বাংলা ভাষায় নতুন শব্দনির্মাতা কবি মুহম্মদ নূরুল হুদা
বাংলা ভাষা ব্যবহারের মধ্য দিয়েই বাঙালি জাতি ও বাংলাদেশ। মানস মানচিত্রে "যতদূর বাংলাভাষা ততদূর এই বাংলাদেশ"- অতলস্পর্শী ও পরিধিপ্রসারী এমন একটি সাংস্কৃতিকনিবেশী বক্তব্যের বলিষ্ঠ ভাষ্যকার কবি মুহম্মদ হুদার কবিতা ও প্রবন্ধের জমি চাষ করে কয়েকটি সোনার টুকরো শব্দের সন্ধান পেয়েছি। এই শব্দগুলোর আভিধানিক অন্তর্ভুক্তি হওয়া অতি জরুরি মনে করে আমি একটি তালিকা পেশ করছি। দেশেবিদেশে যে বা যাঁরা বাংলা-বাংলা, বাংলা-ইংরেজি, বাংলা-ফরাসি, বাংলা-হিন্দি কিংবা অনুরূপ যেকোনো অভিধান প্রণয়ন করবেন, তাঁর বা তাঁদের শব্দভাণ্ডার সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে নবতর বাংলা শব্দের এই তালিকাটি। নবতর শব্দের খোঁজে তো অভিধানপ্রণেতাদের ঘুরে বেড়াতে হয় পাড়ায় পাড়ায় এবং পত্রপত্রিকার পাতায় পাতায়। আশা করি, কবি মুহম্মদ নূরুল হুদা বিরচিত গদ্যপদ্য রচনাভাণ্ডার থেকে আহরিত, সংগৃহিত এই শব্দগুলো অভিধানপ্রণেতাদের নতুন বাংলা শব্দপিপাসায় জলসিঞ্চনে সক্ষম হবে। শব্দগুলো নিম্নরূপ :
মনপ্রিয়তা : এর ইংরেজি অর্থ হতে পারে Choice.
মেরুদূর : বিপরীত প্রান্তরেখা অবধি যে দূরত্ব; Polar extreme distance.
কবি-বিটপী : মহীরুহতুল্য ব্যক্তিত্বসম্পন্ন কবি।
আশরীর : শরীর পর্যন্ত; শারীরিক সংসর্গ বা স্পর্শ অভিলাষী।
আনখাগ্র : নখের অগ্রভাগ পর্যন্ত ।
পুনপৌনিক : পৌনপুনিকের আধুনিকায়িত বা বিবর্তিত রূপ।
আঁধারিমা : পূর্র্ণিমার বিপরীত অবস্থায় প্রকৃতির রূপ সন্ধান; Beauty in darkness.
মুহূর্তপ্রতিমা : Gossamer image.
তর্কাকুল : Argumentative.
মননগ্রাহ্য : মন দিয়ে গ্রহণযোগ্য ; acceptable.
সুগ্রাহ্য : Favourably acceptable.
নৃত্যপর : নর্তনশীল ; dancing.
সত্তান্তরিত : সত্তার পরিবর্তনঘটিত ; Transformed.
জ্ঞানগম্য : জ্ঞানের দ্বারা অধিগম্য ; Knowledgable to someone.
জাতিপিতা : Father of the nation ;
জাতিপুত্র : Son of the nation; Son of the soil.
শব্দবাহিনী : Words as powerful as forces.
মুক্ততা : মুক্ত থাকার বা হওয়ার অবস্থায় উপনীত;
নব্যজসিমিজম : Neo-Jasimism.
অন্তর্বয়ন : Inter-weaving.
বাণীসফল : পরিশেষে নীতিকথা বা বাণী দ্বারা সমৃদ্ধ।
স্বতঃশ্চল : আপনা-আপনি চলাচলে সক্ষম।
কূটক্রিয়তা : শঠ বুদ্ধিমত্তার প্রয়োগ; Politic.
সৃষ্টিদ্রোহ : Creative revolt.
কর্মাশ্রম : কাজের অনুকূল পরিবেশ; An office as good as asylum.
ছায়াবেদী : A peaceful altar or shelter.
রহস্যরঙিন : রহস্যের বর্ণাঢ্য রঙে রাঙা ; mystery studded.
হালতকায়ন : নবায়ন ;Renewal.
অঙ্গুলিমেয় : আঙুলের সংখ্যায় গণনাযোগ্য।
নরাত্মারোপ : Personification.
রূপবদলপ্রবণ : রূপ বা আকার-আকৃতির পরিবর্তন হতে পারে, এমন; Prone to ephemeral beauty
or shape.
স্মৃতিকুঞ্জ : স্মৃতিময় পত্রপুষ্পের বাগান; Memory granary.
সাহিত্যের মধ্য দিয়ে নতুন শব্দ উপহার দিয়েছেন যশস্বী কবি-সাহিত্যিকগণ। এই প্রতিভাবানদের তালিকায় বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ-নজরুলের পর পরই আছেন অনেকেই, যে তালিকা দীর্ঘ। তবে বুদ্ধদেব বসুর নাম উল্লেখ করা একান্ত কর্তব্য মনে করি। আছেন শামসুর রাহমান, আল মাহমুদ এবং আরো অনেকে। আছেন হূমাযূন আজাদ। কবি মুহম্মদ নূরুল হুদা আবিস্কৃত-চয়িত নতুন এই শব্দসমূহ শ্রুতিমধুর, আধুনিক ও অর্থময়। মনোময় এ শব্দগুলো আমাদের মাতৃভাষা বাংলার শব্দসম্ভারে নতুন দিনের লেখক-সাহিত্যিকরাই বরণ করে নিবেন, প্রত্যাশা করি। আমি এই প্রতিভাবান কবির সকল কবিতা, প্রবন্ধ, অনুবাদগ্রন্থ, উপন্যাস, কাহিনি ও গল্প পাঠ করতে পেরেছি, এমনটা নয়। পুনপৌনিক ও নিবিড় পাঠ করতে পারলে আরো বহুসংখ্যক নতুন শব্দ খুঁজে বের করা সম্ভব হবে। তাঁর প্রকাশিত কবিতার সংখ্যা প্রায় দু হাজার। আগামীতে এ নিয়ে একটি পূর্ণাঙ্গ গবেষণাকর্ম অন্য কেউ করবেন, কিংবা আমিও করতে পারি।
