রবীন্দ্রনাথের সাক্ষাৎকার: আমার ঈশ্বর ধারণা
১৯২৪ সালের নভেম্বর রবীন্দ্রনাথ দক্ষিণ আমেরিকার আর্হেন্তিনার মিরালরিওতে বিক্তোরিয়া ওকাম্পোর আতিথ্যের সময় এলমহার্স্টের সাথে এই আলাপচারিতা হয়। রবীন্দ্রনাথ এলমহার্স্টের লিখিত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সাক্ষাৎকারটি পরে বিশ্বভারতী কোয়ার্টার্লি পত্রিকার ১৯৬০-এর হেমন্ত সংখ্যায় প্রকাশিত হয়।
১৮৯৩ সালে লেনার্ড এলমহার্ষ্ট ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে ডিগ্রি নিয়েছিলেন। ১৯১৫ সালে তিনি ভারতে আসেন। পেশায় তিনি কৃষিবিজ্ঞানী ছিলেন। কৃষিবিজ্ঞানে পড়াশুনার জন্য তিনি আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। বহুদেশে তিনি রবীন্দ্রনাথের সফর সঙ্গী ছিলেন। বি.স.
ভারতে ঈশ্বর সম্পর্কিত আমাদের ধারণা গোঁড়া খৃস্ট ধর্ম থেকে ভিন্ন। আমাদের কাছে ঈশ্বর একাধারে সর্বব্যাপী ও দুর্জ্ঞেয়। ঈশ্বরের পুরাতন নিয়মের দর্শন দুর্জ্ঞেয় ছিল। খৃস্টের নতুন নিয়মের ধারণার সাথে ইহুদিদের জিহোভার ধারণার তেমন একটা মিল নেই। ইহুদিদের কাছে ঈশ্বর ছিলেন যুগপৎ ঈর্ষাপরায়ণ ও একচেটিয়া। খৃস্টের ঈশ্বর ধারণার সাথে প্রাচ্য ও ভারতের ঈশ্বর ধারণার কিছুটা মিল রয়েছে, পিতা হিসাবে ভালোবাসার বন্ধনে মানবজাতির সাথে সম্পর্কিত ঈশ্বর; পিতা, বন্ধু ও প্রেমিক। খৃস্টের মতে ঈশ্বর আমাদের সাথে ভালোবাসার আধ্যাত্মিক সম্পর্কে সম্পর্কিত। এই আধ্যাত্মিক সম্পর্ককে আমরা পিতার সাথে সন্তানের, বন্ধুর সাথে বন্ধুর ও প্রেমিকের সাথে প্রেমিকার সম্পর্ক থেকে ভিন্ন ভাবতে পারি না। গস্পেলের গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে মানবজাতি এক অসীম সত্তার সাথে সম্পর্কিত হতে পারে, এবং সম্পর্কিতও বটে, তারা আসলে হারিয়ে যাওয়া কিছু নয়, এক অসীম সত্তার মাঝে তাদের নিজস্ব শেকড় রয়েছে, যাঁর নাম ঈশ্বর। আমি এই নিউ টেস্টামেন্টের ঈশ্বর ধারণায় বিশ্বাস করি।
আপনি জানতে চাইছেন: ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে কীভাবে নিশ্চিত হচ্ছেন?
