২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফকির সেলিমের ‘খোঁচা’

debashis_deb

Published : 12 Aug 2015, 05:57 PM

Updated : 23 Jun 2022, 04:04 PM

পাঠক যেমন মনের খোরাক খুঁজে ফেরেন বহুবিচিত্র লেখায়, তেমনি লেখকও পাঠকের তৃষ্ণা মেটাতে খুঁজে নেন লেখার বিষয়বস্তু। পাঠককে জাগিয়ে তুলতে হবে, সচেতন করে দিতে হবে। তাই লেখকের দায়িত্ব অনেক। কিন্তু সব লেখক কি পাঠককে সচেতন ও উজ্জীবিত করতে লেখেন? তা মনে হয় নয়। লেখকের একটি অকৃত্রিম সত্তা আছে, যেখানে রয়েছে ইচ্ছা-অনিচ্ছা, ভালোলাগা-মন্দলাগা, হাসি-কান্না, আনন্দ-বিনোদন। তাই কে কেন এবং কীভাবে লেখেন তা আমরা এক কথায় বলে দিতে মনে হয় পারি না।

নিউ ইয়র্কপ্ররবাসী লেখক ফকির সেলিম ছোটকাল থেকে বেড়ে উঠেছেন এমন একটি পরিবেশে যেখানে লেখার একটা আবহ ছিল। সেই কৈশোর থেকেই তিনি লেখালেখির প্রতি আগ্রহী হয়ে ওঠেন।

প্রবাসজীবনে তিনি দেশ নিয়ে ভেবেছেন, ভেবেছেন সমাজ নিয়ে। তাই তার লেখা গ্রন্থ খোঁচায় তিনি কখনও মজা করেছেন, কখনও হাহাকার উঠে এসেছে তার ছড়ায়।

খোঁচা নামের এই গ্রন্থে তিনি ৬৬টি ছড়া লিখেছেন। 'মা' নামের ছড়া দিয়ে তিনি বইটি শুরু করেছেন। 'স্বদেশ বিদেশ' ছড়ায় তিনি প্রবাসজীবনে মানুষের জীবনযাপনের চিত্র এঁকেছেন।

'চালবাজি গালবাজি রাজনীতি বাদ নাই
ধান্ধায় চান্দায়, আমাদের জুড়ি নাই'
প্রবাসে বসেও তিনি দেশের ঋতুর বন্দনা করেছেন। ভোলেননি ষড়ঋতুর এই মা-মাটি-মানুষকে।

'ফাল্গুন সুন্দরে
হৃদয়ের অন্দরে
চৈত্রের তাপদাহে
অন্তর মধু চাহে……….,

'প্লাস মাইনাস' ছড়ায় তিনি জীবনের হিসাব-নিকাশের চিত্র এঁকেছেন।

'মাইনাস বলে নাই কিছু শুধু বোগের পাল্লা ভারী
পৃথিবী অথবা চন্দ্র সূর্য, পুরুষ কিংবা নারী।'

নারী নিয়ে লিখেছেন, লিখেছেন নারী মুক্তি নিয়ে। এই দুই ছড়ায়, তিনি নারীর মুক্তির গান গেয়েছেন। প্রশংসা করেছেন।

'চার দেয়ালের মুক্তি চাই, মুক্তি চাই বাইরে।
মুক্তি ছাড়া দেশ সমাজে মুখ বুঝি আর নাইরে!'

