২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষাবিজ্ঞান-সম্পর্কিত হুমায়ুন আজাদের অনন্য একটি বই

কিন্তু, হুমায়ুন আজাদের ‘বাক্যতত্ত্ব’, ‘অর্থবিজ্ঞান’-এর মতো কঠিন তাত্ত্বিক বইও অনেকে সাহিত্যপাঠের আনন্দ নিয়ে পড়েছেন। তার একটি কারণ হুমায়ুন আজাদ-এর বিস্ময়কর সুন্দর ভাষাভঙ্গি, আরেকটি হচ্ছে তার ব্যক্তিগত জনপ্রিয়তাও তার কঠিন সব বইয়ের দিকে পাঠককে টেনে এনেছে।

কামরুল আহসান কামরুল আহসান

Published : 03 Feb 2026, 08:35 AM

Updated : 26 Aug 2026, 02:51 PM

এক সাক্ষাৎকারে হুমায়ুন আজাদ বলেছিলেন, তিনি ভাষাবিজ্ঞানী নন, তিনি ভাষাবিজ্ঞান নিয়ে কাজ করেছেন, কিন্তু মৌলিক কোনো গবেষণা করেনননি। মানুষ তাকে ভাষাবিজ্ঞানী বললেও নিজেকে তিনি ভাষাবিজ্ঞানী হিসেবে পরিচয় দিতে নারাজ ছিলেন। যদিও তিনি ভাষাবিজ্ঞান নিয়ে উল্লেখযোগ্যসংখ্যক কাজ করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যা, ভাষাবিজ্ঞানের মতো জটিল একটি বিষয়কে তিনি সাধারণ্যে জনপ্রিয় করেছেন। প্রাতিষ্ঠানিক বিষয় ছাড়া ভাষাবিজ্ঞানের বই সাধারণত এ- দেশে কেউ পড়েন না। কিন্তু, হুমায়ুন আজাদের ‘বাক্যতত্ত্ব’, ‘অর্থবিজ্ঞান’-এর মতো কঠিন তাত্ত্বিক বইও অনেকে সাহিত্যপাঠের আনন্দ নিয়ে পড়েছেন। তার একটি কারণ হুমায়ুন আজাদ-এর বিস্ময়কর সুন্দর ভাষাভঙ্গি, আরেকটি হচ্ছে তার ব্যক্তিগত জনপ্রিয়তাও তার কঠিন সব বইয়ের দিকে পাঠককে টেনে এনেছে। বিশেষ করে কিশোরসাহিত্য হিসেবে লেখা ভাষা-সম্পর্কিত তার ‘কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী’ গ্রন্থটির বিপুল জনপ্রিয়তা ভাষা-বিষয়ক তাত্ত্বিক ভয় অনেকের মন থেকেই দূর করে দিয়েছে। তা ছাড়া, ভাষা-বিষয়ক তার অসংখ্য প্রবন্ধ-নিবন্ধও পাঠককে আকৃষ্ট করেছে। একটি ভাষা-বিষয়ক তাত্ত্বিক বই কতখানি জনপ্রিয় হতে পারে বর্তমান আলোচ্যগ্রন্থটিও তার প্রমাণ। ‘তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান’ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছে ১৯৮৮ সালে।  প্রথম প্রকাশিত হয়েছিল বাংলা একাডেমি থেকে। আগামী প্রকাশনী থেকে তার দ্বিতীয় সংস্করণ বেরোয় ১৯৯৫ সালে। ২০১২ সাল পর্যন্ত আগামী প্রকাশনী থেকে বইটির ছয়টি মুদ্রণ ছাপা হয়েছে। 

বইটির প্রথম সংস্করণের ভূমিকায় হুমায়ুন আজাদ জানিয়েছিলেন, “কলকাতায়, এসিয়াটিক সোসাইটির সভায়, উইলিয়ম জোন্সের বিখ্যাত বক্তৃতাটির (২ ফেব্রুয়ারি ১৭৮৬) দু-শো বছর আজ পূর্ণ হলো। এ-বইয়ের ভূমিকা লিখতে ব’সে অদ্ভুত অনুভূতি হচ্ছে আমার; মনে হচ্ছে ওই বক্তৃতাটির দু- শো দু-বার্ষিকী উদযাপন করছি। জোন্সের বক্তৃতার পর উদ্ভুত, বিকশিত ও অনেকটা অবসিত হয়ে গেছে তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। উনিশশতক নেই, এ-শাস্ত্রের স্বর্ণযুগও আর নেই। বাঙলায় বিশশতকের শুরু থেকে চর্চা হচ্ছে তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের। ভাষাবিজ্ঞান ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান এক সময় একার্থক হয়ে উঠেছিলো বাঙলায়: আমাদের বিশ্রুত ভাষাবিজ্ঞানীরা সবাই তুলনামূলক-ঐতিহাসিক ভাষাবিজ্ঞানী। কিন্তু বিস্ময়কর ঘটনা হচ্ছে বাঙলা ভাষায় তুলনামূলক-ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের তত্ত্ব ও প্রণালিপদ্ধতিবিষয়ক কোনো পাঠগ্রন্থ নেই।...