এটা কঠিন প্রশ্ন। আমার নিজস্ব আলোকে এর জবাব দেওয়ার সুযোগ দিন। আপনার দৃষ্টিশক্তি থাকায় আপনি জানেন পার্থিব জগৎ দেখতে কেমন, এই দৈহিক বোধ থাকায় আলো কী বুঝতে পারেন। দৃষ্টিশক্তি দিয়ে আপনি বাস্তব জগতের সাথে সম্পর্ক বজায় রাখতে পারেন, এভাবে আপনার ভৌত প্রাণসত্তা আপনার চারপাশের এই মহাবিশ্বের বিরাট ও চিরন্তন কোনও কিছুর সংস্পর্শে রয়েছে। আপনার দৈহিক সত্তার এমনি পটভূমি না থাকলে তা স্রেফ একটি বুদ্বুদে, শূন্যতায় পরিণত হবে। আপনার রক্তেরও ঝর্না ও নদীর প্রবাহের সাথে তুলনীয় ভৌত উপাদান রয়েছে। আপনার দেহের অন্যান্য অংশ, কোষ, অনু ও পরমাণু সম্পর্কেও একই ধরনের তুলনা টানা যেতে পারে। আপনি জানেন এই বিশাল ভৌত বিশ্বের উপলব্ধি ও এর সাথে আপনার সম্পর্কের উপর আপনার দৈহিক সত্তার পূর্ণতা নির্ভরশীল; নইলে আপনার দেহের কোনও মানে থাকবে না। আলো আছে বলেই নিজের শরীরে কঠিন কিছুর অস্তিত্ব দেখতে পান, আপনার দেহে তরল কিছুর অস্তিত্ব রয়েছে, আবার আপনার দেহের তরলের মতো জগতেও তরল রয়েছে। আপনার দেহ এই বিশ্বের একই রকম বা স্থায়ী কোনও কিছুর সাথে সম্পর্কিত না হলে তা মায়ায়, কুহকে, শূন্যতায় পরিণত হবে।
কিন্তু ভৌতরূপই কি আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য? একথা কি সত্যি নয় যে আপনার দেহ একটি ব্যক্তিত্বকে ধারণ ও প্রকাশ করে যা আবশ্যিক ও অনন্যভাবে একান্তই আপনার? তাহলে বাহ্যিক বাস্তবতা অর্থাৎ এই ভৌত বিশ্বের সাথে সম্পর্কিত বলে আপনার ভৌত দেহের বাস্তবতার ব্যাপারে আপনার মনে কোনও সন্দেহ না থাকলে, এবং আপনার বাস্তব সত্তা থেকেও নিরেট হিসাবে শনাক্ত করা ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকলে, তবে কি আপনি বলবেন যে, আপনার এই ব্যক্তিত্ব একটা বুদ্বুদ, মায়া, কুহক এবং অন্যসব ব্যক্তিত্ব বা সামগ্রিক ব্যক্তিত্বের সাথে এর কোনও তাৎপর্যপূর্ণ সম্পর্ক নেই?
অন্ধকার ঘরে আপনার চোখ আলো খুঁজে বেড়ায়। দেখতে না পাওয়ায় আপনি অসহায় হয়ে পড়েন। তো আমাদের ব্যক্তিত্বও বাস্তব বিশ্বে নিজস্ব পূর্ণতা সন্ধান করে, যেখানে সে উপভোগ করতে পারবে, নিজস্ব স্বাধীনতা ধারণ করতে পারবে, তার নিজস্ব প্রয়োজন ও সম্ভাবনার সাথে মানানসই এক ধরনের স্বাধীনতা। এই চাহিদার পূর্ণতা সে অন্যান্য ব্যক্তিত্বের ভেতর দিয়ে বন্ধুত্ব ও ভালোবাসার ভেতর খোঁজ করে। আপনার জীবনে পিতা, মাতা, ভাই বা বন্ধু না থাকলে তা অসুখী, অসম্পূর্ণ রয়ে যায়। আমার দেহের অন্য দেহের প্রতি আকাক্সক্ষা থাকায় আমি বন্ধুদের সাথে মিশতে চাই, দেখতে চাই, বন্ধুদের সঙ্গ উপভোগ করতে চাই। কিন্তু কেবল মানবীয় দেহের জন্যে নয়, মানব দেহের অন্যান্য ভৌত অস্তিত্বের প্রতি চাহিদা এবং ভৌত বিশ্বের বিস্ময় ও সৌন্দর্যের জন্যেও আকর্ষণ রয়েছে। উদাহরণস্বরূপ, আমার নিজস্ব দেহের এই ভৌত জগৎ উপভোগ করার বিশেষ চাহিদা রয়েছে। আমার চোখ দিয়ে অবশ্যই দেখতে পেতে হবে। এগুলোর সাহায্যে অবিরাম বাস্তবতার প্রবল ক্ষুধা মেটাতে পারি। কিন্তু তারপর নিজের কোষে কোষে বেদনা বোধ করার সাথে সাথে বস্তু, সৌন্দর্য বা অন্য সত্তার সাথে সম্পর্কের