মৃত্যুর কাছে জীবনকে জমা রেখে চলে গেল শ্বেতা
তার লেখা পড়লেই টের পাওয়া যায় তার মনোজগৎ ও চিন্তার নকশা এই পৃথিবী থেকে সময় ফুরিয়ে আসার দিকে, যেন গাছের পাতার আয়ু ফুরিয়ে যাচ্ছে একে একে। প্রত্যেকটা কবিতায় বিষাদ, বেদনা আর বেঁচে থাকার নীরব আকুতি।
প্রিয় কবি-বন্ধু শ্বেতা শতাব্দী এষ-এর সাথে পরিচয়টা ভীষণ অন্যরকম ছিলো আমার জন্য। আজ থেকে প্রায় সাত-আট বছর আগের ঘটনা, হঠাৎ একদিন সন্ধ্যায় কবি মেঘ অদিতির সাথে দেখা, আমাকে প্রশ্ন করলো তার সাথে যাবো কিনা, সে কোথায় যাবে বা কি করবে আমি তা জানতে চাইনি। হ্যাঁ সূচক ভাবেই বললাম যাবো, কোথায় যাচ্ছিলাম বুঝিনি। গাড়িটা যখন থামলো দেখলাম ঢাকা মেডিকেল। সিঁড়ি দিয়ে কেবিনে উপরে উঠতেই একটা ছোট্ট কেবিন দুটো সিট ফেলা, পাশের সিটে একজন রোগী যিনি বৈদ্যুতিক শকে পুড়ে গেছেন। আর আরেকটি সিটে যিনি শুয়ে আছেন,কবি মেঘ অদিতির মারফত জানতে পারলাম, সে হলেন তরুন কবি শ্বেতা শতাব্দী এষ, জন্মলগ্ন থেকে যে লড়াই করে যাচ্ছে এবং সদ্যই কোন একটা অপারেশন হয়েছে তার। জীবনে প্রথমবার হাসপাতালে বেডে অসুস্থ অবস্থায় থাকা কোন তরুণ কবি ও তার পরিবারের সাথে পরিচিত হলাম এবং জানলাম তার জন্ম থেকে লড়ে যাওয়ার গল্প।
কবি শ্বেতা শতাব্দী এষ-এর জন্ম জামালপুর শহরে ১৯৯২ সালের ১২ অক্টোবর সোমবার, ডাকনাম রাখা হয় মনি। জন্মের ছয় মাস বয়সে তার ছোট্ট শরীরের ভেতর আবিষ্কৃত হয় সে দুরারোগ্য বিটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত। সেই সময় ডাক্তার জানিয়েছিল ৫-৭ বছরের বেশিদিন এই রোগে আক্রান্ত রোগী বাঁচবে না। একথা শুনে বাবা জ্যোতিষ চন্দ্র এষ তাঁর নিজের ব্যবসা-জমি বিক্রি করে প্রতিদিন লড়েছেন মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য। গত একত্রিশ বছর ধরে কবি শ্বেতার বড় বোন মন্দিরা এষ এবং মা ছবি ভৌমিকসহ পুরো পরিবার যুদ্ধ করে যায় কনিষ্ঠ সন্তান মনিকে বাঁচিয়ে রাখার জন্য।
'নিস্তব্ধতা গুনগুন করে সমস্ত চরাচরে—
যেন, কারা খুব গোপনে কাঁদে— আয়ু মুছে মুছে
পৃথিবীকে বসন্তে সাজায়!' ----হাওয়া ও হেমন্ত, কাব্যগ্রন্থ থেকে
