হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ওকাকুরা ও রবীন্দ্রনাথ
অবাক হওয়ার বিষয় যে, এই বিশ্ববিদ্যালয়ে জাপানি বিষয়াদির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর পড়ানো হচ্ছে, পড়ানো হচ্ছে রবীন্দ্র-ওকাকুরা সম্পর্ক এবং তার তাৎপর্য।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এশিয়ার যে দেশটি সম্পর্কে বিস্তৃতভাবে পড়ানো হয়ে থাকে সেই দেশটি জাপান! সমগ্র এশিয়া মহাদেশে ৩৫টির বেশি ছোটবড় রাষ্ট্র বিদ্যমান। এদের মধ্য থেকে জাপানকে নির্বাচিত করার মধ্যে নিশ্চয়ই কোনো গুরুতর অর্থ আছে। সেটা কি ভৌগলিক, অর্থনৈতিক, রাজনৈতিক নাকি আধ্যাত্মিক? বস্তুত, সবগুলো মিলিয়েই হার্ভার্ডে এশিয়ার একমাত্র জনপ্রিয় দেশ জাপান। জাপানের ভালো এবং স্বাতন্ত্র্যসম্পন্ন দিকগুলোই শেখানো হয়ে থাকে।
আমি যখন ১৯৯৫ সালে জাপান নিয়ে ব্যক্তিগতভাবে গবেষণা ও লেখা শুরু করেছিলাম তখনই মনে হয়েছিল জাপান একটি বিস্ময়! জাপানি স্বনামধন্য মনীষী শিল্পাচার্য ওকাকুরা তেনশিন তাঁর আপন দেশকে বলেছিলেন এশিয়ার জাদুঘর, আমি বলতে চাই জাপান বিশ্বের জাদুঘর! বিশ্বের এমন কোনো জিনিস নেই, এমন কোনো শিক্ষা-সংস্কৃতি নেই যা জাপানে আসেনি। নমস্য শিক্ষাবিদ, গবেষক এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন এক সাক্ষাতকারে সুস্পষ্টভাবেই বলেছেন, “সেকাই নি নিহোন তো ইউ কুনি গা আত্তে য়োকাত্তা !” অর্থাৎ, “বিশ্বে জাপান নামক দেশটি থাকায় আমি সন্তুষ্ট!” আসলেই তাই, তিনি আদৌ মিথ্যে বলেননি। রবীন্দ্রনাথ জাপানের আত্মিক এবং সৃজনশীল শক্তিটাকে ঠিকই চিনেছিলেন। বরং জাপানকে চিনতে পারেননি ভারতীয় এবং বাঙালিরা।
বিশ্বের সেরার সেরা উচ্চবিদ্যাপীঠ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জাপানের সম্পর্ক শতবর্ষাধিক---সেই মেইজি যুগ (১৬৬৮-১৯১২) থেকে। অনেক বছর ধরেই জাপানের ইতিহাস, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে পড়ানো হচ্ছে এই বিদ্যাপীঠে। বহু বছর আগেই সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে জাপান ইতিহাস গবেষণা কেন্দ্র। প্রথিতযশা সব শিক্ষক এবং গবেষকরা ক্রমাগত জাপানের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যেমন ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা দিয়ে আসছেন, তেমনি করছেন গবেষণাও।
বর্তমানে ১০ জন জাপানের ইতিহাস বিষয়ে বিশেষজ্ঞ অধ্যাপক জাপানের বিভিন্ন বিষয়ে পড়াচ্ছেন। তাঁরা হলেন, Andrew Gordon, David L.Howell, Albert M.Craig, Ian Jared Miller, Ezra F.Vogal, Geoffrey Jones, Sandra J.Sucher, Theodore C.Bestor, Joseph s.Nye, Jr. এবং আমাদের প্রিয় বাঙালি শিক্ষাবিদ অধ্যাপক ড.