এই ইচ্ছা উবে যায়। যতক্ষণ না আবার মানুষ ও জগতের সাথে এক হচ্ছি, ঘটে ভয়ঙ্কর বিচ্ছেদ। আমার ব্যক্তিত্বও অসুস্থ হয়ে পড়তে পারে। আমি চারপাশের জগৎ সম্পর্কে সব রকম আগ্রহ হারিয়ে ফেলতে পারি, এমনকি অন্য মানব সত্তার সন্ধানও ত্যাগ করতে পারি। আমার ব্যক্তিত্বও বদলে যেতে পারে। বন্ধুরা আমার শত্রু হয়ে যেতে পারে। আমায় মৃত্যুর মোকাবিলা করতে হতে পারে। সুতরাং, স্বাভাবিক স্বাস্থ্যে থাকলে ও বিচ্ছিন্ন না হলে অন্যান্য ব্যক্তি ও জগতের প্রেক্ষিতে আমার ব্যক্তিসত্তা বাস্তবতার অব্যাহত নিশ্চয়তা দাবি করে, ঠিক যেমন আমার দেহ স্বাস্থ্যের নিশ্চয়তা ও আশ্বাস চায়। ঠিক একই রকম কারণে আমার ব্যক্তিত্ব এক অসীম সত্তার স্পর্শ ও নিশ্চয়তার আকাঙ্খা করে। এই অসীম সত্তার নামই আমি ঈশ্বর দিয়েছি। স্বাস্থ্যবান অবস্থায় আমার ভৌত দেহের যেমন দৈহিক চাহিদা ও সম্পর্ক রয়েছে, তেমনি আমার ব্যক্তিত্বের ও এর চাহিদারও সম্পর্ক আছে। আমাকে আপনাকে বাতাসে শ্বাস নিতে হয়। আমি আর আপনি মেঝের উপর দাঁড়াই। আমাদের ভেতর মিল আছে। কিন্তু আমাদের দুজনেরই ব্যক্তিত্বের এমন গুণ রয়েছে যা আমাদের সর্ম্পূণ ভিন্ন ব্যক্তিতে পরিণত করেছে। এইসব গুণের অনেকগুলোই বাস্তব নয়, বরং ভালোবাসায়, ভালোবাসার জীবনে, বাবা, বন্ধু, স্ত্রী, মা, সন্তান, অপর মানুষের মাঝে সর্বোচ্চ আনন্দ লাভ করে। আমার ব্যক্তিত্ব সারাক্ষণই অন্যান্য ব্যক্তিত্বের সাথে সম্পর্কিত হতে চায় এবং যেদিন তাদের সাথে সম্পর্কের পূর্ণতা অর্জন করি, তখন তা সুখ ও আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে।
অন্য ব্যক্তিত্বের সাথে বিশেষ ধরনের ঐক্য আবিষ্কারে আমার ব্যক্তিত্ব সত্যির দেখা পায়। পরম সন্তোষের জন্যে আমার ব্যক্তিত্বের এই আকাঙ্খা অস্তিত্ববান হলে আমার কাব্যিক কল্পনাকে আবিষ্কার করতে হবে, আমার যুক্তি এমন এক জায়গায় ঐক্যের ভিত্তি দাবি করবে যেখানে আমার সমগ্র সত্তা স্থায়ী আশ্রয় খুঁজে পাবে, যেখানে আমি সুখী বোধ করব, সন্তুষ্টি ও শান্তি লাভ করব। ভাবনার এই বলয়ে যুক্তি আর তেমন কার্যকর নয়। এই পৃথিবীর বুকে মানুষ সময়ে সময়ে তাদের নিজস্ব ব্যক্তিত্বের মাঝে ও মাধ্যমে ঈশ্বরের প্রত্যক্ষ প্রমাণ পেয়েছে। তারা যাকে আত্মা বলে সেই জগতে এক অসীম সত্তার অসীম স্পর্শ লাভ করেছে।
ধরে নেওয়া যাক, আপনি অন্ধ ও আমার দৃষ্টিশক্তি আছে। আমি আপনার কাছে আলোর বর্ণনা দিচ্ছি, কিন্তু সেটা আপনি বিশ্বাস করলেন না। আপনি বললেন, আলোর ধারণা আমার বিভ্রম। আপনি এমনকি এও বলতে পারেন যে, কেবল অন্ধরাই প্রাজ্ঞ, কারণ তারা দেখতে পায় না। অন্ধের দৃষ্টিকোণ থেকে আপনি হয়তো ঠিক। কিন্তু যুগযুগান্তের আধ্যাত্মিক পুরুষদের কাছ থেকে পাওয়া সাক্ষ্য আমাদের অস্তিত্বের কেন্দ্রে এই অসীম সত্তার অবস্থান তুলে ধরে, আর আমাদের নিজস্ব ব্যক্তিত্ব প্রত্যক্ষভাবে ভৌত উপাদানের অস্তিত্বহীন এই অসীম ব্যক্তিত্বের সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ বলে মানুষ ঈশ্বরের সাথে সম্পর্কিত।
আপনি জিজ্ঞেস করছেন: তবে কি এই পৃথিবীর বুকে বেঁচে থাকা ও জীবন যাপন একটা সুযোগ?
