ধর্মনিরপেক্ষতা:গভীর চিন্তা ও দূরদৃষ্টিসম্পন্ন ভাবনার বই
অধ্যাপক আলী আনোয়ার সম্পাদিত বিস্মৃতপ্রায় গ্রন্থ 'ধর্মনিরপেক্ষতা'র নতুন সংস্করণ বেরিয়েছে সম্প্রতি। বইটির নতুন সংস্করণ ছাপা হচ্ছে এমনটি জানিয়েছিলেন মুজতবা হাকিম প্লেটো। ফলে অপেক্ষায় ছিলাম বললে অত্যুক্তি হবে না; যদিও এই বইয়ের পুরোটা আমার বহু আগেই পড়া। এই বইয়ের সঙ্গে আমার যোগাযোগটা কেবল এই কারণেই নয় যে এটি আমার প্রয়াত অগ্রজের সম্পাদিত বই, এ কারনেও যে আমার কৈশোরে আমার মানস গঠনে এই বইটির একটি ভূমিকা রয়েছে। কিন্ত তারচেয়েও বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে গত ৪৩ বছরে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা বিষয়ে গভীর চিন্তা ও দূরদৃষ্টি সম্পন্ন ভাবনাসমৃদ্ধ যে সব বই প্রকাশিত হয়েছে, আমার জানামতে, এটি তাঁর অন্যতম; সম্ভবত একে শীর্ষস্থানীয় বলেই বিবেচনা করতে পারি। অথচ এটি কোনো নতুন প্রকাশনা নয়, এই বইটি প্রথম প্রকাশিত হয়েছিলো ১৯৭৩ সালে। বইটির পটভূমিকা জানার আগে তাঁর লেখক তালিকার দিকে তাকানো যেতে পারে। এর লেখক তালিকায় আছেন (প্রয়াত) সালাহ উদ্দীন আহমদ, (প্রয়াত) খান সারওয়ার মুর্শিদ, (প্রয়াত) জিল্লুর রহমান সিদ্দিকী, গোলাম মুরশিদ, সনৎকুমার সাহা, কাজি জোন হোসেন, এবনে গোলাম সামাদ, অসিত রায় চৌধুরী প্রমুখ। অগ্রজ আলী আনোয়ারের জীবনাবসান হয়েছে ২০১৪ সালের ৩ মার্চ, তাঁর মৃত্যুর প্রায় এক বছর পরে বইটি পুনঃমুদ্রিত হল।
এই বইয়ের পটভুমিকা আমার জানতে পারি অধ্যাপক আলী আনোয়ায়ের স্মৃতিচারন করে গোলাম মুরশিদের একটি লেখায়। অধ্যাপক মুরশিদ লিখেছেনঃ "আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য একাত্তর সালে যুদ্ধ করেছিলাম, অত ত্যাগ স্বীকার করেছিলাম, সেই বাংলাদেশ যাচ্ছে ভিন্নপথে – এটা আমরা অনুভব করেছিলাম ১৯৭২ সালের প্রথম দিকেই। কারণ, তখনই রাষ্ট্র একটি বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব দেখাতে শুরু করেছিল। অপরপক্ষে আমরা চেয়েছিলাম, জনগণের ধর্ম পালনে রাষ্ট্র কোনো ভূমিকা পালন করবে না। এ সম্পর্কে জনসচেতনতা জাগিয়ে তোলার উদ্দেশ্যে [রাজশাহীতে] সাহিত্য সংসদের সম্পাদক হিসেবে আমি ১২, ১৩ ও ১৪ আগস্ট – এই তিন দিনব্যাপী 'ধর্মনিরপেক্ষতা' নামে একটি সেমিনারের আয়োজন করি। তাতে তিনটি মূল প্রবন্ধের একটি লিখেছিলেন আলী আনোয়ার (একটি সনৎ সাহা এবং আরেকটি আমি)। আলী আনোয়ারের প্রবন্ধটি ছিল