২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আকাঙ্ক্ষার ডানা আজ ইচ্ছার বিপরীতে ওড়ে'

সেই সময় রাহুলদা কয়েকবার ভুমেন্দ্র গুহর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আমি অবাক হয়ে এই দুই কবির আড্ডা শুনতাম। কিছুদিন পরে রাহুলদার বাড়িতে, ঘরোয়া আড্ডায় বইটি উদ্বোধন করেন কবি শঙ্খ ঘোষ।

অরুণাভ রাহারায়

Published : 25 Jul 2025, 09:17 PM

Updated : 26 Aug 2026, 01:27 PM

'পোড়ামাটির ওপর দিয়ে আকাশে রথ যায়...'

সেবার রোমান হরফে ফেসবুকের দেওয়ালে অলোকরঞ্জন দাশগুপ্তর এই লাইনটা লিখলেন রাহুলদা। সঙ্গে এও লিখলেন যে, আজ সারাদিন অলোকরঞ্জন! তখন সোদপুরে পড়তে যেতাম কলেজস্ট্রিট থেকে। ফেরার সময় সোজা রথতলায় রাহুলদার বাড়ি। ২০১৪ সালের এমন এক দুপুরের কথাই খুব মনে পড়ছে। যে দিন অলোকরঞ্জন দাশগুপ্তর প্রায় ১০০ খানা কবিতা পাঠ করে শুনিয়েছিলেন সারা দুপুরবেলায়। সঙ্গে তাঁর প্রিয় সুরা রয়্যাল চ্যালেঞ্জ। ওই সময়টা মাঝেমধ্যেই চলে যেতাম রাহুলদার আস্তানায়। ফ্ল্যাটের দরজায় লেখা 'বীণাদিদির আস্তানা'। বেশ সখ্য গড়ে উঠেছিল ওঁর সঙ্গে। রাহুলদাকে সম্ভবত প্রথম দেখি জীবনানন্দের জন্মদিনে, বইপাড়ায়। হ্যারিসন রোডের ওপর অবস্থিত প্রেসিডেন্সি বোর্ডিংয়ে জীবনানন্দ দাশের জন্মদিন পালন করেছিল কয়েকজন তরুণ কবি। যে ঘরে জীবনানন্দ থাকতেন, সেখানেই প্রথম দেখা। পরের বছর ডুয়ার্সের চিলাপাতায় বেড়াতে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। আমি আলিপুরদুয়ার থেকে গিয়ে চিলাপাতার রিসোর্টে দেখা করি। আমাকে একটা বই দিলেন 'সুবিমল বসাকের হাবিজাবি'।

কলকাতায় ফিরে এলে রাহুলদার সঙ্গে প্রায়ই দেখা দেখাসাক্ষাৎ হত। বেলঘরিয়ায় বা বইপাড়ায়। লেখার টেবিল থেকে কাগজের টুকরো তুলে এনে সদ্য লেখা কবিতা শোনাতেন:

খবর কুয়াশা ঘেরা 

যৌনতাকে চায়

দেখে চলি ক্ষররিপু

দেখে চলি ক্রীড়া

ক্রীড়াকেন্দ্রে দোল খায়

রাতের পাখিরা

শেষ ট্রেন, মাতালেরা

শহরতলিতে

একা একা ঘরে ফিরি

টলিতে টলিতে

পরে এ লেখা সংকলিত হয়েছে 'ও তরঙ্গ লাফাও' বইয়ে। চিত্রশিল্পী হিরণ মিত্রের কোলাজ দেখে লেখা কবিতাগুচ্ছ। এ বইয়ের কবিতাগুলো পড়তে গিয়ে রাহুল পুরকায়স্থার কবিতা-ভাষার প্রেমে পড়েছিলাম! কী এক মায়া ছড়িয়ে আছে এইসব লেখায়। যা একমাত্র নিজের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে টের পাওয়া যায়।

এক দৈনিক সংবাদের রবিবারের পাতায় পড়েছিলাম রাহুলদার আরও একটি কবিতা:

মন যে কখন আলো হয়ে এল!

মন যে কখন আলো হয়ে আসে!

চোখ চলে যায় চোখের তলদেশে 

আকাশ উড়ছে, পতঙ্গেরা খেলছে ধুলছে

হই হই পাড়া যেমন যেমন বাঁচে

রাঙা নাওয়ের পেখম দোলার আঁচে 

ঘ্রাণবাতাসের পালতোলা ঢেউ

               তেমন তেমন ধাঁচে

আগুন পড়ছে ভর সন্ধেবেলা

মন যে কখন আলো হয়ে এল!