কবি শ্বেতা শতাব্দী এষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতোকোত্তর সম্পন্ন করে। এতো অসুস্থতার মধ্যেও কখনও পড়াশোনা বন্ধ করেনি। পড়াশোনা শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নিয়েছিল সে এবং বাংলা একাডেমিতে চাকরির সুযোগ এলেও সেখানে দেখা দেয় বিপত্তি। একজন মানুষের মানসিক জোর কতোখানি হলে সে অসুস্থতার মধ্যে পড়াশোনা শেষ করে চাকরির জন্য প্রস্তুতি নেয়, তা টের পাই কবি শ্বেতাকে দেখলে। পরবর্তীকালে বড় বোন মন্দিরা এষ থেকে জেনেছি বাংলা একাডেমিতে চাকরি শুরু করার পর্যায়ে সেখানে চিকিৎসার কারণে পেয়েছেন বাধা এবং মানসিক কষ্ট। সকল অসুস্থতা পেরিয়ে কবি শ্বেতা শতাব্দী এষ চেয়েছিল পেশাগত জীবনে প্রবেশ করতে।
আমি ও কবি মেঘ অদিতি ঢাকা মেডিকেলে কবি শ্বেতার সাথে সাক্ষাৎ করতেই অসুস্থ শরীর নিয়ে শ্বেতা শতাব্দী এষ উচ্চারণ করলো, “মেঘদি তুমি এসেছো!” তার কন্ঠস্বর এখনও আমার কানে ভাসে। সেইদিন কি প্রফুল্লই না হয়েছিল! তার কন্ঠস্বর অন্য সাধারণ মেয়ের মতো কিন্নরকন্ঠী নয়। শ্বেতার কথার টোন কিংবা শব্দ উচ্চারণে এক অনন্য ঝংকার আর ইম্ফেসাইজ আছে। যা সে কথা বলা থামিয়ে দিলেও মনে হয় সে কথা বলছে। অসুস্থ থাকায় শ্বেতা কথা বলতো কম, তাকিয়ে থাকতো বেশি, ওর চোখগুলো এতো সুন্দর মনে হতো, যেন সবকিছু কাব্যে-ভাবনায় পাঠ করে নিচ্ছে। সেইবার তার কোন অপারেশন ছিলো হয়তো, তার শরীরের সেলাই দেখেছিলাম কি! মনে পড়ছে শুধু চাদর সরিয়ে দেখালো তার দেহের ক্ষত স্টেপলার পিনের মতো গাঁথা। ঐ প্রথম দেখলাম শ্বেতার শরীরের চামড়ার রঙ আর চিহ্নের ক্ষত!
"একটা গলিতবিকেল পার হয়ে যাচ্ছে
কাদাশহরের পথ, থকথকে ভিড় ঠেলে-
কী নির্জন!
কবরস্থানের পাশেও বড্ড তাড়া মানুষের,
ফিরেও দেখে না কেউ কোনো এপিটাফ।
এমন অজস্র কেজো-ক্লান্ত রাত
গা থেকে মুছতে মুছতে অন্ধকার-
কোথায় চলে যায়-
মহাকালব্যাপী এক অন্ধ ফকির সেই দিকে
চেয়ে থাকে, একা একা হাসে। " ----হাওয়া ও হেমন্ত, কাব্যগ্রন্থ থেকে
তরুণ কবি শ্বেতার জীবনে শুধু জন্মের পর আক্রান্ত হওয়া বিটা থ্যালাসেমিয়া নয়, ২০০৯ সালে শরীরে অতিরিক্ত আয়রনের কারণে অপারেশন করে প্লীহা অপসারণ করলে নানারকম জটিলতায় বিপর্যস্ত হয় সে। মাত্রাতিরিক্ত আয়রন ও হরমোনাল ইমব্যালেন্সের কারণে সেই সময় তার যকৃত মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এরমধ্যে প্রত্যেক মাসে দুই ব্যাগ করে রক্ত নিতে হতো যার ফলে ২০২২ সালে রক্ত সঞ্চালের মধ্যে তিনি আক্রান্ত হন 'সি ভাইরাস' রোগে। প্রায় এক বছর সময় লাগে 'সি ভাইরাস' নেগেটিভ হতে,এরই মধ্যে তার চিকিৎসা অব্যাহত থাকে। গতবছর ২০২৪-এ ধরা পড়ে কবি শ্বেতার শরীরে লিভার ক্যান্সার। তখন ছুটতে হয় দিল্লিতে রেডিও থেরাপি নেওয়ার জন্য। আবার অর্থ যোগান করে অক্টোবরে ট্যারা থেরাপি। দেশে তখন জুলাই আন্দোলন, ফান্ডিং এর জন্য শুরু হয় আরেক'টা যুদ্ধ।