ধর্মনিরপেক্ষতার বিভিন্ন ধারণাগত রূপ সম্পর্কে। সাম্প্রদায়িকতা তখন আমাদের সাধের বাংলাদেশে দানা বাঁধতে শুরু করেছিল এবং সেটা স্পষ্টভাবেই চোখে পড়েছিল। ভারতভীতি আর অর্থনৈতিক বিপর্যয় মিলে নব্য সাম্প্রদায়িকতার পুনর্জাগরণ দেখে আমরা বিচলিত হয়েছিলাম। কিন্তু এ মনোভাবকে অস্বীকার করার উপায় ছিল না। কারণ এটা ছিল বাস্তবতা। তাই ধর্মনিরপেক্ষতা বিষয়ক আলোচনা বিশেষ উত্তাপের সৃষ্টি করেছিল। সেমিনারের আলোচনা হয়েছিল প্রাণবন্ত। অনেকেই মনে করেছিলেন, আমরা ধর্ম পালন করতে নিষেধ করছি। সেমিনার শেষে তিনটি মূল প্রবন্ধ এবং আলোচনাগুলো (সবই রেকর্ড করা হয়েছিল) একত্র করে একটি গ্রন্থ প্রকাশের প্রস্তাব ওঠে। আলী আনোয়ার এই গ্রন্থ সম্পাদনা করতে রাজি হন। তার সম্পাদিত গ্রন্থটি ছাপা হয় রাজশাহীর একটি ছোট প্রেসে। আমরা সাহিত্য সংসদ থেকেই সে বই ছাপার খরচ দেব বলে কথা ছিল। কিন্তু বাংলা একাডেমির মহাপরিচালক মাযহারুল ইসলাম বাংলা একাডেমির নামেই এই বইটি প্রকাশের আগ্রহ দেখান (গোলাম মুরশিদ, 'বন্ধুর মুখ: আলী আনোয়ার', সমকাল, ১৩ মার্চ ২০১৪)।এই বইয়ের ভূমিকায় আমরা এই সিম্পোজিয়ামের উদ্দেশ্য জানতে পারিঃ "বাংলাদেশের বুদ্ধিজীবীমহলে বা কোন কোন প্রাগসর রাজনৈতিক সংগঠনে ধর্মনিরপেক্ষতার ধারণাটি নতুন কিছু নয়; কিন্তু তবু আপামর জনসমষ্টির সকল পর্যায়ে ধর্মনিরপেক্ষতা সম্পর্কে স্পষ্ট ধারণা আছে এরকম ধরে নেয়াটা ভুল হবে। তাছাড়া জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্রের মতো সেক্যুলারিজমের ধারণাও আমরা পাশ্চাত্য থেকে গ্রহণ করেছি। এর মধ্যে অসংগতি কিছু নেই বরং আছে একধরনের ঐতিহাসিক অনিবার্যতা। তবু ধর্মনিরপেক্ষতা বলতে কি বোঝায় এবং আমাদের দেশে তা কিরূপ নেবে বা নেয়া উচিত এনিয়ে আলোচনার প্রয়োজন আছে। এই প্রয়োজনের চেতনাই সাহিত্য সংসদের সদস্যবৃন্দকে একটি আলোচনাচক্রের আয়োজন করতে উদ্বুদ্ধ করে।"
এই বইয়ের সঙ্গে একার্থে আমার ব্যক্তিগত স্মৃতি জড়িত। মুক্তিযুদ্ধ সময়ের বিবেচনায় স্বল্প সময়ের হলেও আরো অনেকের মতোই আমাকে সেটি 'বয়সে বড়' করে তুলেছিলো। শুধু তাই নয় স্বাধীনতার অব্যবহিত পরের অস্থির সময়ে আমি দেশের রাজনীতি বিষয়ে উৎসাহী হই, সম্ভবত একজন কিশোর হিসেবে যতটা হওয়া দরকার তার চেয়ে বেশি। অকস্মাৎ তখন দেশের রাজনীতিকে ভিন্নভাবে চিনতে শুরু করি, পত্রিকার পাতায় আরও বেশি সময় কাটে। কৈশোর অজান্তে পার হয়ে যায়। সেই সময়ে ১৯৭২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংসদের উদ্যোগে ধর্মনিরপেক্ষতা নিয়ে কয়েক দিনের সিম্পোজিয়াম অনুষ্ঠিত হলো। সিম্পোজিয়ামের যৎকিঞ্চিৎ খবর পত্রিকায় আসলো বটে কিন্ত বিস্তারিত খুব চোখে পড়েনি। কিন্ত এর ব্যাপ্তি সামান্য হলেও টের পাই পরের বছর বাংলা একাডেমি থেকে বইটা বেরোনোর পরে। বইটা নিয়ে যতটা আলোচনা হওয়ার দরকার ছিল, ততটা হয়নি মনে হয়েছে। কিন্তু আমার চিন্তার জগতে তার একটা বড় প্রভাব তৈরি হয়।
অধাপক সনৎকুমার সাহা তাঁর বন্ধু ও সহকর্মী আলী আনোয়ারের স্মৃতিতর্পনের সঙ্গে সঙ্গে আমাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন এই বইয়ের গুরুত্বঃ "অধ্যাপক আলী আনোয়ার ১৯৭১-এ আমাদের মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। এই মুক্তির আদর্শ তাঁর কাছে শুধুই আপ্তবাক্য ছিল না। ছিল জীবন বিকাশের লক্ষ্যে ব্যক্তি ও সমষ্টির আচরণে অপরিহার্য বোধের মিশ্রণ। এদের সচেতন সঠিক সমন্বয়ই আমাদের এগিয়ে যাবার পথ দেখায়। তাই স্বাধীনতা অর্জনের পরপরই যখন ধর্মনিরপেক্ষতার আদর্শ নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়― এবং সবটাই প্রথাশাসিত ধার্মিকতার অপব্যাখ্যা ও প্রদর্শনীর আবরণে, তখন তিনি বিচলিত বোধ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে এক মুক্ত আলোচনার উদ্যোগে নেতৃত্ব দেন তিনি। পরে তাঁরই সম্পাদনায় ওই আলোচনার যথাযথ ধারাবাহিক বিবরণ ছেপে বের করে বাংলা একাডেমি। কিন্তু, পঁচাত্তরের পনেরই আগস্টের পর থেকে ধর্মনিরপেক্ষতা নামের ওই বইটি আর চোখে পড়ে না। প্রফেসর খান সারওয়ার মুরশিদ,প্রফেসর সালাহ্উদ্দীন আহমদ, প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী― এঁরাও ওই আলোচনায় সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এই উদ্যোগের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আলী আনোয়ার মুক্তিসংগ্রামের আদর্শের প্রতি যে নিষ্ঠা ও শান্ত সাহস অবিচলভাবে দেখিয়েছিলেন, তা ভোলার নয়" (সনৎকুমার সাহা, "কাছে ছিলে, দূরে গেলে: আলী আনোয়ার", আর্টস, বিডিনিউজ২৪, ১১ জানুয়ারি ২০১৫)।