আমার জবাব হচ্ছে: আমি মানবীয় সম্পর্ক উপভোগ করেছি। আমি সূর্যোদয় উপভোগ করেছি। দারিদ্র্য, ভীতি ও রোগের অস্তিত্ব আছে। এসব আসতে পারে, আবার এদের বিতাড়িত করা যেতে পারে, কিন্তু আপনার কাছ থেকে কেউই আলো ও সৌন্দর্য কেড়ে নিতে পারবে না। আপনার এসব কেনার প্রয়োজন পড়েনি। বাজারে সূর্যালোক কিনতে হলে আপনি হতদরিদ্রে পরিণত হতেন। আমরা এমন এক বাদশাহর অতিথি যিনি আপ্যায়নে দরাজ। তাহলে আপনার উপভোগ করার ক্ষমতা ও সেটা অর্জনের শক্তি থাকলে উপভোগ করুন। সেটা না করলে এবং পরীক্ষার প্রস্তুতিতেই সব সময় নষ্ট করলে দুর্ভাগা ছাড়া আর কিছু নন আপনি।
আপনি জানতে চান: তাহলে পাপ কী?
পাপ, ভারতীয় বিশ্বাস মতে কখনওই নির্দেশনা, আইনের বিধান বা কোনও দণ্ডবিধি লঙ্ঘন ছিল না, যার দরুণ রাজা বা সরকার শাস্তি দিতে পারেন। ভারতে আমরা বলি, জীবনের শেষ ও লক্ষ্য হচ্ছে অনন্ত আত্মা বা সত্তা অর্থাৎ ঈশ্বরের সাথে মিশে যাওয়ার লক্ষ্যে বিচ্ছিন্নতা থেকে মুক্তি লাভ। এই মিলন কেবল ভালোবাসার মাধ্যমে অন্য সকল আত্মার ভেতর দিয়ে নিজ আত্মার উপলব্ধির মাধ্যমেই সম্ভব।
বুদ্ধ মতবাদে দুটি উদ্দেশ্য রয়েছে। একদিকে স্বার্থপর বা আত্মমুখী এবং সম্ভবত অবচেতন শক্তির কবল থেকে আমাদের ব্যক্তিত্বকে মুক্ত করা। এটা নেতিবাচক উদ্দেশ্য। ইতিবাচক দিক হচ্ছে, অনন্তের প্রতি ভালোবাসায়, সকল প্রাণীর প্রতি সহানুভূতিতে, সৌন্দর্যের জন্যে ভালোবাসায়, তাতে মগ্ন হওয়ায় আমাদের ব্যক্তিত্বের ভালোবাসার পূর্ণ প্রকাশ খুঁজে পাওয়া, কারণ কেবল এমনি মগ্নতাতেই ব্যক্তি পরম সত্য খুঁজে পেতে পারে, অর্জন করতে পারে। সব ধরনের সামাজিক, শারীরিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক কৃত্রিম সীমাবদ্ধতা ও বাধায় জীবন ও আত্মার বন্দিত্বের মাঝে রয়েছে প্রতিবন্ধক; এভাবে আমাদের পূর্ণ সম্ভাবনা, আমাদের নিখুঁত সত্তা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত করে। আমরা ভীতিকর ও আধিপত্যপ্রবণ সত্তার তৈরি বাধা ভেঙে ফেললে অন্যদের সাথে মিলনের নতুন স্বাধীনতা খুঁজে পাই, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, এক অসীম সত্তা, ঈশ্বরের সাথে নিবিড় সংস্পর্শে আসার স্বাধীনতা।