অমর্ত্য সেন। তাঁদের শিক্ষাদানের বিষয় যথাক্রমে, জাপানের ইতিহাস: শিক্ষা বিষয় হিসেবে “গেনজি মোনোগাতারি” এবং সাহিত্যিক শিরোয়ামা সাবুরোও, এদো যুগ (১৬০৩-১৮৬৮): “চুউশিনগুরা”র প্রতি শিক্ষার্থীদের সহানুভূতি, মেইজি যুগ (১৮৬৮-১৯১২): রিয়োওমা ও সাইগোও (সহযোগী চরিত্র), কিদো, ওওকুবো হল (মূল চরিত্র), পরিবেশগত ইতিহাস: অশ্রুসিক্ত দুর্যোগপ্রবণ অঞ্চলের গাথা, এশিয়াবিষয়ক গবেষণা: ভারসাম্য রক্ষায় সামুরাই পুঁজিবাদ, ব্যবস্থাপনার ইতিহাস: মিৎসুবিশি প্রতিষ্ঠাতা ইওয়াজাকি ইয়াতারোও, শিল্পপতি শিবুসাওয়া এইইচি, নেতৃত্ব তত্ত্ব: শোওয়া সম্রাটের নৈতিক নেতৃত্ব, জাপানি খাদ্যের ইতিহাস: ৎসুকিজি বাজার থেকে দৃশ্যমান জাপানের শক্তিমত্তা ও দুর্বলতা, জাপান-আমেরিকা সম্পর্কের ইতিহাস: জাপানের পারমাণবিক মারণাস্ত্রের প্রয়োজন আছে কি? এবং অর্থনৈতিক ইতিহাস: জাপানের অস্তিত্বে উপকারিতা।
অবাক হওয়ার বিষয় যে, এই বিশ্ববিদ্যালয়ে জাপানি বিষয়াদির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর পড়ানো হচ্ছে, পড়ানো হচ্ছে রবীন্দ্র-ওকাকুরা সম্পর্ক এবং তার তাৎপর্য। এ বিষয়ে কৌতূহলী হয়ে লেখিকা অধ্যাপক এন্ড্রু গর্ডনকে জিজ্ঞেস করেন, “ওকাকুরা তেনশিনের পাশাপাশি ভারতের মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে পড়াচ্ছেন কী কারণে?” উত্তরে অধ্যাপক গর্ডন বলেন, “ওকাকুরা তেনশিন এবং রবীন্দ্রনাথ ঠাকুর দুজনেই ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এবং পরস্পর দ্বারা প্রভাবিত। তাঁরা একইসঙ্গে “প্রতীচ্যের সভ্যতা উচ্চ আদর্শ হিসেবে নিজেকে উত্থাপন করছে। যার মূলে ক্ষমতা, অর্থ এবং বস্তুগত জিনিসের একচেটিয়া সাধনা” বলে সমালোচনা করেছেন। রবীন্দ্রনাথ সম্পর্কে পড়ানো হচ্ছে, এশিয়ার অন্যান্য দেশে জাপানের মনস্তাত্ত্বিক প্রভাব সম্পর্কে শিক্ষার্থীরা জানুক আমরা চাই।”
“শ্রেণীকক্ষে, প্রথমে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতা নেহরু বর্ণিত রুশ-জাপান যুদ্ধে জাপানের বিজয় কতখানি সাহস যুগিয়েছে সে সম্পর্কে বলি। এরপর নেহরু, “‘জাপানের বিজয় এশিয়াকে সবল করার উদ্দীপক দাওয়াই’ বলে নিজের জাতিগত চেতনাকে জাগ্রত করে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করার সিদ্ধান্ত গ্রহণের সুযোগলভ্য ঘটনা” হিসেবে অভিমত ব্যক্ত করেছেন।”
“রবীন্দ্রনাথ ঠাকুরও নেহরুর মতো জাপান দ্বারা উদীপ্ত নেতা ছিলেন। এই বিষয়টি তাঁদেরকে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী রাষ্ট্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগানো এবং ভারত নামক দেশটিতে অত্যন্ত বড় ধরনের প্রভাব রেখেছে।”
লেখিকা সাতোও চিয়ে পুনরায় প্রশ্ন করেন, “জাপান ভারতের স্বাধীনতায় মনস্তাত্ত্বিক প্রভাব রেখেছে তা সঙ্গত, অন্যদিকে জাপানের আচরণ দক্ষিণপূর্ব এশিয়ার অধিবাসীদের ক্ষেত্রে আস্থাহীনতার কারণ হয়েছিল, তাই নয় কি?”