বইটি পুনঃপ্রকাশের তাগিদ দিয়েছিলেন ২০১৪ সালে অধ্যাপক হায়াৎ মামুদঃ "১৯৭৩ সালে বাংলা একাডেমী তার [আলী আনোয়ারের] সম্পাদনায় প্রকাশ করেছিল 'ধর্মনিরপেক্ষতা'। এটিই তার প্রথম বই। লেখক যে যুক্তিবাদী ও মননজীবী তার বিস্তৃত প্রমাণ সেখানে ছড়িয়ে আছে। বর্তমানে এ গ্রন্থ দুষ্প্রাপ্য। এর পুনঃপ্রকাশ খুবই জরুরি, বিশেষ করে এই সময়ে যখন সমগ্র জাতি পিছন পানে হাঁটতে মনস্থ করেছে। লোকশ্রুতি বলে যে ভূতের পায়ের পাতা পিছন দিকে ছড়ানো থাকে, তাই সেহাঁটলেও সামনে যেতে পারে না, পিছনে হাঁটে। আমরা এখন ভূতগ্রস্ত অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি বহু ক্ষেত্রেই।' (হায়াৎ মামুদ, "অধ্যাপক আলী আনোয়ার", সুপ্রভাত বাংলাদেশ, ১৪ মার্চ ২০১৪)। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী তাঁর স্মৃতিকথায় উল্লেখ করেছেন 'ধর্মনিরপেক্ষতা' গ্রন্থের কথাঃ "বাংলাদেশ স্বাধীন হবার পর ধর্মনিরপেক্ষতার বিষয়টা আলোচনার বিষয়বস্ত হয়ে ওঠে। সেটাই ছিল স্বাভাবিক। ওই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার হয়, স্বাধীনতার পরপরই। তাতে আলী আনোয়ার কেবল যে যোগ দিয়েছিলেন তা নয়, লেখাগুলোকে একত্র করে সুন্দর একটি গ্রন্থে'র ভেতর নিয়ে এসেছিলেন। সম্পাদক ছিলেন তিনি নিজে, প্রকাশিত হয়েছিল বাংলা একাডেমি থেকে (সিরাজুল ইসলাম চৌধুরী, "সুহৃদ আলী আনোয়ার", সুপ্রভাত বাংলাদেশ, ১৪ মার্চ ২০১৪)।
আলী আনোয়ারের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে যে এই বইটির কথা সবাই বলেছেন তাঁর কারণ এত বছর পরেও এই বইটির প্রাসঙ্গিকতা ও তাৎপর্য কোনোভাবেই অবসিত হয় নি। বরঞ্চ এখনকার প্রেক্ষাপটে তার প্রয়োজনই সবাইকে মনে করিয়ে দিয়েছে যে আমাদের সবার এই বিষয়ে গভীরভাবে চিন্তা করা, গবেষণা করা, খোলা মনে আলোচনা করা, বিতর্কে প্রবৃত্ত হবার দরকার এবং সেটাই আমরা দেখতে পেয়েছিলাম ১৯৭২ সালেই এই সেমিনারে, যার সংকলিত রূপ এই গ্রন্থ। যে কারণে এই বইয়ের প্রকাশক – বাংলা একাডেমি – যা বলেছিল তা আমাদের স্মরণ করা দরকার "বাংলাভাষায় ধর্মনিরপেক্ষতা সম্পর্কে এ রকম ব্যাপক এবং অনুপুঙ্খ আলোচনা এই প্রথম।"
সিম্পোজিয়ামে যে তিনটি প্রবন্ধ পড়া হয়েছিলো তাঁর একটি লিখেছিলেন অধ্যাপক সনৎকুমার সাহা।ওই প্রবন্ধের একটি বক্তব্যের দিকে মনোযোগ আকর্ষন করার তাগিদ অনুভব করি। তিনি বলেছেন, "সে দেশে একাধিক ধর্মের মানুষ একত্রে বসবাস করে, সেখানে রাষ্ট্রীয় বিধানে সর্বধর্মের সহাবস্থান মেনে নেওয়ায় হয়তো প্রজ্ঞা মেলে। কিন্ত তাতেই দেশের সব মানুষ চিন্তায় ও কর্মে ধর্মনিরপেক্ষ হয়ে ওঠেনা। অর্থনৈতিক ও সামাজিক শক্তিসমূহ যদি গন্ডি ছাড়াবার প্রেরণা না জোগায় তবে বিভিন্ন ধর্মের মানুষের আপন আপন বৃত্তে একসঙ্গে মুখ গুঁজে পড়ে থাকা সম্ভব