা। জীবনানন্দ, ভলতেয়ার, অরুণাভ, তিতির আর সেই স্নিগ্ধ মুখটি একই কক্ষপথে ঘুরছে বারবার। তন্দ্রা না ঘুম ঠিক বুঝে উঠতে পারছি না। আরও গভীরে তলিয়ে যেতে যেতে দেখলাম অসম্ভব বুদ্ধিদীপ্ত একটি মুখ। হতে পারেন শ্রমণ, ভান্তে কিংবা অন্যকেউ। অদ্ভুত দৃঢ়তায় মুখটি বলল—
“আমরা মায়াকে অতিক্রম করতে পারি না, শুধু প্রদক্ষিণ করি।”
তারপর অসংখ্য সাদা ঘোড়া, লুম্বিনীর বন, বৈশালীর মাঠ, হায়া সোফিয়ার নির্জন সিঁড়িঘর, সিসিলি দ্বীপের সুগন্ধি জল, অরুণাভের বানানো কফি আর শ্রমণের কথা আমার নিউরনে গেঁথে রইল কিছুক্ষণ।
মালতির ডাকে ঘুম ভাঙল। তখন হেমন্তের সন্ধ্যা ঝুঁকে পড়েছে কলকাতায়। অরুণাভের কয়েকজন ছাত্রছাত্রী এসেছে দেখা করতে। দীর্ঘ আড্ডা, গল্পের পর ওরা ফিরে গেল। স্বপ্নের রেশ তখনও কাটেনি আমার। মাথা ব্যথাটাও বড্ড বেড়েছে। ঘুমের ব্যাঘাত ঘটবে বলে মালতি দুপুরে ডাকেনি। অরুণাভ যথারীতি না খেয়ে বসে আছে। আগেভাগেই রাতের খাবার খেয়ে নিতে হল। মালতির হাতের পটলের দোলমা, কারিপাতা ফোড়ন দিয়ে মাষকলাইয়ের ডাল আর সুক্ত খেতে খেতে মাথা ব্যথার কথা মনে পড়ল না একবারও। এদিকে খাবারের পাঠ চুকিয়ে গোছগাছ করে মালতি বেরিয়ে পড়ল। তাকে যেতে হবে গড়িয়াহাটা, ভাইয়ের বাসায়। পুবের জানালায় দাঁড়িয়ে দেখলাম মালতি হেঁটে যাচ্ছে। নিয়ন আলো আর হেমন্তের জোৎস্না মালতিকে রহস্যময়ী করে তুলেছে। মনে হচ্ছে মা মেরী বেথেলহামের কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন।
হঠাৎ অরুণাভ শিশুসুলভ হাসি দিয়ে চোখ বন্ধ করতে বলল। এবার আমি ইচ্ছে করেই ওর অনামিকা ধরলাম। কিছুক্ষণ বাদে কফি নিয়ে ঘরে ঢুকলো সে। কোল্ড ব্রিউর ঘ্রাণ, এরোমেটিক জুঁইয়ের তীব্রতা কিছুটা কমিয়ে দিল। অ্যানোসমিয়া আর ফেরোমন নিয়ে কথা বলতে বলতে অরুণাভ হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বলল উঠল—"তিতির জানে, আজ ঢাকায় বৃষ্টি হবে! উত্তর ভারতে কিছু জঙ্গল আছে, সেখানকার পিঁপড়েরা দুদিন আগে থেকে বৃষ্টির খবর টের পায়।"
আমি বললাম, "জীববিজ্ঞানীরা নীল নদের পাড়ে যেসব বেড়ালের অস্তিত্বের প্রমাণ পেয়েছেন তারা যিশুর জন্মের অনেক আগে জন্মেছিল। মজার ব্যাপার হল, মানব সভ্যতায় প্রাচীন মিশরের অধিবাসীরাই প্রথম বেড়াল পুষেছিল। হেরোডোটাসের একটা লেখার পড়েছিলাম, পারস্যের এক সেনাপতি মিশর আক্রমন করবার আগে তাদের অত্যধিক বেড়ালপ্রীতি সম্বন্ধে হোমওয়ার্ক করেছিলেন। তাই যুদ্ধের আগে হাজার হাজার বেড়াল ছেড়ে দিয়েছিলেন। মিশরীয় সোলজাররা এদিক ওদিক ছুটোছুটি করা বেড়ালগুলোর ক্ষতি না করে একসময় পালিয়ে যায় রণাঙ্গন থেকে। এভাবে মিশর চলে যায় পারস্যের অধীনে।"
অরুণাভ আমার দিকে আরেকটু এগিয়ে এলো। ফিসফিস করে বলল,
'My beautiful cat, come onto my heart full of love;
Hold back the claws of your paw,
And let me plunge into your adorable eyes
Mixed with metal and agate...'
জোৎস্নার একফালি আলো এসে পড়েছে ওর মুখে। মুহূর্তে মনে হল—সবকিছু যেন একসাথে ঘটছে। অরুণাভের ঘর, গুলশান অ্যাভিনিউয়ের অফিস, ভলতেয়ারের চিঠি, জীবনানন্দ আর মালতির হেঁটে যাওয়া। আমি জানালা দিয়ে নিচে তাকালাম—দেখলাম রাস্তার মোড়ে ফিকে নীল রূপশালী শাড়ি পরা মেয়েটা, কপালে ম্যাজেন্টা টিপ। হালকা আলোয় তাকে দেখাচ্ছে কাচের ভেতর আটকে থাকা ছায়ার মতো। অরুণাভ মেয়েটার হাত ধরে দাঁড়িয়ে।
এদিকে বেথেলহামে যোষেফের হাত ধরে হেঁটে যাচ্ছে মালতিদি। আমি জানি তাঁর সন্তানের বাবা যোষেফ নয়, অরুণাভ।
আরও দূরে নীল জোৎস্নায় ডুবে যাচ্ছে লুম্বিনী। অরুণাভ পালিয়ে যাচ্ছে ঘর ছেড়ে। যশোধরা আর রাহুল ঘুমোচ্ছে নিশ্চিন্তে।
আমি চোখ বন্ধ করলাম। ততক্ষণে আড়মোড়া ভেঙে তিতির গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আমার দিকে। জানালার নীলচে কাচে বুদ্ধকে দেখতে পাচ্ছি—তীব্র মাথাব্যথা আমার সমস্ত শরীর অবসন্ন করে তুলেছে। অরুণাভের আলিঙ্গন থেকে শতচেষ্টা করেও ছাড়াতে পারছি না নিজেকে। অথচ আমি ভীষণভাবে নিশ্চিত, রাসবিহারী অ্যাভিনিউয়ে কখনোই যাওয়া হয়নি আমার!