ফুরায় না আর ফুরায় না এই

               নিজের সঙ্গে খেলা 

বহু বছর আগে পড়া কবিতাটি আজও আমার সঙ্গী। নাম 'সহজপাঠ'। অনেক দিন তাঁর কোনও কবিতায় বইয়ে এ লেখা দেখিনি। ওঁর কাছেও কপি ছিল না সম্ভবত। একদিন ফোন করে লেখাটা চাইলেন। দিলামও। সম্ভবত শেষের দিকের কোনও বইয়ে কবিতাটি স্থান পেয়েছে।

ওঁর রথতলার বাড়িতে যখন যাতায়াত শুরু করি, অনেকের সঙ্গেই আলাপ পরিচয় হল একে একে। স্থানীয় একজন ডাক্তারবাবু আসতেন সজল। সুবিমল বসাক আসতেন প্রতি রবিবার। পাশেই থাকতেন চিত্রশিল্পী বিপ্লব মণ্ডল, তিনিও আসতেন আড্ডায়। আর কলেজস্ট্রিটের মেসবাড়িতে বসেও মাঝে মাঝে ফোন পেতাম ওঁর। একবার দার্জিলিং থেকে ফোন করে বললেন, ঢাকা থেকে কবি রাজু আলাউদ্দিন এসেছেন। কলেজস্ট্রিটে বই কিনতে আসবেন। আমি যেন তাঁর সঙ্গে থাকি।

দেখা হল কবি ও অনুবাদক রাজু আলাউদ্দিনের সঙ্গে। তাঁর 'দক্ষিণের সূর্যোদয়' বইটির কথা জানতে পারলাম। মারিও ভার্গাস ইয়োসাকে নিয়ে তাঁর কাজের কথাও জানা হল। রাহুলদা কলকাতায় ফেরার পর আমাদের বড়িতে ডেকেছিলেন। বিটি রোডের ধার থেকে তাঁর প্রিয় পানীয় নিয়ে বাড়িতে গেলাম। সে নৈশআড্ডার কথা আমি ও রাজু ভাই কেউই ভুলতে পারিনি আজও।

এমন বহুবারই হয়েছে। আরেকবার কবি নিত্য মালাকারকে নিয়ে গেলাম রথতলার বাড়িতে। ৭৮ নম্বর বাসে বসে নিত্য মালাকারকে শোনাচ্ছি রাহুলদার কবিতা। আর নিত্যদা মাথা নেড়ে মুগ্ধতা প্রকাশ করছেন:

জেগে ওঠো প্রাণ আর প্রাণ দোলাচলে

বধিরতা ভাল লাগে আধা মফস্বলে

শহর ঘুরেছে একা, একা বসে পড়

টেবিল দূরের সন্ধ্যা 

          উচ্চারণ করো...

(অংশ)

মাঝেমধ্যে কিছু কিছু কাজ দিতেন। রাহুলদা একবার জানালেন, ভূমেন্দ্র গুহর কবিতা সমগ্র সম্পাদনা করবেন তিনি। শেষে থাকবে কৃত্তিবাসের দু'সংখ্যা জুড়ে প্রকাশিত ভূমেনদার সাক্ষাৎকার। আমি যেন কলেজস্ট্রিটের সন্দীপ দত্তর লাইব্রেরি থেকে সেই সাক্ষাৎকারটি জোগাড় করে দিই। জেরক্স করে একদিন দিয়ে এলাম বাড়িতে। সেই সময় রাহুলদা কয়েকবার ভুমেন্দ্র গুহর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। আমি অবাক হয়ে এই দুই কবির আড্ডা শুনতাম। কিছুদিন পরে রাহুলদার বাড়িতে, ঘরোয়া আড্ডায় বইটি উদ্বোধন করেন কবি শঙ্খ ঘোষ। প্রশান্ত মাজীর সঙ্গে সল্টলেক থেকে ঝোলার মধ্যে একটা ব্লেন্ডার স্প্রাইটের বোতল নিয়ে এলেন ভূমেনদা। রণজি দাশ, হিরণ মিত্র এবং আরও অনেকে এসেছিলেন। বই উদ্বোধনের পর পানাহারের 'মূল অনুষ্ঠান' শুরু হল। রাহুলদায় কথায়, 'শক্তিদা বলতেন, 'অনুষ্ঠানের পরের অনুষ্ঠান। অর্থাৎ মূল অনুষ্ঠান!' সেদিন রাত্রে আমি ওঁর বাড়িতেই থেকে যাই।

প্রিয় বন্ধুর চলে যাওয়ার খবর পেলে রাহুলদা বলতেন 'দেখা হবে'। সেই মতো রাহুলদার চলে যাওয়ার দিনে আমরও ইচ্ছে করছে-- দেখা হবে:

যেদিকে গৃহের পথ, রচকেরা বসেছে আগ্রহে

ফলত বিব্রত আমি

শ্রুতস্বপ্নে ক্রয় করি পশুলোম, শাপের চামড়া

টের পাই তেত্রিশ বছরে

আকাঙ্ক্ষার ডানা আজ ইচ্ছার বিপরীতে ওড়ে...

(আমার সামাজিক ভূমিকা)

আজ কবি রাহুল পুরকায়স্থ ইচ্ছার বিপরীতে চলে গেলেন।