শ্বেতা শতাব্দী এষ-এর বন্ধু ভাগ্য দারুণ বলবো। সে চমৎকার কিছু মানুষ পেয়েছে জীবনে। বিশেষ করে তার পরিবারের বাবা জ্যোতিষ চন্দ্র এষ মা ছবি ভৌমিক আর বোন মন্দিরা এষ। জান-প্রাণ দিয়ে যারা লড়াই করেছেন আর এই লড়াইয়ে বোন মন্দিরা এষকে স্যালুট জানাই। জীবনের সবচেয়ে কঠিন এবং নির্মম সত্যের ভেতর দিয়ে একটা মানুষ যায়, সেও তখন চায় তার শেষ হোক, কিন্তু মন্দিরা এষ! নিজের দিকে না তাকিয়ে তার বাপির মতো সেও আপ্রাণ চেষ্টা করেছে পরিবারের আদরের কন্যা মনি'কে সুস্থ করতে, সারিয়ে তুলতে। তার স্যোশাল প্লাটফর্ম-এর লেখাগুলো পড়লেই বোঝা যায় এই চরম কষ্টের মুহূর্তে সে কেমন কাতরেছে সর্বক্ষণ। যেহেতু এই পুরো চিকিৎসার খরচ ব্যয়বহুল ছিলো তাই ফান্ড রাইজিং-এর জন্য শহরের প্রত্যেকটা জায়গায় ছুটে গেছে সে। হয়তো কেউ ফিরিয়ে দিয়েছে, কেউ কোন কথা বলেনি কিংবা নীরব থেকেছে কিন্তু কখনও দমে যাননি কবির বড় বোন মন্দিরা এষ বরং আশাবাদী হয়ে বন্ধুদের নিয়ে তিনি ফান্ডিং-এর জন্য প্রচারণা চালিয়েছেন।
"মৃত্যুর কাছেই জমা রেখে জীবন
অপেক্ষামঞ্জুরী ঝরে পড়ে সন্ধ্যালোকে-
স্মৃতির বিষণ্ন ম্যাজিক ভুলে পাথরকুচি ফুল
বাতাসে দোল খায়; ছোটো ছোটো হাওয়ার চুমু
বুকে নিয়ে বেঁচে থাকে- সন্ধ্যার পাখিরা ওড়ে,
আকাশের সাথে হয় তাদেরও বিচ্ছেদ!
তখন মাটিতে মায়া-
পাখিদের মৃতদেহ সবার অজানা!
এর চেয়ে অধিক কোনো শব্দের ভেতরে
একটি বিন্দুতেই বৃত্ত ঘুমায়।
জীবন, ক্রমশ পেকে ওঠা ফসলের মাঠে
একা হাসে একা কথা বলে! নির্লিপ্ত;
নিরুপায়। " ----হাওয়া ও হেমন্ত, কাব্যগ্রন্থ থেকে
শ্বেতা শতাব্দী এষ দীর্ঘদিন ধরে কবিতা লিখে আসছে এবং তার শব্দ ও বাক্য পাঠ করলেই অনুভব করা যায় পৃথিবীর এই আলো-বাতাস আর প্রকৃতির মাঝে তার যে বেঁচে থাকার তেষ্টা। কিছুদিন আগে বড় বোন মন্দিরা এষ তার স্যোশাল প্লাটর্ফমে একটা ছোট্ট ভিডিও ক্লিপস শেয়ার করেছিলো, যেখানে দেখা যাচ্ছিলো কবি শ্বেতা ব্যালকনিতে বসে বাদাম খাচ্ছে এবং আকাশ দেখছে। দুনিয়ার আলো-বাতাসের ভেতর পরিবার আর বন্ধুদের সাথে বাঁচতে কার