উত্তরে অধ্যাপক গর্ডন বলেন, “এটা ঠিক যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পাশ্চাত্য সাম্রাজ্যবাদের বিদায়ের সহায়ক হয়েছিল। যুদ্ধের পর এশিয়ার দেশগুলো এক এক করে স্বাধীন হয়েছে, ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়েছে। যুদ্ধচলাকালে জাপান কর্তৃক স্থানীয় অধিবাসীদের জাতীয় আন্দোলনে সহায়তাদান স্বাধীনতালাভের চালিকাশক্তি হিসেবে সত্য। কিন্তু জাপানি সেনাবাহিনীর কর্মতৎপরতা এশিয়ার দেশগুলোতে নেতিবাচক উত্তরাধিকার রেখে যাওয়াও আবার নির্ভুল সত্য। ওকাকুরা “এশিয়ার আদর্শ” গ্রন্থের প্রথমেই “এশিয়া এক” লিখিত আপ্তবাক্যটি বিকৃত হয়। ওকাকুরা বিরচিত “এশিয়ার আদর্শ” বাস্তবায়িত হয়নি। ওকাকুরা তেনশিন, রবীন্দ্রনাথ, নেহরু সম্পর্কে শেখানো হচ্ছে এহেন ইতিহাসের দ্বৈততা যা আমরা বলতে চাই।” (পৃষ্ঠা ৪৫-৪৭)
‘হা-বা-দো: নিহোন শি কিয়োওশিৎসু’ (হার্ভার্ড: জাপানের ইতিহাস শিক্ষা কেন্দ্র) ২৫৬ পৃষ্ঠার গ্রন্থটি পাঠ না করলে এসব কিছু ই জানা হত না! অজস্র ধন্যবাদ জানাই আমার জাপানি স্ত্রী নোরিকো মিয়াজাওয়াকে--সে বইটি কিনে এনে দিয়ে বলেছে তোমার কাজে লাগবে। কী মহার্ঘ্য জিনিস সে আমাকে উপহার দিয়েছে তা ব্যাখ্যা করা দুঃসাধ্য। জাপানি ভাষায় “নাজে সেকাই সাইকোও নো চিসেই ওয়া নিহোন শি করা মানাবু নো কা” অর্থাৎ, Why the world’s greatest minds learn from Japanese history বইটি লিখেছেন, শ্রীমতী সাতোও চিয়ে, সুবিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক, অভিজ্ঞ সাংবাদিক, গ্রন্থকার এবং নিহোন ইউনিসিস কোম্পানীর প্রবাসী উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি উক্ত বিদ্যাপীঠে জাপান বিষয়ে গবেষণারত ১০ জন অধ্যাপকের সাক্ষাৎকার নিয়ে গ্রন্থটি লিখেছেন। তাকে জানাই আন্তরিক অভিনন্দন। তবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সংযুক্ত হলে যথার্থ এবং সম্পূর্ণ হত লেখিকার উদ্দেশ্য বলে মনে করি। সেটা হল টোকিও মিলিটারি ট্রাইব্যুনালের ঘটনা (১৯৪৬-১৯৪৮) যা আধুনিককালে যুদ্ধাপরাধের ক্ষেত্রে বিচারিক ইতিহাসে শিক্ষনীয় বিষয়। কীভাবে আমেরিকা এক চেটিয়া প্রভাব খাটিয়ে বিজিত দেশ জাপানকে নিয়ে প্রহসন করেছে যুদ্ধাপরাধের আন্তর্জাতিক আইন ছাড়াই—এই বিষয়টি কীভাবে দেখেন হার্ভার্ডের জাপানবিষয়ক শিক্ষক ও গবেষণকরা। যেহেতু এটা জাপানের ইতিহাসের অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়। ট্রাইব্যুনালের ১১জন প্রধান বিচারপতির অন্যতম আন্তর্জাতিক আইনবিশেষজ্ঞ বাঙালি বিচারপতি ড.রাধাবিনোদ পালের ঐতিহাসিক ভিন্নমতাবলম্বী রায় বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল। যে কারণে তিনি দু-দুবার আন্তর্জাতিক আইন সভার সম্মানিত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। জাপানকে কেন্দ্র করে এশিয়ার প্রতি আমেরিকার রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্য চরিতার্থ করার জন্য ট্রাইব্যুনালের নামে এই প্রহসনের আয়োজন করেছিল তা আজ সুস্পষ্ট। বিচারপতি পাল সুস্পষ্টতই বলেছেন, জাপান যদি চিনে গণহত্যার জন্য অপরাধী হয়ে থাকে, তাহলে একই কারণে হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিরাপরাধ আবালবৃদ্ধবনিতাকে হত্যা করার জন্য আমেরিকাও সমান অপরাধী এবং আমেরিকারও বিচার হওয়া উচিত। এটা কি আমেরিকার নতুন প্রজন্মের শিক্ষার্থী ও গবেষকদের জন্য শিক্ষনীয় নয়?
আজকে আমার বিশ্বাস জন্মেছে যে, জাপান বিষয় এবং রবীন্দ্র-ওকাকুরা সম্পর্ক নিয়ে আমার গবেষণা ও লেখালেখি তাহলে বিফলে যায়নি! শ্রমটা সার্থক হয়েছে। যদিও প্রচণ্ড খাটাখাটুনি হয়েছে বা হচ্ছে কারণ, এই দেশে বিদেশি শ্রমিকদের টিকে থাকা অত্যন্ত কঠিন! ভুক্তভোগী ছাড়া বাইরের কারো পক্ষেই বোঝা সম্ভব নয়। শ্রমজীবী প্রবাসীর পক্ষে জাপান দেশটি নিয়ে গবেষণা করা এককথায় কঠিন।
