২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুধু একটি কবিতা

সেই সময়গুলোতে নানা ভাষায় একই শব্দ উচ্চারণে তৈরি হতো এক আশ্চর্য ঐক্য। শব্দের দ্যোতনা, শব্দের মিল বা অমিল আবিষ্কার করে আনন্দ পাওয়া, আর কবিতায় ব্যক্ত কোনো অনুভূতি বা কোনো একটা ফুলের পুনরাবৃত্তিক উল্লেখ থেকে সবারই কিছু মনে পড়ে যাওয়া, যা হয়ত ছেড়ে আসা কিছু, আশ্চর্যভাবে সবাইকে জুড়ে দিত।

ফারিবা উন্মনা আলমগীর ফারিবা উন্মনা আলমগীর

Published : 27 Apr 2026, 04:21 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

 এই কবিতাটির জন্ম Global Library research project-এর গবেষণা কাজের অনুষঙ্গ হিসেবে। আমাদের গবেষণা কাজটি ঐতিহাসিকভাবে স্থানান্তর এবং লাইব্রেরি-র সংযোগ, জ্ঞানের প্রসার ও বিনিময়ে কী প্রভাব রেখেছে বা রাখছে তা অনুসন্ধান করছে। বর্তমান সময়ে, যুক্তরাজ্যে লাইব্রেরি সকলের জন্য উন্মুক্ত এবং বিচ্ছিন্নতার এই সময়ে দাঁড়িয়েও এখনও সামাজিক সংযুক্ততা তৈরির অন্যতম ক্ষেত্র হিসেবে উল্লিখিত হয়।

আমাদের গবেষণা কাজের অংশ হিসেবে, আমরা যুক্তরাজ্যে শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের কাছে লাইব্রেরিকে আরও পরিচিত করে তুলতে স্থানীয় লাইব্রেরিতে “Poetry Beyond Borders” শিরোনামে কবিতা পাঠ ও বিনিময়ের একটি ধারাবাহিক আয়োজন করেছিলাম। মোট ১৬টি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সকল সীমানার ঊর্ধ্বে, দেশ-কাল ও সব ধরনের বিভেদ অতিক্রম করে শুধু কবিতা উপভোগের জন্যই ছিল এই উদ্যোগ। অংশগ্রহণকারীদের আমরা আমন্ত্রণ জানাতাম—তাদের নিজ ভাষায় প্রিয় কোনো কবিতা পরিচয় করিয়ে দিতে, নিজের লেখা কবিতা আবৃত্তি করতে, অথবা শুধু শ্রোতা হিসেবে উপস্থিত থাকার জন্য। কখনো কখনো পরিচিত কোনো কবি বা কবিতার অনুবাদ অনলাইনে পাওয়া যেত। তবে বেশিরভাগ সময়ই পাঠকসহ সবাই একসাথে নানা ভাষায় নানা শব্দ বলে বলে বা গুগল দেখে শেষমেশ কবিতাটি সম্মিলিতভাবে এক রকম অনুবাদ করা হতো। অথচ কেউ প্রচলিত অর্থে কবি নয়, বা লিখিত কবিতার সাথে পরিচিত হওয়ার সুযোগ অনেকেরই হয়নি। সেই সময়গুলোতে নানা ভাষায় একই শব্দ উচ্চারণে তৈরি হতো এক আশ্চর্য ঐক্য। শব্দের দ্যোতনা, শব্দের মিল বা অমিল আবিষ্কার করে আনন্দ পাওয়া, আর কবিতায় ব্যক্ত কোনো অনুভূতি বা কোনো একটা ফুলের পুনরাবৃত্তিক উল্লেখ থেকে সবারই কিছু মনে পড়ে যাওয়া, যা হয়ত ছেড়ে আসা কিছু, আশ্চর্যভাবে সবাইকে জুড়ে দিত। বাংলা ভাষায় “দূর” যে ফারসি ভাষায়ও “দূর”, আর আমাদের দূরতর বাড়ির জন্য মনে অন্তহীন বহমান স্মৃতিকাতরতা সুর যে একই রকম তা আমাদের মুহূর্তে নিকট করে দিত । কুর্দিশ অনুভূতি, শব্দ, ইতিহাস, কাব্যের সাথে মিশে যেত বাংলা, ফারসি, আরবি, আমহারিক, গুজরাটি বা দক্ষিণ সুদানের Nuer মানুষের স্রোত। সত্যিই সব বাঁধা সীমানা বিভেদরেখা পেরিয়ে একটি কবিতা সবার হয়ে যেতে পারে! আমাদের পরানের গহীন ভেতরে যে ভালোবাসার অনুভূতি অনুরণিত হয়, একটি কবিতার একটি পংক্তি ধ্বনিত করতে পারে সেই অন্তমিল।