না ইচ্ছে করে। সেও বুঝি টের পায় তার সময় ফুরিয়ে আসার সংকেত, নইলে এই বছর অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত কাব্যগ্রন্থ হাওয়া ও হেমন্ত শেষ কাব্য গ্রন্থে বারংবার কেন মৃত্যু আর থেমে থাকা সন্ধ্যার কথাই বলতো! তার লেখা পড়লেই টের পাওয়া যায় তার মনোজগৎ ও চিন্তার নকশা এই পৃথিবী থেকে সময় ফুরিয়ে আসার দিকে, যেন গাছের পাতার আয়ু ফুরিয়ে যাচ্ছে একে একে। প্রত্যেকটা কবিতায় বিষাদ, বেদনা আর বেঁচে থাকার নীরব আকুতি। মাত্র একত্রিশ বছরের এই জীবনে ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে; অনুসূর্যের গান (২০১০, জলসিঁড়ি), রোদের পথে ফেরা (২০১৩, মুক্তচিন্তা), বিপরীত দুরবিনে (২০১৬, ঐতিহ্য) আলাহিয়ার আয়না (২০১৭, ফেস্টুন), ফিরে যাচ্ছে ফুল (২০১৯, ঐহিক, কলকাতা) এবং হাওয়া ও হেমন্ত (২০২৫, বৈভব) এর মধ্যে কবি শ্বেতা শতাব্দী এষ বিপরীত দুরবিনে এবং ফিরে যাচ্ছে ফুল কাব্যগ্রন্থদ্বয়ের জন্য অর্জন করেন 'আয়েশা ফয়েজ সাহিত্য পুরস্কার'- ২০১৭ (বাংলাদেশ) এবং 'আদম সম্মাননা'- ২০১৮ (ভারত)।
১১ সেপ্টেম্বর ২০২৫, বিকেলবেলা আমি হঠাৎ স্যোশাল প্লাটফর্মে দেখতে পাই মন্দিরা এষ জানায় যে “She is on the way to Infinity. Please pray for her..” এই ইনফিনিটি কথা লেখা দেখে মুহূর্তে আমি থামকে গেলাম! সাথে সাথেই আমি কাছের বন্ধুদের কাছে জানতে চাইলাম শ্বেতার অসুস্থতার খবর। ভাইরাল যুগে অনেকেই তখন শ্বেতার মৃত্যুর খবর প্রকাশ করে যা আমার জন্য অসহ্য ও যন্ত্রণাদায়ক অনুভূতি দিচ্ছিলো। বিশ্বাস হচ্ছিল না কিছুতেই, তাই কাছের বন্ধুদের থেকে খোঁজ নিয়ে জানতে পারলাম যে শ্বেতা আছে, তবে অন্তিম মুহূর্তে। তার এইটুকু আছে শব্দটি যেন আমাকে স্বস্তি দিলো। আমি প্রতিনিয়ত শ্বেতার আপডেট নিচ্ছিলাম আশেপাশে যারা আছেন তাদের থেকে। বার-বার আমার কবির সাথে প্রথম সাক্ষাতের দিন মনে পড়ে যাচ্ছিলো। সাত-আট বছর আগে কবি মেঘ অদিতি সাথে আমি যে কবি বন্ধু শ্বেতাকে দেখতে যাই সেই হাসপাতালের বিছানায় শুয়ে থাকার দৃশ্য। সেই সন্ধ্যায় আমি কি বিষন্ন আর উদ্ভ্রান্ত ছিলাম। কবি শ্বেতার কষ্ট সহ্যের ক্ষমতা দেখে আর পরিবারের সাথে হসপিটালের সাক্ষাৎ শেষে যখন ঢাকা মেডিকেল থেকে বেরিয়ে এলাম, আমার নিজস্ব জগতে সব বিষন্নতা কেটে গেল নিমিষেই। আমি মেঘ অদিতি বলেছিলাম, কি দুর্নিবার যন্ত্রণা দেহে!