আমাদের পরম মোক্ষ, আমাদের চারপাশের মহাবিশ্ব ও এর মানুষের সাথে সম্ভাব্য মিলন অর্জনের পথে যা বাধা হয়ে দাঁড়ায় তাই পাপ। আমার টাকা হারাই, এই জীবনের বস্তুগত বিষয় নিয়েই আমরা বড় বেশি ব্যস্ত। আমরা মৃত্যু নিয়ে উদ্বিগ্ন। এটা ভুল, ঠিক যেমন স্বাস্থ্যবিধি ভেঙে বা বেশি উদ্বেগে ভুগে আমরা বেদনা ও চিকিৎসা কেন্দ্রের বিচ্ছিন্নতা ভোগ করি। পাপ হচ্ছে সেই প্রতিবন্ধক যার মাধ্যমে আমরা এমনভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ি যে পরম মোক্ষ অর্জন, ভালোবাসার ভেতর দিয়ে সত্যির প্রাধান্য উপলব্ধি বিঘ্নিত হতে পারে। অসঙ্গত আকাঙ্খা, আবেগ, ঘৃণা আর ঈর্ষাই সবচেয়ে বড় বাধা, কারণ এগুলো সত্তার ভিন্ন ও বিভিন্ন জীবন তুলে ধরে। আত্মার একটি মহান দিক সহানুভূতি বা ভালোবাসা। এই গুণের চর্চার ভেতর দিয়ে আমরা বিচ্ছিন্ন সত্তার সীমানা অতিক্রম করে যাই। ভালোবাসার মাধ্যমে আপনি অন্যদের সাথে নিবিড় সংস্পর্শে আসেন। ভালোবাসা দিয়ে আমরা যাকে 'সকল' বলি সেখানে প্রবেশ করতে পারেন আপনি। সুতরাং, ভালোবাসা এমন একটি উপায় যা আপনাকে আমাদের কল্পনাযোগ্য মহত্তম ঐক্যে, সর্বজনীন আত্মায় প্রবেশাধিকার দেয়। এই ঐক্য সৃষ্টিকারী ভালোবাসায়, এই একীভূতকারী ভালোবাসায় বাধা সৃষ্টিকারী সকল আবেগই পাপ। উদাহরণ স্বরূপ, ঘৃণা বা মানুষ হত্যার ভেতর দিয়ে ঐক্যের এই সত্যি অস্পষ্ট হয়ে যায়। ভারতেও আমাদের কেউ কেউ পশু হত্যা মেনে নিয়েই অহিংসার পক্ষে ওকালতি করেছেন। আপনি স্বেচ্ছায় আনন্দ লাভে বা কোনও জাদুকরী আচার পালনের উদ্দেশ্যে পশু হত্যা করলে, আমরা তাকে পাপ বলব; যেমন ক্ষুধার কারণে নয়, স্রেফ খেলবার জন্যেই পাখি গুলি করে হত্যা করা। আপনি জিজ্ঞেস করতে পারেন, গুলি করে বাঘ মারলে কী হবে? যদিও আমি প্রায় বৌদ্ধই, এখানে সীমারেখা টানব। অন্য জীবন রক্ষা করতে আমি বাঘ হত্যা করতে রাজি আছি, কারণ আমি তখন বাঘের মাঝে মূর্ত ও আমার অনুভূতিতে সম্পূর্ণ আবেগীয় হয়ে দাঁড়ানো সহিংসতার আত্মাকে হত্যা করব।
ভালোবাসাই লক্ষ্য। ভালোবাসার জন্যে স্বাধীনতার বোধ হচ্ছে উপায়। আমরা প্রত্যেকে সত্তার কারাগারে, আমাদের নিজস্ব ভীতি ও বিচ্ছিন্নতায় বন্দি। যতক্ষণ না নিজেদের মাঝে আরও মুক্তির উপায় জানতে পারছি, কেমন করে ভালোবাসবো? আপনি বলতে পারেন কথাটা কবির কাল্পনিক যুক্তির মতো লাগছে। কিন্তু মানুষ বা কবিকে এই কল্পনার শক্তি স্বপ্ন দেখা এবং চরম ও চিরন্তন বিষয়ে চিন্তা করা ছাড়া আর কোন কারণে দান করা হয়েছে?
