২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যারল অ্যান ডাফির কবিতা

একটি পেঁয়াজ আমি দিচ্ছি তোমাকে। / এর যে ঝাঁঝালো চুমু সেটি থেকে যাবে তোমার দু’ঠোঁটে,/ আমাদের মতোই/ অধিকারবোধগ্রস্ত ও বিশ্বস্ত হয়ে, / যতোদিন আমরা রয়েছি।

মুনযির মুনযির মুনযির মুনযির

Published : 17 Jan 2026, 01:58 AM

Updated : 26 Aug 2026, 05:34 PM

পঞ্চাশের দশকে জন্মানো আর থ্যাচার যুগের জলে-হাওয়ায়-বিজলিতে যৌবন যাপন করা স্কটিশ কবি ক্যারল যুক্তরাজ্যের ইতিহাসে প্রথম নারী রাজকবি, এবং রাজকবিদের মধ্যে তিনিই প্রথম প্রকাশ্য সমকামিনী অথবা উভকামিনী। ঋজু এমনকি অনেকটা লৌহশীতল কণ্ঠস্বর যেমন ধ্বনিত হয় তাঁর কবিতায়, তেমনি অনুরণিত হয় অস্তিত্বের স্বচ্ছন্দ স্বৈরিতা। কবির নারীবাদ ও সমকামিতা অবশ্য তাঁর কবিতাকে উপদ্রুত করে তোলেনি, প্রভুত্ব বিস্তার করেনি তাঁর শিল্পকলার ওপরে; কখনো-কখনো যদিও ইন্ধনদাতা হয়েছে, ব্যবহৃত হয়েছে কাব্যচৈতন্যের রসদ হিশেবে, মহাবিশ্বের অযুত-নিযুত ইশারার অন্যতম হিশেবে। “প্রেমাস্পদ” কবিতাটি ১৯৯৩ সালে প্রকাশিত তাঁর চতুর্থ কাব্য Mean Time থেকে “Valentine” শীর্ষক কবিতার অনূদিত রূপ।       

প্রেমাস্পদ 

লাল গোলাপ বা রেশমি হৃদয় নয়। 

একটি পেঁয়াজ আমি দিচ্ছি তোমাকে।

এ হলো খয়েরি কাগজে মোড়ানো একখানা চাঁদ।

এ তৈরি করে তেমনিভাবেই আলোর প্রত্যাশা

যেমন সাবধানে প্রেম নগ্ন হতে থাকে।

এই যে।

অশ্রু দিয়ে এ তোমার দু’চোখ করে দেবে অন্ধ

এক প্রেমিকের মতো।

এ তোমার প্রতিবিম্বকে করে তুলবে

শোকের দোদুল ছবির মতোন।  

সত্যনিষ্ঠ হতে আমি চেষ্টা করছি। 

কোনও মনোহর কার্ড কিংবা চুম্বনবার্তা নয়। 

একটি পেঁয়াজ আমি দিচ্ছি তোমাকে। 

এর যে ঝাঁঝালো চুমু সেটি থেকে যাবে তোমার দু’ঠোঁটে,

আমাদের মতোই

অধিকারবোধগ্রস্ত ও বিশ্বস্ত হয়ে,

যতোদিন আমরা রয়েছি। 

এই নাও।

কুঁকড়ে-সুঁকড়ে এর প্ল্যাটিনাম-ফাঁস হতে পারে 

একটি বিয়ের আঙটি,

যদি তা-ই চাও। 

প্রাণঘাতী। 

এর গন্ধটি লেগে থাকবে তোমার আঙুলে,

লেগে থাকবেই তোমার ছুরিতে।