১২ সেপ্টেম্বর ২০২৫, শ্বেতার খোঁজ সকালে এবং দুপুরেও নিলাম। বৃষ্টি ঝরছে প্রকৃতিতে ক্ষণে-ক্ষণে। সন্ধ্যায় আকাশের দিকে তাকিয়ে উদাস হয়ে গেলাম শ্বেতাকে ভেবে হঠাৎ। মনে হলো ঠিক আর একমাস পর কবি শ্বেতা শতাব্দী এষ আর আমার জন্মদিন। মনে হলো শ্বেতা যদি সুস্থ হয়ে ফেরে সেও নিশ্চয়ই সন্ধ্যাবাতির পর তুলশি তলায় নীলাভ আকাশের নিচে দাঁড়িয়ে প্রার্থনা করবে যেন যন্ত্রণাদের নিছক স্বপ্ন ভেবে উড়িয়ে দিয়ে হাসিমুখে সবাইকে একসাথে নিয়ে বাঁচাতে! নীলাভ আকাশের দিকে তাকিয়ে শ্বেতা'কে স্মরণে আসে আর মনের ভেতর গানের লাইন আসে ঘুরে ঘুরে;
বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বহ্নি জ্বালা-
জীবন যেন দিই আহুতি মুক্তি-আশে।
আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে,
আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে।
সন্ধ্যার পর-পরই বৃষ্টি থেমে যায়, পরিবেশটা অদ্ভুত লাগে। আমি আবার স্যোশাল প্লাটফর্মে যাই এবং শ্বেতা ও তার পরিবারের দীর্ঘদিনের কাছের বন্ধু শঙ্খচিলের সম্পাদক মাহফুজ পাঠক-এর থেকে জানতে পারি প্রিয় বন্ধু ও কবি শ্বেতা শতাব্দী এষ, শতাব্দীর ফুল হয়ে ফিরে গেছে, পাখির মতোই কি মুক্ত হয়ে আকাশে উড়বে এইবার! বন্ধুর জন্য কষ্ট হচ্ছিলো কারণ এই নশ্বর দুনিয়ায় আমরা দুইজন একই জন্মতিথির সন্তান! ঠিক আর একমাস পরই শ্বেতার ও আমার জন্মদিন। হয়তো ভালোই হলো প্রতিনিয়ত দেহের সব যন্ত্রণাদের সাথে মরফিন খেয়ে আর দমিয়ে রাখতে হলো না। অবাক হচ্ছিলাম একের পর এক আপডেট পেয়ে, বিশেষ করে এই ভেবে বন্ধু শ্বেতা ঠিক যেন আমার আশেপাশেই আছে তা না হলে এতো মন্দির থাকতে, কেনই বা আমার ঠিকানার কাছে বাসাবো বরদেশ্বরী কালী মাতা মন্দির ও শ্মশান প্রাঙ্গণে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে! উঁহু আমি যাইনি! আমি যাবো না কোথাও..
আমি বন্ধু শ্বেতার জীবন্ত মুখছবি আর জন্ম-স্মৃতির ব্যাপ্তিগুলোই মনে গেঁথে রাখতে চাই। আমি জানি না এই দুনিয়ায় কেন এসেছে এতো দুঃখজাগানিয়া স্রোত। মানুষ হয়েই কেন বইতে হবে যাপনের এতো ধকল। আমরা কেন শুধু জেনে থাকি আমাদের জন্মতিথির দিন, কেন মানুষ হয়ে জানতে পারিনা আমাদের মৃত্যুদিন! মৃত্যুদিন! মৃত্যুদিন!
তাই কি আমার বন্ধু ও তরুণ কবি শ্বেতা শতাব্দী এষ কাব্যে লিখেছেন:
"জীবনের যাবতীয় রক্তমাংসের পরে,
ঘৃণা ও ক্লেদের পরে, সন্ধ্যামণি ফুল
ফুটে ওঠে- সেখানে নিজেকে নিয়ে যাই,
নিয়ে যাই একটা নির্জন বন্ধুর দিকে!
এভাবে নিজেকে গড়তে গড়তে
লিখতে শুরু করি বন্ধুর জন্য এলিজি;
হয়তো বন্ধুত্ব একটা ভ্রম জেনেই
পৃথিবী তার নিজস্ব গতিতে ঘোরে।" ----হাওয়া ও হেমন্ত, কাব্যগ্রন্থ থেকে