“আবার আসিবো ফিরে ধানসিড়ি নদীটির তীরে” —এ যে শুধু আমাদের বাংলা ভাষাভাষীদের কাঁদায় না, আমি এটা হয়তো কখনো উপলব্ধি করতাম না যদি না আমাদের আয়োজনে শোনাতাম। জীবনানন্দ দাশ যে মূলত স্বদেশ থেকে উৎপাটিত হওয়া একজন মানুষ ছিলেন—সেদিন দেশ ছেড়ে আসা মানুষ, যাদের দেশে ফেরার পথ রুদ্ধ, তাদের মাঝে দাঁড়িয়ে ওঁকে পরিচয় করিয়ে দেওয়ার আগে সেভাবে কখনো অনুধাবন করিনি। নিজের আজন্ম চেনা একটি কবিতার তাৎপর্য যেন আমার কাছে প্রথমবার প্রতিভাত হলো। মনে হলো সত্যিই দেশভাগের সেই কাঁটাতার পেরিয়ে ওঁর কখনোই তো ধানসিড়ি নদীর তীরে ফেরা সম্ভব ছিল না, সত্যি তো—ওঁর তো কখনো ফেরা হয়নি।

University of East Anglia-এর Literature, Drama and Creative Writing School-এর অন্তর্গত হওয়ার সুবাদে, আমাদের কবিতার ওয়ার্কশপ সঞ্চালনা করবার লোকের বা আইডিয়ার কোনো অভাব ছিল না। এছাড়া আমাদের টিমে আরবি, ফার্সি, কুর্দিশ, ইউক্রেনিয়ান, পশতুন, দারী ভাষাভাষী লোক ছিল। কিন্তু আমাদের কবিতার ওয়ার্কশপগুলোর জন্য কখনো কোনো নির্দিষ্ট ছক তৈরি থাকত না। এছাড়া যদিও বা আমরা প্রম্পট ঠিক করে রাখতাম; কখনো ব্যবহার করতাম অথবা করতাম নাI পুরোটাই যেন তার নিজ স্রোতে বা মানুষের ইচ্ছেমতো যেন চলে, সেটাই লক্ষ্য ছিল। যেখানে মানুষের ভাষা, বর্ণ, ঐতিহ্য, সাহিত্য, অভিজ্ঞতার এত বৈচিত্র্য, মানুষের হৃদয়ে লালিত ভালোবাসা, বেদনা, সংঘাত এবং স্বপ্নের এত প্রকরণ জড়ো হয়—সেখানে কোনো ছক অনুসরণ একেবারেই বাহুল্য ছিল।. ভাষা ও সীমানার গণ্ডী পেরিয়ে সবার হৃদয়ের তন্ত্রীতে কিছু শব্দ, স্মৃতিময়তা আর একই কিছু অনুভূতি ধনিত হয়, সতত, যা পশ্চিমা দেশগুলোর মানবিক অধিকার বা মানবতা-বহির্ভূত নির্মমতা ভুলিয়ে দিতে পারেনি! ভালোবাসা আর তার কাব্যিক প্রকাশের প্রতি মানুষের চিরন্তন আর সহজাত আকাঙ্ক্ষা সর্বজনীন, যা কোনো যুদ্ধ, সহিংসতা, বিক্ষুব্ধ সমুদ্রযাত্রা বা শরণার্থী শিবিরের নিদারুণ অভিজ্ঞতা কেড়ে নিতে পারে না। কবিতা থেকে কবিতায় হারিয়ে যেতে যেতে এই উপলব্ধি আমাদেরকে বিস্মিত করে দিত।