শিক্ষার্থীদের এ-শাস্ত্রটি শেখানোর দায়িত্ব নেয়ার পর বিপণ্ন বোধ করি আমি; কারণ বাঙলা ভাষায় এমন কোনো বই নেই, যেটির ওর নিজে নির্ভর করতে পারি, এবং নির্ভর করার পরামর্শ দিতে পারি শিক্ষার্থীদের।” 

হুমায়ুন আজাদ এ-বইটি লিখেছিলেন অনেকটা প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকেই। তিনি জানিয়েছেন, ইংরেজিতে এ-ধরণের গ্রন্থ বহু লেখা হয়েছে এবং ইংরেজিতে লেখা বই থেকে দরকার মতো দুহাতে নিতেও তিনি দ্বিধা করেননি। “কারণ, এ-বইটি জ্ঞানার্থীদের কল্যাণের কথা ভেবে লিখেছি; এবং এটিই আমার একমাত্র বই, যার লক্ষ্য বিশেষ এক শ্রেণীর জ্ঞানার্থীর কল্যাণসাধন।”

তিনি বিশেষ এক শ্রেণীর জ্ঞানার্থীর কল্যাণসাধণের উদ্দেশ্যে বইটি রচনা করলেও যে- কোনো শ্রেণীর পাঠকেরই বইটি কাজে লাগবে, বিশেষ করে যারা লেখালেখির সঙ্গে যুক্ত তাদের ভাষাগত বোঝাপড়া ও দক্ষতা বাড়াতে বইটি অত্যন্ত দরকারি। 

বইটিতে রয়েছে মোট দশটি পরিচ্ছেদ। প্রতিটি পরিচ্ছেদ আবার অসংখ্য ছোট-বড় অনুচ্ছেদে বিভক্ত। প্রথম পরিচ্ছেদ: অবতরণিকা। তারপর ধারাবাহিকভাবে তুলনামূলক পদ্ধতি, ভাষা-শ্রেণীকরণ, ইন্দো-ইউরোপীয়, অন্যান্য ভাষাবংশ, ধ্বনিপরিবর্তন ও ধ্বনিপরিবর্তন প্রক্রিয়া, সাদৃশ্যমূলক পরিবর্তন ও ঋণকরণ, রূপতাত্ত্বিক ও বাক্যিক পরিবর্তন, অর্থ পরিবর্তন এবং তাত্ত্বিক কাঠামো, এবং ভাষাপরিবর্তনের কারণ পরিচ্ছেদগুলোতে হুমায়ুন আজাদ তুলনামুলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের তাত্ত্বিক কাঠামো বিশ্লেষণ করেছেন। 

অবতরণিকায় তিনি জানিয়েছেন, “ভাষাবিজ্ঞান ভাষার বিজ্ঞান। ভাষাবিষয়ক বিভিন্ন উপাত্ত সংগ্রহ, ওই উপাত্তের আভ্যন্তর শৃঙ্খলা উদ্ঘাটন এবং ওই শৃঙ্খলা সুস্পষ্ট সূত্রের সাহায্যে প্রকাশ করা ভাষাবিজ্ঞানের কাজ। মানুষ এ- চেষ্টা ক’রে আসছে প্রায় আড়াই হাজার বছর ধ’রে।” (পৃষ্ঠা-২)

ভাষাবিজ্ঞানের চারটি ধারা: প্রথাগত ব্যাকরণ, তুলনামূলক ও ঐতিহাসিক, সাংগঠনিক বা বর্ণনামূলক এবং রূপান্তরমূলক ব্যাকরণ। এদের মধ্যে পার্থক্য ব্যাপক, এবং অনেক ক্ষেত্রে পরস্পরবিরোধী। তবে, কোনোটিকেই সম্পূর্ণভাবে বাতিল করে দেয়া যায় না। এ থেকে বোঝা  যায় নির্বিশেষে বা বিশেষভাবে ভাষাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা সম্ভব। ভাষার শৃঙ্খলা বিভিন্নভাবেই উদ্ঘাটন করা যায়। কিন্তু ভাষাবিজ্ঞানের এই ধারা ও শাখাগুলোর  উদ্ভুব ঘটেছে পরস্পরের সাথে ক্রিয়াপ্রতিক্রিয়ায়। 