ও স্বাভাবিক। বুদ্ধির মুক্তি তাতে ঘটেনা, এবং সাম্প্রদায়িকতার বিস্ফোরণ যে কোন সময়ে সমাজে বিপর্যয় ডেকে আনতে পারে। ভারতীয় সংবিধানে ধর্মনিরপেক্ষতার স্বীকৃতি আছে সত্য; কিন্ত তা থেকে এটা বলা চলে না যে সাম্প্রদায়িকতা সে দেশে কোন সমস্যার সৃষ্টি করেনা। ধর্মের গণ্ডি ভাঙ্গার প্রবণতা এখনও সে দেশে শ্রদ্ধেয় হয়ে ওঠেনি, এবং তা না হলে প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষতা দূরের জিনিসই রয়ে যাবে" ('ধর্মনিরপেক্ষতা', সনৎকুমার সাহা, ধর্মনিরপেক্ষতা, দ্বিতীয় সংস্করণ, ২০১৫, পৃ.২২-২৩)।
আজকের সময়ে এই বইয়ের প্রাসঙ্গিকতা বোঝার জন্যে আমার বিবেচনায় অধ্যাপক আলী আনোয়ারের প্রবন্ধ "ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ"-র উপসংহারটি পাঠইযথেষ্টঃ "ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গে তাই শেষ পর্যন্ত ব্যক্তির মুক্তি রাষ্ট্রীয় নিরপেক্ষতার মতোই গুরুত্বপূর্ণ। কারণ, ব্যক্তিকেই এই বোঝা বইতে হবে। গণতান্ত্রিকব্যবস্থায় রাজনৈতিক দায়িত্বের বোঝার মতো এটাও তার নতুন অর্জিত দায়। গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা যেন এপিঠ-ওপিঠ। একটি ছাড়া অন্যটি সফল হয় না। ততকাল আমরা অন্য পক্ষের ভুল-ভ্রান্তিকে যেন ক্ষমার দৃষ্টিতে দেখতে চেষ্টা করি, অন্যের দৃষ্টির আচ্ছন্নতাকে যেন সহ্য করতে শিখি। কথাটা ভলটেয়ারের। আমরা প্রতিপক্ষের প্রতি সহজেই কঠোর হতে পারি; কিন্তু নিজেদের প্রতি অন্ধভাবে উদার ও আত্মসন্তুষ্ট। আমরা যেন অন্যের প্রতি উদার হতে পারি এবং নিজেদের প্রতি কঠোর। আত্মপরিচয় বা আত্মচেতনা যেন আত্মতুষ্টির নামান্তর না হয়। আত্মসমালোচনায় যেন শুদ্ধ হতে পারি। অন্যকে সাম্প্রদায়িক গাল দিয়ে যেন নিজের সাম্প্রদায়িকতা না ঢাকি। এটা কঠিন, সামাজিক আদর্শ হিসেবে। কিন্তু আদর্শকে যেন ছোট না করি। আমরা সমাজকে বদলাতে চাই, সমাজ আজ যেখানে আছে, সেখানেই ফেলে রাখতে চাই না। ভীরুতা দিয়ে পরিবর্তন সাধন করা যায় না। ধর্মনিরপেক্ষতার জন্যও সাহসের প্রয়োজন।" (ধর্মনিরপেক্ষতার ভবিষ্যৎ,আলী আনোয়ার, ধর্মনিরপেক্ষতা, ১১৪-১৫, ঢাকা: বাংলা একাডেমি, ১৯৭৩)।
বইটি পুনঃপ্রকাশ করেছে বিপিএল। আলী মনোয়ারের করা প্রথম সংস্করণের প্রচ্ছদ ব্যবহৃত হয়েছে।বইটির শুরুতে বইটির সম্পাদক হিসেবে আলী আনোয়ারের নাম উল্লেখ না থাকাটায় অনেকের কাছে প্রথম দৃষ্টিতে বোঝা দুরূহ হবে এর সম্পাদনার দায়িত্বে কে ছিলেন।