একবার একজন পশতুন ভাষায় শুধু ছয়টা শব্দ বড় বড় করে লিখেছিল। তারপর হঠাৎ করে দাঁড়িয়ে সেই ছয়টি শব্দের কবিতা হাস্যোজ্জ্বল মুখে গর্বিত স্বরে পাঠ করে। কেউ তৈরি ছিল না, অথচ সবাই মুহূর্তেই একইরকম আনন্দোজ্জ্বল মুখে করতালিতে ফেটে পড়েছিল। পুরো ঘর জুড়ে এক আশ্চর্য সংহতি ধনিত হচ্ছিল। একজন মানুষের নিজের লেখা কবিতা আর নিজের ভাষায় তা একঘর লোককে বলার আনন্দ--সেই মুহূর্তটা উদযাপনের জন্য, আসলে সেই ভাষাটি দরকার হয় না। যেহেতু ও আর অনুবাদ করতে যায়নি, তাই সবাই একসাথে আর সেটার অর্থ খোঁজা হয়নি। কিন্তু ওকে স্বল্পবাক এবং লাজুক হিসেবে আমি জানতাম, তাই ওর হঠাৎ উঠে দাঁড়িয়ে কবিতা বলায় আমি খুব অবাক হয়েছিলাম। পরে আমাদের টিমের পশতুনভাষী ইন্টারপ্রেটরকে সঙ্গে নিয়ে জিজ্ঞাসা করেছিলাম ও কী লিখেছে, বললো – “আমার মনে পড়ে, আমার মা, দেশ, ভালোবাসি।“ এই শব্দগুলোর আসলেই কি কোনো  অনুবাদ প্রয়োজন হয়? কোনো অনুবাদ ছাড়াই আমরা সবাই বুঝে যাই, যেমন করে বুঝে গেছিI এরকম অনেক অনেক কবিতার মুহূর্তের সমাপতনে এই কবিতাটি লেখা হয়েছে। মানুষের স্বদেশ হারানোর প্রক্রিয়া এবং বাস্তহারা মানুষের কাঁটাতারমুখী অন্তহীন পদযাত্রা বন্ধ হোক।

উপরেল্লিখিত কবিতার মুহূর্তের প্রেক্ষাপট রচনায় আমার সহকর্মী Dr. John-Mark Philo এবং Dr. Nailya Shamgunova র অংশীদারিত্ব রয়েছে। বিশেষত John-Mark-এর, project এর প্রধান গবেষক এবং Literature, Drama and Creative Writing School-এর প্রভাষক, যে কিনা মূলত সব কবিতার workshop গুলো পরিচালনা করেছেন এবং এই সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে পরিচালনার প্রক্রিয়াটি তাঁর আগ্রহপ্রসূত। এছাড়াও কবিতার ভূমিকাটি রচনাতেও তাঁর মন্তব্য গুরুত্বপূর্ণ ছিল। আর আমি কবি নই, সাহিত্য পড়ি বা কিছু পড়েছি, কিন্তু সাহিত্য পড়াই না বা সাহিত্যের ছাত্র নই। আমাদের কবিতার workshop গুলোর স্বতঃস্ফূর্ত ধারা থেকে উৎসরিত আমার এই কবিতায় ছন্দ-মাত্রার মিল অমিল জানা নেই। পরিশেষে, আমাদের এই কবিতা ওয়ার্কশপগুলোতে জমা করা সব কবিতার একটি সংকলন আমরা বের করতে যাচ্ছি, ‘Scattered Leaves’ শিরোনামে। আমাদের Global Library Project-এর এই অনলাইন প্ল্যাটফর্মে দ্রুত প্রকাশিত হবে- https://www.globallibrary.net/.

শুধু একটি কবিতা

শুধু একটি কবিতা    

মুহূর্তে জুড়ে দেয়

সহস্র যোজন দূরের ভূখণ্ড,

মুহূর্তে একতারে বেঁধে দেয়

শত সহস্র হৃদয়ের

প্রেম ক্ষোভ বেদনা 

 সব একাকার হয়ে যায়

স্বাধীনতার ঐকতানেI

এবং একটি কবিতা

বলে দেয় ধমনীর রক্তে

ধরণীর বুকে লাল স্রোতে

মিশে থাকে প্রিয় ফুল 

খেলবার দিন, শৈশব,

স্পন্দিত হয় নানা ভাষায়

বাড়ি ফেরার পথ, 

আর স্বাধীনতার শপথ।

শুধু একটি কবিতা

ঘোষণা করতে পারে

স্বাধীনতার পতাকার

কোনো সীমানা নেই

সাম্য ও মাটির যুদ্ধে

সকল সীমানা হারিয়ে যায়

সকল ঐকতান মিশে যায়

ঐ উঁচুতে, মিছিলে- বাতাসেI

আর আমরা আতীব্র তা পান করি

আমাদের হাতের মাঝে আসে হাত

বাস্তুহীন বাড়ির ভেতরে বাড়ি

আমাদের বুকের ভেতরে বুক

আর তাতে শ্বাস ভরে নেই

আরও একটি যুদ্ধ

শ্বাস ভরে নেই আর একবার

আরও একটি কবিতা

যার কাছে পরাজিত হয়

তোমাদের পুঁজি ও  ধর্মযুদ্ধ

যার কাছে পরাস্ত হয় বারবার

তোমাদের অস্ত্রের হিসাব নিকাশ।