জেসাসের জন্মের অনেক আগে থেকেই মানুষ জানতো যে ভাষা বদলায়। কিন্তু, অনেকে এ-পরির্তনরকে সহজভাবে মেনে নিতে পারতো না। পুরনো ভারতে যেমন বেদ-এর পণ্ডিতরা ভাষাকে অপরিবর্তিত রাখতে চেয়েছিলেন, তেমনি প্রাচীন গ্রিসেও হোমারের ভাষার বিশুদ্ধ রূপ পুনরুদ্ধার করতে চেয়েছিলেন ব্যাকরণ-শাস্ত্রীরা। তারা অসম্ভবকে সম্ভব করতে চেয়েছিলেন। 

হমায়ুন আজাদ জানিয়েছেন, “ভাষার শুধু ধ্বনিগত পরিবর্তন ঘটে না, রৌপ পরিবর্তনও ঘটে ব্যাপকভাবে; অর্থাৎ বদল ঘটে শব্দপুঞ্জের। পুরনো বাঙলা ভাষার অজস্র শব্দের রূপ বদলে গ’ড়ে উঠেছে আধুনিক বাঙলা ভাষার শব্দ।”

ভাষা যে বিজ্ঞানসম্মত বর্ণনার বিষয় হতে পারে, তা প্রথম দেখা যায় ভাষাপরিবর্তনের উপাত্তের মধ্যেই। যেমন, এক অঞ্চলের মানুষ যখন অন্য অঞ্চলে চলে যায় তখন সেই অঞ্চলের ভাষাভাষি মানুষের মিশ্রণে ভাষা নতুন রূপ নেয়। এভাবেই লাতিন ভাষা থেকে জন্ম হয়েছে ফরাশি, স্পেনীয়, ইতালীয় ও রুমানীয় ভাষার। আবার সাধারণ/ আদিম জর্মনীয় ভাষা থেকে জন্ম হয়েছে ইংরেজি, ওলন্দাজ, জর্মন ও স্ক্যানডিনেভীয় ভাষার। সংস্কৃত ভাষা থেকে যেমন জন্ম হয়েছে বহু ভাষার। হুমায়ন আজাদ কিছু চিত্র ও কল্পিত ঘটনার মধ্য দিয়ে ভাষার এ-বিবর্তন বা রূপান্তর বা নতুন ভাষা জন্ম-প্রক্রিয়া বুঝিয়েছেন। তিনি বলেছেন যে, নতুন ভাষার জন্ম হলেও পুরনো অনেক শব্দ তার ধ্বনিগতরূপ কিছুটা পরিবর্তন করে। এভাবেই তুলনামূলক ও ঐতিহাসিক প্রেক্ষাপট বিচার করে ভাষাবিজ্ঞানের অনন্য একটি ধারা বিকশিত হয়েছে। “কোনো বছরকে যদি আধুনিক তুলনামূলক-ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের জন্মাব্দ ব’লে নির্দেশ করতে হয়, তাহলে অবশ্যই সেটি ১৭৮৬ খ্রিস্টাব্দ। যিনি এর সূচনা করেন, তিনি স্যার উইলিয়ম জোন্স (১৭৪৬-১৭৯৬)।” ১৭৮৬ অব্দের ফেব্রুয়ারি দু-তারিখে জোন্স এসিয়াটিক সভায় সংস্কৃত, লাতিন, গ্রিক ও জর্মনীয় ভাষাগুলো সম্পর্কে একটি বর্ক্তৃতা দেন। তার এই বক্তব্যের মধ্য দিয়েই মূলত তুলনামূলক ভাষাবিজ্ঞান প্রথম পাদপ্রদীপের আলোর নিচে আসে। জোন্স যে ভারতে এসেছিলেন, গভীরভাবে সংস্কৃত ভাষাটি আয়ত্ত করেছিলেন, এ-ঘটনাই খুলে দেয় তুলনামূলক-ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের দরোজা।

দ্বিতীয় পরিচ্ছেদ ‘তুলনামূলক পদ্ধতি’-তে হুমায়ুন আজাদ আলোচনা করেছেন, বিভিন্ন ভাষার তুলনা করলেই বোঝা যায় কিছু ভাষা পরস্পরসম্পর্কিত। ভাষাগুলোর মধ্যে ধ্বনি, শব্দরূপ ও অর্থেও মিল খুঁজে পাওয়া যায়। এ থেকে খুব ভালোভাবেই বোঝা যায় এগুলো এসেছে একই উৎস থেকে। এ- থেকে হুমায়ুন আজাদ এক ভাষার সাথে আরেক ভাষার সাদৃশ্যের অনেক উদাহরণ দিয়েছেন। যেমন, খড় এর প্রতিশব্দ ফরাশিতে ফোঅ্যাঁ, ইতালীয়তে ফিএনো, স্পেনীয়তে এনো, রুমানীয়তে ফিন, ইত্যাদি।