মন্ত্রীর সঙ্গে মন্ত্রীর চামচাকেও খোঁচা মেরেছেন তিনি।

'খোঁচা' কবিতায় রাজনীতিবিদদের খোঁচা দিয়েছেন লেখকঃ

'নেতারা কি সতীন নাকি, কথা বলেন খুঁচিয়ে
কেউবা বলেন লম্ফ দিয়ে কেউবা আঙ্গুল উঁচিয়ে।'

আমরা এখন এমন একটি সময় অতিক্রম করছি যখন জঙ্গিবাদ নিয়ে উদ্বেগে থাকে দেশের প্রতিটি সচেতন মানুষ। জঙ্গিবাদ আমাদের সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। শুধু আমাদের দেশেই নয় পুরো পৃথিবীতে জঙ্গিরা হয়ে উঠেছে সভ্যতার হুমকি। 'জঙ্গি উত্থান' নামের ছড়ায় তিনি সামসের আলীর উত্থানের কাহিনির চিত্র এঁকেছেন। আমাদের সমাজে এমন উদাহরণ বিরল নয়।

'মন্ত্রী', 'হরতাল', 'গুম' প্রভৃতি ছড়ায় ফকির সেলিম আমাদের রাজনীতি, সমাজনীতির বৈকল্যের ছবি এঁকেছেন। জাতির পিতার খুনিদের ফাঁসির মঞ্চে তুলেছেন ছড়ার ছন্দে। 'ফাঁসি' ছড়ায় তিনি খুনিদের শাস্তিতে স্বস্তিবোধ করেছেন।

'জাতির পিতা ওপাড় থেকে
স্বস্তি পাবেন বিচার দেখে
বাংলাদেশের দাগ মুছে যাক, মৃত্যু দড়ির টানে'।

প্রবাসে বসে একুশে ফেরুয়ারির শহীদদের স্মরণ করেছেন। ঢাকা শহরকে দুই ভাগ করার সমালোচনা করেছেন। ঢাকা শহরের টাকার খেলার কথা বলেছেন। কারা কীভাবে ধনি হয়, কী পেশায় মানুষ ফুুলে ফেঁপে ওঠে তা তিনি তুলে এনেছেন ছড়ার ছন্দে।

দেশে তেলবাজি, চাঁদাবাজি, ভণ্ডামিসহ সব অপকর্ম করে কীভাবে এক অপদার্থ বিদেশে গিয়ে টাকা কামিয়েছেন এবং কীভাবে সেই টাকাওয়ালা কম্যুনিটি নেতা হয়েছেন তা তিনি ফুটিয়ে তুলেছেন 'কম্যুনিটি নেতা'র ছত্রে ছত্রে।

'দুই নম্বরি করে বিদেশেতে পাড়ি,
ঘষা মাজা ধাক্কায় আয় কাঁড়ি কাঁড়ি।
ভণ্ডামি তেলবাজি কিছু নাই বাদ,
পুরিয়েছে জীবনের স্বাদ অহ্লাদ।'

সাংবাদিক 'বন্ধু মাহবুব মতিন স্বরণে' তিনি শোকপংক্তি লিখেছেন গভীর মমতায়।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে লিখেছেন 'হুমায়ূন'। লেখক থেকে যিনি চলচ্চিত্রকার হয়ে উঠেছেন সেই অসাধরণ মেধা ও মননের সেই মানুষটার বিশাল কর্মযজ্ঞের একটি দুটি কথা বলেছেন এই কবিতায়।

তার লেখা থেকে বাদ যায়নি জাতির পিতার বিচার, পদ্মা সেতু, প্রবাসে বৈশাখী উৎসব, রাজকুমার উইলিয়াম ও রাজকুমারী কেট কিংবা গণজাগরণ। সবশেষে জীবনের গান গেয়েছেন। ছয়টি পদ্য রচনা করেছেন জীবনের গান শিরোনামে।

প্রবাসীলেখক ফকির সেলিম একটি টেলিভিশনের যুক্তরাজ্য শাখার প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রেও বিভিন্ন বেসরকারি টেলিভিশনে কাজ করেছেন। এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে তিনি সক্রিয়ভাবে জড়িত আছেন।

বইটির প্রচ্ছদ এঁকেছেন অনিরুদ্ধ কর। অলংকরণ করেছেন নাজমুল আলম মাসুদ। প্রকাশ করেছে বর্ণপ্রকাশ।