পৃথিবীর ভাষাগুলোর মধ্যে যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে এ নিয়ে হুমায়ুন আজাদ আলোচনা করেছেন তৃতীয় পরিচ্ছেদ ‘ভাষা-শ্রেণীকরণ’ অংশে। শ্রেণীকরণের দুটি পদ্ধতিই প্রধান। ক) রৌপ শ্রেণীকরণ, খ) বংশগত বা গোত্রগত শ্রেণীকরণ। বংশগত শ্রেণীকরণের মধ্য দিয়ে বিভিন্ন ভাষার সম্পর্ক নির্ণয় করতে গিয়ে উদ্ভুত ও বিকশিত হয়েছে তুলনামূলক ভাষাবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বপ্রণালিপদ্ধতির। এবং তুলনামূলক-ঐতিহাসিক ভাষাবিজ্ঞানীদের সবচেয়ে প্রিয় ভাষাবংশ ইন্দো-ইউরোপীয়। জেসাসের জন্মের আগে থেকে আজ পর্যন্ত এ-বংশের ভাষাগুলোই প্রাধান্য বিস্তার ক’রে আছে পৃথিবীতে। এ-ভাষাবংশের নাম ইন্দো-ইউরোপীয় কেন? এ-বংশের পূর্ব প্রান্তে ভারত ও পশ্চিম প্রান্তে ইউরোপ; তাই এর নাম ইন্দো-ইউরোপীয় বা ভারতি-ইউরোপীয়। নামটি রেখেছিলেন ফরাশি ভাষাবিজ্ঞানীরা। এই ইন্দো-ইউরোপীয় ভাষাগুলোকে দুটি প্রধান শাখায় ও কয়েকটি উপশাখায় ভাগ করা হয়। এই ইন্দো-ইউরোপীয় ভাষারই একটি উপশাখা বাঙলা। 

ইন্দো-ইউরোপীয় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ভাষাবংশ। এরকম আরো প্রায় ত্রিশটির মতো ভাষাবংশে পৃথিবীর ভাষাগুলো বিন্যস্ত করা হয়েছে। এ-বিষয়ে পঞ্চম পরিচ্ছেদ ‘অন্যান্য ভাষাবংশ’ অংশে বিস্তৃত আলোচনা রয়েছে। শব্দ কীভাবে ধ্বনি পরিবর্তন করে এ-নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে ষষ্ঠ পরিচ্ছেদ ‘ধ্বনিপরিবর্তন ও ধ্বনিপরিবর্তন প্রক্রিয়া’ অংশে। অন্যভাষার শব্দ ও ব্যাকরণের সাহায্যে কীভাবে অন্য একটি ভাষা গঠিত ও সমৃদ্ধ হয় তা নিয়ে আলোচনা রয়েছে সপ্তহ পরিচ্ছেদ ‘সাদৃশ্যমূলক পরিবর্তন ও ঋণকরণ’ অংশে। যেমন, ফারসি ভাষা থেকে কয়েকটি প্রত্যয় ধার করে বাংলাভাষার বেশ কিছু বিশেষ্যপদ সৃষ্টি হয়েছে। ঋণ করা কয়েকটি প্রত্যয় নিম্নরূপ:

আন, ওয়ান: গাড়োয়ান, দারোয়ান, বাগান।

আনা: বাবুয়ানা, সাহেবিআনা, পণ্ডিতিআনা।

খানা: ডাক্তারখানা, ছাপাখানা, মুদিখানা, বৈঠকখানা।

খোর: আফিমখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর।

গিরি : বাবুগিরি, কেরানিগিরি, মাস্টারগিরি, চামচাগিরি।

বাজ: ধড়িবাজ, আড্ডাবাজ, ধোঁকাবাজ, ফাঁকিবাজ। ইত্যাদি।

হুমায়ুন আজাদ ধারাবাহিকভাবে তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন। স্থানাভাবে প্রতিটা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করা গেল না। আর সংক্ষিপ্ত আলোচনায় এ-রকম গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে সামগ্রিক বিষয়টি বোঝানোও সম্ভব নয়। বুঝতে হলে বইটি আগাগোড়া পাঠ করা প্রয়োজন। বইয়ের শেষে আলোচ্য বিষয়ে ভাষাবিজ্ঞানের গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহের তালিকাও অনেকের কাজে লাগবে।